৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

قُلۡ اَرَءَیۡتَکُمۡ اِنۡ اَتٰٮکُمۡ عَذَابُ اللّٰہِ اَوۡ اَتَتۡکُمُ السَّاعَۃُ اَغَیۡرَ اللّٰہِ تَدۡعُوۡنَ ۚ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۴۱﴾

৪১
তুমি বল, যদি তোমরা সত্যবাদী হইয়া থাক, তাহা হইলে তোমরা কি চিন্তা করিয়া বলিবে যে, যদি তোমাদের উপর আল্লাহ্‌র শাস্তি আসে অথবা সেই (প্রতিশ্রুত) মুহূর্ত৮৪৭ আসিয়া পড়ে তখন তোমরা কি আল্লাহ্ ছাড়া অন্য কাহাকেও ডাকিবে?
৮৪৭। “সেই মুহূর্ত” কথাটি ইসলামের চূড়ান্ত বিজয়, অথবা (ইসলামবিরোধী শক্তির) পতনের সময়ের প্রতি ইশারা করিতেছে।

بَلۡ اِیَّاہُ تَدۡعُوۡنَ فَیَکۡشِفُ مَا تَدۡعُوۡنَ اِلَیۡہِ اِنۡ شَآءَ وَتَنۡسَوۡنَ مَا تُشۡرِکُوۡنَ ﴿٪۴۲﴾

৪২
বরং তোমরা কেবল তাঁহাকেই ডাকিবে, অতঃপর যে কারণে তোমরা তাঁহাকে ডাকিবে, তিনি ইচ্ছা করিলে উহা নিশ্চয় দূর করিয়া দিবেন এবং তোমরা যাহা (তাঁহার সঙ্গে) শরীক করিতেছ তাহা তোমরা বিস্মৃত হইবে।৮৪৮
সূরা আল্ আন্‌‘আম - রুকু ৪
৮৪৮। “তোমরা যাহা (তাঁহার সংগে) শরীক করিতেছ তাহা তোমরা বিস্মৃত হইবে” এই কথা মক্কা-বিজয়ের দিনে আক্ষরিকভাবে পূর্ণ হইয়াছিল। সেই দিন মক্কাবাসীগণ তাহাদের দেবতা বা মূর্তিগুলির উপর সকল বিশ্বাস হারাইয়াছিল—যেমন আবু সুফিয়ান, তাহার স্ত্রী হেন্দা, এবং অন্যান্যরা অকপটে নবী করীম (সাঃ)-এর উপস্থিতিতে তাহা স্বীকার করিয়াছিল। শেষ পর্যন্ত আরব দেশ হইতে পৌত্তলিকতা সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গিয়াছিল।

وَلَقَدۡ اَرۡسَلۡنَاۤ اِلٰۤی اُمَمٍ مِّنۡ قَبۡلِکَ فَاَخَذۡنٰہُمۡ بِالۡبَاۡسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّہُمۡ یَتَضَرَّعُوۡنَ ﴿۴۳﴾

৪৩
এবং নিশ্চয় আমরা তোমার পূর্ববর্তী জাতিগুলির নিকট (রসূল) প্রেরণ করিয়াছিলাম, অতঃপর আমরা তাহাদিগকে আর্থিক সংকট এবং শারীরিক কষ্টে৮৪৯ আক্রান্ত করিয়াছিলাম যেন তাহারা বিনয়াবনত হয়।
৮৪৯। পূর্ববর্তী আয়াতসমূহে সাধারণভাবে ঐশী-শাস্তি সম্বন্ধে বলা হইয়াছে। এই আয়াতে শাস্তির বিভিন্ন ধরণ উল্লেখ করা হইয়াছে।

فَلَوۡلَاۤ اِذۡ جَآءَہُمۡ بَاۡسُنَا تَضَرَّعُوۡا وَلٰکِنۡ قَسَتۡ قُلُوۡبُہُمۡ وَزَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۴۴﴾

৪৪
অতএব, যখন তাহাদের উপর আমাদের শাস্তি আসিল তখন তাহারা কেন৮৫০ বিনীত হইল না? বরং তাহাদের অন্তর আরও কঠিন হইয়া গেল এবং তাহারা যে কাজকর্ম করিত শয়তান উহা তাহাদের জন্য আরও সুশোভন করিয়া দেখাইল।
৮৫০। “লাওলা” (অর্থ কেননা) শব্দদ্বয় শুধু প্রশ্নবোধক রূপেই এখানে ব্যবহার হয় নাই, বরং সহানুভূতি প্রকাশার্থে ব্যবহৃত হইয়াছে। অতএব, এই আয়াতের মর্ম এই যে, আল্লাহ্‌তা’লার নিকট তাহাদিগের অবশ্যই বিনয়াবনত হওয়া উচিৎ ছিল; কিন্তু দুঃখের বিষয় যে, তাহারা উহা করে নাই।

فَلَمَّا نَسُوۡا مَا ذُکِّرُوۡا بِہٖ فَتَحۡنَا عَلَیۡہِمۡ اَبۡوَابَ کُلِّ شَیۡءٍ ؕ حَتّٰۤی اِذَا فَرِحُوۡا بِمَاۤ اُوۡتُوۡۤا اَخَذۡنٰہُمۡ بَغۡتَۃً فَاِذَا ہُمۡ مُّبۡلِسُوۡنَ ﴿۴۵﴾

৪৫
অতঃপর, তাহাদিগকে যে উপদেশ দেওয়া হইয়াছিল যখন তাহারা উহা বিস্মৃত হইল, তখন আমরা তাহাদের উপর সকল বিষয়ের দুয়ার খুলিয়া দিলাম—এমন কি তাহাদিগকে যাহা প্রদান করা হইয়াছিল উহাতে যখন তাহারা আনন্দে উৎফুল্ল হইল, তখন আমরা অকস্মাৎ তাহাদিগকে ধৃত করিলাম; তখন দেখ! তাহারা একেবারে নিরাশ হইয়া গেল।

فَقُطِعَ دَابِرُ الۡقَوۡمِ الَّذِیۡنَ ظَلَمُوۡا ؕ وَالۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۴۶﴾

৪৬
অতএব, সেই জাতির মূলোচ্ছেদ৮৫১ করা হইল যাহারা অত্যাচার করিয়াছিল; বস্তুতঃ সকল প্রশংসা আল্লাহ্‌রই যিনি সমগ্র জগতের প্রতিপালক।
৮৫১। “দাবেরু” অর্থ কোন জাতির সর্বশেষ ধ্বংসাবশেষ বা চিহ্ন; মূল, বংশ, গোত্র বা জাতি ইত্যাদি। “কুতিয়া দাবির আল কাওম” এর অর্থঃ (১) জাতির শেষ লোকটিকেও বিচ্ছিন্ন করিয়া দেওয়া হইল, (২) জাতির নেতৃবৃন্দকে বিচ্ছিন্ন করিয়া দেওয়া হইল যেমন, বৃক্ষকে উহার মূল হইতে কাটিয়া দেওয়া হয়, (৩) নেতাদের অনুসারীদিগকে কর্তন বা বিচ্ছিন্ন করিয়া দেওয়া হইল, অর্থাৎ নেতারা তাহাদের রাজনৈতিক শক্তি হইতে বঞ্চিত হইল- কারণ অনুসারী বা সমর্থকদের শক্তির উপরেই নেতৃবৃন্দের রাজনৈতিক শক্তি নির্ভর করে।

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَخَذَ اللّٰہُ سَمۡعَکُمۡ وَاَبۡصَارَکُمۡ وَخَتَمَ عَلٰی قُلُوۡبِکُمۡ مَّنۡ اِلٰہٌ غَیۡرُ اللّٰہِ یَاۡتِیۡکُمۡ بِہٖ ؕ اُنۡظُرۡ کَیۡفَ نُصَرِّفُ الۡاٰیٰتِ ثُمَّ ہُمۡ یَصۡدِفُوۡنَ ﴿۴۷﴾

৪৭
তুমি বল, ‘তোমরা কি চিন্তা করিয়া বলিবে যে, যদি আল্লাহ্ তোমাদের শ্রবণ-শক্তি ও দৃষ্টি-শক্তি কাড়িয়া লন এবং তোমাদের অন্তরের উপর মোহরাঙ্কিত করিয়া দেন, তাহা হইলে আল্লাহ্ ছাড়া কোন মা’বূদ আছে কি যে উহা তোমাদিগকে ফিরাইয়া দিবে?’ দেখ, আমরা কিরূপে আয়াতসমূহকে বার বার বিভিন্ন ধারায় বর্ণনা করি, কিন্তু তবুও তাহারা মুখ ফিরাইয়া চলিয়া যায়।

قُلۡ اَرَءَیۡتَکُمۡ اِنۡ اَتٰٮکُمۡ عَذَابُ اللّٰہِ بَغۡتَۃً اَوۡ جَہۡرَۃً ہَلۡ یُہۡلَکُ اِلَّا الۡقَوۡمُ الظّٰلِمُوۡنَ ﴿۴۸﴾

৪৮
তুমি বল, ‘তোমরা কি চিন্তা করিয়া বলিবে যে, যদি আল্লাহ্‌র আযাব তোমাদের উপর অকস্মাৎ অথবা প্রকাশ্যভাবে আপতিত হয় তাহা হইলে যালেম জাতি ব্যতিরেকে অন্য কাহাকেও কি ধ্বংস করা হইবে?’

وَمَا نُرۡسِلُ الۡمُرۡسَلِیۡنَ اِلَّا مُبَشِّرِیۡنَ وَمُنۡذِرِیۡنَ ۚ فَمَنۡ اٰمَنَ وَاَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং আমরা রসূলগণকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করিয়া থাকি। সুতরাং যাহারা ঈমান আনে এবং সংশোধন করে— সেই অবস্থায় তাহাদের জন্য কোন ভয়ও থাকিবে না এবং তাহারা চিন্তিতও হইবে না।

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا یَمَسُّہُمُ الۡعَذَابُ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿۵۰﴾

৫০
এবং যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে, আযাব তাহাদিগকে আক্রান্ত করিবে যেহেতু তাহারা দুষ্কর্ম করিত।