৭০

المعارج

সূরা আল্ মা‘আরেজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৫ আয়াত এবং ২ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

سَاَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۙ﴿۲﴾

২
একজন প্রশ্নকারী৩১১৯ অবশ্যম্ভাবী আযাব সম্বন্ধে প্রশ্ন করিয়াছে।
৩১১৯। ‘অনুসন্ধান কারী’ বা ‘প্রশ্নকারী’ ব্যক্তি বলিতে ব্যাখ্যাকারকদের কেহ কেহ নাযর বিন আল্ হারেস বা আবু জাহ্‌লকে বুঝাইয়াছে বলিয়া মনে করেন। কিন্তু প্রশ্নকারী কোন বিশিষ্ট বা নির্দিষ্ট ব্যক্তি না হইলেও আসে-যায় না, কেননা সকল অবিশ্বাসীই প্রশ্নকারীর ভূমিকায় অবতীর্ণ ছিল। তাহারা বার বার মহানবী (সাঃ)-কে নানাভাবে চ্যালেঞ্জ করিয়াছে যে, তোমার বিঘোষিত ভয়ঙ্কর শাস্তি আমাদের উপর নামাইয়া আন (৮ঃ ৩৩; ২১ঃ ৩৯; ২৭ঃ ৭২, ৩২ঃ ২৯, ৩৪: ৩০, ৩৬ঃ ৪৯, ৬৭ঃ ২৬)।

لِّلۡکٰفِرِیۡنَ لَیۡسَ لَہٗ دَافِعٌ ۙ﴿۳﴾

৩
কাফেরদের জন্য, কেহই ইহার প্রতিরোধকারী নাই।

مِّنَ اللّٰہِ ذِی الۡمَعَارِجِ ؕ﴿۴﴾

৪
আল্লাহ্‌র নিকট হইতে, যিনি (উন্নতির) সোপানসমূহের অধিপতি।৩১১৯-ক
৩১১৯-ক। আল্লাহ্‌তা’লা তাঁহার ভক্তগণকে বহু উচ্চ মর্যাদায় সমাসীন করেন।

تَعۡرُجُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗ خَمۡسِیۡنَ اَلۡفَ سَنَۃٍ ۚ﴿۵﴾

৫
ফিরিশ্‌তাগণ এবং রুহুল কুদুস (বাণীবহনকারী ফিরিশ্‌তা) তাঁহার দিকে আরোহণ করে একদিনে, যাহার পরিমাণ পঞ্চাশ হাজার বৎসর।৩১২০
৩১২০। ‘আর্‌ রূহ’ অর্থ মানবাত্মা। আয়াতটির তাৎপর্য হইল, আত্মার উন্নতি ও উর্ধ্ব গতির সীমা-পরিসীমা নাই। আয়াতটির অন্য অর্থ হইতে পারেঃ- ঐশী দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচী হাজার বৎসরে বাস্তবায়িত হয়। আয়াতটি এই কথাও বুঝাইতে পারে যে, কোন বিশেষ ও বড় ধরণের পরিবর্তন সাধনের জন্য পঞ্চাশ হাজার বৎসরের নির্দিষ্ট মেয়াদের কাল-চক্রও অবধারিত থাকে। কারণ ঐশী ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার জন্য বিভিন্ন নির্দিষ্ট সময়, যুগ যুগান্ত ও কাল-চক্রের প্রয়োজন হয়।

فَاصۡبِرۡ صَبۡرًا جَمِیۡلًا ﴿۶﴾

৬
সুতরাং তুমি ধৈর্য ধারণ কর— উত্তম ধৈর্য।

اِنَّہُمۡ یَرَوۡنَہٗ بَعِیۡدًا ۙ﴿۷﴾

৭
নিশ্চয় তাহারা উহাকে অনেক দূরে দেখিতেছে।

وَّنَرٰٮہُ قَرِیۡبًا ؕ﴿۸﴾

৮
কিন্ত আমরা দেখিতেছি উহাকে সন্নিকটে।

یَوۡمَ تَکُوۡنُ السَّمَآءُ کَالۡمُہۡلِ ۙ﴿۹﴾

৯
সেদিন আকাশ হইবে বিগলিত তাম্রের ন্যায়,

وَتَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ ۙ﴿۱۰﴾

১০
এবং পর্বতসমূহ হইবে ধূনিত পশমের ন্যায়,৩১২১
৩১২১। এই আণবিক ও হাইড্রোজেন বোমার যুগে তুলা-ধূনার মত পাহাড়-পর্বতও ছিন্ন-ভিন্ন হওয়া বিচিত্র নয়। ইহার সম্ভাবনাও আছে।