৬৯

الحاقة

সূরা আল্ হাক্‌কা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ২ রুকু আছে।

خُذُوۡہُ فَغُلُّوۡہُ ﴿ۙ۳۱﴾

৩১
(তখন ফিরিশ্‌তাদিগকে বলা হইবে:) ‘তোমরা তাহাকে ধৃত কর এবং তাহার গলায় বেড়ি পরাও।

ثُمَّ الۡجَحِیۡمَ صَلُّوۡہُ ﴿ۙ۳۲﴾

৩২
অতঃপর তাহাকে জাহান্নামে প্রবিষ্ট কর,

ثُمَّ فِیۡ سِلۡسِلَۃٍ ذَرۡعُہَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُکُوۡہُ ﴿ؕ۳۳﴾

৩৩
অতঃপর তাহাকে শিকলে বাঁধিয়া ফেল যাহার দৈর্ঘ সত্তর হাত।’৩১১৬
৩১১৬। কুরআনে ইহা বারংবার ব্যাখ্যা করা হইয়াছে যে মৃত্যুর পরবর্তী জীবন কোন নূতন জীবন নহে, বরং ইহজীবনের ঘটনাবলীর প্রতিনিধিত্বকারী প্রতিকৃতি মাত্র। এই আয়াতগুলিতে, ইহজগতের আধ্যাত্মিক অত্যাচারসমূহকে দৈহিক শাস্তিরূপে দেখানো হইয়াছে। দৃষ্টান্ত স্বরূপ, ঘাড়ের চতুর্দিকে দীর্ঘ শিকলের বন্ধন, ইহকালের অত্যধিক কামনা-বাসনা ও ভোগ-বিলাসের প্রতিচ্ছবি। এই কামনা-বাসনাই পরলোকে শিকলের বাঁধন সাজিবে। সেইরূপে, ইহলোকের বন্ধনসমূহ পরলোকে পায়ের শৃঙ্খল রূপে দেখা দিবে। ইহলোকের অন্তর্দাহ পরলোকে প্রজ্জলিত অগ্নিশিখার রূপ ধারণ করিবে। মানুষের আয়ু (শৈশব ও বার্ধক্যের অচলাবস্থা বাদ দিলে) গড়ে সত্তর বৎসর ধরা যাইতে পারে। দুষ্ট অবিশ্বাসী এই সত্তরটি বৎসর কেবল দুনিয়াদারীর মধ্যে থাকিয়া, কামনা-বাসনা চরিতার্থ করার ভিতর দিয়া কাটাইয়া দেয়। সে নিজেকে ইন্দ্রিয়াসক্তির শিকল হইতে মুক্ত করিবার চেষ্টা করে না এবং এই কারণেই পরকালে সত্তর বৎসর ব্যাপী কামনা-বাসনার প্রতীকরূপে সত্তর হাত লম্বা শিকল তাহাকে শৃঙ্খলিত করিবে। এক এক হাত শিকল তাহার কামনা-বাসনা ও ইন্দ্রিয়াসক্তির জীবনের এক একটি বৎসর।

اِنَّہٗ کَانَ لَا یُؤۡمِنُ بِاللّٰہِ الۡعَظِیۡمِ ﴿ۙ۳۴﴾

৩৪
নিশ্চয় সে মহামহিম আল্লাহ্‌র উপর ঈমান রাখিত না,

وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ﴿ؕ۳۵﴾

৩৫
সে মিস্‌কীনগণকে খাবার খাওয়াইতে উৎসাহ দিত না।’

فَلَیۡسَ لَہُ الۡیَوۡمَ ہٰہُنَا حَمِیۡمٌ ﴿ۙ۳۶﴾

৩৬
সুতরাং আজ এখানে তাহার কোন বন্ধু নাই;

وَّلَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِیۡنٍ ﴿ۙ۳۷﴾

৩৭
এবং যখম-ধোয়া পানি ব্যতীত তাহার আর কোন খাদ্য নাই,

لَّا یَاۡکُلُہٗۤ اِلَّا الۡخَاطِـُٔوۡنَ ﴿٪۳۸﴾

৩৮
এই খাদ্য কেবল অপরাধীরাই খাইবে।’

فَلَاۤ اُقۡسِمُ بِمَا تُبۡصِرُوۡنَ ﴿ۙ۳۹﴾

৩৯
আমি অবশ্যই উহার কসম খাইতেছি যাহা তোমরা দেখিতেছ,
সূরা আল্ হাক্‌কা - রুকু ১

وَمَا لَا تُبۡصِرُوۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
এবং উহারও যাহা তোমরা দেখিতেছ না।৩১১৭
৩১১৭। প্রাকৃতিক জগতে যে সব বস্তুনিচয়কে আমরা ক্রিয়াশীল অবস্থায় দেখিতে পাই (অর্থাৎ জীবনে যাহা কিছু আমরা চোখে দেখিতে পাই) এবং যাহা কিছু আমরা চোখে দেখিতে পাই না (অর্থাৎ মানবিক বুদ্ধি, যুক্তি, বিবেক ইত্যাদি), ৩৯-৪০ আয়াতে ঐগুলিকে প্রমাণ ও সাক্ষীরূপে পেশ করিয়া, কুরআন ঐশী উৎস হইতে অবতীর্ণ বলিয়া স্বীয় দাবী উত্থাপন করিয়াছে। আয়াতগুলির অন্য অর্থ ইহাও হইতে পারে যে, সকল বড় বড় ঐশী নিদর্শনাবলী মহানবী (সাঃ)-এর সময়কার কাফেরগণ তাহাদের স্বচক্ষে দেখিয়াছিল এবং ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে যে সকল সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার অপেক্ষায় তাহাদের সমক্ষে উপস্থাপিত ছিল, সেগুলিই ছিল অপ্রতিরোধ্য যুক্তি যে কুরআন আল্লাহ্‌তা’লার স্বীয় বাক্য যাহা তিনি তাঁহার সুমহান নবী মুহাম্মদ (সাঃ)-এর কাছে অবতীর্ণ করিয়াছেন। ইহা জীবনের কঠোর সত্যগুলিকে মানুষের সম্মুখে তুলিয়া ধরিয়াছে, ইহা কবির কল্পনা-বিলাস বা স্বাপ্নিকের স্বপ্ন নহে। ইহা ভবিষ্যদ্বক্তা গণকের অন্ধকারে হাতড়ানোও নহে।