৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافِ الَّیۡلِ وَالنَّہَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الۡاَلۡبَابِ ﴿۱۹۱﴾ۚۙ

১৯১
নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর সৃজনের মধ্যে এবং রাত্রি ও দিবসের পরিবর্তনের মধ্যে বুদ্ধিমান লোকদের৫৪৬ জন্য বহু নিদর্শন রহিয়াছে —
৫৪৬। আকাশমালা ও পৃথিবী সৃষ্টির মধ্যে এবং দিন-রাত্রির পালা বদলের অন্তরালে যে শিক্ষা মানুষের জন্য রহিয়াছে, তাহা এই যে, মানুষকে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উন্নতি অর্জনের জন্য সৃষ্টি করা হইয়াছে এবং সে যদি সৎভাবে ও ধর্মপথে নিজেকে পরিচালিত করে, তাহা হইলে তাহার জীবনে দুঃখ-কষ্ট ও অন্ধকার দূরীভূত হইয়া সুখ ও উজ্জ্বলতা আসিবেই ।

الَّذِیۡنَ یَذۡکُرُوۡنَ اللّٰہَ قِیٰمًا وَّقُعُوۡدًا وَّعَلٰی جُنُوۡبِہِمۡ وَیَتَفَکَّرُوۡنَ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ ہٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴿۱۹۲﴾

১৯২
যাহারা দাঁড়াইয়া এবং বসিয়া এবং নিজেদের পার্শ্বদেশে (শুইয়া) আল্লাহ্‌কে স্মরণ করে এবং আকাশসমূহ ও পৃথিবীর সৃজনের বিষয় চিন্তা করে (এবং বলে), ‘হে আমাদের প্রভু! তুমি এইসব বৃথা৫৪৭ সৃষ্টি কর নাই। তুমি পবিত্র, সুতরাং তুমি আমাদিগকে আগুনের আযাব হইতে রক্ষা কর;
৫৪৭। যে মহাসংবদ্ধ বিশ্বজগতের দিকে পূর্ব-আয়াতে দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে, তাহা নিশ্চয় কোনও সুনির্দিষ্ট উদ্দেশ্য ব্যতীত খাম-খেয়ালী ভাবে সৃষ্টি করা হয় নাই। মানুষকে কেন্দ্র করিয়া, এই বিশাল জগৎ ও তদস্থিত সব কিছুর সৃষ্টি মানুষকে এক মহান মর্যাদায় অধিষ্ঠিত করে এবং সাথে সাথে, তাহাকে সৃষ্টি করার বিরাট উদ্দেশ্য সম্বন্ধেও তাহাকে সচেতন করিয়া তুলে। মহাবিশ্বের প্রাকৃতিক দৃশ্যাবলীর মধ্যে যখন আধ্যাত্মিক তত্ত্বাবলী ও তাৎপর্য সম্বন্ধে মানুষ স্বীয় ধ্যান-ধারণাকে প্রসারিত করে, তখন ইহার সংবদ্ধতা, সংযোগ ও শৃঙ্খলার পরিপূর্ণতা তথা স্রষ্টার অপরিসীম প্রজ্ঞা দ্বারা সে এতই অভিভূত হইয়া পড়ে যে, তাহার সত্তার গভীরতম স্থল হইতে এই বাক্য উৎসারিত হইয়া যায়, “হে আমাদের প্রভু! এই অন্তহীন মহাবিশ্ব নিশ্চয়ই তুমি বৃথা সৃষ্টি কর নাই ।”

رَبَّنَاۤ اِنَّکَ مَنۡ تُدۡخِلِ النَّارَ فَقَدۡ اَخۡزَیۡتَہٗ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ اَنۡصَارٍ ﴿۱۹۳﴾

১৯৩
হে আমাদের প্রভু! তুমি যাহাকে আগুনে প্রবিষ্ট করিয়াছ, তাহাকে তুমি অবশ্যই লাঞ্ছিত করিয়াছ। বস্তুতঃ যালেমদের জন্য কোন সাহায্যকারী নাই;

رَبَّنَاۤ اِنَّنَا سَمِعۡنَا مُنَادِیًا یُّنَادِیۡ لِلۡاِیۡمَانِ اَنۡ اٰمِنُوۡا بِرَبِّکُمۡ فَاٰمَنَّا ٭ۖ رَبَّنَا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَکَفِّرۡ عَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الۡاَبۡرَارِ ﴿۱۹۴﴾ۚ

১৯৪
হে আমাদের প্রভু! নিশ্চয় আমরা এক আহ্বানকারীকে ঈমানের দিকে (এই বলিয়া) আহ্বান করিতে শুনিয়াছি যে, ‘তোমরা তোমাদের প্রভুর উপর ঈমান আন’; সুতরাং আমরা ঈমান আনিয়াছি। অতএব, হে আমাদের প্রভু! তুমি আমাদিগকে আমাদের পাপসমূহ৫৪৮ ক্ষমা কর এবং আমাদের মন্দ কর্মের অনিষ্টসমূহকে আমাদিগ হইতে দূরীভূত কর, এবং আমাদিগকে পূণ্যবানদের সহিত (শামিল করিয়া) মৃত্যু দাও;
৫৪৮। ‘যুনূব’ এর অর্থ হইল, মানুষের প্রকৃতিগত স্বাভাবিক দুর্বলতা, সাধারণ ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতি। মানুষের হৃদয় কন্দরের মধ্যে যে সকল স্থানে অন্ধকার জমে এবং স্বর্গীয় আলো প্রবেশ করে না, সেগুলিকেও ‘যুনূব’ বলা যায়। ‘সাইয়িআত’ শব্দটি ‘যুনূব’ হইতে কঠোর ও গভীর; ইহা দ্বারা ধূলি-ঝড়কে বুঝাইতে পারে যাহা সূর্যের আলোরশ্মিকে আমাদের দৃষ্টির অন্তরালে রাখে। ২ঃ৮২ এবং ৩ঃ১৭ দেখুন।

رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدۡتَّنَا عَلٰی رُسُلِکَ وَلَا تُخۡزِنَا یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّکَ لَا تُخۡلِفُ الۡمِیۡعَادَ ﴿۱۹۵﴾

১৯৫
হে আমাদের প্রভু! তুমি তোমার রসূলগণের মাধ্যমে আমাদিগকে যাহার প্রতিশ্রুতি দিয়াছ তাহা আমাদিগকে তুমি দান কর, এবং কিয়ামতের দিনে আমাদিগকে লাঞ্ছিত করিও না। তুমি আদৌ প্রতিশ্রুতি ভঙ্গ কর না।’

فَاسۡتَجَابَ لَہُمۡ رَبُّہُمۡ اَنِّیۡ لَاۤ اُضِیۡعُ عَمَلَ عَامِلٍ مِّنۡکُمۡ مِّنۡ ذَکَرٍ اَوۡ اُنۡثٰی ۚ بَعۡضُکُمۡ مِّنۡۢ بَعۡضٍ ۚ فَالَّذِیۡنَ ہَاجَرُوۡا وَاُخۡرِجُوۡا مِنۡ دِیَارِہِمۡ وَاُوۡذُوۡا فِیۡ سَبِیۡلِیۡ وَقٰتَلُوۡا وَقُتِلُوۡا لَاُکَفِّرَنَّ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَلَاُدۡخِلَنَّہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۚ ثَوَابًا مِّنۡ عِنۡدِ اللّٰہِ ؕ وَاللّٰہُ عِنۡدَہٗ حُسۡنُ الثَّوَابِ ﴿۱۹۶﴾

১৯৬
অতএব, তাহাদের প্রভু তাহাদের ডাকে (এই বলিয়া) সাড়া দিলেন যে, তোমাদের মধ্য হইতে কোন কর্মীর কর্মকে, সে পুরুষ হউক বা নারী, আমি নষ্ট করিব না। তোমরা একে অপর হইতে৫৪৯। অতএব, যাহারা হিজরত করিয়াছে এবং তাহাদিগকে তাহাদের গৃহ হইতে বহিস্কার করা হইয়াছে এবং আমার পথে তাহাদিগকে কষ্ট দেওয়া হইয়াছে এবং তাহারা যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে, আমি নিশ্চয় তাহাদিগ হইতে তাহাদের মন্দ কর্মের অনিষ্টসমূহকে দূরীভূত করিয়া দিব এবং নিশ্চয় আমি তাহাদিগকে জান্নাতে প্রবিষ্ট করিব—যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত—আল্লাহ্‌র নিকট হইতে পুরস্কার স্বরূপ; বস্তুতঃ আল্লাহ্‌র নিকট রহিয়াছে সর্বোত্তম পুরস্কার।
৫৪৯। এই সূরায় প্রধানতঃ খৃষ্টানদের বিশ্বাস ও আদর্শ আলোচিত হইয়াছে। যদিও খৃষ্টান চার্চ দাবী করে যে খৃষ্ট-ধর্মে স্ত্রীলোক ও পুরুষকে সম-মর্যাদা দেওয়া হইয়াছে, তথাপি এই দাবী সত্য নহে। খৃষ্ট-ধর্মে স্ত্রীলোকের মর্যাদা নিশ্চিত ভাবে পুরুষের নীচে। তাই, আধ্যাত্মিক ময়দানে স্ত্রী ও পুরুষের সমান মর্যাদার কথা বার বার উল্লেখ করার প্রয়োজন রহিয়াছে। পুরুষ ও স্ত্রীলোকের সমতাকে বিশেষ গুরুত্ব দিবার জন্য বলা হইয়াছে, “তোমরা পরস্পর একে অন্য হইতে”।

لَا یَغُرَّنَّکَ تَقَلُّبُ الَّذِیۡنَ کَفَرُوۡا فِی الۡبِلَادِ ﴿۱۹۷﴾ؕ

১৯৭
যাহারা অস্বীকার করিয়াছে দেশের ভিতরে তাহাদের (স্বাধীন ভাবে) চলাফেরা করা যেন তোমাকে আদৌ ধোকায়৫৫০ না ফেলে।
৫৫০। এই আয়াতটি কাফেরদের বাহ্যিক চাকচিক্য ও ক্ষমতার প্রতি, বিশেষ করিয়া খৃষ্টান জাতিগুলির চোখ-ধাঁধানো পার্থিব উন্নতির প্রতি বিশ্বাসীদের দৃষ্টি আকর্ষণ করিতেছে। মহানবী (সাঃ)-এর সময় তাহাদের জাঁক-জমকপূর্ণ জীবন যেমন মানুষকে মোহাবিষ্ট করিয়াছিল, তেমনি শেষ যুগেও তাহাদের অভূতপূর্ব জাগতিক উন্নতি মানুষকে আবার অপ্রতিহত গতিতে প্রলুব্ধ করিতেছে। এই আয়াত মুসলমানদিগকে সাবধান করিয়া দিতেছে যে, তাহারা যেন কাফেরদের ক্ষণস্থায়ী পার্থিব উন্নতির চাকচিক্য দেখিয়া প্রতারিত না হয় ও ভীতিগ্রস্ত হইয়া না পড়ে।

مَتَاعٌ قَلِیۡلٌ ۟ ثُمَّ مَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمِہَادُ ﴿۱۹۸﴾

১৯৮
ইহা স্বল্প ভোগ-সামগ্রী৫৫১, ইহার পর তাহাদের আবাসস্থল হইবে জাহান্নাম, ইহা কতই না মন্দ বিশ্রামস্থল!
৫৫১। খৃষ্টান জাতিগুলির এই উন্নতি অস্থায়ী। এই আয়াত ইঙ্গিত দিতেছে যে, তাহারা অচিরেই ভীষণ শাস্তির মধ্যে নিপতিত হইবে, এমন কি তাহাদের শাস্তির পালা তাহাদিগকে স্পর্শ করিয়া ফেলিয়াছে।

لٰکِنِ الَّذِیۡنَ اتَّقَوۡا رَبَّہُمۡ لَہُمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا نُزُلًا مِّنۡ عِنۡدِ اللّٰہِ ؕ وَمَا عِنۡدَ اللّٰہِ خَیۡرٌ لِّلۡاَبۡرَارِ ﴿۱۹۹﴾

১৯৯
কিন্তু যাহারা তাহাদের প্রভুর তাক্‌ওয়া অবলম্বন করে তাহাদের জন্য জান্নাতসমূহ রহিয়াছে যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকিবে, ইহা আল্লাহ্‌র তরফ হইতে আতিথ্য৫৫২ স্বরূপ হইবে। এবং যাহা কিছু আল্লাহ্‌র নিকট আছে, তাহা পুণ্যবান লোকের জন্য আরও উত্তম হইবে।
৫৫২। ‘নুযুল’ নাযালা ধাতু হইতে উৎপন্ন ক্রিয়া-বিশেষ্য। ‘নাযালা’ অর্থ সে অবতরণ করিল; সে একস্থানে বসতি স্থাপন করিল; অতএব ‘নুযুল’ অর্থ (১) অতিথি শালা; (২) অতিথিদের জন্য তৈরী করা খাদ্য (লেইন)।

وَاِنَّ مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ لَمَنۡ یُّؤۡمِنُ بِاللّٰہِ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِمۡ خٰشِعِیۡنَ لِلّٰہِ ۙ لَا یَشۡتَرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ثَمَنًا قَلِیۡلًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ؕ اِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۲۰۰﴾

২০০
এবং নিশ্চয় আহ্‌লে কিতাবদের মধ্য হইতে অবশ্য এমন লোকও আছে যাহারা আল্লাহ্‌র উপর এবং উহার উপর যাহা তোমাদের প্রতি নাযিল করা হইয়াছে এবং উহার উপর যাহা তাহাদের প্রতি নাযেল করা হইয়াছে, আল্লাহ্‌র প্রতি বিনয়াবনত হইয়া ঈমান আনে; আল্লাহ্‌র আয়াতসমূহের বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে না; ইহারা এমন লোক যাহাদের জন্য তাহাদের (কর্মের) পুরস্কার তাহাদের প্রভুর নিকট সংরক্ষিত আছে। নিশ্চয় আল্লাহ্ হিসাব গ্রহণে অতি তৎপর।৫৫৩
৫৫৩। “আল্লাহ্ হিসাব গ্রহণে অতি তৎপর” বাক্যটি যখন অবিশ্বাসীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন অর্থ দাঁড়ায় তাহাদিগকে তাড়াতাড়িই শাস্তি দিবেন এবং যখন বিশ্বাসীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন অর্থ দাঁড়ায় তাড়াতাড়িই পুরস্কৃত করিবেন।