৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৪ আয়াত এবং ৫ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

یٰسٓ ۚ﴿۲﴾

২
ইয়াসীন,২৪২৬
২৪২৬। ইয়াসীন এই সংযুক্ত দুইটি অক্ষরের মধ্যে ‘সীন’ অক্ষরটি ইবনে আব্বাসের মতে, ‘আল্ ইনসান (পূর্ণতম মানব) অর্থে অথবা সৈয়দ (পূর্ণতম নেতা) অর্থে ব্যবহৃত হইয়াছে। অতএব ইয়াসীন অর্থ দাঁড়ায়, হে পূর্ণতম মানব বা পূর্ণতম নেতা। জ্ঞানীগুণীদের ঐক্যমত এই যে, এই গুণবাচক কথাটি পবিত্র রসূল মুহাম্মদ (সাঃ) সম্বন্ধে প্রয়োগ করা হইয়াছে। প্রকৃতপক্ষে তিনি পূর্ণতম মানব, কেননা মানবেতিহাসে একমাত্র তাহাকেই ‘আদর্শ ও নমুনা’ বলিয়া চিহ্নিত করা যায়। আর তিনিই পূর্ণতম নেতা, কেননা তাঁহার আগমনের পরে তাঁহারই নেতৃত্বকে অবলম্বন ও অনুসরণ করিয়া কেবল মাত্র তাঁহার উম্মতের মধ্য হইতেই ঐশী বাণী প্রাপ্ত বড় বড় ধর্ম সংস্কারক ও ধর্মশিক্ষকগণ আগমন করিতে থাকিবেন, পূর্বের অন্যান্য নবীগণের অনুসারীদের জন্য ঐশী বাণী প্রাপ্তির দরজা একেবারে বন্ধ হইয়া গিয়াছে।

وَالۡقُرۡاٰنِ الۡحَکِیۡمِ ۙ﴿۳﴾

৩
হিকমত পূর্ণ কুরআনের২৪২৭ শপথ,
২৪২৭। মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর নবুওয়াতের সত্যতার সবচেয়ে যুক্তিগ্রাহ্য ও কার্যকরী দলীল হইল মহাগ্রন্থ কুরআন। তাঁহার সত্যতার এর চেয়ে বড় প্রমাণ আর কি হইতে পারে যে, নিজে নিরক্ষর হওয়া সত্বেও তিনি এমন একখানা ধর্ম-গ্রন্থ পৃথিবীকে উপহার দিলেন, যাহা গরিমা ও প্রজ্ঞায় পরিপূর্ণ, যাহা বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণাবলী ও সৌন্দর্যরাশিতে পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলিকে সকল দিক দিয়া অতিক্রম করিয়া বহুদূর চলিয়া গিয়াছে। এই কুরআন পূর্ণতম বিধান যাহা পালনের মাধ্যমে আগামীতে সর্বকালের মানব-মণ্ডলী নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করিতে পারিবে।

اِنَّکَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ ۙ﴿۴﴾

৪
নিশ্চয় তুমি রসূলগণের অন্তর্ভুক্ত,

عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ؕ﴿۵﴾

৫
সরল-সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত।২৪২৭-ক
২৪২৭-ক। এখন মহানবী (সাঃ)-এর পথই একমাত্র সত্য ও সরল-সুদৃঢ় পথ, যাহা মানুষকে আল্লাহ্‌র কাছে পৌঁছাইয়া দিতে পারে। এই আয়াত নবী এবং দার্শনিকের মধ্যে একটি সূক্ষ্ম প্রভেদ রচনা করে। একজন দার্শনিককে সত্যলাভের জন্য দীর্ঘসময় ব্যয় করিতে হয় এবং সে প্রায়ই সত্য অনুসন্ধানের মধ্যেই পথ হারাইয়া ফেলে, কিন্তু আল্লাহ্‌র একজন নবী খুব সংক্ষিপ্ত পথ ও স্বল্পতম সময়ের মধ্যে সত্যের উদ্ঘাটন করে তিনি প্রত্যক্ষভাবে ঐশী-বাণীর দ্বারা পরিচালিত হন বলিয়া দার্শনিকের মত তাহাকে দুর্বোধ্য ও জটিল ধ্যান-ধারণার গোলক ধাঁধাঁয় আবর্তিত হইতে হয় না।

تَنۡزِیۡلَ الۡعَزِیۡزِ الرَّحِیۡمِ ۙ﴿۶﴾

৬
(এই কুরআন) মহা পরাক্রমশালী, পরম দয়াময়ের নিকট হইতে অবতারিত,

لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اُنۡذِرَ اٰبَآؤُہُمۡ فَہُمۡ غٰفِلُوۡنَ ﴿۷﴾

৭
যেন তুমি সেই জাতিকে সতর্ক কর, যাহাদের পিতৃপুরুষগণকে সতর্ক করা হয় নাই যাহার ফলে তাহারা গাফেল।

لَقَدۡ حَقَّ الۡقَوۡلُ عَلٰۤی اَکۡثَرِہِمۡ فَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۸﴾

৮
তাহাদের অধিকাংশের সম্বন্ধে (আমাদের) বাক্য অবশ্যই পূর্ণ হইয়া গিয়াছে, অতএব তাহারা ঈমান আনিতেছে না।

اِنَّا جَعَلۡنَا فِیۡۤ اَعۡنَاقِہِمۡ اَغۡلٰلًا فَہِیَ اِلَی الۡاَذۡقَانِ فَہُمۡ مُّقۡمَحُوۡنَ ﴿۹﴾

৯
নিশ্চয় আমরা তাহাদেরর গলায় বেড়ি২৪২৮ পরাইয়া দিয়াছি যাহা তাহাদের চিবুক পর্যন্ত পৌঁছিয়া গিয়াছে, ফলে তাহারা (কষ্ট হইতে বাঁচিবার জন্য) মাথা উঁচু করিয়া আছে।২৪২৮-ক
২৪২৮। এস্থলে ‘আগ্‌লাল’ দ্বারা পূর্বপুরুষাগত চালচলন, রীতিনীতি, কুসংস্কার ইত্যাদির বেড়ী ও শৃঙ্খলকে বুঝায়,যাহা অবিশ্বাসীদিগকে দৃঢ়বন্ধনে আবদ্ধ করিয়া রাখে ও মুক্তি দান করে না। ইহা সত্য গ্রহণের পথে এবং উন্নতির পথে বিরাট বাধা হইয়া থাকে।
২৪২৮-ক। যদিও কোন ব্যক্তি বুদ্ধি ও যুক্তির দ্বারা নিজেকে ভ্রান্তিপূর্ণ সংস্কারের বেড়াজাল হইতে মুক্ত করিতে চায়, তথাপি চতুর্দিক হইতে তাহার উপর এত চাপ আসে যে, সে কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়ে।

وَجَعَلۡنَا مِنۡۢ بَیۡنِ اَیۡدِیۡہِمۡ سَدًّا وَّمِنۡ خَلۡفِہِمۡ سَدًّا فَاَغۡشَیۡنٰہُمۡ فَہُمۡ لَا یُبۡصِرُوۡنَ ﴿۱۰﴾

১০
এবং আমরা তাহাদের সম্মুখেও এক প্রতিবন্ধক এবং পশ্চাতেও এক প্রতিবন্ধক সৃষ্টি করিয়া দিয়াছি এবং তাহাদিগকে ঢাকিয়া দিয়াছি; সুতরাং তাহারা দেখিতে পারে না!২৪২৯
২৪২৯। চিরাচরিত প্রথার প্রতি অতিরিক্ত অনুরক্তি,সঙ্কীর্ণচিত্ততাও আত্মম্ভরিতা, অবিশ্বাসীগণকে ভাবিয়া দেখার অবসর দেয়না যে,ইসলাম গ্রহণের মাধ্যমে তাহারা কত বিরাট উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হইতে পারে এবং একথা ভাবিবারও তাহারা সময় পায় না যে,পূর্ববর্তী অবিশ্বাসীগণ সত্যের বিরোধিতার জন্য আল্লাহ্‌র কাছে ইহলোকেই কত শাস্তি পাইয়াছে।