৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

وَمَا جَعَلَہُ اللّٰہُ اِلَّا بُشۡرٰی وَلِتَطۡمَئِنَّ بِہٖ قُلُوۡبُکُمۡ ۚ وَمَا النَّصۡرُ اِلَّا مِنۡ عِنۡدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿٪۱۱﴾

১১
এবং আল্লাহ্ ইহাকে শুধু এক শুভ সংবাদরূপে (নাযেল) করিয়াছিলেন, যেন ইহা দ্বারা তোমাদের অন্তর প্রশান্তি১১০০ লাভ করে। এবং সাহায্য তো একমাত্র আল্লাহ্‌র নিকট হইতেই আসে; নিশ্চয় আল্লাহ্ অতীব পরাক্রমশালী পরম প্রজ্ঞাময়।
সূরা আল্ আন্‌ফাল - রুকু ১
১১০০। দেখুন টীকা ৪৭৪।

اِذۡ یُغَشِّیۡکُمُ النُّعَاسَ اَمَنَۃً مِّنۡہُ وَیُنَزِّلُ عَلَیۡکُمۡ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَہِّرَکُمۡ بِہٖ وَیُذۡہِبَ عَنۡکُمۡ رِجۡزَ الشَّیۡطٰنِ وَلِیَرۡبِطَ عَلٰی قُلُوۡبِکُمۡ وَیُثَبِّتَ بِہِ الۡاَقۡدَامَ ﴿ؕ۱۲﴾

১২
যখন তিনি তাঁহার পক্ষ হইতে নিরাপত্তা (দানের নিদর্শন) স্বরূপ তোমাদিগকে তন্দ্রায় আচ্ছন্ন করিতেছিলেন১১০১ এবং মেঘমালা হইতে তোমাদের উপর পানি বর্ষণ করিতেছিলেন, যেন তিনি তদ্বারা তোমাদিগকে পবিত্র করেন এবং তোমাদের মধ্য হইতে শয়তানের১১০২ অপবিত্রতা দূর করেন, এবং তোমাদের হৃদয় সুদৃঢ় করিয়া দেন এবং তোমাদের পা উহার দ্বারা দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত১১০৩ করেন।
১১০১। আয়াতে বদরের যুদ্ধের প্রতি ইশারা করা হইয়াছে।
১১০২। “শয়তান” শব্দের তাৎপর্য পিপাসার কষ্টও হইতে পারে, এবং ইহাকে ‘শয়তান আল্ ফালাত’ অর্থাৎ মরুভূমির শয়তান বলা হয়। ২৫৩৫ টীকা দ্রষ্টব্য। শত্রুরা পূর্বাহ্নেই পানির স্থান দখল করিয়া লইয়াছিল এবং মুসলমানগণ স্বাভাবিক কারণেই ভীত হইয়াছিল যে, পানির অভাবে তাহারা খুবই কষ্টকর অবস্থার সম্মুখীন হইতে পারে। উক্ত শব্দের মর্ম শয়তানের বন্ধু ও সংগী-সাথীকেও বুঝাইতে পারে।
১১০৩। মুসলমান সৈন্যরা বালুময়স্থানে শিবির স্থাপন করিয়াছিল এবং মক্কার শত্রু সেনারা কঠিন মাটিতে শিবির গাঁড়িয়াছিল। সময়মত বৃষ্টি বর্ষণের ফলে মুসলমানদিগের স্থানে বালি জমিয়া শক্ত হইয়া গেল এবং শত্রুপক্ষের মাটি পিচ্ছিল হইয়া গেল।

اِذۡ یُوۡحِیۡ رَبُّکَ اِلَی الۡمَلٰٓئِکَۃِ اَنِّیۡ مَعَکُمۡ فَثَبِّتُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ سَاُلۡقِیۡ فِیۡ قُلُوۡبِ الَّذِیۡنَ کَفَرُوا الرُّعۡبَ فَاضۡرِبُوۡا فَوۡقَ الۡاَعۡنَاقِ وَاضۡرِبُوۡا مِنۡہُمۡ کُلَّ بَنَانٍ ﴿ؕ۱۳﴾

১৩
যখন তোমার প্রভু ফিরিশ্‌তাগণের প্রতি এই ওহী নাযেল করিতেছিলেন, (এই বলিয়া), ‘নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি; অতএব, তোমরা অবিচলিত রাখ তাহাদিগকে যাহারা ঈমান আনিয়াছে। অচিরেই আমি তাহাদের অন্তরে ত্রাস সৃষ্টি করিব যাহারা অবিশ্বাস করে। সুতরাং, তোমরা আঘাত হান তাহাদের গ্রীবাদেশে১১০৪ এবং আঘাত হান তাহাদের আঙ্গুলের ডগায় ডগায়।
১১০৪। ঘাড়ের উর্দ্ধাংশ, যাহা মাথার নিম্নাংশের সংলগ্ন, তরবারির আঘাতের জন্য অতি সহজভেদ্য অংশ মনে করা হয়।

ذٰلِکَ بِاَنَّہُمۡ شَآقُّوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ ۚ وَمَنۡ یُّشَاقِقِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ فَاِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۱۴﴾

১৪
ইহা এই জন্য যে, তাহারা আল্লাহ্ এবং তাঁহার রসূলের বিরোধিতা করিয়াছে। এবং যে আল্লাহ্ এবং তাঁহার রসূলের বিরোধিতা করে সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ্‌ শাস্তি দানে কঠোর।

ذٰلِکُمۡ فَذُوۡقُوۡہُ وَاَنَّ لِلۡکٰفِرِیۡنَ عَذَابَ النَّارِ ﴿۱۵﴾

১৫
ইহাই তোমাদের (শাস্তি), অতএব উহার স্বাদ গ্রহণ কর; (স্মরণ রাখ) নিশ্চয় কাফেরদের জন্য আগুনের আযাব রহিয়াছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا لَقِیۡتُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا زَحۡفًا فَلَا تُوَلُّوۡہُمُ الۡاَدۡبَارَ ﴿ۚ۱۶﴾

১৬
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন তোমরা কাফেরদের সহিত যুদ্ধের জন্য অগ্রসরমান অবস্থায় মুখামুখি হও, সেক্ষেত্রে (তোমরা) কখনও পৃষ্ঠ প্রদর্শন করিও না।১১০৫
১১০৫। মুসলমানদিগকে শেষ পর্যন্ত অবশ্যই যুদ্ধ করিতে হইবে। তাহারা জয়লাভ করিবে অথবা মৃত্যু বরণ করিবে, তাহাদের জন্য তৃতীয় কোনও পথ খোলা নাই।

وَمَنۡ یُّوَلِّہِمۡ یَوۡمَئِذٍ دُبُرَہٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوۡ مُتَحَیِّزًا اِلٰی فِئَۃٍ فَقَدۡ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰہِ وَمَاۡوٰٮہُ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۱۷﴾

১৭
এবং এইরূপ দিনে যে ব্যক্তি কেবল যুদ্ধ-কৌশলের জন্য একদিকে সরিয়া যাওয়া অথবা (অন্য) দলের১১০৬ দিকে (যোগদানের জন্য) আগাইয়া যাওয়া ছাড়া তাহাদিগকে পৃষ্ঠ-প্রদর্শন করিবে নিশ্চয় সে আল্লাহ্‌র ক্রোধসহ প্রত্যাবর্তন করিবে এবং তাহার বাসস্থান হইবে জাহান্নাম। এবং অতি মন্দ বাসস্থান ইহা।
১১০৬। এই আয়াত নির্ধারণ করিয়াছে এবং বর্ণনা করিয়াছে যে, কি কি পরিস্থিতিতে শত্রুর সংঙ্গে যুদ্ধে লিপ্ত সৈনিকদের জন্য আপাতঃ পশ্চাদপসরণ বা প্রতাহার করার অনুমতি রহিয়াছেঃ (ক) রণ-কৌশল বা যুদ্ধ নৈপুণ্যগত কারণে, যখন যুদ্ধলিপ্ত সৈন্য বহিনী শত্রুর মনোযোগ অন্যদিকে আকর্ষণ করিতে চায় অথবা অধিকতর সুবিধাপূর্ণ স্থানে অবস্থান গ্রহণ করিতে চায়, (খ) বাহিনীর কোন অংশ পশ্চাতে হটিয়া যুদ্ধের সুবিধার্থে মূল বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার জন্য অথবা এমন অন্য আর এক মুসলিম বাহিনীর সাথে যোগ দেওয়ার জন্য যাহা তখনও যুদ্ধে লিপ্ত হয় নাই।

فَلَمۡ تَقۡتُلُوۡہُمۡ وَلٰکِنَّ اللّٰہَ قَتَلَہُمۡ ۪ وَمَا رَمَیۡتَ اِذۡ رَمَیۡتَ وَلٰکِنَّ اللّٰہَ رَمٰی ۚ وَلِیُبۡلِیَ الۡمُؤۡمِنِیۡنَ مِنۡہُ بَلَآءً حَسَنًا ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۱۸﴾

১৮
অতএব, তোমরা তাহাদিগকে হত্যা কর নাই, বরং আল্লাহ্‌ই তাহাদিগকে হত্যা করিয়াছিলেন, এবং যখন তুমি (কংকর) নিক্ষেপ করিয়াছিলে, তুমি নিক্ষেপ কর নাই, বরং আল্লাহ্ই নিক্ষেপ করিয়াছিলেন১১০৭ এবং যেন তিনি নিজ সন্নিধান হইতে মো’মেনগণের উপর মহা অনুগ্রহ করিতে পারেন। নিশ্চয় আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
১১০৭। বদরের বিজয় প্রকৃতপক্ষে মুসলমানদের দক্ষতা এবং শক্তির উপর নির্ভরশীল ছিল না। বিরুদ্ধবাদীদের এক বিরাট সংখ্যাধিক্য, সুসজ্জিত এবং রণকৌশলে নিপুণ সেনাবাহিনীর হাত হইতে বিজয় গৌরব ছিনাইয়া নেওয়ার জন্য মুসলমানবাহিনী তুলনামূলকভাবে ছিল স্বল্প সংখ্যক, দুর্বল এবং অসম্পূর্ণভাবে সজ্জিত। ইহার মধ্যে এবং হযরত মূসা (আঃ)-এর যষ্ঠিদ্বারা সমূদ্রের পানিতে আঘাত করার মধ্যে এক লক্ষ্যণীয় বৈশিষ্ট্যপূর্ণ সাদৃশ্য রহিয়াছে। শেষোক্ত ঘটনায় যেমন মূসা (আঃ)-এর যষ্ঠির আঘাতে বাতাস প্রবাহিত হওয়ার এবং সমুদ্রের ভরাজোয়ারের প্রত্যাবর্তনের সংকেত ছিল যাহাতে ফেরাউন তাহার দলবল সহ সমুদ্রের পানিতে ডুবিয়া ধ্বংস হইয়াছিল, তেমনিভাবে হযরত মুহাম্মদ (সাঃ)-এর এক মুষ্টি কঙ্কর নিক্ষেপে প্রচণ্ড বাতাস প্রবাহিত হওয়ার সংকেত ছিল যাহার মধ্যে আবু জাহল (যাহাকে রসূল করীম (সাঃ) তাঁহার জাতির ফেরাউন আখ্যায়িত করিয়াছিলেন) এবং তাহার মস্ত বড় দল মরুভূমিতে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল। উভয় ক্ষেত্রে প্রাকৃতিক শক্তির ক্রিয়া বিশেষ ঐশী-নিয়মের অধীনে আল্লাহ্‌তা’লার প্রেরিত দুই নবীর কার্যের সংগেই সংঘটিত হইয়াছিল।

ذٰلِکُمۡ وَاَنَّ اللّٰہَ مُوۡہِنُ کَیۡدِ الۡکٰفِرِیۡنَ ﴿۱۹﴾

১৯
এই হইল তোমাদের (প্রকৃত ঘটনা), এবং (জানিয়া রাখ) আল্লাহ্ কাফেরদের কৌশলকে অবশ্যই দুর্বল করিয়া থাকেন।

اِنۡ تَسۡتَفۡتِحُوۡا فَقَدۡ جَآءَکُمُ الۡفَتۡحُ ۚ وَاِنۡ تَنۡتَہُوۡا فَہُوَ خَیۡرٌ لَّکُمۡ ۚ وَاِنۡ تَعُوۡدُوۡا نَعُدۡ ۚ وَلَنۡ تُغۡنِیَ عَنۡکُمۡ فِئَتُکُمۡ شَیۡئًا وَّلَوۡ کَثُرَتۡ ۙ وَاَنَّ اللّٰہَ مَعَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿٪۲۰﴾

২০
যদি তোমরা (হে কাফেররা!) মীমাংসা কামনা করিয়া থাক তাহা হইলে নিশ্চয় তোমাদের নিকট মীমাংসা১১০৮ আসিয়া গিয়াছে। এবং (এখনও)যদি তোমরা বিরত হও তাহা হইলে উহা তোমাদের জন্য কল্যাণকর হইবে এবং যদি তোমরা (চক্রান্তের দিকে) ফিরিয়া যাও, তাহা হইলে আমরাও (শাস্তির দিকে) ফিরিব। এবং তোমাদের দল যতই সংখ্যায় অধিক হউক না কেন, উহা তোমাদের কোন কাজে আসিবে না, এবং (জানিয়া রাখ যে,) আল্লাহ্ নিশ্চয় মো’মেনগণের সঙ্গে আছেন।
সূরা আল্ আন্‌ফাল - রুকু ২
১১০৮। অবিশ্বাসীরা আঁ-হযরত (সাঃ)-এর নিকট বিজয়কে ঐশী-মীমাংসারূপে দেখিতে চাহিয়াছিল। তাহাদিগকে বলা হইয়াছে যে, ঐশী মীমাংসা যেইভাবে তাহারা চাহিয়াছিল ঠিক সেইভাবেই আসিয়াছে।