৮৭

الأعلى

সূরা আল্ আ’লা

Al-A`la

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی ۙ﴿۲﴾

২
তুমি তোমার মহামহিম প্রতিপালকের৩৩২০ নামের পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা কর,
৩৩২০। আল্লাহ্‌র একটি গুণবাচক নাম ‘রাব্ব্’ ( প্রতিপালক, প্রভু, যিনি স্বীয় সৃষ্ট বস্তুকে লালন-পালন করেন, বর্ধন করেন এবং ক্রমোন্নতি দান করেন)। এই নামের মধ্যে একটি প্রশ্নের উত্তর রহিয়াছে। প্রশ্নটি হইল, মানব-সৃষ্টির প্রথমেই কেন পূর্ণ শরীয়াত (জীবন-বিধান) দেওয়া হইল না? ‘রাব্ব্’ নামটির মধ্যে এই কথা নিহিত রহিয়াছে যে, পূর্ণ শরীয়াত তো তখনই অবতীর্ণ হওয়া উচিত, যখন মানুষের বুদ্ধি-বৃত্তি ও যুক্তি-জ্ঞান ক্রমোন্নয়নের ধারায় উন্নতি করিতে করিতে পূর্ণতা প্রাপ্ত হয়। (এই আয়াত পাঠ করার পর পাঠককে ‘সুবহানা রাব্বিআল্ আ’লা’ অর্থাৎ ’পবিত্র আমার প্রতিপালক, অতিউচ্চ’ পাঠ করিতে হয়)।

الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی ۪ۙ﴿۳﴾

৩
যিনি (মানুষকে) সৃষ্টি করেন এবং (তাহাকে) পূর্ণাঙ্গ ও সুঠাম করেন।৩৩২১
৩৩২১। মানুষের চূড়ান্ত গন্তব্য-স্থল বহু উর্ধ্বে। সে উচ্চতম আধ্যাত্মিক স্তরে পৌঁছিয়া, নিজের মধ্যে ঐশী জ্যোতিকে এমনিভাবে প্রতিফলিত করিতে পারে যে, সে তাহার স্রষ্টার আয়নায় পরিণত হইয়া যায়।

وَالَّذِیۡ قَدَّرَ فَہَدٰی ۪ۙ﴿۴﴾

৪
এবং যিনি তাহার শক্তি-সামর্থ্য নিরূপণ করেন এবং তাহাকে (যথাযথ) হেদায়াত দান করেন।

وَالَّذِیۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰی ۪ۙ﴿۵﴾

৫
এবং যিনি (পশু-চারণের জন্য) তৃণ-লতা উদ্‌গত করেন,

فَجَعَلَہٗ غُثَآءً اَحۡوٰی ؕ﴿۶﴾

৬
অতঃপর উহাকে কৃষ্ণবর্ণ আবর্জনায় পরিণত করেন।৩৩২২
৩৩২২। এই আয়াতে অন্য একটি জরুরী প্রশ্নের উত্তর রহিয়াছে। প্রশ্নটি হইলঃ আল্লাহ্ কেন বারে বারে, ভিন্ন ভিন্ন সময়ে ও ভিন্ন ভিন্ন জাতির মধ্যে কেবল ঐ যুগের ও ঐ জাতির উপযুক্ত করিয়া অস্থায়ী শরীয়াত প্রেরণ করিলেন—এইরূপ করার হেতু কি? ইহার উত্তর হইতেছে, আল্লাহ্ দুই প্রকারের বস্তু সৃষ্টি করিয়াছেনঃ (ক) শাক্-সব্‌জি ও তৃণজাতীয় বস্তু যাহা মানুষের অস্থায়ী প্রয়োজনসমূহ মিটাইয়া থাকে। ইহারা স্বল্পস্থায়ী জীবনের অধিকারী হয়। পূর্ববর্তী ধর্মশাস্ত্র ও ধর্ম-বিধানগুলি সমসাময়িক মানুষের প্রয়োজন মিটাইবার জন্য অবতীর্ণ হইয়াছিল। এইগুলি ছিল তাই অস্থায়ী আয়ুষ্কাল শেষে তৃণের মত শুকাইয়া গিয়াছে; (খ) ঐ সকল বস্তু যাহা চিরস্থায়ীভাবে মানুষের কাজ লাগিয়া থাকে, যেমন সূর্য, চন্দ্র, পৃথিবী ইত্যাদি। যতদিন বিশ্ব-জগত থাকিবে, ততদিন এইগুলিও থাকিবে। কুরআনও এই বিশ্ব-জগতেরই মত। বিশ্বের শেষদিন পর্যন্ত মানুষের অভ্রান্ত পথ-প্রদর্শক রূপে ইহা স্থায়ীভাবে বিরাজ করিবে। তাই, ইহা হস্তক্ষেপমুক্ত ও অপরিবর্তিত রহিয়াছে এবং এইরূপই থাকিবে। সময়ের ক্ষয়কারী প্রভাব ইহার স্থায়িত্বের ও অকৃত্রিমতার উপর কোনই ক্রিয়া করিতে পারিবে না।

سَنُقۡرِئُکَ فَلَا تَنۡسٰۤی ۙ﴿۷﴾

৭
অবশ্যই আমরা তোমাকে (এই কুরআন) পাঠ করাইব এবং তুমি (ইহাকে) ভুলিবে না,৩৩২৩
৩৩২৩। মহানবী (সাঃ)-ও মানুষ ছিলেন। তাই ভুলিয়া যাওয়া তাঁহার পক্ষে অসম্ভব কিছু ছিল না। বস্তুতঃ পার্থিব কোন কোন বিষয়ে হয়ত তাঁহার মনে থাকিত না। কিন্তু আল্লাহ্‌তা’লার অমোঘ প্রজ্ঞা এমনই ব্যবস্থা করিয়াছিল যে, মহানবী (সাঃ) নিরক্ষর হওয়া সত্বেও এবং সময় সময় সুদীর্ঘ সূরা একাধারে সামগ্রিকভাবে অবতীর্ণ হওয়া সত্বেও, তাহা তাঁহার পবিত্র হৃদয়ে যেন গভীরভাবে খোদাই হইয়া যাইত যে, তাহা আবৃত্তি করিতে কোনকালেই তাঁহাকে ভুল করিতে বা ইতস্ততঃ করিতে দেখা যায় নাই। ইহা অতীব আশ্চর্যের ব্যাপার যে, সূরা বাকারা, আলে ইমরান, নিসা ইত্যাদির মত দীর্ঘ সূরাগুলি খণ্ড খণ্ড আকারে অবতীর্ণ হওয়া সত্বেও এবং একাংশ অবতীর্ণ হইবার দীর্ঘ সময় পরে অপরাংশ অবতীর্ণ হইলেও, এইগুলিকে সঠিক স্থানে সংযোজন করিতে তাঁহার মূহূর্ত মাত্র সময় লাগিত না, দ্বিধাগ্রস্ত হওয়া তো দূরের কথা। ইহা এমনই এক জাজ্বল্যামান সত্য যে, কুরআনের শক্র-শিবিরের সমালোচকেরাও এই কথা নির্দ্বিধায় স্বীকার করিয়াছেন।

اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ وَمَا یَخۡفٰی ؕ﴿۸﴾

৮
কেবল ইহা ব্যতীত যাহা আল্লাহ্‌ চাহিবেন,৩৩২৪ নিশ্চয় তিনি জানেন যাহা প্রকাশ্য এবং যাহা গুপ্ত।
৩৩২৪। ‘যাহা আল্লাহ্ চাহিবেন’ এই বাক্যাংশটি দৈনন্দিন জাগতিক কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য।

وَنُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی ۚ﴿ۖ۹﴾

৯
এবং অবশ্যই আমরা তোমার জন্য সহজ পথকে সহজলভ্য করিয়া দিব।৩৩২৫
৩৩২৫। এই আয়াতের তাৎপর্যঃ (ক) কুরআন মুখস্থ (হিফয) করা সহজ; (খ) কুরআনের শিক্ষার মধ্যে এমনি স্বকীয় একটা খাপ-খাওয়ানোর যোগ্যতা রহিয়াছে যে, বিভিন্ন পরিবর্তিত অবস্থাবলীর মধ্যেও ইহা কার্যকারিতা হারায় না—এমন কি বিভিন্ন প্রকৃতির ও বিভিন্ন মেযাজের লোকের সঠিক প্রয়োজন ও আয়োজনের সহিত ইহা নিজেকে যথোপযুক্ত প্রতিপন্ন করিতে পারে; (গ) কুরআনের আদেশ-নিষেধগুলি অর্থহীন ও অযৌক্তিক নহে, বরং প্রজ্ঞাপূর্ণ ও যুক্তি-সঙ্গত। এই সব গুণাবলী সম্মিলিতভাবে, কুরআনকে সহজে শিখিতে, সহজে কাজে লাগাইতে ও ব্যাবহারিক জীবনে বাস্তবায়িত করিতে মানুষকে সাহায্য করে। অন্যান্য উপাদানসহ উপরোক্ত উপাদানগুলি কুরআনের পঠন ও অর্থকে চিরদিনের জন্য অবিকৃত ও সুসংরক্ষিত রাখতে সাহায্য করিবে। আল্লাহ্‌তা’লাই সেই ব্যবস্থা করিয়াছেন।

فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی ؕ﴿۱۰﴾

১০
সুতরাং তুমি উপদেশ দিতে থাক, যখন উপদেশ (মানুষের জন্য) লাভজনক হইয়া থাকে,