৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

یٰۤاَیُّہَا النَّبِیُّ قُلۡ لِّمَنۡ فِیۡۤ اَیۡدِیۡکُمۡ مِّنَ الۡاَسۡرٰۤی ۙ اِنۡ یَّعۡلَمِ اللّٰہُ فِیۡ قُلُوۡبِکُمۡ خَیۡرًا یُّؤۡتِکُمۡ خَیۡرًا مِّمَّاۤ اُخِذَ مِنۡکُمۡ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۷۱﴾

৭১
হে নবী! তোমাদের হাতে যে সকল যুদ্ধ-বন্দী আছে তুমি তাহাদিগকে বল, ‘যদি আল্লাহ্ তোমাদের অন্তরসমূহে কোন কল্যাণ দেখেন, তাহা হইলে তোমাদের নিকট হইতে (মুক্তি-পণ স্বরূপ) যাহা লওয়া হইয়াছে১১৪৬ তিনি তোমাদিগকে উহা হইতে উৎকৃষ্টতর দিবেন। এবং তোমাদিগকে ক্ষমাও করিবেন। বস্তুতঃ আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
১১৪৬। বদরের যুদ্ধে আঁ-হযরত (সাঃ)-এর চাচা আব্বাসকে কয়েদ করা হইয়াছিল। পরবর্তী সময়ে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ছিলেন, নবী করীম (সাঃ)-এর নিকটে আসিয়া তফসীরাধীন আয়াতের বরাত দিয়া বলিয়াছিলেন যে, আল্লাহ্‌তা’লা যেমন পূর্বাহ্নে প্রতিশ্রুতি দিয়াছিলেন যে, বন্দীদিগের নিকট হইতে মুক্তি-পণ হিসাবে যাহা নেওয়া হইয়াছিল উহা হইতেও বেশী কয়েদীগণকে ফেরৎ দেওয়ার নির্দেশ আছে। এই প্রেক্ষিতে আব্বাস (রাঃ) তাঁহার ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি পূরণ করার আবেদন জানাইলেন। রসূলে পাক (সাঃ) তাঁহার প্রার্থনা মঞ্জুর করিয়াছিলেন (জারীর, ১০ম খণ্ড, ৩১ পৃঃ)।

وَاِنۡ یُّرِیۡدُوۡا خِیَانَتَکَ فَقَدۡ خَانُوا اللّٰہَ مِنۡ قَبۡلُ فَاَمۡکَنَ مِنۡہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۷۲﴾

৭২
এবং যদি তাহারা তোমার সহিত বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা করে তাহা হইলে তাহারা ইতিপূর্বে আল্লাহ্‌র সহিতও বিশ্বাসঘাতকতা করিয়াছিল, কিন্তু তিনি (তোমাকে) তাহাদের উপরে ক্ষমতা দান করিয়াছেন। এবং আল্লাহ্‌ সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَہَاجَرُوۡا وَجٰہَدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالَّذِیۡنَ اٰوَوۡا وَّنَصَرُوۡۤا اُولٰٓئِکَ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَلَمۡ یُہَاجِرُوۡا مَا لَکُمۡ مِّنۡ وَّلَایَتِہِمۡ مِّنۡ شَیۡءٍ حَتّٰی یُہَاجِرُوۡا ۚ وَاِنِ اسۡتَنۡصَرُوۡکُمۡ فِی الدِّیۡنِ فَعَلَیۡکُمُ النَّصۡرُ اِلَّا عَلٰی قَوۡمٍۭ بَیۡنَکُمۡ وَبَیۡنَہُمۡ مِّیۡثَاقٌ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۷۳﴾

৭৩
নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে, এবং হিজরত করিয়াছে, এবং নিজেদের জীবন ও ধন-সম্পদ দিয়া আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করিয়াছে এবং যাহারা (তাহাদিগকে) আশ্রয় দিয়াছে এবং সাহায্য করিয়াছে— তাহারা একে অপরের বন্ধু। এবং যাহারা ঈমান আনিয়াছে অথচ তাহারা হিজরত করে নাই, তাহাদিগকে রক্ষা করার ব্যাপারে তোমরা দায়ী নহ যতক্ষণ পর্যন্ত না তাহারা হিজরত করিবে। এবং যদি ধর্মের ব্যাপারে তাহারা তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে, তাহা হইলে সাহায্য করা তোমাদের কর্তব্য - কিন্তু ঐ জাতির বিরুদ্ধে নহে যাহাদের মধ্যে এবং তোমাদের মধ্যে চুক্তি আছে।১১৪৭ এবং আল্লাহ্‌ দেখেন তোমরা যাহাকিছু কর।
১১৪৭। এই আয়াত এইরূপ নীতি প্রতিষ্ঠিত করে যে, যে সকল মুসলমান একই দেশে এবং একই প্রশাসনের অধীনে বাস করে, তাহারা মুহাজির অধিবাসী হউক বা আনসার অধিবাসী হউক, প্রয়োজনের সময় একে অন্যের সাহায্য সহায়তা করিতে বাধ্য। কিন্তু যে সকল মুসলমান মুসলমান-অধ্যুষিত দেশে হিজরত করে না, পার্থিব বিষয়ে তাহারা পূর্বোল্লিখিত সাহায্যের উপর কোন অধিকার রাখে না। কিন্তু ধর্মের কারণে যদি নির্যাতিত হয়, সেমতাবস্থায় তাহাদিগকে অবশ্যই সাহায্য করিতে হইবে। তবে যদি তাহারা শান্তি-চুক্তিতে আবদ্ধ অমুসলমান সরকারের অধীনে অধিবাসী হয়, সেই অবস্থায় তাহারা কোন প্রকার সাহায্য সহযোগিতা পাইবে না, এমন কি ধর্মীয় ব্যাপারেও নহে, এবং এমতাবস্থায় মুসলমানদের জন্য একমাত্র খোলা পথ অমুসলমান দেশ হইতে হিজরত করা।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ اِلَّا تَفۡعَلُوۡہُ تَکُنۡ فِتۡنَۃٌ فِی الۡاَرۡضِ وَفَسَادٌ کَبِیۡرٌ ﴿ؕ۷۴﴾

৭৪
এবং যাহারা অবিশ্বাস করে—তাহারা একে অপরের বন্ধু। যদি তোমরা (যাহা আদেশপ্রাপ্ত হইয়াছ) তাহা না কর,১১৪৮ তাহা হইলে পৃথিবীতে ফিৎনা ছড়াইয়া পড়িবে এবং মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হইবে।
১১৪৮। মুসলমানরা যদি উপরোক্ত নীতির অনুসরণ না করে, তাহা হইলে দেশে যুলুম, অত্যাচার এবং বিশৃংখলা বিরাজ করিবে।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَہَاجَرُوۡا وَجٰہَدُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالَّذِیۡنَ اٰوَوۡا وَّنَصَرُوۡۤا اُولٰٓئِکَ ہُمُ الۡمُؤۡمِنُوۡنَ حَقًّا ؕ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ﴿۷۵﴾

৭৫
এবং যাহারা ঈমান আনিয়াছে এবং হিজরত করিয়াছে এবং আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করিয়াছে এবং যাহারা আশ্রয় দিয়াছে এবং সাহায্য করিয়াছে, ইহারাই প্রকৃত মো’মেন। তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা এবং সম্মানজনক জীবনোপকরণ।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡۢ بَعۡدُ وَہَاجَرُوۡا وَجٰہَدُوۡا مَعَکُمۡ فَاُولٰٓئِکَ مِنۡکُمۡ ؕ وَاُولُوا الۡاَرۡحَامِ بَعۡضُہُمۡ اَوۡلٰی بِبَعۡضٍ فِیۡ کِتٰبِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿٪۷۶﴾

৭৬
এবং যাহারা ইহার পরে ঈমান আনিবে এবং হিজরত করিবে এবং তোমাদের সহিত মিলিয়া (আল্লাহ্‌র পথে) জিহাদ করিবে– ইহারা তোমাদেরই অন্তর্ভুক্ত; এবং আল্লাহ্‌র কিতাব অনুযায়ী রক্ত-সম্বন্ধীয় আত্মীয়গণের১১৪৯ মধ্যে কতক একে অপরের অধিকতর নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ্‌ প্রত্যেক বিষয়ে সবিশেষ অবহিত।
সূরা আল্ আন্‌ফাল - রুকু ১০
১১৪৯। যেহেতু ৭৩ আয়াতে সকল মুসলমানকে একে অপরের ভাই বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং নবী করীম (সাঃ) মদীনায় মুহাজির ও আনসারদিগের মধ্যে এক প্রকার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করিয়াছিলেন, অতএব পরস্পরের মধ্যে ভুল বুঝা-বুঝি সৃষ্টি হইতে পারিত যে, তাহারা একে অন্যের সম্পত্তিতে অংশীদার। সুতরাং এখানে নির্দেশ দেওয়া হইয়াছে যে, কেবলমাত্র রক্তে সম্পৃক্ত আত্মীয়গণ সম্পত্তির উত্তরাধিকারী হইতে পারে এবং অন্যান্য মুসলমানগণ শুধু ঈমানের ক্ষেত্রে ভাই ভাই এবং উত্তরাধিকার সূত্রে নহে।