৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

وَلَوۡ تَرٰۤی اِذۡ یَتَوَفَّی الَّذِیۡنَ کَفَرُوا ۙ الۡمَلٰٓئِکَۃُ یَضۡرِبُوۡنَ وُجُوۡہَہُمۡ وَاَدۡبَارَہُمۡ ۚ وَذُوۡقُوۡا عَذَابَ الۡحَرِیۡقِ ﴿۵۱﴾

৫১
এবং যাহারা অবিশ্বাস করিয়াছে যদি তুমি তাহাদিগকে দেখিতে যখন ফিরিশ্‌তাগণ তাহাদের মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ সংহার করে এবং (বলে) ‘এই আগুনের আযাবের স্বাদ গ্রহণ কর।’

ذٰلِکَ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡکُمۡ وَاَنَّ اللّٰہَ لَیۡسَ بِظَلَّامٍ لِّلۡعَبِیۡدِ ﴿ۙ۵۲﴾

৫২
ইহা১১৩১ তোমাদেরই স্বীয় হস্তের পূর্বকৃত কর্মের ফলে এবং (জানিয়া রাখ যে) আল্লাহ্ আদৌ তাঁহার বান্দাগণের প্রতি সামান্য পরিমাণও অবিচার করেন না।
১১৩১। ‘যালিকা’ অর্থে পূর্ববর্তী আয়াতে বর্ণিত শাস্তি বুঝাইতেছে।

کَدَاۡبِ اٰلِ فِرۡعَوۡنَ ۙ وَالَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَفَرُوۡا بِاٰیٰتِ اللّٰہِ فَاَخَذَہُمُ اللّٰہُ بِذُنُوۡبِہِمۡ ؕ اِنَّ اللّٰہَ قَوِیٌّ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۵۳﴾

৫৩
(তোমাদের পরিণাম)১১৩১-ক ফেরাউনের জাতি ও তাহাদের পূর্ববর্তীদের অবস্থার অনুরূপ (হইবে)— তাহারা আল্লাহ্‌র আয়াতসমূহকে অস্বীকার করিয়াছিল, সুতরাং আল্লাহ্ তাহাদিগকে তাহাদের পাপের জন্য ধৃত করিলেন। নিশ্চয় আল্লাহ্ শক্তিশালী, শাস্তিদানে কঠোর।
১১৩১-ক। দেখুন ৩৭৬ টীকা।

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ لَمۡ یَکُ مُغَیِّرًا نِّعۡمَۃً اَنۡعَمَہَا عَلٰی قَوۡمٍ حَتّٰی یُغَیِّرُوۡا مَا بِاَنۡفُسِہِمۡ ۙ وَاَنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿ۙ۵۴﴾

৫৪
ইহা এই জন্য যে, আল্লাহ্‌ যখন কোন জাতির উপর কোন নেয়ামত নাযেল করেন, তিনি উহার পবিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত না তাহারা নিজেদের অবস্থার পরিবর্তন করে,১১৩২ এবং (জানিয়া রাখ) নিশ্চয় আল্লাহ্ সর্ব শ্রোতা, সর্বজ্ঞানী
১১৩২। এই আয়াতে একটি সাধারণ ঐশী-নিয়ম সম্বন্ধে বলা হইয়াছে যে, আল্লাহ্‌তা’লা কোন মানব গোষ্ঠিকে পূর্বাহ্নে প্রদত্ত তাঁহার কোন অনুগ্রহ হইতে বঞ্চিত করেন না, যে পর্যন্ত না তাহারা নিজেরা প্রথমে তাহাদের অবস্থাকে অবনতির দিকে পরিবর্তন করে।

کَدَاۡبِ اٰلِ فِرۡعَوۡنَ ۙ وَالَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَذَّبُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ فَاَہۡلَکۡنٰہُمۡ بِذُنُوۡبِہِمۡ وَاَغۡرَقۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ ۚ وَکُلٌّ کَانُوۡا ظٰلِمِیۡنَ ﴿۵۵﴾

৫৫
(হে অবিশ্বাসীরা! তোমাদের অবস্থাও ঠিক) ফেরাউনের জাতি ও তাহাদের পূর্ববর্তীদের অবস্থার অনুরূপ (হইবে) তাহারা তাহাদের প্রভুর আয়াতসমূহকে১১৩৩ মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল, অতঃপর আমরা তাহাদিগকে তাহাদের পাপের জন্য ধ্বংস করিয়াছিলাম। এবং আমরা ফেরাউনের জাতিকে নিমজ্জিত করিয়াছিলাম কেননা তাহারা সকলেই যালেম ছিল।
১১৩৩। আয়াত অর্থ, সংবাদ; আদেশ, নিদর্শন, কুরআনের আয়াত বিশেষ (লেইন)।

اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنۡدَ اللّٰہِ الَّذِیۡنَ کَفَرُوۡا فَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿ۖۚ۵۶﴾

৫৬
নিশ্চয় যাহারা অবিশ্বাস করিয়াছে তাহারা আল্লাহ্‌র দৃষ্টিতে নিকৃষ্টতম জীব, বস্তুতঃ তাহারা ঈমান আনিবে না,

اَلَّذِیۡنَ عٰہَدۡتَّ مِنۡہُمۡ ثُمَّ یَنۡقُضُوۡنَ عَہۡدَہُمۡ فِیۡ کُلِّ مَرَّۃٍ وَّہُمۡ لَا یَتَّقُوۡنَ ﴿۵۷﴾

৫৭
ঐ সকল লোক, তাহাদের মধ্য হইতে যাহাদের সহিত তুমি অঙ্গীকার১১৩৪ করিয়াছ, কিন্তু প্রত্যেকবার তাহারা তাহাদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তাহারা (আল্লাহ্‌র) তাক্‌ওয়া অবলম্বন করে না।
১১৩৪। তাহারা বারংবার তাহাদের কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ্‌তা’লার নামে গৃহীত চুক্তির অমর্যাদা করে।

فَاِمَّا تَثۡقَفَنَّہُمۡ فِی الۡحَرۡبِ فَشَرِّدۡ بِہِمۡ مَّنۡ خَلۡفَہُمۡ لَعَلَّہُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿۵۸﴾

৫৮
সুতরাং যদি তুমি যুদ্ধে তাহাদিগকে আয়ত্তে আনিতে পার তাহা হইলে তদ্বারা তাহাদের পশ্চাদ্বর্তীদের মধ্যে ত্রাসের সৃষ্টি কর১১৩৫ যেন তাহারা শিক্ষা লাভ করিতে পারে।
১১৩৫। আয়াতে বিশ্বাসীগণকে যুক্তি-সঙ্গত কারণ ছাড়া অস্ত্র-ধারণ না করার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে। কিন্তু যদি অস্ত্র ধারণের প্রয়োজন হয় তাহা হইলে অত্যন্ত নির্ভীক চিত্তে লড়িতে হইবে এবং শত্রুকে সাহসিকতার সঙ্গে আঘাত হানিতে হইবে যাহাতে তাহাদের মনে ত্রাসের সৃষ্টি হয়। দুর্বল ও বিলম্বিত কৌশলে যুদ্ধ করা বিচক্ষণতার কাজ নহে । যদি যুদ্ধ করিতেই হয় তাহা হইলে ইহা দ্রুত এবং চরমভাবে করা উচিৎ।

وَاِمَّا تَخَافَنَّ مِنۡ قَوۡمٍ خِیَانَۃً فَانۡۢبِذۡ اِلَیۡہِمۡ عَلٰی سَوَآءٍ ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡخَآئِنِیۡنَ ﴿٪۵۹﴾

৫৯
এবং যদি তুমি কোন জাতির পক্ষ হইতে বিশ্বাসঘাতকতার আশঙ্কা কর তাহা হইলে সেক্ষেত্রে তুমিও সমান ভাবে (তাহাদের অঙ্গীকার) তাহাদের দিকে নিক্ষেপ কর। নিশ্চয় আল্লাহ্ বিশ্বাসঘাতকদিগকে ভালবাসেন না।১১৩৬
সূরা আল্ আন্‌ফাল - রুকু ৭
১১৩৬। যাহাদের সহিত মুসলমানগণ চুক্তিবদ্ধ হইয়াছে এমন কোন জাতি, গোত্র বা সম্প্রদায় যদি চুক্তি ভঙ্গ করে, তাহা হইলে তাহাদিগকে স্পষ্টভাবে জানাইয়া দেওয়া উচিৎ যে, উক্ত চুক্তি-নামা অকার্যকর হইয়া গিয়াছে এবং মুসলমানরা যদি আক্রান্ত হয় তবে তাহাদের সকল শক্তি দিয়া তাহারা লড়াই করিবে। কিন্তু কোন অবস্থাতেই মুসলমানগণ অতর্কিত আক্রমণ করিতে পারিবে না। “আলা সাওয়াইন” অর্থ সমতার ভিত্তিতে, অর্থাৎ এরূপভাবে যে, প্রত্যেক পক্ষকে সুস্পষ্টভাবে জানিতে হইবে যে, উহারা নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা হইতে মুক্ত।

وَلَا یَحۡسَبَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا سَبَقُوۡا ؕ اِنَّہُمۡ لَا یُعۡجِزُوۡنَ ﴿۶۰﴾

৬০
এবং যাহারা অবিশ্বাস করে তাহারা যেন আদৌ মনে না করে যে তাহারা (আমাদের) নাগালের বাহিরে চলিয়া গিয়াছে। নিশ্চয় তাহারা (আমাদের উদ্দেশ্য) ব্যর্থ করিতে পারিবে না।