১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১০ আয়াত এবং ১১ রুকু আছে।

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَتٰٮکُمۡ عَذَابُہٗ بَیَاتًا اَوۡ نَہَارًا مَّاذَا یَسۡتَعۡجِلُ مِنۡہُ الۡمُجۡرِمُوۡنَ ﴿۵۱﴾

৫১
তুমি বল, ‘তোমরা কি চিন্তা করিয়া দেখিয়াছ যদি তাঁহার শাস্তি রাত্রে অথবা দিনে তোমাদের উপর আপতিত হয়, তখন অপরাধীরা কি করিয়া উহা হইতে তাড়াতাড়ি (দৌড়াইয়া) পলায়ন করিবে?১২৬৮
১২৬৮। আয়াতে কাফেরগণকে তিরস্কার করা হইয়াছে ও বলা হইয়াছে যে, প্রতিশ্রুত আযাবের সময় ও প্রকার সম্পর্কে ব্যর্থ বিতর্কের প্রশ্রয় না দিয়া, তাহাদের জীবনে নৈতিক চরিত্রের শুভ পরিবর্তনের দ্বারা এই আযাব হইতে বাঁচার চেষ্টা করা উচিৎ।

اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنۡتُمۡ بِہٖ ؕ آٰلۡـٰٔنَ وَقَدۡ کُنۡتُمۡ بِہٖ تَسۡتَعۡجِلُوۡنَ ﴿۵۲﴾

৫২
তবে কি যখন ইহা ঘটিয়া যাইবে তখন তোমরা ইহার উপর ঈমান আনিবে? কি (তোমরা) এখন (ঈমান আনিতেছ)! অথচ তোমরা (ইহার পূর্বে) ইহা তাড়াতাড়ি আগমনের কামনা করিতেছিলে?

ثُمَّ قِیۡلَ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا ذُوۡقُوۡا عَذَابَ الۡخُلۡدِ ۚ ہَلۡ تُجۡزَوۡنَ اِلَّا بِمَا کُنۡتُمۡ تَکۡسِبُوۡنَ ﴿۵۳﴾

৫৩
অতঃপর, যাহারা যুলুম করিতেছিল তাহাদিগকে বলা হইবে, ‘তোমরা দীর্ঘস্থায়ী শাস্তি১২৬৯ উপভোগ কর। তোমরা যাহা কিছু অর্জন করিয়াছিলে তোমাদিগকে কেবল উহারই প্রতিফল দেওয়া হইতেছে।’
১২৬৯। “আযাবাল খুলদ” অর্থ—যেই আযাব বা শাস্তি কাফেরদিগের সঙ্গেই রহিয়াছে এবং ইহা সীমাহীন শাস্তি নহে যাহা কোন অবস্থায় দূরীভূত হইতে পারে না।

وَیَسۡتَنۡۢبِئُوۡنَکَ اَحَقٌّ ہُوَ ؕؔ قُلۡ اِیۡ وَرَبِّیۡۤ اِنَّہٗ لَحَقٌّ ۚؕؔ وَمَاۤ اَنۡتُمۡ بِمُعۡجِزِیۡنَ ﴿٪۵۴﴾

৫৪
এবং তাহারা তোমাকে জিজ্ঞাসা করে, উহা কি সত্য? তুমি বল, ‘হাঁ, আমার প্রভুর শপথ! ইহা অবশ্যই সত্য, এবং তোমরা ইহা ব্যর্থ করিতে পারিবে না।’১২৬৯-ক
সূরা ইউনুস - রুকু ৫
১২৬৯-ক। তোমরা কখনও ইহা হইতে পালাইয়া বাঁচিতে পারিবে না।

وَلَوۡ اَنَّ لِکُلِّ نَفۡسٍ ظَلَمَتۡ مَا فِی الۡاَرۡضِ لَافۡتَدَتۡ بِہٖ ؕ وَاَسَرُّوا النَّدَامَۃَ لَمَّا رَاَوُا الۡعَذَابَ ۚ وَقُضِیَ بَیۡنَہُمۡ بِالۡقِسۡطِ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۵۵﴾

৫৫
এবং যদি পৃথিবীস্থ সব কিছুই প্রত্যেক যালেম ব্যক্তির স্বত্বাধীনে থাকিত, তাহা হইলে অবশ্যই সে উহা মুক্তি-পণ হিসাবে পেশ করিয়া দিত। এবং যখন তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে, তখন তাহারা তাহাদের মনস্তাপ গোপন করিবে।১২৭০ এবং তাহাদের মধ্যে ন্যায়-সঙ্গতভাবে মীমাংসা করিয়া দেওয়া হইবে এবং তাহাদের প্রতি কোন যুলুম করা হইবে না।
১২৭০। “আসাররু” শব্দের অর্থ এইরূপও হয় যেমন, তাহারা স্পষ্টতঃ প্রদর্শন করিবে বা তীব্র মনস্তাপ প্রকাশ করিবে। ইহা বিপরীত অর্থবোধক শব্দ।

اَلَاۤ اِنَّ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اَلَاۤ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ وَّلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۵۶﴾

৫৬
স্মরণ রাখ, নিশ্চয় আকাশমণ্ডল এবং পৃথিবীতে যাহা কিছু আছে সব আল্লাহ্‌র। শুন, নিশ্চয় আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাহাদের অধিকাংশই জানে না।

ہُوَ یُحۡیٖ وَیُمِیۡتُ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۵۷﴾

৫৭
তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন এবং তাহারই দিকে তোমাদের (সকলকে) ফিরাইয়া লইয়া যাওয়া হইবে।

یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَتۡکُمۡ مَّوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوۡرِ ۬ۙ وَہُدًی وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ﴿۵۸﴾

৫৮
হে মানবমণ্ডলী! তোমাদের প্রভুর পক্ষ হইতে তোমাদের নিকট নিশ্চয় আসিয়াছে এক উপদেশ১২৭১ এবং বক্ষঃসমূহে যাহা কিছু(ব্যধি) আছে উহার জন্য আরোগ্য এবং মো’মেনগণের জন্য হেদায়াত ও রহমত।
১২৭১। পবিত্র কুরআন হইতেছে “মাওয়েযাতুন” অর্থাৎ ধর্মসংক্রান্ত উপদেশ বা পরামর্শ—কারণঃ (ক) ইহাতে এই শিক্ষা নিহিত রহিয়াছে যাহা সৎ উদ্দেশ্য প্রণোদিত ও সদিচ্ছা হইতে উৎসারিত, (খ) ইহার শিক্ষা মানব হৃদয়কে প্রভাবান্বিত এবং মর্ম স্পর্শ করিবার জন্য বিচক্ষণ ও গভীর বিবেচনা প্রসূত, এবং (গ) ইহা সেই সকল নিয়ম-নীতি এবং আচরণ-বিধিসমূহ চমৎকারভাবে সুবিন্যস্ত করিয়াছে, যাহা মানবকে নৈতিক উৎকর্ষ সাধনে এবং জীবনের সফলতায় পৌঁছাইয়া দিতে সক্ষম।

قُلۡ بِفَضۡلِ اللّٰہِ وَبِرَحۡمَتِہٖ فَبِذٰلِکَ فَلۡیَفۡرَحُوۡا ؕ ہُوَ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ ﴿۵۹﴾

৫৯
তুমি বল, ‘(এই সব কিছু) আল্লাহ্‌র ফযলে ও তাঁহার রহমতে হইয়াছে, সুতরাং এই জন্য তাহাদের উৎফুল্ল হওয়া উচিত। (কেননা) তাহারা যাহা জমা করিতেছে উহার চাইতে ইহা উৎকৃষ্টতর।’

قُلۡ اَرَءَیۡتُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰہُ لَکُمۡ مِّنۡ رِّزۡقٍ فَجَعَلۡتُمۡ مِّنۡہُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلۡ آٰللّٰہُ اَذِنَ لَکُمۡ اَمۡ عَلَی اللّٰہِ تَفۡتَرُوۡنَ ﴿۶۰﴾

৬০
তুমি বল, ‘তোমরা কি চিন্তা করিয়া দেখিয়াছ, আল্লাহ্ তোমাদের জন্য যে জীবনোপকরণ অবতীর্ণ করিয়াছেন, অতঃপর তোমরা উহার মধ্যে (কতককে) হারাম করিয়াছ এবং (কতককে) হালাল করিয়াছ?’১২৭২ তুমি বল, ‘আল্লাহ্ কি তোমাদিগকে ইহার অনুমতি দিয়াছেন অথবা তোমরা আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা রচনা করিতেছ?’
১২৭২। পানাহার মানবের প্রাথমিক প্রয়োজন এবং যে কোন ধর্মের সর্বপ্রথম কর্তব্য এই বিষয়ে মানুষকে সঠিকপথে পরিচালনা করা। বিচার বুদ্ধি ইহাই বলে যে, চিকিৎসা-শাস্ত্রগত,নৈতিক বা ধর্মীয় সঙ্গত কারণ থাকা উচিৎ যদ্বারা কতক বস্তুকে বৈধ এবং অন্যান্যগুলিকে অবৈধ বলা যাইতে পারে। এই ব্যাপারে ইসলাম প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করিয়াছে।