৯

التوبة

সূরা আত্‌ তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

ইহা মদীনায় অবতীর্ণ, ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

فَرِحَ الۡمُخَلَّفُوۡنَ بِمَقۡعَدِہِمۡ خِلٰفَ رَسُوۡلِ اللّٰہِ وَکَرِہُوۡۤا اَنۡ یُّجَاہِدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَقَالُوۡا لَا تَنۡفِرُوۡا فِی الۡحَرِّ ؕ قُلۡ نَارُ جَہَنَّمَ اَشَدُّ حَرًّا ؕ لَوۡ کَانُوۡا یَفۡقَہُوۡنَ ﴿۸۱﴾

৮১
যাহারা পশ্চাতে রহিয়া গেল তাহারা আল্লাহ্‌র রসূলের বিরুদ্ধাচরণ করিয়া (গৃহে) অবস্থান করিতেই আনন্দ বোধ করিল, এবং আল্লাহ্‌র রাস্তায় নিজেদের প্রাণ ও ধন-সম্পদ দিয়া জিহাদ করিতে অপসন্দ করিল। এবং তাহারা বলিল, ‘তোমরা এই প্রচণ্ড গরমে বাহির হইও না।’ তুমি বল, ‘জাহান্নামের আগুন ইহা অপেক্ষা অধিকতর উত্তপ্ত।’ হায়, যদি তাহারা উপলব্ধি করিতে পারিত!

فَلۡیَضۡحَکُوۡا قَلِیۡلًا وَّلۡیَبۡکُوۡا کَثِیۡرًا ۚ جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۸۲﴾

৮২
অতএব, তাহাদের কৃত-কর্মের প্রতিফলের জন্য তাহাদের কম হাসা উচিত১২০৩ এবং অধিক কাঁদা উচিত।
১২০৩। এই আয়াত সুস্পষ্টরূপে কোন আদেশ বহন করে না। ইহা কেবল এই ভবিষ্যদ্বাণী যুক্ত করিতেছে যে, শীঘ্রই সময় আসিতেছে যখন মোনাফিকেরা হাসিবে কম এবং ক্রন্দন করিবে অনেক বেশী।

فَاِنۡ رَّجَعَکَ اللّٰہُ اِلٰی طَآئِفَۃٍ مِّنۡہُمۡ فَاسۡتَاۡذَنُوۡکَ لِلۡخُرُوۡجِ فَقُلۡ لَّنۡ تَخۡرُجُوۡا مَعِیَ اَبَدًا وَّلَنۡ تُقَاتِلُوۡا مَعِیَ عَدُوًّا ؕ اِنَّکُمۡ رَضِیۡتُمۡ بِالۡقُعُوۡدِ اَوَّلَ مَرَّۃٍ فَاقۡعُدُوۡا مَعَ الۡخٰلِفِیۡنَ ﴿۸۳﴾

৮৩
অতএব, আল্লাহ্‌ যদি তোমাকে তাহাদের মধ্যে কোন এক দলের নিকট পুনরায় ফিরাইয়া আনেন এবং তাহারা তোমার নিকট (যুদ্ধে) বাহির হওয়ার অনুমতি চাহে, তাহা হইলে তুমি বল, ‘তোমরা কখনও আমার সহিত বাহির হইবে না এবং কখনও আমার সহিত থাকিয়া শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করিবে না। তোমরাতো প্রথমবার বসিয়া থাকাই পসন্দ করিয়াছিলে, সুতরাং যাহারা পিছনে অবস্থানকারী তাহাদের সহিত বসিয়া থাক।’

وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنۡہُمۡ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمۡ عَلٰی قَبۡرِہٖ ؕ اِنَّہُمۡ کَفَرُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَمَاتُوۡا وَہُمۡ فٰسِقُوۡنَ ﴿۸۴﴾

৮৪
এবং তাহাদের মধ্যে কাহারও মৃত্যু হইলে তুমি কখনও তাহার জানাযার নামায পড়িও না এবং তাহার কবরের পার্শ্বে (দোয়ার জন্য) দাঁড়াইও না, কারণ তাহারা আল্লাহ্‌ এবং তাঁহার রসূলকে অস্বীকার করিয়াছে এবং এমন অবস্থায় মারা গিয়াছে যখন তাহারা অবাধ্য ছিল।

وَلَا تُعۡجِبۡکَ اَمۡوَالُہُمۡ وَاَوۡلَادُہُمۡ ؕ اِنَّمَا یُرِیۡدُ اللّٰہُ اَنۡ یُّعَذِّبَہُمۡ بِہَا فِی الدُّنۡیَا وَتَزۡہَقَ اَنۡفُسُہُمۡ وَہُمۡ کٰفِرُوۡنَ ﴿۸۵﴾

৮৫
এবং তাহাদের ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি যেন তোমার বিস্ময়ের উদ্রেক না করে, আল্লাহ্‌ কেবল চাহেন যেন তিনি তাহাদিগকে উহার দ্বারা এই দুনিয়াতেই শাস্তি দেন এবং কাফের থাকা অবস্থাতেই যেন তাহাদের আত্মা বাহির হইয়া যায়।

وَاِذَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ اَنۡ اٰمِنُوۡا بِاللّٰہِ وَجَاہِدُوۡا مَعَ رَسُوۡلِہِ اسۡتَاۡذَنَکَ اُولُوا الطَّوۡلِ مِنۡہُمۡ وَقَالُوۡا ذَرۡنَا نَکُنۡ مَّعَ الۡقٰعِدِیۡنَ ﴿۸۶﴾

৮৬
এবং যখন কোন সূরা (এই মর্মে) অবতীর্ণ হয় যে, ‘তোমরা আল্লাহ্‌র উপর ঈমান আন এবং তাহার রসূলের সহিত মিলিয়া জিহাদ কর।’ তখন তাহাদের মধ্যে সামর্থ্যবান ব্যক্তিগণ তোমার নিকট অব্যাহতি চাহে এবং বলে, ‘আমাদিগকে রেহাই দিন যাহাতে আমরা (গৃহে) উপবিষ্ট লোকদের সহিত থাকিতে পারি।’১২০৪
১২০৪। তফ্‌সীরাধীন আয়াতের উক্তিটি প্রকৃত পক্ষে মুনাফেকদের উচ্চারিত বলিয়া ধরিয়া নেওয়া সমীচীন হইবে না। ইহা শুধু তাহাদের অবস্থা তুলিয়া ধরে, যাহার অন্তর্নিহিত মর্ম এই যে, তাহারা পশ্চাতে থাকিয়া যাওয়ার জন্য আঁ-হযরত (সাঃ)-এর নিকট বিভিন্ন বাহানা নিয়া আসিয়াছিল।

رَضُوۡا بِاَنۡ یَّکُوۡنُوۡا مَعَ الۡخَوَالِفِ وَطُبِعَ عَلٰی قُلُوۡبِہِمۡ فَہُمۡ لَا یَفۡقَہُوۡنَ ﴿۸۷﴾

৮৭
তাহারা পশ্চাতে (গৃহে) অবস্থানকারিণীদের১২০৫ সঙ্গে থাকিতে পসন্দ করিয়াছে, বস্তুতঃ তাহাদের হৃদয়কে মোহারাঙ্কিত১২০৬ করা হইয়াছে ফলে তাহারা উপলব্ধি করিতে পারে না।
১২০৫। ‘খাওয়ালিফ’ অর্থ যুদ্ধের সময় যাহারা পিছনে থাকে, বা স্ত্রীলোকেরা (অথবা শিশুরা) যাহারা পশ্চাতে গৃহে অথবা তাবুতে থাকে। এই শব্দের মর্ম এইরূপ হইয়া থাকে, যথা মন্দ বা দুশ্চরিত্র ব্যক্তিরা (লেইন)।
১২০৬। দেখুন ২৭ টীকা।

لٰکِنِ الرَّسُوۡلُ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ جٰہَدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ ؕ وَاُولٰٓئِکَ لَہُمُ الۡخَیۡرٰتُ ۫ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۸۸﴾

৮৮
কিন্তু এই রসূল এবং যাহারা তাহাদের সঙ্গে ঈমান আনিয়াছে তাহারা তাহাদের ধন-সম্পদ এবং প্রাণ দিয়া (আল্লাহ্‌র রাস্তায়) জিহাদ করে; বস্তুতঃ তাহাদের জন্যই কল্যাণ রহিয়াছে এবং তাহারাই সফলকাম হইবে।

اَعَدَّ اللّٰہُ لَہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿٪۸۹﴾

৮৯
আল্লাহ্ তাহাদের জন্য এমন বাগানসমূহ প্রস্তুত করিয়াছেন যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকিবে, তথায় তাহারা চিরস্থায়ী হইবে। উহাই পরম সফলতা।
সূরা আত্‌ তাওবা - রুকু ১১

وَجَآءَ الۡمُعَذِّرُوۡنَ مِنَ الۡاَعۡرَابِ لِیُؤۡذَنَ لَہُمۡ وَقَعَدَ الَّذِیۡنَ کَذَبُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ سَیُصِیۡبُ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۹۰﴾

৯০
এবং মরুবাসীদের মধ্যে অজুহাত পেশকারীগণ১২০৭ আসিল যেন তাহাদিগকে (গৃহে) বসিয়া থাকিবার অনুমতি দেওয়া হয়। এবং যাহারা আল্লাহ্ এবং তাঁহার রসূলের নিকট মিথ্যা বলিয়াছিল তাহারা (বিনা অনুমতিতেই গৃহে) বসিয়া থাকিল। তাহাদের মধ্য হইতে যাহারা অস্বীকার করিয়াছে তাহাদের উপর অচিরেই যন্ত্রণাদায়ক শাস্তি নিপতিত হইবে।
১২০৭। ‘আ’য্‌যারা’ হইতে “মুয়ায্‌যের ” উৎপন্ন যাহার অর্থ অজুহাত দেখাইয়াছিল অথবা নিজেকে রেহাই দেওয়ার অজুহাত পেশ করিয়া ছিল কিন্তু অব্যাহতি পাওয়ার মত গ্রহণযোগ্য কোন কারণ দর্শাইতে পারে নাই; সে কোন বিষয়ে অবহেলাকারী ছিল বা অনুপস্থিত ছিল অথবা বাহানা বা অজুহাত উত্থাপনের মাধ্যমে ক্রটিপূর্ণ ছিল। সুতরাং উল্লেখিত শব্দের মর্ম হইতেছে এমন ব্যক্তি যে কর্তব্যকর্মে অবহেলাকারী এবং প্রকৃত কারণ ব্যতীত অজুহাত দেখাইয়া রেহাই পাইতে চায় বা নিজকে দোষমুক্ত বা নিরপরাধ মনে করে (লেইন)।