৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَاُلۡقِیَ السَّحَرَۃُ سٰجِدِیۡنَ ﴿۱۲۱﴾ۚۖ

১২১
এবং যাদুকরেরা সেজদায়১০৩১ পড়িতে বাধ্য হইল।
১০৩১। ঐন্দ্রজালিকগণের বিহ্বলতা এতই চরম রূপ ছিল যে, ইহা স্পষ্ট প্রতীয়মান হইয়াছিল যে, কোন অদৃশ্য শক্তি তাহাদের পায়ের তলার মাটি সরাইয়া নিয়া গেল। তাহারা যেন মাটির উপরে আল্লাহ্‌তা’লার উদ্দেশ্যে বিনয়ের সাথে প্রার্থনার জন্য সেজদায় পড়িয়া গেল।

قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۲۲﴾ۙ

১২২
তাহারা বলিল, ‘আমরা জগতসমূহের প্রতিপালকের প্রতি ঈমান আনিলাম,

رَبِّ مُوۡسٰی وَہٰرُوۡنَ ﴿۱۲۳﴾

১২৩
যিনি মূসা এবং হারূনের প্রভু।’

قَالَ فِرۡعَوۡنُ اٰمَنۡتُمۡ بِہٖ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَکُمۡ ۚ اِنَّ ہٰذَا لَمَکۡرٌ مَّکَرۡتُمُوۡہُ فِی الۡمَدِیۡنَۃِ لِتُخۡرِجُوۡا مِنۡہَاۤ اَہۡلَہَا ۚ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿۱۲۴﴾

১২৪
ফেরাউন বলিল, ‘আমি তোমাদিগকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তাহার প্রতি ঈমান আনিয়াছ। নিশ্চয় ইহা এক গভীর চক্রান্ত, যাহা তোমরা সকলে মিলিয়া এই শহরে করিয়াছ, যাহাতে তোমরা সেখান হইতে ইহার অধিবাসীদিগকে১০৩২ বহিষ্কার করিয়া দিতে পার, অতএব তোমরা অচিরেই (ইহার ফল) জানিতে পারিবে।
১০৩২। “ইহার অধিবাসী” শব্দদ্বয় এখানে ফেরাউনের নিজ গোত্রকে বুঝাইতেছে, যাহারা প্রকৃতপক্ষে মিশরের অধিবাসী ছিল না—তাহারা স্থানীয় অধিবাসীদিগের দেশ জবর দখল করিয়াছিল।

لَاُقَطِّعَنَّ اَیۡدِیَکُمۡ وَاَرۡجُلَکُمۡ مِّنۡ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۱۲۵﴾

১২৫
নিশ্চয় আমি তোমাদের হাত-পা (অবাধ্যতার জন্য) আড়াআড়িভাবে কাটিয়া দিব। অতঃপর অবশই তোমাদের সকলকে ক্রুশে বিদ্ধ করিব।’১০৩৩
১০৩৩। ক্রুশবিদ্ধ অর্থ ক্রুশে যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড। এক্ষেত্রে হাত ও পা কাটাযুক্ত করিয়া নির্যাতনকে অধিক দৃষ্টান্তমূলক এবং মৃত্যুকে অধিকতর যন্ত্রণাদায়করূপে প্রকাশ করিতেছে। প্রসঙ্গক্রমে, এই আয়াত প্রতিপন্ন করে যে, হযরত মূসা (আঃ)-এর যুগেও ক্রুশবিদ্ধ করিয়া মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম প্রচলিত ছিল।

قَالُوۡۤا اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنۡقَلِبُوۡنَ ﴿۱۲۶﴾ۚ

১২৬
তাহারা বলিল, ‘আমরা আমাদের প্রভুর দিকেই ফিরিয়া যাইব;

وَمَا تَنۡقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنۡ اٰمَنَّا بِاٰیٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَا ؕ رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّتَوَفَّنَا مُسۡلِمِیۡنَ ﴿۱۲۷﴾٪

১২৭
এবং তুমি আমাদের উপর শুধু এই জন্য প্রতিশোধ লইতেছ যে, আমরা আমাদের প্রভুর আয়াতসমূহের উপর ঈমান আনিয়াছি, যখন এগুলি আমাদের নিকট আসিল। হে আমাদের প্রভু! তুমি আমাদিগকে ধৈর্য দান কর এবং আমাদিগকে আত্ম-সমপর্ণকারী অবস্থায় মৃত্যু দাও।’
সূরা আল্ আ’রাফ - রুকু ১৪

وَقَالَ الۡمَلَاُ مِنۡ قَوۡمِ فِرۡعَوۡنَ اَتَذَرُ مُوۡسٰی وَقَوۡمَہٗ لِیُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ وَیَذَرَکَ وَاٰلِہَتَکَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبۡنَآءَہُمۡ وَنَسۡتَحۡیٖ نِسَآءَہُمۡ ۚ وَاِنَّا فَوۡقَہُمۡ قٰہِرُوۡنَ ﴿۱۲۸﴾

১২৮
এবং ফেরাউনের জাতি হইতে নেতৃবর্গ বলিল, ‘তুমি কি মূসা ও তাহার জাতিকে ছাড়িয়া দিয়াছ যেন তাহারা ভূপৃষ্ঠে১০৩৪ বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া বেড়ায় এবং তোমাকে এবং তোমার উপাস্য দিগকে১০৩৫ বর্জন করে?’ সে বলিল, ‘নিশ্চয় আমরা তাহাদের পুত্রদিগকে নির্মমভাবে হত্যা করিব১০৩৬ এবং তাহাদের নারীদিগকে জীবিত রাখিব, এবং নিশ্চয় আমরা তাহাদের উপর প্রবল।’
১০৩৪। হযরত মূসা (আঃ) এবং তাঁহার ভাইকে (৭ঃ১১২) অবকাশ দেওয়ার জন্য সর্দারগণ নিজেরাই ফেরাউনকে পরামর্শ দিয়াছিল, কিন্তু পরে সেই প্রধানগণই মূসা ও হারূণ (আঃ)-কে সময় দেওয়ায় তাহাকে দোষারোপ করিতেছিল। এইরূপে যাহারা নৈতিক অধঃপতনের শিকারে পরিণত হয়, তাহারা মর্যাদাহীন এবং অপমানকর অবস্থার সম্মুখীন হইয়া থাকে।
১০৩৫। ফেরাউনের জাতির লোকেরা তাহাকেই খোদারূপে পূজা করিত (২৮ঃ৩৯) এবং সে পালাক্রমে অন্যান্য প্রতিমার পূজা করিত। এই কারণে সর্দারগণ ফেরাউন এবং তাহার খোদাগুলিকে প্রকাশ্যে অস্বীকার ও বর্জনের দোষে হযরত মূসা ও হারূণ (আঃ)-কে অভিযুক্ত করিয়াছিল।
১০৩৬। “নুকাত্তিল” (অর্থ-নির্মমভাবে বধ করিব) শব্দ তীব্রতা বা প্রচণ্ডতা প্রকাশার্থে ব্যবহৃত হইয়াছে। ইহা দ্বারা ক্রমে ক্রমে, একটু একটু করিয়া নিষ্ঠুরভাবে বধ করা বুঝায়।

قَالَ مُوۡسٰی لِقَوۡمِہِ اسۡتَعِیۡنُوۡا بِاللّٰہِ وَاصۡبِرُوۡا ۚ اِنَّ الۡاَرۡضَ لِلّٰہِ ۟ۙ یُوۡرِثُہَا مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَالۡعَاقِبَۃُ لِلۡمُتَّقِیۡنَ ﴿۱۲۹﴾

১২৯
মূসা তাহার জাতিকে বলিল, ‘তোমরা আল্লাহ্‌র নিকট সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ধারণ কর, নিশ্চয় বিশ্বজগৎ আল্লাহ্‌রই, তিনি তাঁহার বান্দগণের মধ্য হইতে যাহাকে ইচ্ছা ইহার উত্তরাধিকারী করেন, এবং (উত্তম) পরিণাম মুত্তাকীগণের জন্য।’

قَالُوۡۤا اُوۡذِیۡنَا مِنۡ قَبۡلِ اَنۡ تَاۡتِیَنَا وَمِنۡۢ بَعۡدِ مَا جِئۡتَنَا ؕ قَالَ عَسٰی رَبُّکُمۡ اَنۡ یُّہۡلِکَ عَدُوَّکُمۡ وَیَسۡتَخۡلِفَکُمۡ فِی الۡاَرۡضِ فَیَنۡظُرَ کَیۡفَ تَعۡمَلُوۡنَ ﴿۱۳۰﴾٪

১৩০
তাহারা বলিল, ‘আমাদের নিকট তোমার আগমনের পূর্বেও আমাদিগকে নির্যাতন করা হইত এবং আমাদের নিকট তোমার আগমনের পরেও (নির্যাতন করা হইতেছে)।’ সে বলিল, ‘অচিরেই তোমাদের প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করিয়া দিবেন, এবং তিনি তোমাদিগকে এই ভূ-পৃষ্ঠে স্থলাভিষিক্ত করিয়া দিবেন, অতঃপর তিনি দেখিবেন যে, তোমরা কিরূপ কাজ কর।১০৩৭
সূরা আল্ আ’রাফ - রুকু ১৫
১০৩৭। ফেরাউনের পতনের পরে ইস্‌রাঈল জাতিকে মিশরের উত্তরাধিকারী করা হইবে, আয়াতের এরূপ অর্থ অপরিহার্য নহে। সরাসরি অর্থ কেবল এরূপ দাঁড়ায় যে, ফেরাউনের শক্তি ভাঙ্গিয়া যাইবে এবং তাহার রাজ্য অন্য লোকেরা দখল করিবে। আমরা জানি যে, ফেরাউনের ধ্বসের পর এবং তাহার রাজত্বের অবসানে ইহুদীদের মিত্র অপর এক গোত্র মিশর দখল করিয়াছিল। এই আয়াতে উল্লেখিত “ভূমি” শব্দটি মিশরকে বুঝায় না, বরং পবিত্র ভূমি বুঝায়, যাহার প্রতিশ্রুতি পূর্বাহ্নে ইস্‌রাঈল জাতিকে দেওয়া হইয়াছিল এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাহারা সেই ভূমির উত্তরাধিকারীও হইয়াছিল।