৪৪

الدخان

সূরা আদ্‌ দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬০ আয়াত এবং ৩ রুকু আছে।

فَارۡتَقِبۡ یَوۡمَ تَاۡتِی السَّمَآءُ بِدُخَانٍ مُّبِیۡنٍ ﴿ۙ۱۱﴾

১১
অতএব তুমি সেই দিনের অপেক্ষা কর যেদিন আকাশ স্পষ্ট ধূম্র লইয়া আসিবে,২৬৯৪
২৬৯৪। হযরত মহানবী (সাঃ)-এর সময়ে মক্কায় একবার ভয়াবহ, দীর্ঘস্থায়ী দুর্ভিক্ষ হইয়াছিল। তখন মক্কার অবিশ্বাসীদের সর্বোচ্চ নেতা আবু সুফিয়ান নবী করীম (সাঃ)-এর কাছে সবিনয়ে অনুরোধ করিয়াছিলেন যে, তিনি যেন এই মহাবিপদ হইতে মক্কাবাসীদের উদ্ধারের জন্য দোয়া করেন। এখানে সেই ঘোর দুর্ভিক্ষের ঘটনার প্রতিই হয়ত ইঙ্গিত করা হইয়াছে। এই দুর্ভিক্ষ এতই ভয়ঙ্কর ছিল যে, মক্কাবাসীরা চামড়া, হাড্ডি, এমন কি মৃতদেহ ভক্ষণ করিতে বাধ্য হইয়াছিল (বুখারী, কিতাবুল ইস্‌তিসকা)! এই দুর্ভিক্ষকে দুখান (ধূম্র) শব্দ দ্বারা এই কারণে বিবৃত করা হইয়াছে যে, কথিত ইতিহাস অনুযায়ী, দুর্ভিক্ষে প্রপীড়িত দিশাহারা মানুষ ক্ষুধার তাড়নায় চোখের সম্মুখে কেবল ভাসমান ধূম্রই দেখিত। অথবা ‘দুখান’ শব্দটি এখানে ব্যবহৃত হওয়ার এই যুক্তিও থাকিতে পারে যে, দীর্ঘকাল অনাবৃষ্টির ফলেও মক্কার সারাটা আবহাওয়াই ধূলাবালুময় হইয়া পড়িয়াছিল। দুখান শব্দের এক অর্থ ধূলা (লেইন)। এ আয়াতটি গত দুইটি মহাযুদ্ধের প্রতিও আরোপিত হইতে পারে। ঐ দুই বিশ্বযুদ্ধে শহর-উপশহরগুলি প্রজ্বলিত হইয়া ভষ্মে পরিণত হইয়াছিল এবং ধ্বংসলীলা হইতে ধুম্রকুণ্ডলী উঠিয়া আবহাওয়াকে ধূঁয়া ও বালু দ্বারা আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল।

یَّغۡشَی النَّاسَ ؕ ہٰذَا عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۲﴾

১২
উহা মানব মণ্ডলীকে আবৃত করিয়া ফেলিবে। ইহা এক মহা যন্ত্রণাদায়ক আযাব হইবে।

رَبَّنَا اکۡشِفۡ عَنَّا الۡعَذَابَ اِنَّا مُؤۡمِنُوۡنَ ﴿۱۳﴾

১৩
(তাহারা চিৎকার করিয়া বলিবে) ‘হে আমাদের প্রতিপালক! আমাদের উপর হইতে এই আযাবকে দূর কর; নিশ্চয় আমরা ঈমান আনিতেছি।’

اَنّٰی لَہُمُ الذِّکۡرٰی وَقَدۡ جَآءَہُمۡ رَسُوۡلٌ مُّبِیۡنٌ ﴿ۙ۱۴﴾

১৪
তখন উপদেশ গ্রহণ তাহাদের কি উপকার করিবে? অথচ (পূর্বে) তাহাদের নিকট একজন সুস্পষ্ট বর্ণনাকারী রসূল আগমন করিয়াছে,

ثُمَّ تَوَلَّوۡا عَنۡہُ وَقَالُوۡا مُعَلَّمٌ مَّجۡنُوۡنٌ ﴿ۘ۱۵﴾

১৫
তখন তাহারা তাহার নিকট হইতে বিমূখ হইয়া চলিয়া গেল এবং বলিতে লাগিল, ‘এই ব্যক্তি কাহারও দ্বারা শিক্ষা প্রদত্ত একজন উন্মাদ!’

اِنَّا کَاشِفُوا الۡعَذَابِ قَلِیۡلًا اِنَّکُمۡ عَآئِدُوۡنَ ﴿ۘ۱۶﴾

১৬
আমরা অবশ্যই অল্প কালের জন্য আযাবকে অপসারিত করিয়া দিব, (কিন্তু) তোমরা যে পুনরায় (সেই অপকর্মেই) ফিরিয়া যাইবে।২৬৯৫
২৬৯৫। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হাদীস অনুযায়ী মহানবী (সাঃ)-এর প্রার্থনার ফলে ঐ দুর্ভিক্ষ দূরীভূত হইয়াছিল। কিন্তু এতদ্দর্শনেও মক্কার কুরায়শগণ সত্যের প্রতি আকৃষ্ট হইল না এবং মহানবী (সাঃ)-এর বিরোধিতা অব্যাহত রাখিল।

یَوۡمَ نَبۡطِشُ الۡبَطۡشَۃَ الۡکُبۡرٰی ۚ اِنَّا مُنۡتَقِمُوۡنَ ﴿۱۷﴾

১৭
যেদিন আমরা (তোমাদিগকে) কঠিনভাবে ধৃত২৬৯৬ করিব সেদিন নিশ্চয় আমরা প্রতিশোধ গ্রহণকারী।
২৬৯৬। “আমরা কঠিনভাবে ধৃত করিব” এই বাক্যটি বদরের যুদ্ধে কুরায়শদের শোচনীয় পরাজয় অথবা মক্কা-পতনের ঘটনার প্রতি নির্দেশিত হইয়াছে বলিয়া মনে হয়।

وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَہُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَہُمۡ رَسُوۡلٌ کَرِیۡمٌ ﴿ۙ۱۸﴾

১৮
এবং আমরা তাহাদের পূর্বে ফেরাউনের জাতিকে পরীক্ষা করিয়াছিলাম, এবং তাহাদের নিকট একজন সম্মানিত রসূল আগমন করিয়াছিল,

اَنۡ اَدُّوۡۤا اِلَیَّ عِبَادَ اللّٰہِ ؕ اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿ۙ۱۹﴾

১৯
(সে তাহাদিগকে বলিয়াছিল) যে, ‘তোমরা আল্লাহ্‌র বান্দাগণকে আমার নিকট সোপর্দ কর। নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,

وَّاَنۡ لَّا تَعۡلُوۡا عَلَی اللّٰہِ ۚ اِنِّیۡۤ اٰتِیۡکُمۡ بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿ۚ۲۰﴾

২০
এবং যেন তোমরা আল্লাহ্‌র সম্বন্ধে অহংকার না কর। নিশ্চয় আমি তোমাদের নিকট সুস্পষ্ট দলীল-প্রমাণ লইয়া আসিয়াছি,