৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

وَلَوۡ تَرٰۤی اِذۡ وُقِفُوۡا عَلٰی رَبِّہِمۡ ؕ قَالَ اَلَیۡسَ ہٰذَا بِالۡحَقِّ ؕ قَالُوۡا بَلٰی وَرَبِّنَا ؕ قَالَ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿٪۳۱﴾

৩১
এবং তুমি যদি দেখিতে পাইতে যখন তাহাদিগকে তাহাদের প্রভুর সম্মুখে দণ্ডায়মান করা হইবে এবং তিনি বলিবেন, ‘ইহা কি সত্য নহে?’ তাহারা বলিবে, ‘কেন নহে, আমাদের প্রভুর শপথ।’ তিনি বলিবেন, তাহা হইলে তোমরা আযাবের স্বাদ গ্রহণ কর যেহেতু তোমরা অস্বীকার করিতে।’
সূরা আল্ আন্‌‘আম - রুকু ৩

قَدۡ خَسِرَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِلِقَآءِ اللّٰہِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتۡہُمُ السَّاعَۃُ بَغۡتَۃً قَالُوۡا یٰحَسۡرَتَنَا عَلٰی مَا فَرَّطۡنَا فِیۡہَا ۙ وَہُمۡ یَحۡمِلُوۡنَ اَوۡزَارَہُمۡ عَلٰی ظُہُوۡرِہِمۡ ؕ اَلَا سَآءَ مَا یَزِرُوۡنَ ﴿۳۲﴾

৩২
যাহারা আল্লাহ্‌র সাক্ষাৎকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে তাহারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইয়াছে, এমন কি যখন সহসা তাহাদের উপর নির্দিষ্ট মুহূর্ত আসিবে তখন তাহারা বলিবে, ‘হায়! আমরা এই (মুহূর্ত) সম্বন্ধে যে অবহেলা করিয়াছিলাম উহার জন্য আমাদের পরিতাপ।’ এবং (তখন) তাহারা নিজেদের বোঝা নিজেদের পিঠের উপর বহন করিবে।৮৪০ শোন! তাহারা যাহা বহন করিবে তাহা অতিশয় মন্দ।
৮৪০। এই আয়াতের মর্ম ইহাই যে, তাহাদের বোঝা অত্যন্ত ভারী হইবে।

وَمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا لَعِبٌ وَّلَہۡوٌ ؕ وَلَلدَّارُ الۡاٰخِرَۃُ خَیۡرٌ لِّلَّذِیۡنَ یَتَّقُوۡنَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۳۳﴾

৩৩
এবং পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক এবং আমোদ-প্রমোদ ব্যতীত আর কিছুই নহে। এবং যাহারা তাক্‌ওয়া অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাস নিশ্চয় উৎকৃষ্টতর। তবুও কি তোমরা বুদ্ধি প্রয়োগ করিবে না?

قَدۡ نَعۡلَمُ اِنَّہٗ لَیَحۡزُنُکَ الَّذِیۡ یَقُوۡلُوۡنَ فَاِنَّہُمۡ لَا یُکَذِّبُوۡنَکَ وَلٰکِنَّ الظّٰلِمِیۡنَ بِاٰیٰتِ اللّٰہِ یَجۡحَدُوۡنَ ﴿۳۴﴾

৩৪
আমরা অবশ্যই জানি যে, তাহারা যাহা বলে তাহা নিশ্চয় তোমাকে দুঃখ দেয়, কারণ তাহারা তোমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করে না বরং যালেমরা আল্লাহ্‌র নিদর্শনাবলীকে অস্বীকার করে।৮৪১
৮৪১। হযরত রসূলে করীম (সাঃ) মানবীয় দয়া-মায়ায় ভরপুর ছিলেন। কাফেরগণ তাঁহার সম্পর্কে কি বলিত, সেই বিষয়ে তিনি মোটেই বিচলিত হইতেন না। অবিশ্বাসীরা তাঁহার উপর মিথ্যা আরোপ করিত, তিনি সেজন্য ব্যথিত হইতেন না, বরং তিনি বেদনাহত ছিলেন এই জন্য যে, তাহারা আল্লাহ্‌তা’লার নিদর্শনকে প্রত্যখ্যান করিয়া নিজেদের প্রতি ঐশী-করুণার দ্বার রুদ্ধ করিয়া দিয়াছিল।

وَلَقَدۡ کُذِّبَتۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِکَ فَصَبَرُوۡا عَلٰی مَا کُذِّبُوۡا وَاُوۡذُوۡا حَتّٰۤی اَتٰہُمۡ نَصۡرُنَا ۚ وَلَا مُبَدِّلَ لِکَلِمٰتِ اللّٰہِ ۚ وَلَقَدۡ جَآءَکَ مِنۡ نَّبَاِی الۡمُرۡسَلِیۡنَ ﴿۳۵﴾

৩৫
এবং নিশ্চয় তোমার পূর্বেও৮৪২ রসূলগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করা হইয়াছিল, কিন্তু তাহাদিগকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করা এবং তাহাদিগকে কষ্ট দেয়া সত্ত্বেও তাহারা ধৈর্য ধারন করিয়াছিল, যতক্ষণ পর্যন্ত না তাহাদের নিকট আমাদের সাহায্য আসিয়া পৌঁছিল। আল্লাহ্‌র কথাকে৮৪৩ পরিবর্তনকারী কেহ নাই। এবং তোমার নিকট রসূলগণের কতক সংবাদ অবশ্যই পৌঁছিয়াছে।
৮৪২। আল্লাহ্‌তা’লা নবী করীম (সাঃ)-কে সান্ত্বনা এবং প্রবোধ দেওয়ার জন্য এই কথাগুলি দ্বারা ভালবাসাপূর্ণ সম্বোধন করিয়াছেন। তাঁহাকে বলা হইয়াছে যে, তাঁহার পূর্বে আগত নবী-রসূলদিগকেও প্রত্যাখ্যান, অবজ্ঞা এবং ঠাট্টা-বিদ্রুপ করা হইয়াছিল।
৮৪৩। আল্লাহ্‌র নবীগণের জন্য আল্লাহ্‌তা’লার সাহায্য আসিয়া থাকে এবং তাঁহাদের শত্রুদের জন্য আসে দুঃখ-দুর্দশা। এই ঐশী-নিয়ম অপরিবর্তনীয়।

وَاِنۡ کَانَ کَبُرَ عَلَیۡکَ اِعۡرَاضُہُمۡ فَاِنِ اسۡتَطَعۡتَ اَنۡ تَبۡتَغِیَ نَفَقًا فِی الۡاَرۡضِ اَوۡ سُلَّمًا فِی السَّمَآءِ فَتَاۡتِیَہُمۡ بِاٰیَۃٍ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ لَجَمَعَہُمۡ عَلَی الۡہُدٰی فَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡجٰہِلِیۡنَ ﴿۳۶﴾

৩৬
এবং যদি তোমার জন্য তাহাদের বিমুখতা দুঃসহ হইয়া থাকে তাহা হইলে ভূগর্ভে কোন সুড়ঙ্গ৮৪৪ অথবা আকাশে কোন সিঁড়ি অনুসন্ধান কর যদি তোমার সাধ্য থাকে, অতঃপর তাহাদিগকে কোন নিদর্শন আনিয়া দাও। এবং যদি আল্লাহ্ চাহিতেন তাহা হইলে অবশ্যই তিনি তাহাদের সকলকে হেদায়াতের উপর সমবেত করিতেন। সুতরাং তুমি অজ্ঞদিগের অন্তর্ভুক্ত হইও না।
৮৪৪। ভূগর্ভে কোন সুড়ঙ্গ অন্বেষণ করার মর্ম হইতেছে পার্থিব উপকরণ ব্যবহার করা, অর্থাৎ সত্যের প্রচার ও প্রসার করা; এবং আকাশের কোন সিঁড়ি অনুসন্ধান করার তাৎপর্য হইতেছে আধ্যাত্মিক উপায় ব্যবহার, অর্থাৎ আল্লাহ্‌তা’লার নিকট প্রার্থনা করা যাহাতে তিনি অবিশ্বাসীদিগকে সঠিক পথ প্রদর্শন করেন, ইত্যাদি। আল্লাহ্‌র নিকট দোয়াই প্রকৃত পক্ষে ঐশী-নৈকট্য লাভের মাধ্যম বা সিঁড়ি। আঁ-হযরত (সাঃ)- কে উভয় উপকরণ ব্যবহারের কথাই বলা হইয়াছে। ২ঃ২৭৪ আয়াতে উল্লেখিত ‘জাহেল’ শব্দ দ্বারা ‘যে জানে না’ বা ‘যে অপরিচিত’ তাহাকে বুঝায়। নবী করীম (সাঃ)-কে এই বিষয়ে আল্লাহ্‌তা’লার বিধান সম্পর্কে অজ্ঞ না থাকার জন্য উপদেশ দেওয়া হইয়াছে। এই আয়াত রসূল আকরাম (সাঃ)-এর উম্মতের আধ্যাত্মিক মঙ্গলের জন্য তাঁহার গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার ব্যাপারেও আলোকপাত করিতেছে। তিনি তাহাদিগকে নিদর্শন দেখাইবার জন্য যে কোন অবস্থার মোকাবেলা করিতে প্রস্তুত ছিলেন এমন কি ভূ-গর্ভে সুড়ঙ্গ অথবা আকাশে সিঁড়ি অন্বেষণ করিতে হইলেও।

اِنَّمَا یَسۡتَجِیۡبُ الَّذِیۡنَ یَسۡمَعُوۡنَ ؕؔ وَالۡمَوۡتٰی یَبۡعَثُہُمُ اللّٰہُ ثُمَّ اِلَیۡہِ یُرۡجَعُوۡنَ ﴿۳۷﴾؃

৩৭
যাহারা শুনে, একমাত্র তাহারাই ডাকে সাড়া দেয়। এবং মৃতদের ব্যাপার৮৪৪-ক এই যে, আল্লাহ্ তাহাদিগকে উত্থিত করিবেন৮৪৫; অতঃপর তাহাদিগকে তাঁহারই নিকটে প্রত্যাবর্তন করা হইবে।
৮৪৪-ক। কুরআনে ‘মাউতা’ শব্দ সত্য হইতে বঞ্চিতদের জন্যও ব্যবহৃত হইয়াছে।
৮৪৫। এই আয়াতে দুই প্রকার লোকের কথা উল্লেখ করা হইয়াছে। (ক) যাহারা অন্তরে সৎ, মনযোগ সহকারে শ্রবণ করে এবং শুনা মাত্রই সত্যকে গ্রহণ করে; এবং (খ) যাহারা প্রচ্ছন্ন শক্তি থাকা সত্বেও মৃতবৎ, কিন্তু আধ্যাত্মিক পুনর্জীবনের যোগ্যতা সম্পন্ন। আল্লাহ্‌তা’লা তাহাদিগকে নিদর্শন দ্বারা প্রাণবন্ত করিয়া তুলিবেন এবং তৎপর তাহারাও শ্রবণ করিবে এবং ইসলাম গ্রহণ করিবে।

وَقَالُوۡا لَوۡلَا نُزِّلَ عَلَیۡہِ اٰیَۃٌ مِّنۡ رَّبِّہٖ ؕ قُلۡ اِنَّ اللّٰہَ قَادِرٌ عَلٰۤی اَنۡ یُّنَزِّلَ اٰیَۃً وَّلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۳۸﴾

৩৮
এবং তাহারা বলে; ‘তাহার উপর তাহার প্রভুর নিকট হইতে কোন নিদর্শন কেন নাযেল করা হয় নাই?’ তুমি বল, ‘আল্লাহ্‌ নিশ্চয় নিদর্শন নাযেল করিতে ক্ষমতাবান, কিন্তু তাহাদের অধিকাংশই জানে না।’

وَمَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ وَلَا طٰٓئِرٍ یَّطِیۡرُ بِجَنَاحَیۡہِ اِلَّاۤ اُمَمٌ اَمۡثَالُکُمۡ ؕ مَا فَرَّطۡنَا فِی الۡکِتٰبِ مِنۡ شَیۡءٍ ثُمَّ اِلٰی رَبِّہِمۡ یُحۡشَرُوۡنَ ﴿۳۹﴾

৩৯
এবং ভূ-পৃষ্ঠে যত বিচরণশীল জন্তু আছে এবং এমন যত পাখী আছে যাহারা স্ব স্ব ডানাদ্বয়ের সাহায্যে উড্ডয়ন করে, তাহারাও তো তোমাদের মতই জাতি বিশেষ।৮৪৬ আমরা এই কিতাবে কোন বিষয়ই বাদ দেই নাই। অতঃপর তাহাদিগকে তাহাদের প্রভুর নিকট সমবেত করা হইবে।
৮৪৬। এই আয়াত নির্দেশ করিতেছে যে, এমনকি পাখীরা এবং পিপীলিকার মত প্রাণীরাও আবহাওয়ার পরিবর্তনে বুঝিতে পারে যে, ঝড় আসন্ন এবং কুকুরের মত পশুরাও তাহাদের মনিবের আদেশ বুঝিতে পারে। কিন্তু নির্বোধ অবিশ্বাসীরা ‘দেওয়ালের লিখন’ দেখিতে পারে না এবং তাহারা বুঝিতে পারে না যে, নবী আকরাম (সাঃ)-কে প্রত্যাখ্যান করিয়া তাহারা আল্লাহ্‌তা’লার অসন্তুষ্টি ডাকিয়া আনিতেছে। তাহাদিগকে সতর্ক করা হইতেছে যে, তাহাদের সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হইয়াছে এবং অবশ্যই তাহাদিগকে জবাব দিতে হইবে। এই আয়াত আরও দুই প্রকার মানুষের প্রতি ইংগিত করিতেছেঃ-(ক) যাহারা পশুর ন্যায় কেবল দুনিয়ার প্রতি আকৃষ্ট এবং জীবন-ভর তাহারা দৈহিক কামনা-বাসনাকে পরিতৃপ্ত করিতে মগ্ন, (খ) পাখীর ন্যায় যাহারা আধ্যাত্মিক মর্গে উড্ডয়ন করিতে থাকে ৷ উচ্চ মোকামের আধ্যাত্মিক ব্যক্তিগণকে কুরআনে (৩ঃ৫০) পাখীর সহিত তুলনা করা হইয়াছে।

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا صُمٌّ وَّبُکۡمٌ فِی الظُّلُمٰتِ ؕ مَنۡ یَّشَاِ اللّٰہُ یُضۡلِلۡہُ ؕ وَمَنۡ یَّشَاۡ یَجۡعَلۡہُ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۴۰﴾

৪০
এবং যাহারা আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে তাহারা বধির ও মুক, অন্ধকাররাশির মধ্যে নিপতিত। আল্লাহ্ যাহাকে চাহেন তাহাকে পথভ্রষ্ট হইতে দেন, যাহাকে চাহেন তাহাকে সরল-সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত করেন।