৪৭

محمد

সূরা মুহাম্মদ

Muhammad

মাদানী ৩৯ আয়াত ৪ রুকু পারা ২৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৯ আয়াত এবং ৪ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

اَلَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ اَضَلَّ اَعۡمَالَہُمۡ ﴿۲﴾

২
যাহারা অস্বীকার করে এবং লোকদিগকে আল্লাহ্‌র পথ হইতে নিবৃত্ত রাখে– তিনি তাহাদের সকল কর্ম ব্যর্থ করিয়া দেন।২৭৩৭
২৭৩৭। অবিশ্বাসীদের কার্যাবলীকে নিষ্ফল করিয়া দেওয়া হয় এবং ইসলামের উন্নতি ব্যাহত করার জন্য তাহারা যত কিছুই করুক না কেন, তাহাতে কোনই ফলোদয় হয় না।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوۡا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّہُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّہِمۡ ۙ کَفَّرَ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَاَصۡلَحَ بَالَہُمۡ ﴿۳﴾

৩
এবং যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং যাহা মুহাম্মাদের উপর নাযেল করা হইয়াছে উহার উপরও ঈমান আনে — বস্তুতঃ ইহা তাহাদের প্রতিপালকের তরফ হইতে পূর্ণ-সত্য– তিনি তাহাদের অনিষ্টতা সমূহকে দূরীভূত করিয়া দিবেন এবং তাহাদের অবস্থার সংশোধন করিয়া দিবেন।

ذٰلِکَ بِاَنَّ الَّذِیۡنَ کَفَرُوا اتَّبَعُوا الۡبَاطِلَ وَاَنَّ الَّذِیۡنَ اٰمَنُوا اتَّبَعُوا الۡحَقَّ مِنۡ رَّبِّہِمۡ ؕ کَذٰلِکَ یَضۡرِبُ اللّٰہُ لِلنَّاسِ اَمۡثَالَہُمۡ ﴿۴﴾

৪
ইহা এই জন্য যে, যাহারা অস্বীকার করে তাহারা মিথ্যার অনুসরণ করে এবং যাহারা ঈমান আনে তাহারা নিশ্চয় তাহাদের প্রতিপালকের তরফ হইতে সমাগত পূর্ণ সত্যের অনুসরণ করে। এইভাবেই আল্লাহ্‌ মানব জাতির জন্য তাহাদের উপমাসমূহের (মাধ্যমে শিক্ষণীয় বিষয়) বর্ণনা করিয়া থাকেন।

فَاِذَا لَقِیۡتُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا فَضَرۡبَ الرِّقَابِ ؕ حَتّٰۤی اِذَاۤ اَثۡخَنۡتُمُوۡہُمۡ فَشُدُّوا الۡوَثَاقَ ٭ۙ فَاِمَّا مَنًّۢا بَعۡدُ وَاِمَّا فِدَآءً حَتّٰی تَضَعَ الۡحَرۡبُ اَوۡزَارَہَا ۬ۚ۟ۛ ذٰلِکَ ؕۛ وَلَوۡ یَشَآءُ اللّٰہُ لَانۡتَصَرَ مِنۡہُمۡ وَلٰکِنۡ لِّیَبۡلُوَا۠ بَعۡضَکُمۡ بِبَعۡضٍ ؕ وَالَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَلَنۡ یُّضِلَّ اَعۡمَالَہُمۡ ﴿۵﴾

৫
অতএব যখন তোমরা কাফেরদের সংগে যুদ্ধে লিপ্ত হও তখন (তাহাদের) গ্রীবাদেশে সজোরে আঘাত কর যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্যাপকভাবে তাহাদের রক্ত প্রবাহিত করিয়া (তাহাদিগকে পরাভূত করিয়া) লও,২৭৩৮ তখন বন্ধনকে শক্ত কর; অতঃপর (তাহাদিগকে মুক্ত কর) অনুগ্রহ করিয়া অথবা মুক্তি-পণ লইয়া, (যুদ্ধ করিয়া যাও) যতক্ষণ পর্যন্ত না যুদ্ধ উহার অস্ত্র রাখিয়া দেয়। ইহাই হইল (প্রত্যাদেশ)।২৭৩৯ এবং আল্লাহ্ ইচ্ছা করিলে নিজেই তাহাদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করিতে পারিতেন, কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা২৭৪০ করিতে চাহেন। এবং যাহারা আল্লাহ্‌র পথে নিহত হইয়াছে— তাহাদের কৃত-কর্ম তিনি কখনও বিনষ্ট করিবেন না।২৭৪১
২৭৩৮। ‘আস্‌খানা ফিল আরযে’ অর্থ সে দুনিয়াতে বহু হত্যা-কাণ্ড ঘটাইল।
২৭৩৯। এই একটি ক্ষুদ্র আয়াত যুদ্ধ সংক্রান্ত নীতি ও নিয়মাবলী এবং ইহার পরিচালনার প্রয়োজনীয় নির্দেশাবলী অতি সংক্ষেপে বর্ণনা করিয়াছে এবং প্রসঙ্গতঃ কৃতদাস-প্রথাকে চিরতরে উচ্ছেদের পথ-নির্দ্দেশও দিয়াছে। নির্দেশাবলী হইলঃ (ক) মুসলমানগণ যখন আত্মরক্ষা, ধর্মরক্ষা, সম্মানরক্ষা বা সম্পদ রক্ষা ইত্যাদির জন্য নিয়মিত কোন যুদ্ধে আহূত হইবে, তখন তাহারা সাহসিকতার সহিত প্রাণপণে যুদ্ধ করিবে (৮ঃ১৩-১৭), (খ) একবার যুদ্ধ আরম্ভ হইলে, শান্তি ও বিবেকের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাহা বিরামহীনভাবে চালাইয়া যাইতে হইবে (৮ঃ৪০); (গ) নিয়মিত ও বিঘোষিত যুদ্ধে শক্ররা যখন সুনিশ্চিতভাবে পরাজয় বরণ করে,কেবল তখনই শক্র-সৈন্যকে যুদ্ধ-বন্দীরূপে আটকানো যাইতে পারে। বিঘোষিত যুদ্ধই একমাত্র ক্ষেত্র, যেখান হইতে বন্দী গ্রহণ করা যাইতে পারে; অন্য কোন কারণেই মানুষকে তাহার জন্মগত ব্যক্তি-স্বাধীনতার অধিকার হইতে বঞ্চিত করা যায় না; (ঘ) যুদ্ধ শেষ হইয়া গেলে, যুদ্ধ-বন্দীদের মুক্তির ব্যবস্থা করিতে হইবে। অনুগ্রহ প্রদর্শন পূর্বক বন্দীকে মুক্তি দান, কিংবা ক্ষতিপূরণ লইয়া মুক্তি দান কিংবা পারস্পরিক আলোচনা ও বন্দী-বিনিময়ের মাধ্যমে বন্দী-মুক্তি দান— মুক্তিই লক্ষ্য হওয়া উচিত। যুদ্ধ-বন্দীকে চির বন্দীত্বে বা কৃতদাসত্বে রাখা কখনও উচিত নহে। হযরত নবী করীম (সাঃ) বনী মুস্তালিক গোত্রের প্রায় একশত পরিবারকে এবং হাওয়াজিন গোত্রের কয়েক হাজার লোককে সম্পূর্ণ পরাজিত অবস্থায় বন্দী হওয়া সত্ত্বেও বিনা শর্তে মুক্ত করিয়া দিলেন। বদরের যুদ্ধের পরে কিছু সংখ্যক বন্দীর কাছ হইতে মুক্তি-পণ লইয়া তাহাদিগকে মুক্তি দেওয়া হইল এবং যেসব বন্দীর মুক্তি-পণ দিবার সামর্থ্য ছিল না অথচ লিখিতে-পড়িতে জানিত, তাহাদিগকে নিরক্ষর মুসলমানদের পড়া-লিখার জন্য শিক্ষক নিযুক্ত করিয়া মুক্তির পথ করিয়া দেওয়া হইল। আয়াতটি কৃতদাসত্বের মূলোৎপাটনের এমন কার্যকরী ব্যবস্থার উল্লেখ করিয়াছে যে, কৃতদাসত্ব চিরকালের জন্য বিলুপ্ত হইয়া গেল।
২৭৪০। আল্লাহ্‌তা’লা কাফেরদের সহিত মো’মেনদের যুদ্ধ ঘটাইয়া, মো’মেনদের চারিত্রিক উৎকর্ষ ও গুণাবলীর বিকাশ ও প্রকাশ ঘটাইলেন এবং কাফেরদের হীনমন্যতা ও দুস্কৃতিপরায়ণতাকে জন-সমক্ষে নগ্নভাবে তুলিয়া ধরিলেন। নবী করীম (সাঃ)-এর সাহাবীগণের উচ্চতম নৈতিকতা ও মহানুভবতাপূর্ণ মন-মানসিকতা পরাভূত শত্রুর প্রতি তাহাদের ব্যবহারের মধ্যে যতটা প্রকাশিত ও প্রস্ফুটিত হইয়া উঠিয়াছে, তাহার কোন তুলনা নাই।
২৭৪১। মুসলমানগণ যুদ্ধ-ক্ষেত্রে শাহাদৎ বরণ করিয়া কুরবানীর যে দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন, তাহা কখনও বৃথা যাইবে না। প্রকৃত পক্ষে তাহাদের ঐ মহান আত্মোৎসর্গই আরবভূমে ইসলামকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করিয়াছিল।

سَیَہۡدِیۡہِمۡ وَیُصۡلِحُ بَالَہُمۡ ۚ﴿۶﴾

৬
তিনি অবশ্যই তাহাদিগকে হেদায়াতের (সফলতার) পথে লইয়া যাইবেন,২৭৪২ এবং তাহাদের অবস্থার সংশোধন করিয়া দিবেন।
২৭৪২। যেহেতু হেদায়াত শব্দের অর্থ হইল, ‘গন্তব্যস্থলে না পৌঁছা পর্যন্ত এবং উদ্দেশ্য হাসিল না করা পর্যন্ত সঠিক পথ অনুসরণ করিয়া চলা’; সেইহেতু এই আয়াতটির অর্থ ইহাই দাঁড়াইতেছে যে, শাহাদাত বরণকারী মুসলমানেরা যে উদ্দেশ্যে তাহাদের জীবন দান করিয়াছেন তাহাদের সেই মহান উদ্দেশ্যকে তথা ইসলামের বিজয়কে তাহারা প্রতিষ্ঠিত সত্যে পরিণত করিয়া গন্তব্য স্থানে পৌঁছিয়াছেন।

وَیُدۡخِلُہُمُ الۡجَنَّۃَ عَرَّفَہَا لَہُمۡ ﴿۷﴾

৭
এবং তাহাদিগকে সেই জান্নাতে দাখিল করিবেন যাহার পরিচয়২৭৪৩ তিনি পূর্বেই তাহাদিগকে দিয়াছেন।
২৭৪৩। বেহেশ্‌তের আশীর্বাদের পূর্ব-স্বাদ মো’মেনগণ ইহলোকেই পাইয়াছিলেন, এই অর্থে যে, কুরআনে পরকালের যে সকল আধ্যাত্মিক আশীর্বাদ ও অনুগ্রহসমূহের উল্লেখ করা হইয়াছে, ঐ সব কিছুই বস্তুর আকারে মো’মেনগণ ইহকালে ভোগ করিয়া গিয়াছেন। এই আয়াতের অন্য অর্থ ইহাও হইতে পারে যে, মো’মেনগণ “ঐ বাগানের” আধ্যাত্মিক পূর্ব-স্বাদ আগেই পাইয়াছিল, কেননা কুরআনে তাহাদের জন্য বেহেশ্‌তের যে প্রতিশ্রুতি রহিয়াছে, সেই প্রতিশ্রুতি তাহাদের চোখের সম্মুখে তাহারা ইহলোকেই পূর্ণ হইতে দেখিয়াছেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰہَ یَنۡصُرۡکُمۡ وَیُثَبِّتۡ اَقۡدَامَکُمۡ ﴿۸﴾

৮
হে যাহারা ঈমান আনিয়াছ! যদি তোমরা আল্লাহ্‌কে সাহায্য কর তাহা হইলে তিনিও তোমাদিগকে সাহায্য করিবেন এবং তোমাদের পাগুলিকে সুদৃঢ় করিয়া দিবেন।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا فَتَعۡسًا لَّہُمۡ وَاَضَلَّ اَعۡمَالَہُمۡ ﴿۹﴾

৯
এবং যাহারা অস্বীকার করিয়াছে তাহাদের ভাগ্যে ধ্বংস অবধারিত এবং তিনি তাহাদের কৃত-কর্মকে বিনষ্ট করিয়া দিবেন।২৭৪৪
২৭৪৪। পূর্ববর্তী কয়েকটি আয়াতের মধ্যে, তিন তিন বার বলা হইয়া গেল, “আল্লাহ্‌তা’লা কাফেরদের কার্যাবলীকে নিষ্ফল ও ব্যর্থ করিয়া দিয়াছেন।” ইহা দ্বারা বুঝা যায় যে, কাফেরদের দল তাহাদের দেহ-মনের সকল শক্তি এই একটি মাত্র কার্যসাধনে একনিষ্ঠভাবে নিয়োজিত করিয়াছিল। আর সেই কার্যটি ছিল ইসলামের মূলোচ্ছেদ। কিন্তু তাহারা ব্যর্থ হইল, ইসলামই বিজয়ী হইল এবং শনৈঃ শনৈঃ উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করিতে লাগিল।

ذٰلِکَ بِاَنَّہُمۡ کَرِہُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاَحۡبَطَ اَعۡمَالَہُمۡ ﴿۱۰﴾

১০
ইহা এইজন্য যে, তাহারা উহা ঘৃণা করিয়াছে যাহা আল্লাহ্‌ নাযেল করিয়াছেন; ফলে তিনিও তাহাদের কৃত-কর্মকে বিনষ্ট করিয়া দিয়াছেন।