৪৩

الزخرف

সূরা আয্‌ যুখ্‌রুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯০ আয়াত এবং ৭ রুকু আছে।

وَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ قَالُوۡا ہٰذَا سِحۡرٌ وَّاِنَّا بِہٖ کٰفِرُوۡنَ ﴿۳۱﴾

৩১
এবং যখন তাহাদের নিকট সত্য সমাগত হইল, তখন তাহারা বলিল, ‘ইহা তো যাদু, এবং আমরা ইহা অস্বীকার করিতেছি।’

وَقَالُوۡا لَوۡلَا نُزِّلَ ہٰذَا الۡقُرۡاٰنُ عَلٰی رَجُلٍ مِّنَ الۡقَرۡیَتَیۡنِ عَظِیۡمٍ ﴿۳۲﴾

৩২
এবং তাহারা ইহাও বলিল যে, ‘এই কুরআন দুইটি নগরীর২৬৭৬ মধ্য হইতে কোন মহান ব্যক্তির উপর নাযেল করা হইল না কেন?’
২৬৭৬। “দুইটি শহর” বলিতে এস্থলে মক্কা ও তায়েফ শহরদ্বয়কে বুঝাইয়াছে। কারণ মহানবী (সাঃ)-এর সময়ে এই দুইটি শহরই ছিল আরবদেশের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের লীলাভূমি।

اَہُمۡ یَقۡسِمُوۡنَ رَحۡمَتَ رَبِّکَ ؕ نَحۡنُ قَسَمۡنَا بَیۡنَہُمۡ مَّعِیۡشَتَہُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَرَفَعۡنَا بَعۡضَہُمۡ فَوۡقَ بَعۡضٍ دَرَجٰتٍ لِّیَتَّخِذَ بَعۡضُہُمۡ بَعۡضًا سُخۡرِیًّا ؕ وَرَحۡمَتُ رَبِّکَ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ ﴿۳۳﴾

৩৩
তাহারা কি তোমার প্রতিপালকের রহমতকে বন্টন২৬৭৭ করিতেছে? আমরাই তাহাদের মধ্যে এই পার্থিব জীবনে তাহাদের জীবিকা বন্টন করি, এবং তাহাদের কতককে কতকের উপর পদ-মর্যাদায় উন্নীত ও সম্মানিত করি যাহাতে তাহাদের মধ্য হইতে কতক তাহাদের কতককে অধীনস্থ করিতে পারে। এবং তাহারা যে সম্পদ জমা করে উহা অপেক্ষা তোমার প্রতিপালকের রহমত উত্তম।
২৬৭৭। এই আয়াতের মধ্যে অবিশ্বাসীগণকে ভর্ৎসনা করিয়া বলা হইতেছে, ‘তাহারা কি তোমার প্রতিপালকের রহমতকে বন্টন করিতেছে?’ কে এই কৃপা-করুণা পাইবার যোগ্য আর কে যোগ্য নয় ইহা নির্ধারণ করিবার সুযোগই বা তাহারা কখন হইতে প্রাপ্ত হইল?

وَلَوۡلَاۤ اَنۡ یَّکُوۡنَ النَّاسُ اُمَّۃً وَّاحِدَۃً لَّجَعَلۡنَا لِمَنۡ یَّکۡفُرُ بِالرَّحۡمٰنِ لِبُیُوۡتِہِمۡ سُقُفًا مِّنۡ فِضَّۃٍ وَّمَعَارِجَ عَلَیۡہَا یَظۡہَرُوۡنَ ﴿ۙ۳۴﴾

৩৪
এবং যদি এইরূপ না হইত যে, সমগ্র মানবমণ্ডলী একই সম্প্রদায়ভুক্ত হইয়া পড়িবে, তাহা হইলে আমরা রহমান আল্লাহ্‌র অস্বীকারকারীগণের জন্য তাহাদের গৃহগুলির ছাদসমূহ এবং সিঁড়িসমূহ, যাহার উপর দিয়া তাহারা আরোহণ করে, রৌপ্যনির্মিত করিয়া দিতাম;

وَلِبُیُوۡتِہِمۡ اَبۡوَابًا وَّسُرُرًا عَلَیۡہَا یَتَّکِـُٔوۡنَ ﴿ۙ۳۵﴾

৩৫
এবং তাহাদের গৃহগুলির দ্বারসমূহ এবং পালঙ্ক সমূহকেও, যাহার উপর তাহারা হেলান দিয়া উপবেশন করে (রৌপ্য নির্মিত করিয়া দিতাম),

وَزُخۡرُفًا ؕ وَاِنۡ کُلُّ ذٰلِکَ لَمَّا مَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَالۡاٰخِرَۃُ عِنۡدَ رَبِّکَ لِلۡمُتَّقِیۡنَ ﴿٪۳۶﴾

৩৬
পরন্তু স্বর্ণনির্মিত করিয়া দিতাম। কিন্তু এই সব কেবল পার্থিব জীবনের সম্পদ।২৬৭৮ বস্তুতঃ তোমার প্রতিপালকের নিকট মুত্তাকীগণের জন্য রহিয়াছে পরজগৎ (এর সুখ-শান্তি)।
সূরা আয্‌ যুখ্‌রুফ - রুকু ৩
২৬৭৮। উপায়-উপকরণ, সুযোগ-সুবিধা, ধন-দৌলত ও পদ-মর্যাদা ইত্যাদির তারতম্য সম্পূর্ণ উঠাইয়া মানব-মণ্ডলীকে সম্পূর্ণ একাকার করিয়া দিলেও সমাজ-ব্যবস্থা যদি একেবারে অচল হইয়া না পড়িত, তাহা হইলে আল্লাহ্‌তা’লা অবিশ্বাসীগণকে রৌপ্যের গৃহ ও সিঁড়ি-দরজা বানাইবার সুযোগ করিয়া দিতেন, পরন্তু স্বর্ণ নির্মিত করিয়া দিতেন— কেননা আল্লাহ্‌তা’লার দৃষ্টিতে এইগুলির কোনই মূল্য ও মর্যাদা নাই।

وَمَنۡ یَّعۡشُ عَنۡ ذِکۡرِ الرَّحۡمٰنِ نُقَیِّضۡ لَہٗ شَیۡطٰنًا فَہُوَ لَہٗ قَرِیۡنٌ ﴿۳۷﴾

৩৭
এবং যে ব্যক্তি রহমান আল্লাহ্‌র স্মরণ হইতে বিমুখ হইয়া যায়, আমরা শয়তানকে তাহার উপর নিযুক্ত করিয়া দিই, অতঃপর সে তাহার অবিচ্ছেদ্য সঙ্গী হইয়া যায়।

وَاِنَّہُمۡ لَیَصُدُّوۡنَہُمۡ عَنِ السَّبِیۡلِ وَیَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۳۸﴾

৩৮
এবং নিশ্চয় তাহারা (শয়তানরা) তাহাদিগকে সৎপথ হইতে নিবৃত্ত রাখে, তথাপি তাহারা মনে করে যে, তাহারা সৎপথে চলিতেছে;

حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیۡتَ بَیۡنِیۡ وَبَیۡنَکَ بُعۡدَ الۡمَشۡرِقَیۡنِ فَبِئۡسَ الۡقَرِیۡنُ ﴿۳۹﴾

৩৯
এমন কি, যখন সে আমাদের নিকট উপস্থিত হয় তখন সে বলে, ‘হায়! (হে শয়তান!) আমার মধ্যে এবং তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের দূরত্ব থাকিত!২৬৭৯ সে কত মন্দ সঙ্গী!
২৬৭৯। মানুষ যখন নিজের দুষ্কর্মের কুফল ভোগ করিতে থাকে, তখন সে তাহার পূর্বেকার কর্ম-সঙ্গীদের সংসর্গ পরিত্যাগ করিতে চায় এবং এমনভাবে পরিত্যাগ করিতে চায় যে সে যেন তাহাদিগকে চিনেই না।

وَلَنۡ یَّنۡفَعَکُمُ الۡیَوۡمَ اِذۡ ظَّلَمۡتُمۡ اَنَّکُمۡ فِی الۡعَذَابِ مُشۡتَرِکُوۡنَ ﴿۴۰﴾

৪০
এবং (তাহাদিগকে বলা হইবে যে,) ‘আযাবে তোমাদের সকলের শরীক হওয়া আজ তোমাদের আদৌ উপকার করিবে না, যেহেতু তোমরা যুলুম করিয়াছ।’