الأحزاب
Al-Ahzab
ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৭৪ আয়াত এবং ৯ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার তারিখ ও প্রসংগ
এই সূরাটি মদীনায় নাযেল হইয়াছিল। হিজরতের ৫ম বৎসর হইতে শুরু করিয়া ৭ম বৎসর, এমনকি কাহারো অভিমত অনুযায়ী, হিজরী ৮ম ও নবম বৎসর পর্যন্ত এই সূরাটি অবতীর্ণ হয়। অবশ্য এই বিষয়ের সত্যতা প্রতিপন্ন করিবার মত যথেষ্ট অভ্যন্তরীণ প্রমাণাদিও বর্তমান রহিয়াছে। পূর্ববর্তী কয়েকটি সূরায় বারবার অত্যন্ত জোরালো ভাষায় এই ভবিষ্যদ্বাণী করা হইয়াছিল যে, ইসলাম ক্রমাগত উন্নতির দিকে ধাবিত হইবে এবং ইহার বর্তমান দুর্বলতা অতিক্রম করিয়া ধীরে ধীরে শক্তি সঞ্চয় করিবে। আর এই অগ্রগতি ততক্ষণ পর্যন্ত চলিতে থাকিবে যতক্ষণ পর্যন্ত না সমস্ত আরবে ইসলামের বাণীকে গ্রহণ করা হইবে এবং যতক্ষণ পর্যন্ত না পৌত্তলিকতার বিলুপ্তি এমনভাবে ঘটিবে যে, উহা যেন আর কখনোই ফিরিয়া না আসিতে পারে। আলোচ্য সূরার অব্যবহিত আগের সূরা ‘আস্ সেজ্দায়’ বলা হইয়াছিল যে, অচিরেই মুসলমানদিগকে সর্বপ্রকার জাগতিক সম্পদ ও বস্তুগত উন্নতির উপকরণাদি দেওয়া হইবে। অতঃপর, উক্ত সূরার শেষের দিকে কাফেরদের বিদ্রুপাত্মক একটি প্রশ্নের উল্লেখ করা হইয়াছে, যেখানে তাহারা জানিতে চাহিয়াছিল যে, ইসলামের বিজয় ও অগ্রগতি সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করা হইয়াছে, উহার পূর্ণতা কখন হইবে? ইহার উত্তরে অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বর্তমান সূরাটিতে জানানো হইয়াছে যে, ইসলামের বিজয় ও সাফল্য সংক্রান্ত ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই পূর্ণতা লাভ করিয়াছে এবং ইসলাম একটি বিরাট শক্তি হিসাবেও ইতিমধ্যে প্রতিষ্ঠিত হইয়াছে।
বিষয়বস্ত
একটি রাজনৈতিক শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা এবং একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা হিসাবে ইসলামের উত্তরণের পর শরীয়াতের বিধি-বিধান বেশ দ্রুত হারে একটির পর একটি অবতীর্ণ হইতে থাকে, যাহাতে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া যায়। বর্তমান সূরাটিতে এই ধরণের একাধিক বিধি-বিধান অন্তর্ভুক্ত রহিয়াছে। শুরুতেই ইহা আরব সমাজে প্রচলিত দীর্ঘদিনের একটি কুপ্রথাকে রহিত করিয়াছে, আর এই বদ্ধমূল প্রথাটি হইতেছে, অন্যের পুত্রকে একেবারে নিজের পুত্র হিসাবেই গ্রহণ করা। অতঃপর, উল্লেখ করা হইয়াছে যে, মুসলমানদের সহিত হযরত মুহাম্মদ (সাঃ)-এর আধ্যাত্মিক সম্পর্কের স্বরূপ কি এবং বাস্তব ক্ষেত্রেই উহা কতটুকু গভীর ও যথার্থ ভাবে বিদ্যমান তাহা বুঝানো হইয়াছে। বস্তুতঃ, নবী হিসাবে তিনি তাঁহার উম্মতের নিকট আধ্যাত্মিক-পিতা সদৃশ এবং সেই দিক দিয়া তাহাদের নিজ সত্তা অপেক্ষাও নবী মুহাম্মাদ (সাঃ)-এর সত্তা তাহাদের অধিকতর নিকটবর্তী এবং তাঁহার স্ত্রীগণ হইতেছে মো’মেনদের আধ্যাত্মিক মাতা স্বরূপ। সূরাটিতে অতঃপর খন্দক-যুদ্ধের কিছুটা বর্ণনা দেওয়া হইয়াছে। এই যুদ্ধ ছিল সেই সময় পর্যন্ত অনুষ্ঠিত শত্রুর সহিত মুখোমুখি যুদ্ধের মধ্যে সর্বাপেক্ষা ভয়াবহ। সমস্ত আরব যেন এক ব্যক্তির মত মুসলমানদের বিরুদ্ধে খাড়া হইয়া গিয়াছিল এবং তাহাদের ১০,০০০ হইতে ২০,০০০ এর মত এক সুসজ্জিত ও শক্তিশালী বাহিনী মদীনার উপকণ্ঠে গিয়া হাযির হইয়াছিল। মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য, (১২০০ এর মত), যদিও কোন কোন লেখকের বর্ণনানুযায়ী নারী-পুরুষ ও শিশু মিলাইয়া যাহারা পরিখা খননের কাজে অংশ গ্রহণ করিয়াছিল তাহাদের সম্মিলিত সংখ্যা ছিল ৩০০০ এর কাছাকাছি। কাজেই সৈন্য-সংখ্যার বিবেচনায় এই যুদ্ধ ছিল খুবই অসম প্রকৃতির। তদুপরি, মুসলমানরা ছিল নিদারুন দুঃখ-কষ্টের মধ্যে নিপতিত। কিন্তু আল্লাহ্ নিজ সৈন্যদল অর্থাৎ ফিরিশতাদিগকে প্রেরণ করিলেন এবং শত্রুপক্ষের শক্তিশালী বাহিনী ছত্রভঙ্গ ও পর্যুদস্ত হইয়া পলায়ন করিল। পরবর্তী কয়েকটি আয়াতে বলা হইয়াছে যে, একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যেরূপ একনিষ্ঠ অনুসারীরও অভাব থাকে না, তেমনি কিছু কিছু দুর্বলচেতা বিশ্বাসী এবং মোনাফেক ধরণের লোকও পরিলক্ষিত হইয়া থাকে। এইসব মোনাফেকরা বেশ জোর গলায় নিজেদেরকে খাঁটি অনুসারী বলিয়া ব্যক্ত করে, কিন্তু নবী করীম (সাঃ)-এর সময়ে যখন মদীনা শম্ভু কর্তৃক আক্রান্ত হইল, তখন এই সব মোনাফেকরা অত্যন্ত বাজে ওজর দেখাইয়া মুসলমানদের পক্ষে যুদ্ধ করা হইতে বিরত থাকিল। তাহারা তাহাদের অঙ্গীকার ভঙ্গ করিল। ইহাদের মধ্যে বনু কোরায়যা গোত্রই ছিল প্রথম যাহারা তাহাদের চুক্তির শর্ত ভঙ্গ করে এবং মুসলমানরা যখন চারিদিক দিয়া শত্রু কর্তৃক আক্রান্ত এবং ইসলামের ভবিষ্যতও অনেকটা অনিশ্চিত, তখন তাহারা মুসলমানদের পক্ষ ত্যাগ করে। শত্রু সম্মিলিত বাহিনী ছত্রভঙ্গ হইয়া পলায়নের পর নবী করীম (সাঃ) এই গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং তাহাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন।
খন্দকের যুদ্ধ যখন শেষ হইল এবং বনু কোরায়যা গোত্রকে যখন নির্বাসন দেওয়া হইল, তখন মুসলমানদের হাতে প্রচুর পরিমাণে যুদ্ধ-লব্ধ সম্পদ আসিয়া জমা হইল। এক নিতান্ত অসহায় ও আর্থিকভাবে দরিদ্র অবস্থা হইতে মুসলমানরা হঠাৎ ধনী, শক্তিশালী ও এক উন্নতিশীল জাতিতে পরিণত হইল। বস্তুগত প্রাচুর্যের স্বাভাবিক পরিণতি এই যে, ইহার ফলে, মানুষ পার্থিব মনোভাব-সম্পন্ন হয় এবং আরাম-আয়েসের দিকে ঝুঁকিয়া পড়ে এবং পূর্বে তাহার মধ্যে সেবা ও ত্যাগের যে প্রবণতা থাকে তাহাতে অনেকটা অনীহা দেখা দেয়। ইহা এমন ধরণের বিষয় যাহার মোকাবিলায় আল্লাহ্র তরফ হইতে প্রেরিত যে কোন সংস্কারককে বিশেষভাবে সতর্ক থাকতে হয়। সাধারণতঃ এই ধরণের আরাম-প্রিয়তা পারিবারিক পরিসরে প্রথম পরিলক্ষিত হইয়া থাকে। পরবর্তীতে নবী করীমের (সাঃ)-এর পরিবারের সদস্যগণকে যেহেতু সামাজিক আচরণের ক্ষেত্রে নমুনা বা আদর্শ স্থাপন করিতে হইবে, তাই, ইহা অত্যন্ত যুক্তি-সঙ্গত বিষয় যে, প্রথমেই জীবন যাপনের ব্যাপারে তাহাদের পক্ষে স্বার্থ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। এই উদ্দেশ্যে হযরত রসুলে করীম (সাঃ)-এর পত্নীগণকে আহ্বান জানানো হইয়াছিল যে, একদিকে পার্থিব আরাম-আয়েস এবং অন্যদিকে নবী করীম (সাঃ)-এর সহজ, সাদামাটা এবং কষ্টকর জীবনের মধ্যে কোনূটিকে তাহারা বরণ করিয়া নিবে। অত্যন্ত তাৎক্ষণিকভাবেই নবী করীম(সাঃ)-এর পত্নীগণ এই ব্যাপারে তাহাদের মনোভাব ব্যক্ত করেন এবং নবীজী (সাঃ)-এর সাহচর্যকেই তাঁহারা পসন্দ করিয়া নেন। নবী করীম (সাঃ)-এর স্ত্রীগণকে তাই বিশেষভাবে নির্দেশ দেওয়া হয় যাহাতে দয়া ও ধার্মিকতার কাজে তাঁহারা এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেন, যাহা আল্লাহ্র শ্রেষ্ঠতম নবীর সহধর্মিণী হিসাবে তাঁহাদের জন্য যথাযোগ্য এবং তাঁহাদের সম্মান ও সুউচ্চ পদমর্যাদা রক্ষা এবং মুসলমানদের ধর্ম-সংক্রান্ত বিষয়াদি শিক্ষা দিবার জন্য একান্ত জরুরী। অতঃপর, সূরাটিতে হযরত যায়েদের (রাঃ) সাথে বিবি যয়নবের (রাঃ) বিবাহ সংক্রান্ত বিষয়টির উল্লেখ করা হইয়াছে। এই বিবাহের ব্যর্থতা ও পরবর্তী পর্যায়ে হযরত রসূলে করীম (সাঃ)-এর সাথে বিবি যয়নবের (রাঃ) বিবাহের মাধ্যমে দ্বিবিধ উদ্দেশ্য সাধিত হইয়াছে। বিবি যয়নব (রাঃ) ছিলেন হযরত মুহাম্মদ (সাঃ)-এর ফুফাত বোন এবং জন্মসূত্রে এক অতি সন্ত্রান্ত আরব মহিলা। স্বাভাবিকভাবেই তাঁহার কৌলীন্য ও উচ্চ সামাজিক পদমর্যাদার ব্যাপারে বেশ গর্বিত থাকার কথা; আর অন্যদিকে যায়েদ (রাঃ) ছিলেন একজন মুক্তিপ্রাপ্ত কৃতদাস। এই বিবাহের মাধ্যমে হযরত মুহাম্মদ (সাঃ) তৎকালীন আরব সমাজে প্রচলিত ঘৃণ্য সামাজিক বৈষম্য ও শ্রেণী-বিভেদ প্রথার মূলোৎপাটন করিতে চাহিয়াছিলেন। কেননা, ইসলামী মতে আল্লাহ্র দৃষ্টিতে সকল মানুষই স্বাধীন ও সমান। অতঃপর, সূরাটিতে একটি অমূলক আশংকার নিরসন করা হইয়াছে, যাহা দত্তক-পুত্র গ্রহণ প্রথা নিরসন করায় বিরুদ্ধবাদীদের মনে সংক্রামিত হইয়াছিল। উহা হইতেছে এই যে, নবী করীম (সাঃ)-এর কোন পুত্রসন্তান না থাকায় তিনি অপুত্রক হিসাবে মারা যাইবেন এবং তাঁহার কোন উত্তরসূরী না থাকাতে ইসলামও ধীরে ধীরে মুনি হইয়া একদিন মৃত্যুবরণ করিবে। সূরাটিতে বলা হইয়াছে যে, আল্লাহ্তা’লার নিজস্ব পরিকল্পনা ইহাই ছিল যে, হযরত মুহাম্মদ (সাঃ)-এর দৈহিক কোন পুত্র সন্তান থাকিবে না, কিন্তু ইহার অর্থ এই নয় যে, তিনি নিঃসন্তান থাকবেন, কেননা বিশ্ব নবী হিসাবে তিনি সকল মানব জাতির আধ্যাত্মিক পিতা। এই দাবীর বাস্তব প্রামণ হিসাবে সকল যুগেই তাঁহার (সাঃ) অনুগত এক অত্যন্ত বিশ্বস্ত ও আল্লাহ্-ভীরু সম্প্রদায় থাকিবে, যাহারা তাঁহার আধ্যাত্মিক সন্তান তুল্য হইবে। সূরাটিতে আরো বলা হইয়াছে যে, যেহেতু হযরত মুহাম্মদ (সাঃ) সকল বিশ্বাসীদের আধ্যাত্মিক পিতা, সেই হিসাবে তাঁহার স্ত্রীগণও তাহাদের আধ্যাত্মিক মাতা। সুতরাং, নবীজী (সাঃ)-এর মৃত্যুর পর তাঁহার স্ত্রীগণকে বিবাহ করা এক জঘন্য পাপের কাজ। অপর দিকে হযরত মুহাম্মদ (সাঃ)-কে নির্দেশ দেওয়া হইয়াছে যাহাতে তিনি তাঁহার বর্তমান স্ত্রীগণের কাহাকেও তালাক না দেন এবং নূতন কোন স্ত্রীও গ্রহণ না করেন। নবী করীম (সাঃ)-এর পত্নীগণকেও নির্দেশ দেওয়া হইয়াছে যাহাতে তাহারা বিশ্বাসীদের মাতা (উম্মুল মোমেনীন) হিসাবে নিজেদের মান সম্ভ্রম বজায় রাখার দিকে খেয়াল রাখেন এবং ঘরের বাহিরে যাইবার সময় তাহাদের বহিরাবরণ ও দেহের পরিধেয় পোষাকের ব্যাপারে কিছু নিয়ম-নীতি মানিয়া চলেন। এই বিষয়টিই হইতেছে নারীদের পর্দা সংক্রান্ত নির্দেশ এবং যদিও নবীজী (সাঃ)-এর পত্নীগণকে সম্বোধন করিয়া এই নির্দেশ দেওয়া হইয়াছে, তথাপি সকল মুসলমান নারীদের জন্যও ইহা সমানভাবে প্রযোজ্য। সূরাটির শেষের দিকে মানুষের সৃষ্টির মহৎ উদ্দেশ্যকে স্মরণ করাইয়া দিয়া বলা হইয়াছে যে, আল্লাহ্তা’লার সকল সৃষ্টির মধ্য-মণি ও মুকুট হিসাবে মানুষের দায়িত্বও অত্যন্ত মহান। এইজন্য মানুষের প্রকৃতিতে এইরূপ সামর্থ্য দেওয়া হইয়াছে যাহা অন্য কোন প্রাণীকে দেওয়া হয় নাই। বস্তুতঃ সকল সৃষ্টির মধ্যে একমাত্র মানুষেরই এই ক্ষমতা রহিয়াছে যে, সে শরীয়তের বিধি-বিধান মানিয়া চলিতে পারে এবং একমাত্র মানুষই নিজ সত্তায় আল্লাহ্তা’লার গুণাবলীর প্রতিফলন ঘটাইয়া নিজেকে আল্লাহ্র গুণে গুণান্বিত করিতে পারে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا النَّبِیُّ اتَّقِ اللّٰہَ وَلَا تُطِعِ الۡکٰفِرِیۡنَ وَالۡمُنٰفِقِیۡنَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ۙ﴿۲﴾
وَّاتَّبِعۡ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ۙ﴿۳﴾
وَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۴﴾
مَا جَعَلَ اللّٰہُ لِرَجُلٍ مِّنۡ قَلۡبَیۡنِ فِیۡ جَوۡفِہٖ ۚ وَمَا جَعَلَ اَزۡوَاجَکُمُ الّٰٓئِیۡ تُظٰہِرُوۡنَ مِنۡہُنَّ اُمَّہٰتِکُمۡ ۚ وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَاللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَہُوَ یَہۡدِی السَّبِیۡلَ ﴿۵﴾
اُدۡعُوۡہُمۡ لِاٰبَآئِہِمۡ ہُوَ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ ۚ فَاِنۡ لَّمۡ تَعۡلَمُوۡۤا اٰبَآءَہُمۡ فَاِخۡوَانُکُمۡ فِی الدِّیۡنِ وَمَوَالِیۡکُمۡ ؕ وَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ فِیۡمَاۤ اَخۡطَاۡتُمۡ بِہٖ ۙ وَلٰکِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۶﴾
اَلنَّبِیُّ اَوۡلٰی بِالۡمُؤۡمِنِیۡنَ مِنۡ اَنۡفُسِہِمۡ وَاَزۡوَاجُہٗۤ اُمَّہٰتُہُمۡ ؕ وَاُولُوا الۡاَرۡحَامِ بَعۡضُہُمۡ اَوۡلٰی بِبَعۡضٍ فِیۡ کِتٰبِ اللّٰہِ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُہٰجِرِیۡنَ اِلَّاۤ اَنۡ تَفۡعَلُوۡۤا اِلٰۤی اَوۡلِیٰٓئِکُمۡ مَّعۡرُوۡفًا ؕ کَانَ ذٰلِکَ فِی الۡکِتٰبِ مَسۡطُوۡرًا ﴿۷﴾
وَاِذۡ اَخَذۡنَا مِنَ النَّبِیّٖنَ مِیۡثَاقَہُمۡ وَمِنۡکَ وَمِنۡ نُّوۡحٍ وَّاِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی وَعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ ۪ وَاَخَذۡنَا مِنۡہُمۡ مِّیۡثَاقًا غَلِیۡظًا ۙ﴿۸﴾
لِّیَسۡـَٔلَ الصّٰدِقِیۡنَ عَنۡ صِدۡقِہِمۡ ۚ وَاَعَدَّ لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا اَلِیۡمًا ﴿٪۹﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ جَآءَتۡکُمۡ جُنُوۡدٌ فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِیۡحًا وَّجُنُوۡدًا لَّمۡ تَرَوۡہَا ؕ وَکَانَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرًا ۚ﴿۱۰﴾