৪৩

الزخرف

সূরা আয্‌ যুখ্‌রুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯০ আয়াত এবং ৭ রুকু আছে।

وَقَالُوۡا لَوۡ شَآءَ الرَّحۡمٰنُ مَا عَبَدۡنٰہُمۡ ؕ مَا لَہُمۡ بِذٰلِکَ مِنۡ عِلۡمٍ ٭ اِنۡ ہُمۡ اِلَّا یَخۡرُصُوۡنَ ﴿ؕ۲۱﴾

২১
এবং তাহারা বলে, ‘যদি রহমান আল্লাহ্‌ ইচ্ছা করিতেন, তাহা হইলে আমরা উহাদের ইবাদত করিতাম না।’ এই সম্বন্ধে তাহাদের কোন জ্ঞান নাই। তাহারা কেবল অনুমান করিয়া অবান্তর কথা বলিতেছে।

اَمۡ اٰتَیۡنٰہُمۡ کِتٰبًا مِّنۡ قَبۡلِہٖ فَہُمۡ بِہٖ مُسۡتَمۡسِکُوۡنَ ﴿۲۲﴾

২২
আমরা কি ইহার পূর্বে তাহাদিগকে এরূপ কোন কিতাব দিয়াছিলাম, যাহাকে তাহারা দৃঢ়রূপে ধরিয়া২৬৭৪ রাখিয়াছে?
২৬৭৪। পৌত্তলিকগণ তাহাদের প্রতিমা-পূজার স্বপক্ষে কোন যুক্তি-প্রমাণ দিতে তো পারেই না, এমনকি ধর্মপুস্তকাদি হইতেও এই পুতুল-পূজার কোন দলীলাদি দিতে পারে না।

بَلۡ قَالُوۡۤا اِنَّا وَجَدۡنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّۃٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِہِمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۲۳﴾

২৩
না, বরং তাহারা বলিতেছে, ‘আমরা আমাদের পিতৃপুরুষগণকে এই ধর্ম-পদ্ধতির উপরেই বদ্ধপরিকর পাইয়াছি এবং আমরা তাহাদেরই পদাংক অনুসরণে পরিচালিত আছি।’

وَکَذٰلِکَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ فِیۡ قَرۡیَۃٍ مِّنۡ نَّذِیۡرٍ اِلَّا قَالَ مُتۡرَفُوۡہَاۤ ۙ اِنَّا وَجَدۡنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّۃٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِہِمۡ مُّقۡتَدُوۡنَ ﴿۲۴﴾

২৪
এবং এইভাবে (হে নবী!) আমরা তোমার পূর্বে এমন কোন জনপদে কোন সতর্ককারী পাঠাই নাই যাহার বিত্তশালী লোকগণ এই কথা বলে নাই যে, ‘নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদিগকে এক ধর্ম-পদ্ধতির উপর বদ্ধপরিকর পাইয়াছি এবং আমরা তাহাদেরই পদাংক অনুসরণ করিয়া যাইতেছি।’

قٰلَ اَوَلَوۡ جِئۡتُکُمۡ بِاَہۡدٰی مِمَّا وَجَدۡتُّمۡ عَلَیۡہِ اٰبَآءَکُمۡ ؕ قَالُوۡۤا اِنَّا بِمَاۤ اُرۡسِلۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ ﴿۲۵﴾

২৫
সে (তাহাদের রসূল) বলিল, ‘যে ধর্ম-পদ্ধতির উপর তোমরা তোমাদের পিতৃপুরুষদিগকে পাইয়াছ, যদি আমি উহার চাইতেও উৎকৃষ্টতর শিক্ষা তোমাদের জন্য লইয়া আসি তবুও কি (তোমরা তাহাদের পদাংক অনুসরণ করিবে)?’ তাহারা বলিল, ‘যে শিক্ষাসহ তোমরা প্রেরিত হইয়াছ, আমরা অবশ্যই উহাকে অস্বীকার করিতেছি।’

فَانۡتَقَمۡنَا مِنۡہُمۡ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُکَذِّبِیۡنَ ﴿٪۲۶﴾

২৬
অতএব আমরা তাহাদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করিলাম। সুতরাং দেখ (নবীর প্রতি) মিথ্যাআরোপকারীদের পরিণাম কিরূপ হইয়াছিল!
সূরা আয্‌ যুখ্‌রুফ - রুকু ২

وَاِذۡ قَالَ اِبۡرٰہِیۡمُ لِاَبِیۡہِ وَقَوۡمِہٖۤ اِنَّنِیۡ بَرَآءٌ مِّمَّا تَعۡبُدُوۡنَ ﴿ۙ۲۷﴾

২৭
এবং (স্মরণ কর) যখন ইব্‌রাহীম তাহার পিতা এবং তাহার জাতিকে বলিয়াছিল, ‘নিশ্চয় আমি উহা হইতে মুক্ত যাহার ইবাদত করিতেছ তোমরা,

اِلَّا الَّذِیۡ فَطَرَنِیۡ فَاِنَّہٗ سَیَہۡدِیۡنِ ﴿۲۸﴾

২৮
কেবল তিনি ব্যতিরেকে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, অতএব তিনিই আমাকে পথ প্রদর্শন করিবেন।’

وَجَعَلَہَا کَلِمَۃًۢ بَاقِیَۃً فِیۡ عَقِبِہٖ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۲۹﴾

২৯
এবং তিনি তাহার বংশের২৬৭৫ মধ্যে এই শিক্ষাকে এক স্থায়ী বিধানরূপে প্রবর্তিত করিলেন যেন তাহারা (আল্লাহ্‌র দিকে) প্রত্যাবর্তন করে।
২৬৭৫। আল্লাহ্‌তা’লার তওহীদে ইব্‌রাহীম (আঃ) এত দৃঢ়-বিশ্বাসী ছিলেন এবং এই বিশ্বাস আপন পুত্র-পৌত্রাদির মধ্যে এমন শক্তভাবে প্রোথিত করিয়াছিলেন যে, এই বিশ্বাস বংশ পরাম্পরায় দীর্ঘকাল তাহাদের মধ্যে স্থায়ী হইয়াছিল।

بَلۡ مَتَّعۡتُ ہٰۤؤُلَآءِ وَاٰبَآءَہُمۡ حَتّٰی جَآءَہُمُ الۡحَقُّ وَرَسُوۡلٌ مُّبِیۡنٌ ﴿۳۰﴾

৩০
না, বরং আমি ইহাদিগকে এবং ইহাদের পিতৃপুরুষ দিগকে ক্রমাগত পার্থিব ধন-সম্ভার দান করিয়া আসিয়াছি, যতক্ষণ পর্যন্ত না তাহাদের নিকট সত্য (কুরআন) এবং সুস্পষ্ট বর্ণনাকারী রসূল আগমন করিল।