১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১০ আয়াত এবং ১১ রুকু আছে।

دَعۡوٰٮہُمۡ فِیۡہَا سُبۡحٰنَکَ اللّٰہُمَّ وَتَحِیَّتُہُمۡ فِیۡہَا سَلٰمٌ ۚ وَاٰخِرُ دَعۡوٰٮہُمۡ اَنِ الۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿٪۱۱﴾

১১
ইহার মধ্যে তাহাদের প্রার্থনা হইবে, হে আল্লাহ্।১২৪১ তুমি পবিত্র ও মহান এবং তাহাদের (পরস্পরের) মধ্যে সাদর সম্ভাষণ হইবে সালাম-শান্তি এবং তাহাদের সর্বশেষ কথা হইবে, সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য যিনি সকল জগতের প্রতিপালক।
সূরা ইউনুস - রুকু ১
১২৪১। আল্লাহ্‌তা’লার মহিমান্বিত প্রশংসা ও শোকরিয়া আদায় হইবে স্বতঃস্ফূর্ত ও সহজাত প্রবৃত্তির প্রেরণা-প্রসূত, কারণ জান্নাতে মানুষের নিকট সকল কিছুরই সত্য যথার্থরূপে বাস্তবাকারে প্রকাশিত হইবে এবং তাহারা বুঝিতে পারিবে যে, আল্লাহ্‌তা’লার সকল কর্মই গভীর প্রজ্ঞামণ্ডিত। এই চেতনা বা উপলব্ধিতে তাহারা সহজাত প্রবৃত্তির দ্বারা অনুপ্রাণিত হইয়া বিস্ময়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চস্বরে বলিয়া উঠিবেঃ “হে আল্লাহ্! তুমি পবিত্র ও মহান।” এই আয়াত ইহাও বুঝায় যে, মো’মেনের শেষ পরিণতি সুখ ও শান্তি। আল্লাহ্‌তা’লার মহিমা কীর্তনের মাধ্যমেই তাহারা তাহা প্রকাশ করে।

وَلَوۡ یُعَجِّلُ اللّٰہُ لِلنَّاسِ الشَّرَّ اسۡتِعۡجَالَہُمۡ بِالۡخَیۡرِ لَقُضِیَ اِلَیۡہِمۡ اَجَلُہُمۡ ؕ فَنَذَرُ الَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ لِقَآءَنَا فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۱۲﴾

১২
এবং যদি আল্লাহ্‌ মানুষের জন্য (তাহাদের মন্দ কর্মের ফলে) এইভাবে অকল্যাণ দানে ত্বরা করিতেন যেভাবে তাহারা কল্যাণ কামনায় ত্বরা করে১২৪২ তাহা হইলে অবশ্যই তাহাদের (জীবনের) মিয়াদ পরিসমাপ্ত করিয়া দেওয়া হইত। এইজন্য আমরা সেই সকল লোককে, যাহারা আমাদের সাক্ষাতের আশা রাখে না তাহাদের ধর্মদ্রোহিতার মধ্যে দিশাহারা হইয়া ঘুরিয়া বেড়াইতে অবকাশ দিই।
১২৪২। “খায়ের” শব্দের এক অর্থ ধন-সম্পদ (লেইন), এই অর্থে আয়াতের মর্ম এই যে, অবিশ্বাসীরা ধন -সম্পদ উপার্জনের উদ্দেশ্যে সকল কর্ম শক্তি ব্যয় করে এবং আল্লাহ্‌তা’লাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে। তাহাদের আচরণ বলিয়া দেয় যে, অমঙ্গল তাহাদিগকে অতর্কিত পাকড়াও করিবে। কিন্তু আল্লাহ্‌ শাস্তি দানে ধীর। যদি তিনি তাহাদিগের প্রাপ্য শাস্তি দিতে ত্বরা করিতেন তাহা হইলে অনেক পূর্বেই উহারা ধ্বংস প্রাপ্ত হইত। যদি খায়ের শব্দের অর্থ ভাল বা মঙ্গল করা হয়, তবে আয়াতের মর্ম দাঁড়ায় এই যে, মঙ্গল করার ক্ষেত্রে আল্লাহ্ যেরূপ শীঘ্র করেন, যদি অবিশ্বাসীদিগকে শাস্তি প্রদানে সেরূপ তাড়াহুড়া করিতেন তাহা হইলে তাহারা আরো অনেক পূর্বেই ধ্বংস প্রাপ্ত হইত।

وَاِذَا مَسَّ الۡاِنۡسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنۡۢبِہٖۤ اَوۡ قَاعِدًا اَوۡ قَآئِمًا ۚ فَلَمَّا کَشَفۡنَا عَنۡہُ ضُرَّہٗ مَرَّ کَاَنۡ لَّمۡ یَدۡعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّہٗ ؕ کَذٰلِکَ زُیِّنَ لِلۡمُسۡرِفِیۡنَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۳﴾

১৩
এবং যখন দুঃখ কষ্ট মানুষকে স্পর্শ করে তখন সে পার্শ্ব-দেশে (শুইয়া) অথবা বসিয়া অথবা দাঁড়াইয়া আমাদিগকে ডাকিতে থাকে, কিন্তু যখন আমরা তাহার দুঃখ-কষ্টকে তাহার উপর হইতে দূর করিয়া দেই তখন সে এমনভাবে পাশ কাটাইয়া চলিয়া যায় যেন সে আমাদিগকে কোন সময়ে ঐ কষ্ট, যাহা তাহাকে স্পর্শ করিয়াছিল, দূর করিবার জন্য ডাকে নাই। এই ভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তাহাদের কর্ম মনোরম করিয়া দেখানো হইয়াছে।

وَلَقَدۡ اَہۡلَکۡنَا الۡقُرُوۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَمَّا ظَلَمُوۡا ۙ وَجَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ وَمَا کَانُوۡا لِیُؤۡمِنُوۡا ؕ کَذٰلِکَ نَجۡزِی الۡقَوۡمَ الۡمُجۡرِمِیۡنَ ﴿۱۴﴾

১৪
এবং নিশ্চয় আমরা তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করিয়াছি,১২৪৩ যখন তাহারা যুলুম করিয়াছিল; অথচ তাহাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শনাবলীসহ তাহাদের নিকট আসিয়াছিল, কিন্তু তাহারা ঈমান আনে নাই; এইভাবেই আমরা অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি।
১২৪৩। ঐশী শাস্তি দুই প্রকার যথাঃ (১) প্রাকৃতিক নিয়ম লংঘনের ফলে ঘটিয়া থাকে এবং (২) শরীয়াতের বিধানকে বিদ্রুপ বা অবজ্ঞা করার ফলে পতিত হয়। শেষোক্ত শাস্তি কোন জাতি বা মানব গোষ্ঠীকে অতর্কিতে পাকড়াও করে তখন,যখন তাহারা অসাধু জীবন যাপন করে, অথবা উহাদের মধ্যে যখন আল্লাহ্‌তা’লার নবী আবির্ভূত হইয়া থাকেন এবং তাহারা তাঁহাকে প্রত্যাখ্যান করে এবং সত্য প্রচারে সর্বপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই প্রকার শাস্তি নিশ্চিত বৈশিষ্ট্যসূচক হইয়া থাকে। অন্যান্য শ্রেণীর শাস্তি, যথা জাতি সমূহের উত্থান পতন, প্রাকৃতিক নিয়ম লংঘনের ফলে আসিয়া থাকে।

ثُمَّ جَعَلۡنٰکُمۡ خَلٰٓئِفَ فِی الۡاَرۡضِ مِنۡۢ بَعۡدِہِمۡ لِنَنۡظُرَ کَیۡفَ تَعۡمَلُوۡنَ ﴿۱۵﴾

১৫
অতঃপর তাহাদের পর আমরা তোমাদিগকে (তাহাদের) স্থলাভিষিক্ত করিয়া দিয়াছি যেন আমরা দেখি, তোমরা কেমন আচরণ কর।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ قَالَ الَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ لِقَآءَنَا ائۡتِ بِقُرۡاٰنٍ غَیۡرِ ہٰذَاۤ اَوۡ بَدِّلۡہُ ؕ قُلۡ مَا یَکُوۡنُ لِیۡۤ اَنۡ اُبَدِّلَہٗ مِنۡ تِلۡقَآیِٔ نَفۡسِیۡ ۚ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا یُوۡحٰۤی اِلَیَّ ۚ اِنِّیۡۤ اَخَافُ اِنۡ عَصَیۡتُ رَبِّیۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۶﴾

১৬
এবং যখন তাহাদের নিকট আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয়, তখন যাহারা আমাদের সাক্ষাতের আশা রাখে না তাহারা বলে, ‘তুমি ইহা ছাড়া অন্য কুরআন আন অথবা ইহার মধ্যে কিছু রদবদল কর।’ তুমি বল, ‘ইহা আমার জন্য সম্ভবপর কাজ নহে যে, আমি নিজের পক্ষ হইতে ইহাতে কিছু রদবদল করি। আমার উপর যাহা ওহী করা হয় আমি কেবল উহারই অনুসরণ করি; যদি আমি আমার প্রভুর অবাধ্যতা করি তাহা হইলে আমি এক বড় (ভয়ঙ্কর) দিনের শাস্তিকে ভয় করি।’১২৪৪
১২৪৪। এক বড় ভয়ঙ্কর দিনের শাস্তির তাৎপর্য জাতীয় বিপর্যয়।

قُلۡ لَّوۡ شَآءَ اللّٰہُ مَا تَلَوۡتُہٗ عَلَیۡکُمۡ وَلَاۤ اَدۡرٰٮکُمۡ بِہٖ ۫ۖ فَقَدۡ لَبِثۡتُ فِیۡکُمۡ عُمُرًا مِّنۡ قَبۡلِہٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۷﴾

১৭
তুমি বল, ‘যদি আল্লাহ্‌ ইচ্ছা করিতেন তাহা হইলে আমি ইহা তোমাদের নিকট পড়িয়া শুনাইতাম না এবং তিনিও উহা সম্বন্ধে তোমাদিগকে জ্ঞাত করিতেন না। নিশ্চয় আমি ইতিপূর্বে তোমাদের মধ্যে এক সুদীর্ঘ জীবন যাপন করিয়াছি, তবুও কি তোমরা বিবেক-বুদ্ধি খাটাইবে না?’১২৪৫
১২৪৫। তফসীরাধীন আয়াত নবুওয়াতের দাবীকারকের সত্যতা যাচাই করার জন্য বিচারের অভ্রান্ত মাপকাঠি বা নীতি নির্ধারণ করিয়াছে। একজন নবীর নবুওয়াতের দাবী করার পূর্বের জীবন যদি সত্যবাদিতায় ও ন্যায়-পরায়ণতায় অসাধারণ উচ্চ পর্যায়ের হয় এবং সেই সময় এবং তাহার নবুওয়াতের দাবীর মধ্যবর্তী সময়কালে তাঁহার সেই উচ্চ মর্যাদাপূর্ণ নৈতিক মহত্ব বা উৎকর্ষের কোনরূপ অধঃগতির লক্ষণ যদি না থাকে, তবে তাঁহার দাবী অতি উচ্চ মর্যাদা-সম্পন্ন এবং সত্যবাদী লোকের দাবী বলিয়া অবশ্যই গ্রহণ করিতে হইবে। স্বভাবতঃই কোন ব্যক্তির পক্ষে নিশ্চিতরূপে নিজ আচরণের মধ্যে অভ্যাসগতভাবে বা মানসিকভাবে বড় রকমের ভাল বা মন্দ পরিবর্তন সাধন করাটা সময় সাপেক্ষ ব্যাপার। অতএব, ইহা কিরূপে সম্ভব যে, ইসলামের নবী মুহাম্মদ (সাঃ) যখন তাঁহার নবুওয়াতের দাবীর পূর্বে সমস্ত জীবন ব্যাপিয়া অনন্য সাধারণ সৎ এবং সাধু ব্যক্তিরূপে প্রমাণিত ছিলেন,তিনি হঠাৎ রাতারাতি ভণ্ড দাবীকারকে পরিবর্তিত হইয়া গেলেন?

فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِاٰیٰتِہٖ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الۡمُجۡرِمُوۡنَ ﴿۱۸﴾

১৮
অতএব, ঐ ব্যক্তি অপেক্ষা বড় যালেম কে যে (জানিয়া বুঝিয়া) আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যারোপ করে অথবা তাঁহার নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে? প্রকৃত বিষয় ইহাই যে, অপরাধীরা কখনও সফলকাম হয় না।১২৪৬
১২৪৬। এই আয়াত দুইটি চিরস্থায়ী সত্য স্পষ্ট করিয়া দিয়াছেঃ (ক) যাহারা আল্লাহ্‌তা’লার সম্পর্কে মিথ্যা আরোপ করে এবং যাহারা তাঁহার প্রেরিত নবীকে প্রত্যাখ্যান ও বিরুদ্ধাচরণ করে তাহারা কখনই ঐশী শাস্তি হইতে রক্ষা পায় না, (খ) ভণ্ড এবং মিথ্যা নবী তাহার মিশনে বা আরদ্ধ কাজে কখনো কৃতকার্য হইতে পারে না।

وَیَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَضُرُّہُمۡ وَلَا یَنۡفَعُہُمۡ وَیَقُوۡلُوۡنَ ہٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنۡدَ اللّٰہِ ؕ قُلۡ اَتُنَبِّـُٔوۡنَ اللّٰہَ بِمَا لَا یَعۡلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الۡاَرۡضِ ؕ سُبۡحٰنَہٗ وَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۱۹﴾

১৯
এবং তাহারা আল্লাহ্‌কে ছাড়িয়া এমন কিছুর ইবাদত করে যাহা তাহাদের অপকারও করে না এবং উপকারও করে না এবং তাহারা বলে, এইগুলি আল্লাহ্‌র নিকট আমাদের সুপারিশকারী।১২৪৭ তুমি বল, ‘তোমরা কি আল্লাহ্‌কে উহার সংবাদ দিতেছ যে, আকাশসমূহে এবং পৃথিবীতে যাহা সম্বন্ধে তাহার জানা নাই?’ তিনি পবিত্র এবং (যাহাকে তাহারা) শরীক করে উহা হইতে তিনি বহু ঊর্ধ্বে।
১২৪৭। শির্‌কের প্রকৃত কারণ হইল পৌত্তলিকগণের পক্ষে তাহাদের নিজেদের সৃষ্ট বস্তুগুলির লক্ষ্য এবং উদ্দেশ্য উপলদ্ধি করিতে ব্যর্থ হওয়া। আল্লাহ্‌তা’লার সত্তা এবং গুণাবলী সম্বন্ধে মোশরেককে খোদা-প্রদত্ত ক্ষমতা ও বিকাশযোগ্য কর্মদক্ষতা সম্পর্কেও তাহার (পৌত্তলিক) ভ্রান্ত ধারণা থাকে। সে (পৌত্তলিক) অজ্ঞ বিশ্বাস পোষণ করে যে, কোন কিছুর মধ্যস্থতা ব্যতিরেকে সে আল্লাহ্‌তা’লার নৈকট্য লাভ করিতে পারে না এবং আল্লাহ্‌তা’লাও তাঁহার নৈকট্য-প্রাপ্ত ব্যক্তিগণের মধ্যস্থতা ছাড়া তাহার প্রতি সদয় হইয়া সেচ্ছায় উচ্চাসন হইতে নামিয়া আসিতে পারেন না। ইসলাম ধর্ম এই প্রকার ধারণার জোর বিরোধিতা করে।

وَمَا کَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّۃً وَّاحِدَۃً فَاخۡتَلَفُوۡا ؕ وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ لَقُضِیَ بَیۡنَہُمۡ فِیۡمَا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۲۰﴾

২০
এবং সকল মানুষ একই উম্মত ছিল,১২৪৭-ক অতঃপর তাহারা (পরস্পর) মতভেদ করিল;১২৪৮ বস্তুতঃ তোমার প্রভুর পক্ষ হইতে যে বাক্য১২৪৮-ক পূর্বে সমাগত হইয়াছে, উহা যদি না হইত তাহা হইলে যে বিষয়ে তাহারা মতভেদ করিতেছে, অবশ্যই তাহাদের মধ্যে উহার মীমাংসা করিয়া দেওয়া হইত।
১২৪৭-ক। প্রেরিত নবীর বিরুদ্ধে শত্রুতা করিতে তাহারা সকলেই একতাবদ্ধ ছিল। ২৫৪ টীকা দ্রষ্টব্য।
১২৪৮। ‘তাহারা (পরস্পর) মতভেদ করিল’ উক্তির মর্ম হইতে পারেঃ (ক) আল্লাহ্‌তা’লা মানবকে সঠিক পথ অবলম্বন করার সামর্থ্য বা যোগ্যতা দ্বারা ভূষিত করিয়াছিলেন এবং ঐশী নিদের্শনা দ্বারা ব্যবস্থাও দিয়াছিলেন, কিন্তু তাহারা সেই পথ পরিহার করিয়া ভ্রমে পতিত হইয়াছিল; (খ) তাহাদিগকে আল্লাহ্‌তা’লার প্রত্যাদিষ্ট নবীর মাধ্যমে সর্বদাই অভ্রান্ত পথ দেখানো হইয়াছে, কিন্তু তাহারা নিজেদের বিভেদ অব্যাহত রাখিয়াছে; (গ) আল্লাহ্‌র নবীর বিরুদ্ধাচরণে অবিশ্বাসীরা সকলেই একই পথ অবলম্বন করিয়া চলে এবং এইভাবে তাহারা একই দলভুক্ত হইয়া যায়। সর্বযুগেই তাহারা আল্লাহ্‌র প্রেরিত নবীগণের বিরুদ্ধাচরণ করিয়াছে এবং তাহাদের সঙ্গে মতবিরোধ করিয়াছে। ২৫৫ টীকা দ্রষ্টব্য।
১২৪৮-ক। এই উক্তি ৭ঃ১৫৭ আয়াতে উল্লেখিত ‘আমার রহমত প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে’ কথার প্রতি নির্দেশ করে।