৩৩

الأحزاب

সূরা আল্ আহ্‌যাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৪ আয়াত এবং ৯ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

یٰۤاَیُّہَا النَّبِیُّ اتَّقِ اللّٰہَ وَلَا تُطِعِ الۡکٰفِرِیۡنَ وَالۡمُنٰفِقِیۡنَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ۙ﴿۲﴾

২
হে নবী!২৩২৯ তুমি আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং কাফেরদের ও মোনাফেকদের আনুগত্য করিও না।
২৩২৯। রসূলে পাক (সাঃ)-কে আয়াতে ‘আন্‌ নবী’ বলিয়া সম্বোধন করা হইয়াছে। কুরআনের অন্যান্য স্থানেও তাঁহাকে ‘আন্‌ নবী’ (সেই নির্দিষ্ট নবী) বলিয়া অভিহিত করা হইয়াছে। অন্য কোন নবীকে কুরআনে কিংবা অবতীর্ণ অন্য কোন গ্রন্থে এরূপভাবে ‘আন্‌ নবী’ বলিয়া উল্লেখ করা হয় নাই। অন্যান্য নবীগণকে তাহাদের পিতৃদত্ত নামেই ডাকা হইয়াছে। এই সম্বোধন-বৈশিষ্ট্য ইহাই প্রমাণ করে যে, মহানবী (সাঃ) সত্যিই ‘আন্‌ নবী’ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবী। ‘আন্‌ নবী’ বলার অন্য অর্থ ইহাও হইতে পারে যে, মহানবী (সাঃ)-ই ‘সেই নবী’ যাঁহার আগমনের ভবিষ্যদ্বাণী বাইবেলে মওজুদ রহিয়াছে। (যোহন-১ঃ২৪,২৫)।

وَّاتَّبِعۡ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ۙ﴿۳﴾

৩
তোমার প্রতি তোমার প্রতিপালকের নিকট হইতে যে ওহী নাযেল করা হয়, তুমি (কেবল) উহার অনুসরণ কর। তোমরা যাহা কর উহা সম্বন্ধে নিশ্চয় আল্লাহ্ সম্যক অবহিত আছেন।

وَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۴﴾

৪
এবং তুমি আল্লাহ্‌র উপর নির্ভর কর; কার্য-সম্পাদনকারী হিসাবে বস্তুতঃ আল্লাহ্‌ই যথেষ্ট।

مَا جَعَلَ اللّٰہُ لِرَجُلٍ مِّنۡ قَلۡبَیۡنِ فِیۡ جَوۡفِہٖ ۚ وَمَا جَعَلَ اَزۡوَاجَکُمُ الّٰٓئِیۡ تُظٰہِرُوۡنَ مِنۡہُنَّ اُمَّہٰتِکُمۡ ۚ وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَاللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَہُوَ یَہۡدِی السَّبِیۡلَ ﴿۵﴾

৫
আল্লাহ্ কোন পুরুষের বক্ষাভ্যন্তরে দুইটি হৃদয় সৃষ্টি করেন নাই এবং তিনি তোমাদের স্ত্রীগণকে, যাহাদিগকে তোমরা জননী বলিয়া ফেল, তোমাদের (গর্ভধারিণী) জননী২৩৩০ বানান নাই এবং তিনি তোমাদের পোষ্য-পুত্রকে২৩৩১ তোমাদের (ঔরসজাত) পুত্র বানান নাই। এই সব তোমাদের মুখের কথা মাত্র, এবং আল্লাহ্‌ সত্য বলেন এবং তিনিই সঠিক-পথ প্রদর্শন করেন।
২৩৩০। ‘যীহার’ বা ‘মুযাহারা’ বলিতে স্ত্রীকে মৌখিকভাবে ‘মা’ বলিয়া পৃথক রাখা বুঝায়, (লেইন)।
২৩৩১। ‘দাঈ’, শব্দের বহুবচন ‘আদইয়াউ’। ‘দাঈ’ অর্থ, পুত্ররূপে গৃহীত ব্যক্তি; পুত্র নয় অথচ পুত্ররূপে গৃহীত ব্যক্তি; যাহাকে স্বীয় পিতা নয় এমন ব্যক্তি পুত্ররূপে বরণ করিয়া লয়। পোষ্য-পুত্র; এমন ব্যক্তি যাহার পিতৃপরিচয় বা বংশ পরিচয় নাই। যে ব্যক্তি নিজের পিতাকে পিতারূপে পরিচয় না দিয়া অন্য পিতৃ পরিচয় গ্রহণ করে (লেইন)। মহানবী (সাঃ)-এর সময়ে আরবদেশে ব্যাপকভাবে প্রচলিত দুইটি বদ্ধমূল কুসংস্কারকে এই আয়াতের সাহায্যে নির্মূল করা হইয়াছে। এই দুইটির মধ্যে জঘন্যতর হইল ‘যিহার’—স্বামী তাহার স্ত্রীকে রাগের মাথায় ‘মা’ ডাকিয়া ফেলিত। ফলে, স্ত্রী স্বামী-সঙ্গ হইতে সম্পূর্ণ বঞ্চিত হইয়া যাইত, স্ত্রীর দাবী খাটাইতে পারিত না অথচ স্বামীর বন্ধন হইতেও মুক্ত হইতে পারিত না। নারী-স্বাধীনতার পুরোধা এই ইসলাম, এইরূপ অসহনীয় একটি বর্বর রীতিকে মোটেই সহ্য করিতে পারিল না। অন্য রীতিটি হইল অন্যের পুত্রকে নিজের পুত্ররূপে গ্রহণ করা এবং ইহাকে কার্যতঃসত্য সত্য রক্ত-সম্পর্ক গণ্য করা। এই রীতি একেতো মিথ্যার প্রশ্রয় দেয়, দ্বিতীয়তঃ রক্তের সম্পর্কের মধ্যে নানা প্রকার ফাটলের সৃষ্টি করতঃ সামাজিক জটিলতা বৃদ্ধি করে। এইরূপ করা নিরর্থক বোকামী ছিল। এই কুরীতিগুলি উঠাইয়া দেওয়ার কারণ স্বরূপ এই যুক্তি দেখানো হইয়াছে, ‘আল্লাহ্‌ কোন পুরুষের বক্ষাভ্যন্তরে দুইটি হৃদয় সৃষ্টি করেন নাই।’ মানুষের হৃদয়ই তাহার আবেগ ও অনুভূতির উৎসস্থল। একই সময়ে একই হৃদয় দুই ধরণের অনুভূতি ধারণ করিতে পারে না; বিপরীতমুখী ধ্যান-ধারণা ও ভাবাবেগ একই সঙ্গে সেখানে স্থান পায় না। তদুপরি, মানুষের বিভিন্ন সম্পর্ক বিভিন্ন ভাবাবেগ উদ্রেক করে। স্ত্রীকে মা ডাকিলেই কিংবা পর-পুত্রকে পুত্র ডাকিলেই, যথার্থ ভাবাবেগের উদ্রেক হইতে পারে না। স্ত্রী কখনও মাতা হইতে পারে না, অজানা-অচেনা ব্যক্তি কখনও পুত্র হইতে পারে না। কেবল মুখের বুলিতে মনের অবস্থা বদলাইতে পারে না, দৈহিক সম্পর্কের সত্যতাকেও পরিবর্তন করিতে পারে না।

اُدۡعُوۡہُمۡ لِاٰبَآئِہِمۡ ہُوَ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ ۚ فَاِنۡ لَّمۡ تَعۡلَمُوۡۤا اٰبَآءَہُمۡ فَاِخۡوَانُکُمۡ فِی الدِّیۡنِ وَمَوَالِیۡکُمۡ ؕ وَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ فِیۡمَاۤ اَخۡطَاۡتُمۡ بِہٖ ۙ وَلٰکِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۶﴾

৬
তোমরা তাহাদিগকে তাহাদের পিতৃগণের (পুত্র) বলিয়া ডাকিও; ইহা আল্লাহ্‌র নিকট অধিকতর ন্যায়সঙ্গত কথা, কিন্তু যদি তোমরা তাহাদের পিতৃগণকে না জান, তাহা হইলে তাহারা তোমাদের ধর্মীয় ভাই এবং তোমাদের বন্ধু। এবং তোমরা (পূর্বে) যাহা ভুল করিয়াছ তাহার জন্য তোমাদের উপর কোন পাপ বর্তিবে না, কিন্তু যে কথার উপর তোমাদের অন্তর দৃঢ় সংকল্প করিয়াছে (উহা অবশ্য শাস্তির উপযুক্ত)। বস্তুতঃ আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

اَلنَّبِیُّ اَوۡلٰی بِالۡمُؤۡمِنِیۡنَ مِنۡ اَنۡفُسِہِمۡ وَاَزۡوَاجُہٗۤ اُمَّہٰتُہُمۡ ؕ وَاُولُوا الۡاَرۡحَامِ بَعۡضُہُمۡ اَوۡلٰی بِبَعۡضٍ فِیۡ کِتٰبِ اللّٰہِ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُہٰجِرِیۡنَ اِلَّاۤ اَنۡ تَفۡعَلُوۡۤا اِلٰۤی اَوۡلِیٰٓئِکُمۡ مَّعۡرُوۡفًا ؕ کَانَ ذٰلِکَ فِی الۡکِتٰبِ مَسۡطُوۡرًا ﴿۷﴾

৭
এই নবী মো’মেনগণের জন্য তাহাদের প্রাণাপেক্ষা নিকটতর এবং তাহার পত্নীগণ তাহাদের মাতা।২৩৩২ এবং আল্লাহ্‌র কিতাব অনুসারে (অনাত্মীয়) মো’মেনগণ ও মুহাজেরগণ অপেক্ষা রক্ত-সম্পর্কীয় আত্মীয়গণ একে অপরের জন্য অধিকতর ঘনিষ্ঠ; কিন্তু তোমরা তোমাদের বন্ধুগণের২৩৩৩ সহিত সদ্ব্যবহার করিবে। ইহা এই কিতাবে লিপিবদ্ধ করা হইল।
২৩৩২। ৬ আয়াতের আদেশ সম্বন্ধে দ্ব্যর্থতা ও ভুল বুঝাবুঝির অবসান কল্পে আলোচ্য ৭ আয়াত কাজ করিতেছে। ৬ আয়াতে বলা হইয়াছিল, ‘তোমরা তাহাদিগকে তাহাদের পিতৃগণের (পুত্র) বলিয়া ডাক’, আর সপ্তম আয়াতে, প্রকারান্তরে নবী করীম (সাঃ)-কে মো’মেনগণের পিতা গণ্য করা হইয়াছে। অতএব নবী করীম (সাঃ) ও মো’মেনগণের মধ্যে আধ্যাত্মিক সম্পর্কের তত্ব-কথা ব্যক্ত হইয়াছে।
২৩৩৩। মহানবী (সাঃ)-এর আধ্যাত্মিক-পিতৃত্বে যে ইসলামী ভ্রাতৃত্ব স্থাপিত হইল, ইহাতে কেহ কেহ এরূপ ভুল ধারণার বশবর্তী হইতে পারিত যে, মুসলমানগণ পরস্পরের সম্পত্তির উত্তরাধিকারী হইবে। এই আয়াতে ঐ ভ্রান্ত ধারণার অপনোদন করা হইল এবং বলা হইল যে, কেবল রক্ত-সম্পর্কে সম্পর্কযুক্তরাই পরস্পরের সম্পদের উত্তরাধিকারী হইতে পারিবে। তবে কাফেরগণ মো’মেন আত্মীয়ের সম্পত্তির উত্তরাধিকার পাইবে না। এই আয়াত দ্বারা স্থাপিত উত্তরাধিকারের আইন, মক্কার মুহাজির ও মদীনার আনসারদের মধ্যে অস্থায়ীভাবে প্রবর্তিত উত্তরাধিকারমূলক ভ্রাতৃত্ববাদেরও অবসান ঘটাইল, যাহার আওতায় মক্কা হইতে আগত মুহাজিরগণ মদীনাবাসী আনসারবৃন্দের সাথে এমনি প্রগাঢ় ভ্রাতৃত্ব-বন্ধনে আবদ্ধ হইয়াছিলেন যে, মুহাজিরগণ স্বীয় আনসার ভাইদের সম্পত্তির উত্তরাধিকার পর্যন্ত লাভ করিয়াছিলেন। এখন স্থায়ী আইন দ্বারা ঐ অস্থায়ী ব্যবস্থারও অবসান হইল। কেবল মাত্র রক্ত-সম্পর্কেই উত্তরাধিকারের মূল-ভিত্তি গণ্য হইল। তাহা সত্ত্বেও, ইসলামের মহত্তর ও বৃহত্তর ভ্রাতৃত্বে কোন ভাঁটা পড়ে নাই। এক মুসলমান অপর মুসলমানকে ভাইয়ের মতই সমাদর করে।

وَاِذۡ اَخَذۡنَا مِنَ النَّبِیّٖنَ مِیۡثَاقَہُمۡ وَمِنۡکَ وَمِنۡ نُّوۡحٍ وَّاِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی وَعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ ۪ وَاَخَذۡنَا مِنۡہُمۡ مِّیۡثَاقًا غَلِیۡظًا ۙ﴿۸﴾

৮
এবং (স্মরণ কর) যখন আমরা নবীদের নিকট হইতে তাহাদের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম এবং তোমার নিকট হইতেও, এবং নূহ, ইব্‌রাহীম, মূসা এবং মরিয়মের পুত্র ঈসার নিকট হইতেও; বস্তুতঃ আমরা তাহাদের সকলের নিকট হইতেই এক দৃঢ় অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম;২৩৩৪
২৩৩৪। এই আয়াতে হযরত নূহ, ইব্‌রাহীম, মূসা ও ঈসা (আঃ)—এই চারিজন বিশিষ্ট নবীর নাম এই জন্য উল্লেখ করা হইয়াছে যে, ইসলাম পূর্বযুগে তাঁহারা অতি উচ্চ পর্যায়ের আল্লাহ্‌র প্রেরিত নবীরূপে অবতীর্ণ হইয়াছিলেন। নূহ (আঃ) প্রকৃত অর্থে প্রথম শরীয়াতদাতা নবী ছিলেন। হযরত ইব্‌রাহীম (আঃ), মূসা (আঃ) ও হযরত মুহাম্মদ (সাঃ)-এর পূর্বপুরুষ হিসাবে মূসায়ী শরীয়াত ও ইসলামী শরীয়াতের মিলন ক্ষেত্ররূপে চিহ্নিত হন। হযরত মুহাম্মদ (সাঃ)-এর মতই মূসা (আঃ) শরীয়াতবাহী-নবী ছিলেন। আর ঈসা (আঃ) ছিলেন বনি ইসরাঈলের শেষ নবী এবং হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমনের অগ্রদূত ও বার্তা-বাহক। ‘তাহাদের চুক্তি-নামা’ বলিতে, ঐ নবীগণ কর্তৃক তাহাদের উচ্চ মর্যাদা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালনের যে প্রতিশ্রুতি তাঁহারা আল্লাহ্‌র কাছে দিয়াছিলেন তাহা বুঝায়। ৪৩৩ টীকাও দেখুন।

لِّیَسۡـَٔلَ الصّٰدِقِیۡنَ عَنۡ صِدۡقِہِمۡ ۚ وَاَعَدَّ لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا اَلِیۡمًا ﴿٪۹﴾

৯
যেন তিনি সত্যবাদীগণকে তাহাদের সত্যতা সম্বন্ধে জিজ্ঞাসা করিতে পারেন। পক্ষান্তরে কাফেরদের জন্য তিনি এক যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করিয়া রাখিয়াছেন।
সূরা আল্ আহ্‌যাব - রুকু ১

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ جَآءَتۡکُمۡ جُنُوۡدٌ فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِیۡحًا وَّجُنُوۡدًا لَّمۡ تَرَوۡہَا ؕ وَکَانَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرًا ۚ﴿۱۰﴾

১০
হে মো’মেনগণ! তোমরা তোমাদের উপর আল্লাহ্‌র নেয়ামতকে স্মরণ কর, যখন তোমাদের উপর (শত্রুর) সৈন্য বাহিনী চড়াও করিয়া আসিয়াছিল,২৩৩৫ তখন আমরা তাহাদের উপর ঝটিকা এবং এমন সৈন্যবাহিনী২৩৩৬ পাঠাইয়াছিলাম যাহাদিগকে তোমরা দেখিতে পাও নাই; তোমরা যাহা কিছু কর, বস্তুতঃ আল্লাহ্ উহার সম্যক দ্রষ্টা।
২৩৩৫। এই আয়াত হইতে খন্দকের যুদ্ধের বর্ণনা শুরু হইল। হিজরী পঞ্চম বৎসরে এই যুদ্ধ সংঘটিত হয়। ইতিপূর্বে মুসলমানগণ কাফেরদের সাথে যত যুদ্ধ করিয়াছেন, সেইগুলি হইতে এই যুদ্ধ ছিল অতিশয় ভয়ানক, বিপজ্জনক ও হিংসাত্মক। যুদ্ধে আরবের সকলে একত্রিত হইয়া সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে আক্রমণ চালাইল। মক্কার কুরায়শ ও তাহাদের মিত্রবর্গ, গাৎফান গোত্র, আশ্জা‌হ্ ও মুররাহ্ গোত্র, ফারারাহ্ ও সুলাইম গোত্র, বনু সাদ ও বনু আসাদ গোত্র এবং মধ্য-আরবের মরু-গোত্রসমূহ সকলে মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে একত্রিত হইল। পাপিষ্ঠ ইহুদীরা এবং মদীনার মোনাফেকরাও তলে তলে ঐ সম্মিলিত শত্রুদের দলে যোগ দিল। এইভাবে দশ হাজার হইতে বিশ হাজার সুদক্ষ শত্রু সৈন্য মাত্র বার শত (কাহারও মতে স্ত্রীলোক ও শিশুসহ মোট ৩০০০ মাত্র মুসলমান খন্দক বা খাল কাটার কাজে নিয়োজিত হইয়াছিল) নাম-মাত্র অস্ত্রে সজ্জিত প্রস্তুতিহীন মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধের জন্য দণ্ডায়মান হইল। তাহারা চতুর্দিক হইতে মদীনাকে ঘেরাও করিয়া ফেলিল। এই ঘেরাও অবস্থায় পনের দিন হইতে এক মাস থাকার পর মদীনা মুক্ত হইল। এই মহা পরীক্ষার মধ্য দিয়া ইসলাম আরও শক্তিশালী হইয়া উঠিল। অতঃপর অবিশ্বাসী কুরায়শগণ ইসলামী শক্তির বিরুদ্ধে আর কখনও পা বাড়াইতে সাহস পায় নাই।
২৩৩৬। প্রকৃতির শক্তিসমূহ যথা ঝড়, বৃষ্টি ও শৈত্য আসিয়া কাফেরদের উপর ঝাঁপ্‌টাইয়া পড়িল, তাহাদের উৎসাহ-উদ্দীপনা একেবারে নিভাইয়া দিল এবং তাহারা শ্রান্ত-ক্লান্ত হইয়া কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়িল। ‘জুনুদ’ বলিতে এখানে ফিরিশ্‌তার দলকেও বুঝাইতে পারে, যাহারা কাফেরদের মনে ভীতি ও মো’মেনদের মনে সাহস যোগাইতেছিল। উইলিয়াম মুইর বলেন, “তাহাদের পশু-খাদ্য যোগান ভীষণ কষ্টসাধ্য হইয়া উঠিল। নিজেদের খাদ্যেরও ঘাটতি দেখা দিল। প্রতিদিন বহু উট ও ঘোড়া মরিতে লাগিল। তাহাদের শ্রান্ত-ক্লান্ত ও হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে রাত্রি আসিয়া উপস্থিত হইল। অরক্ষিত তাবুগুলির উপর শীত, তুফান ও বৃষ্টি নিষ্ঠুরভাবে আছড়াইয়া পড়িতে লাগিল। ঘূর্ণিঝড় উত্থিত হইল। এমনকি তাহাদের আগুন নিভিয়া গেল। তাবুগুলি উড়িয়া গেল। বাসন-কোসন ও অন্যান্য সাজ-সরঞ্জাম একেবারে লণ্ডভণ্ড হইয়া গেল।” (লাইফ অব মোহাম্মদ)।