১৫

الحجر

সূরা আল্ হিজ্‌র

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১০০ আয়াত এবং ৬ রুকু আছে।

قَالُوۡۤا اَوَلَمۡ نَنۡہَکَ عَنِ الۡعٰلَمِیۡنَ ﴿۷۱﴾

৭১
তাহারা বলিল, ‘আমরা কি তোমাকে সারা দুনিয়ার লোক (আপ্যায়ন করা) হইতে বারণ করি নাই?’১৫১২
১৫১২। যেহেতু লূত (আঃ)-এর লোক এবং প্রতিবেশী গোত্রগুলির মধ্যে মনোমালিন্যপূর্ণ সম্পর্ক ছিল, সেই জন্য তাহারা লূত (আঃ)-কে বাহিরের কোন অচেনা লোক শহরে প্রবেশ না করানোর জন্য হুঁশিয়ার করিয়া দিয়াছিল। কিন্তু সেই অঞ্চলে সফর আরামদায়ক ও নিরাপদ না হওয়ায়, হযরত লূত (আঃ) অচেনা অজানা মুসাফিরদিগকে তাঁহার নিজ বাড়ীতেই আপ্যায়নের ব্যবস্থা করিতেন। লূত (আঃ)-এর জাতি তাঁহার এই কাজের বিরোধিতা করিত। তাঁহার সদুপদেশ ও প্রচারে বিরক্ত এবং অতিষ্ঠ হইয়া তাঁহাকে শহর হইতে বহিষ্কার করার জন্য বাহানা খুঁজিতেছিল। কিন্তু যুক্তিসিদ্ধ অজুহাত দ্বারা তাহারা সেই সুযোগ পাইতেছিল না। এখন দৃশ্যতঃ তাহাদের নিষেধের বিরুদ্ধে লূত (আঃ)-এর বাড়ীতে আগন্তুকের আশ্রয় দেওয়ার বাহানায় তাহারা তাহাদের আক্রোশ চরিতার্থ করার সুযোগ পাইল। ইহা হইতে স্পষ্ট বুঝা যায় যে, লূত (আঃ)-এর লোকজন তাঁহার অতিথিগণের সঙ্গে সমকামিতার (Sodomy) কুমতলবে ছুটিয়া আসে নাই, বরং তাঁহাকে শহর হইতে বহিষ্কার করার যুক্তিসিদ্ধ কারণ সৃষ্টির কথাটি তাঁহাকে জানাইয়া দিতে আসিয়াছিল। মনে হয় উহাই তাহাদের আনন্দোৎসবের কারণ ছিল।

قَالَ ہٰۤؤُلَآءِ بَنٰتِیۡۤ اِنۡ کُنۡتُمۡ فٰعِلِیۡنَ ﴿ؕ۷۲﴾

৭২
সে বলিল, ‘যদি তোমরা (আমার বিরুদ্ধে) কিছু করিতেই চাহ, তাহা হইলে আমার এই কন্যাগণ১৫১৩ (তোমাদের মধ্যে জামিন স্বরূপ) আছে।’
১৫১৩। ১১ঃ৭৯ দ্রষ্টব্য।

لَعَمۡرُکَ اِنَّہُمۡ لَفِیۡ سَکۡرَتِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۷۳﴾

৭৩
(হে নবী!) তোমার জীবনের কসম, নিশ্চয় তাহারাও নিজেদের মত্ততায় দিশাহারা হইয়া বেড়াইতেছে।

فَاَخَذَتۡہُمُ الصَّیۡحَۃُ مُشۡرِقِیۡنَ ﴿ۙ۷۴﴾

৭৪
অতঃপর, সেই (প্রতিশ্রুত) বিকট শব্দকারী আযাব সূর্যোদয়কালে তাহাদিগকে ধৃত করিল।

فَجَعَلۡنَا عَالِیَہَا سَافِلَہَا وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ حِجَارَۃً مِّنۡ سِجِّیۡلٍ ﴿ؕ۷۵﴾

৭৫
তখন আমরা উহার ঊর্ধ্বদেশকে উহার তলদেশে পরিণত করিয়া দিলাম, এবং তাহাদের উপর কঙ্করজাত প্রস্তর বর্ষণ করিলাম।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّلۡمُتَوَسِّمِیۡنَ ﴿۷۶﴾

৭৬
নিশ্চয় ইহাতে বিচক্ষণ১৫১৪ লোকদের জন্য বহু নিদর্শন আছে।
১৫১৪। ‘মুতাওয়াস্‌সেমীন’ মুতাওয়াস্‌সেমের বহু বচন। তাওয়াস্‌সামা মূল হইতে ইহার উৎপত্তি এবং ইহার অর্থ কোন ব্যক্তি কোন কিছু সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ চিন্তা-ভাবনা করে, উহার সম্বন্ধে স্পষ্ট ধারণা বা জ্ঞান লাভের জন্য বার বার পরীক্ষা-নিরীক্ষা করে (আকরাব)।

وَاِنَّہَا لَبِسَبِیۡلٍ مُّقِیۡمٍ ﴿۷۷﴾

৭৭
এবং নিশ্চয় উহা স্থায়ী১৫১৫ মহা সড়কের উপর অবস্থিত।
১৫১৫। তখনই কোন রাস্তা ‘মুকীম’ বলিয়া অভিহিত হয়, যখন উহা পথচারীদের চলাচলের যোগ্য থাকে। এখানে ইংগিতকৃত পথ, যাহা আরবকে সিরিয়ার সংগে সংযুক্ত করিয়াছে, তাহা এখনো ব্যবহৃত হইতেছে। এইরূপে এই আয়াতে ব্যবহৃত বিশেষণের মধ্যে নিহিত ভবিষ্যদ্বাণীর পূর্ণতা প্রকাশ করিতেছে। এই পথ মৃত সাগরের (Dead Sea) বরাবর বা পাশাপাশি চলিয়া গিয়াছে, স্থানীয়ভাবে উহা লূতের সাগর নামে পরিচিত।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّلۡمُؤۡمِنِیۡنَ ﴿ؕ۷۸﴾

৭৮
নিশ্চয় ইহার মধ্যে মো’মেনদের জন্য নিদর্শন আছে।

وَاِنۡ کَانَ اَصۡحٰبُ الۡاَیۡکَۃِ لَظٰلِمِیۡنَ ﴿ۙ۷۹﴾

৭৯
এবং জঙ্গলবাসীরাও১৫১৬ অবশ্যই যালেম ছিল।
১৫১৬। কুরআন করীমের মতে প্রকৃত ঘটনা এই যে, ‘আসহাবুল আইকাতে’ (জঙ্গলের অধিবাসী; ২৬ঃ১৭৭, ১৭৮) এবং আহলে মাদিয়ান (মিদিয়ানের অধিবাসী ১১ঃ৮৫) এই উভয় গোত্রের লোকের প্রতি হযরত শুয়াইব (আঃ) প্রেরিত হইয়াছিলেন। ইহা দ্বারা বুঝা যায় যে, এই জাতি উভয় নামেই অভিহিত হইত অথবা একই জাতির দুইটি শাখা গোত্রের ভিন্ন নাম, যদ্বারা তাহাদের ভিন্ন ভিন্ন জীবিকা নির্বাহের অবলম্বন বুঝায়। একদল বা গোত্র ব্যবসা-বাণিজ্যের উপর নির্ভর করিত, অপর গোত্র বনে-জঙ্গলে উট-ভেড়া চরাইত। এই দুই গোত্রের ঘনিষ্ঠ আত্মীয়তার পরিচয়বহনকারী সাক্ষ্যরূপে কুরআনে উভয়ের অভিন্ন চারিত্রিক ত্রুটির কথা উল্লেখিত হইয়াছে (৭ঃ৮৬ এবং ২৬ঃ১৮২-৮৪)। আকাবা উপসাগরের মুখে অবস্থিত শহরে এই জাতির গোত্রসমূহ বসবাস করিত। তাহাদের এবং তাহাদের আবাসিক শহর উভয়ের নাম মিদিয়ান ছিল বলিয়া প্রতীয়মান হয়। এই আকাবার অদূরে অবস্থিত ছিল জনশূন্য মরু-অঞ্চল ‘আইকা’ যে স্থান খর্বাকৃতি জাতের বন্য তাল গাছে ভরপুর ছিল, যাহার ছায়াতে তাহাদের উট, ভেড়া ও বকরির চারণভূমি ছিল (দি গোল্ড মাইনস অব মিদিয়ান, বাই স্যার রিচার্ড ফ্রানসিস বার্টন)।

فَانۡتَقَمۡنَا مِنۡہُمۡ ۘ وَاِنَّہُمَا لَبِاِمَامٍ مُّبِیۡنٍ ﴿ؕ٪۸۰﴾

৮০
সুতরাং আমরা তাহাদের নিকট হইতেও প্রতিশোধ গ্রহণ করিলাম এবং এই উভয় স্থানই উন্মুক্ত রাজপথে অবস্থিত।১৫১৭
সূরা আল্ হিজ্‌র - রুকু ৫
১৫১৭। হযরত লূত (আঃ)-এর শহরের বেলায় উল্লেখিত রাজপথকে বলা হইয়াছে সেই পথ যাহা এখনো বিদ্যমান রহিয়াছে (আয়াত-৭৭)। এই কথার মধ্যে এই ভবিষ্যদ্বাণী নিহিত রহিয়াছে যে, ভবিষ্যতেও এই পথ এইরূপভাবে ব্যবহার্য থাকিবে। জঙ্গলের বা সেই চারণভূমিতে জনবসতির লোকদিগের মধ্যে এই পথ উন্মুক্ত রাজপথ বলিয়া পরিচিত। মিশরের সঙ্গে এশিয়াকে সংযোগকারী পুরাতন রাস্তা এখন যদিও মরুযাত্রী দল কর্তৃক ব্যবহৃত হয় না কিন্তু শব্দটি এখনও উহার অস্তিত্বের ইংগিত বহন করে।