৪৩

الزخرف

সূরা আয্‌ যুখ্‌রুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯০ আয়াত এবং ৭ রুকু আছে।

اَمۡ یَحۡسَبُوۡنَ اَنَّا لَا نَسۡمَعُ سِرَّہُمۡ وَنَجۡوٰٮہُمۡ ؕ بَلٰی وَرُسُلُنَا لَدَیۡہِمۡ یَکۡتُبُوۡنَ ﴿۸۱﴾

৮১
তাহারা কি মনে করে যে, আমরা তাহাদের গুপ্ত বিষয়াবলী এবং তাহাদের গুপ্ত পরামর্শগুলি শুনিতে পাই না? এইরূপ নহে, বরং আমাদের প্রেরিতগণ (ফিরিশ্‌তাগণ) তাহাদের পার্শ্বে বসিয়া লিখিতেছে।

قُلۡ اِنۡ کَانَ لِلرَّحۡمٰنِ وَلَدٌ ٭ۖ فَاَنَا اَوَّلُ الۡعٰبِدِیۡنَ ﴿۸۲﴾

৮২
তুমি বল, ‘যদি রহমান আল্লাহ্‌র কোন পুত্র থাকিত তাহা হইলে নিশ্চয় ইবাদতকারীদের মধ্যে আমি সর্বপ্রথম হইতাম।’২৬৮৮
২৬৮৮। আবিদ, আবাদা ক্রিয়ার কর্তারূপ; ‘আবাদা’ অর্থ সে উপাসনা করিল। ‘আবিদা’ ক্রিয়ার কর্তারূপ ও ‘আবিদ’; আবিদা অর্থ সে রাগ করিল, সে অস্বীকার করিল, সে স্বীয় অবহেলার জন্য দুঃখ প্রকাশ করিল, সে তুচ্ছ জ্ঞান করিল (লেইন)। অতএব আয়াতটির অর্থ দাঁড়াইতেছেঃ (ক) যদি আমার সদাশয় প্রভুর সত্যই কোন পুত্র থাকিত, তাহা হইলে আমি নিশ্চয়ই সেই প্রভু-পুত্রকে উপাসনা করিবার জন্য সকলের আগে প্রথম দণ্ডায়মান হইতাম; কেননা আল্লাহ্‌তা’লার একান্ত অনুগত ও বিশ্বস্ত বান্দা হিসাবে আমি তাঁহার পুত্রের প্রতি কখনও অবহেলা প্রদর্শন করিতে পারিতাম না; (খ) আল্লাহ্‌তা’লার পুত্র গ্রহণ যদি সম্ভব হইত, তাহা হইলে এ মর্যাদা প্রাপ্তির অধিকার আমারই সর্বাপেক্ষা অধিক। কেননা, আমি আল্লাহ্‌তা’লার সর্বাপেক্ষা বেশী উপাসনা ও সর্বাপেক্ষা বেশী খেদমত করিয়াছি; (গ) সদাশয় প্রভুর নিশ্চয়ই কোন পুত্র নাই (ইন অর্থ নয়) এবং আমি এই সত্যের প্রথম সাক্ষ্যদানকারী (আবেদীন মানে ‘শাহেদীন’ বা সাক্ষ্যদাতা); (ঘ) সদাশয় প্রভুর কোন পুত্র নাই। তাহার পুত্র আছে এরূপ কথার সর্বাপেক্ষা ঘৃণাভরে প্রত্যাখ্যানকারী প্রথম ব্যক্তি আমি।

سُبۡحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ رَبِّ الۡعَرۡشِ عَمَّا یَصِفُوۡنَ ﴿۸۳﴾

৮৩
আল্লাহ্ আকাশসমূহ ও পৃথিবীর অধিপতি, আরশের অধিপতি, ঐসব বিষয় হইতে পবিত্র ও মহান, যাহা তাহারা (তাঁহার প্রতি) আরোপ করিতেছে।

فَذَرۡہُمۡ یَخُوۡضُوۡا وَیَلۡعَبُوۡا حَتّٰی یُلٰقُوۡا یَوۡمَہُمُ الَّذِیۡ یُوۡعَدُوۡنَ ﴿۸۴﴾

৮৪
অতএব তুমি তাহাদিগকে বৃথা বাক-বিতণ্ডা এবং ক্রীড়া-কৌতুক করিতে ছাড়িয়া দাও যতক্ষণ পর্যন্ত না তাহারা তাহাদের সেই দিনকে প্রত্যক্ষ করে যাহার প্রতিশ্রুতি তাহাদিগকে দেওয়া হইয়াছে।

وَہُوَ الَّذِیۡ فِی السَّمَآءِ اِلٰہٌ وَّفِی الۡاَرۡضِ اِلٰہٌ ؕ وَہُوَ الۡحَکِیۡمُ الۡعَلِیۡمُ ﴿۸۵﴾

৮৫
এবং তিনিই আকাশেও মা’বূদ এবং পৃথিবীতেও মা’বূদ, বস্তুতঃ তিনি পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী।

وَتَبٰرَکَ الَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۚ وَعِنۡدَہٗ عِلۡمُ السَّاعَۃِ ۚ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۸۶﴾

৮৬
এবং তিনি পরম বরকতের অধিকারী যাঁহার জন্য আকাশসমূহ ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে সবকিছুর আধিপত্য; এবং নির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র তাঁহারই নিকট; এবং তাঁহারই দিকে তোমাদিগকে প্রত্যাবর্তিত করা হইবে।

وَلَا یَمۡلِکُ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہِ الشَّفَاعَۃَ اِلَّا مَنۡ شَہِدَ بِالۡحَقِّ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۸۷﴾

৮৭
এবং তাহারা আল্লাহ্‌ ব্যতীত যাহাদিগকে ডাকিয়া থাকে, তাহারা শাফায়াত (সুপারিশ) করিবার কোন ক্ষমতা রাখে না; কেবল সেই ব্যক্তি ব্যতিরেকে যে সত্য সম্বন্ধে সাক্ষ্য দান করে,২৬৮৯ এবং তাহারা ইহা ভালরূপে জানে।
২৬৮৯। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)।

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَہُمۡ لَیَقُوۡلُنَّ اللّٰہُ فَاَنّٰی یُؤۡفَکُوۡنَ ﴿ۙ۸۸﴾

৮৮
এবং যদি তুমি তাহাদিগকে জিজ্ঞাসা কর, ‘কে তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন?’ তাহারা নিশ্চয় বলিবে, ‘আল্লাহ্‌’। তাহা হইলে তাহারা কোন দিকে প্রত্যাবর্তিত হইতেছে?

وَقِیۡلِہٖ یٰرَبِّ اِنَّ ہٰۤؤُلَآءِ قَوۡمٌ لَّا یُؤۡمِنُوۡنَ ﴿ۘ۸۹﴾

৮৯
তাহার (এই রসুলের) এই উক্তির কসম, যখন সে বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক! ইহারা এমন এক জাতি, যাহারা ঈমান আনিতেছে না।’২৬৯০
২৬৯০। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) তাঁহার জাতির সার্বিক মঙ্গল ও আধ্যাত্মিক কল্যাণের জন্য এত উদগ্রীব ও ব্যাকুল ছিলেন যে, স্বয়ং আল্লাহ্‌তা’লা তাঁহার এই শুভাকাঙ্খার সাক্ষ্য দান করিতেছেন। তাঁহার জাতির দ্বারা সত্যের ক্রমাগত অস্বীকার ও বিরোধিতা তাঁহার মর্মযাতনাকে এতই গভীর ও প্রবল করিয়া তুলিয়াছিল যে, তাহাকে প্রায় মৃত্যুর দ্বারে পৌঁছাইয়া দিয়াছিল (১৮ঃ৭)। আল্লাহ্‌ স্বয়ং সান্ত্বনা না দিলে তিনি হয়ত এই মহাকষ্ট-ক্লেশ সহ্য করিতে পারিতেন না।

فَاصۡفَحۡ عَنۡہُمۡ وَقُلۡ سَلٰمٌ ؕ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿٪۹۰﴾

৯০
(আমরা উত্তরে বলিলাম) সুতরাং তুমি তাহাদিগকে উপেক্ষা কর এবং বল, ‘সালাম’; অতএব অচিরেই তাহারা জানিতে পারিবে।২৬৯১
সূরা আয্‌ যুখ্‌রুফ - রুকু ৭
২৬৯১। আল্লাহ্‌তা’লা নবী করীম (সাঃ)-কে সান্তনা দিতেছেন যে, যদিও শত্রুগণ তাঁহাকে এখন অত্যাচার ও বিরুদ্ধাচরণ দ্বারা জর্জরিত করিতেছে, তথাপি সময় অতি দ্রুত ঘনাইয়া আসিতেছে যে, শত্রুরা তাঁহার পদানত হইয়া পড়িবে। তখন, ইসলাম সারা আরবভূমিতে ছড়াইয়া পড়িবে এবং তথায় শান্তি কায়েম হইয়া যাইবে। যখন ঐ সময় আসিয়া যাইবে, তখন তিনি যেন শত্রুগণকে ক্ষমা করিয়া দেন।