৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

فَرِحِیۡنَ بِمَاۤ اٰتٰہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ۙ وَیَسۡتَبۡشِرُوۡنَ بِالَّذِیۡنَ لَمۡ یَلۡحَقُوۡا بِہِمۡ مِّنۡ خَلۡفِہِمۡ ۙ اَلَّا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۱۷۱﴾ۘ

১৭১
তাহারা উহাতে আনন্দিত৫২৮ যাহা আল্লাহ্ তাহাদিগকে স্বীয় অনুগ্রহে দান করিয়াছেন; এবং যাহারা তাহাদের পিছন হইতে আসিয়া এখনও তাহাদের সহিত মিলিত হয় নাই ঐসকল লোকের সম্বন্ধেও তাহারা আনন্দিত—কারণ তাহাদের জন্য কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না।
৫২৮। শহীদগণ (যাহারা আল্লাহ্‌র পথে মৃত্যুবরণ করেন) এই ভাবিয়া খুশী হন যে, তাহাদের জীবিত ভ্রাতৃবৃন্দ, যাহারা পরে পরপারে আসিবেন, তাহারা নিশ্চয় শত্রুদের উপর বিজয়ী হইবেন। অর্থাৎ শহীদগণের মৃত্যুর পরে পরেই, পর্দা সরিয়া যায় এবং তাহাদিগকে জানানো হয় যে, মুসলমানগণ বিজয়ী হইতে যাইতেছে। তাহাদের পরিত্যক্ত ভাইদের সম্বন্ধে তাহারা সুসংবাদ প্রাপ্ত হন অর্থাৎ আল্লাহ্‌র ফিরিশ্‌তাগণ তাহাদিগকে অবহিত করেন যে, ইসলাম বিজয়ের পর বিজয় ও কৃতকার্যতার পর কৃতকার্যতা লাভ করিয়া চলিয়াছে।

یَسۡتَبۡشِرُوۡنَ بِنِعۡمَۃٍ مِّنَ اللّٰہِ وَفَضۡلٍ ۙ وَّاَنَّ اللّٰہَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۷۲﴾ۚ٪ۛ

১৭২
তাহারা আল্লাহ্‌র পক্ষ হইতে দেওয়া নেয়ামত ও অনুগ্রহের কারণে আনন্দিত, বস্তুতঃ আল্লাহ্ মো’মেনগণের পুরস্কারকে কখনও বিনষ্ট করেন না।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ১৭

اَلَّذِیۡنَ اسۡتَجَابُوۡا لِلّٰہِ وَالرَّسُوۡلِ مِنۡۢ بَعۡدِ مَاۤ اَصَابَہُمُ الۡقَرۡحُ ؕۛ لِلَّذِیۡنَ اَحۡسَنُوۡا مِنۡہُمۡ وَاتَّقَوۡا اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۷۳﴾ۚ

১৭৩
যাহারা আল্লাহ্ এবং এই রসূলের ডাকে সাড়া দিয়াছে তাহাদের আঘাত৫২৯ লাগিবার পরও— তাহাদের মধ্য হইতে যাহারা পুণ্য কাজ করিয়াছে এবং তাক্‌ওয়া অবলম্বন করিয়াছে তাহাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে;
৫২৯। এই আয়াতে এবং পরবর্তী আয়াতে মহানবী (সাঃ)-এর দুইটি অভিযানের কথা উল্লেখ করা হইয়াছে যাহা উহুদের যুদ্ধের পরে পরেই সংঘটিত হইয়াছিল। প্রথম অভিযানটি ছিল উহুদের যুদ্ধের পর দিনই। মক্কাবাসীরা শূণ্য হস্তে উহুদ হইতে ফিরিয়া যাইতেছিল এবং বলিতেছিল, তাহারা উহুদের যুদ্ধে জয়লাভ করিয়াছে। আরব গোত্ররা তাহাদিগকে বিদ্রূপ করিয়া বলিতে লাগিল, বাঃ কি বিজয়ী রে! সঙ্গে না আছে যুদ্ধলব্ধ মালামাল, না আছে একজন বন্দী ! টিট্‌কারী শুনিয়া তাহারা পুনরায় মুসলমানদেরকে আক্রমণ করিয়া পূর্ণ বিজয় লাভের জন্য, পুনরায় মদীনাভিমুখী হইতে মনস্থ করিল। নবী করীম (সাঃ) তাহাদের পুনরাক্রমণের আশংকাও করিতেছিলেন। তাই উহুদের যুদ্ধে অংশ গ্রহণকারী সাহাবাগণকে ডাকিয়া, তাঁহার (সাঃ) সহিত শত্রুর বিরুদ্ধে অভিযানে যোগ দিতে আহবান জানাইলেন এবং পরদিন মাত্র ২৫০ জন সাথী নিয়া মদীনা ত্যাগ করিলেন। মক্কাবাসীরা যখন এই কথা জানিতে পারিল, তখন তাহারা সন্ত্রস্ত ও স্তম্ভিত হইয়া গেল এবং মক্কার দিকে পলায়ন করিল। মহানবী (সাঃ) মদীনা হইতে প্রায় ৮ মাইল দূরে হামরাল আসাদ নামক স্থান পর্যন্ত অগ্রসর হইয়া যখন দেখিলেন যে, শত্রুরা মক্কার দিকে পলায়ন করিয়াছে, তখন তিনিও মদীনার দিকে ফিরিয়া আসিলেন। দ্বিতীয় অভিযানটি ছিল এক বৎসর পরের ঘটনা। উহুদের যুদ্ধ-ময়দান ত্যাগ করিবার সময়, মক্কাদলের সেনাপতি প্রতিজ্ঞা করিয়াছিল যে, পরবর্তী বৎসরে বদরের ময়দানে মুসলমানদের সহিত সে আবার যুদ্ধে মিলিত হইবে। কিন্তু পরবর্তী বৎসরে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় তাহার সেই অভিলাষ পূর্ণ হয় নাই। তবে সে ‘নুয়াইম বিন মাসূদ’ নামক এক ব্যক্তিকে মদীনার মুসলমানদিগকে ভীতিগ্রস্ত করার উদ্দেশ্যে পাঠাইল এবং তাহার মাধ্যমে মিথ্যা সংবাদ দিল যে, মক্কাবাসীরা এইবার বদরের জন্য বিরাট যুদ্ধ-প্রস্তুতি গ্রহণ করিয়াছে। কিন্তু এই অপকৌশল মুসলমানদিগকে মোটেও দমাইতে পারিল না। তাহারা নির্দিষ্ট সময়ে বদরের ময়দানে উপস্থিত হইলেন। কিন্তু মক্কাবাসীদের এত আস্ফালন সত্বেও তাহারা নিজেরাই উপস্থিত হইল না। এই মুসলিম অভিযানকে বদরুস্ সুগ্‌রা (ছোট বদর) বলা হইয়া থাকে। দুই বৎসর পূর্বেকার বদরের যুদ্ধের তুলনায় ইহা ছিল এক ছোট অভিযান মাত্র।

اَلَّذِیۡنَ قَالَ لَہُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدۡ جَمَعُوۡا لَکُمۡ فَاخۡشَوۡہُمۡ فَزَادَہُمۡ اِیۡمَانًا ٭ۖ وَّقَالُوۡا حَسۡبُنَا اللّٰہُ وَنِعۡمَ الۡوَکِیۡلُ ﴿۱۷۴﴾

১৭৪
তাহারা, যাহাদিগকে লোকে বলিয়াছিল, ‘নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন সমবেত হইয়াছে, অতএব, তোমরা তাহাদিগকে ভয় কর,’৫৩০ কিন্তু ইহা তাহাদের ঈমানকে আরও বাড়াইয়া দিল, এবং তাহারা বলিল, ‘আল্লাহ্ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্য নির্বাহক!’
৫৩০। নুয়াইম-বিন-মাসূদের অপকৌশলপূর্ণ মিথ্যা ভীতি-প্রদর্শনের কথাই এখনে বলা হইয়াছে।

فَانۡقَلَبُوۡا بِنِعۡمَۃٍ مِّنَ اللّٰہِ وَفَضۡلٍ لَّمۡ یَمۡسَسۡہُمۡ سُوۡٓءٌ ۙ وَّاتَّبَعُوۡا رِضۡوَانَ اللّٰہِ ؕ وَاللّٰہُ ذُوۡ فَضۡلٍ عَظِیۡمٍ ﴿۱۷۵﴾

১৭৫
সুতরাং তাহারা আল্লাহ্‌র নেয়ামত এবং ফযলসহ৫৩১ প্রত্যাবর্তন করিল (এমতাবস্থায় যে), কোন অনিষ্ট তাহাদিগকে স্পর্শ করে নাই; এবং তাহারা আল্লাহ্‌র সন্তুষ্টির অনুসরণ করিয়াছিল; বস্তুতঃ আল্লাহ্ মহা ফযলের অধিকারী।
৫৩১। ‘বদরুস্ সুগ্‌রা’ হইতে মুসলমানেরা বহু লাভবান হইয়াছিল। সেখানকার বাৎসরিক মেলায় ব্যবসা-বাণিজ্য করিয়া বহু অর্থ লইয়া তাহারা মদীনায় প্রত্যাবর্তন করিল। আল্লাহ্‌র ‘প্রচুর নেয়ামত’ শব্দটি এই ব্যবসালব্ধ অর্থের প্রতি ইঙ্গিত করিতেছে।

اِنَّمَا ذٰلِکُمُ الشَّیۡطٰنُ یُخَوِّفُ اَوۡلِیَآءَہٗ ۪ فَلَا تَخَافُوۡہُمۡ وَخَافُوۡنِ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۷۶﴾

১৭৬
ইহা একমাত্র শয়তানই যে তাহার বন্ধুগণকে৫৩২ ভয় দেখায়, সুতরাং যদি তোমরা মো’মেন হও তাহা হইলে তাহাদিগকে ভয় করিও না বরং আমাকেই ভয় কর।
৫৩২। শয়তান তাহার বন্ধু অবিশ্বাসীদের দ্বারা মুলসমানদের মনে ভীতির সঞ্চার করিতে চেষ্টা করে। কিন্তু তাহার পরিকল্পনা তাহার অবিশ্বাসী বন্ধুগণকেই ভীতিগ্রস্থ করিতে পারে, মুসলমানদিগকে নহে। শব্দগুলির অর্থ ইহাই।

وَلَا یَحۡزُنۡکَ الَّذِیۡنَ یُسَارِعُوۡنَ فِی الۡکُفۡرِ ۚ اِنَّہُمۡ لَنۡ یَّضُرُّوا اللّٰہَ شَیۡئًا ؕ یُرِیۡدُ اللّٰہُ اَلَّا یَجۡعَلَ لَہُمۡ حَظًّا فِی الۡاٰخِرَۃِ ۚ وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۷۷﴾

১৭৭
এবং যাহারা কুফরীর মধ্যে দ্রুত অগ্রসর হইতেছে তাহারা যেন তোমাকে বিষন্ন না করে, তাহারা কখনও আল্লাহ্‌র কোন অনিষ্ট সাধন করিতে পারিবে না।৫৩৩ আল্লাহ্ পরকালে তাহাদের জন্য কোন অংশ রাখিতে চাহেন না, এবং তাহাদের জন্য মহা আযাব রহিয়াছে।
৫৩৩। যাহারা মহানবী (সাঃ)-এর কিংবা ইসলামের কিংবা ইসলামের সত্যিকার অনুসারীগণের ক্ষতি সাধন করিতে চায়, তাহারা স্বয়ং আল্লাহ্‌র ক্ষতি সাধন করিতে চায়। কেননা নবী করীম (সাঃ)-এর উদ্দেশ্য, আল্লাহ্‌তা’লারই উদ্দেশ্য।

اِنَّ الَّذِیۡنَ اشۡتَرَوُا الۡکُفۡرَ بِالۡاِیۡمَانِ لَنۡ یَّضُرُّوا اللّٰہَ شَیۡئًا ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۷۸﴾

১৭৮
নিশ্চয় যাহারা ঈমানের বিনিময়ে কুফরী ক্রয় করিয়াছে, তাহারা আদৌ আল্লাহ্‌র কোন ক্ষতি সাধন করিতে পারিবে না; এবং তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক আযাব।

وَلَا یَحۡسَبَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّمَا نُمۡلِیۡ لَہُمۡ خَیۡرٌ لِّاَنۡفُسِہِمۡ ؕ اِنَّمَا نُمۡلِیۡ لَہُمۡ لِیَزۡدَادُوۡۤا اِثۡمًا ۚ وَلَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۱۷۹﴾

১৭৯
এবং যাহারা কুফরী করিয়াছে তাহারা যেন কখনও এইরূপ মনে না করে যে, তাহাদিগকে আমরা যে অবকাশ দিয়া যাইতেছি ইহা তাহাদের নিজের জন্য মঙ্গলজনক; বস্তুতঃ আমরা তাহাদিগকে কেবল এইজন্য অবকাশ দিতেছি যেন৫৩৪ তাহারা পাপে আরও বাড়িয়া যায়, এবং তাহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাজনক আযাব।
৫৩৪। ‘লিইয়াজদাদু’ (লি + ইয়াজদাদু) এর ‘লাম’ অক্ষরটিকে, ফল-নির্দেশক ‘লামে আকিবা’ বলা হয়।

مَا کَانَ اللّٰہُ لِیَذَرَ الۡمُؤۡمِنِیۡنَ عَلٰی مَاۤ اَنۡتُمۡ عَلَیۡہِ حَتّٰی یَمِیۡزَ الۡخَبِیۡثَ مِنَ الطَّیِّبِ ؕ وَمَا کَانَ اللّٰہُ لِیُطۡلِعَکُمۡ عَلَی الۡغَیۡبِ وَلٰکِنَّ اللّٰہَ یَجۡتَبِیۡ مِنۡ رُّسُلِہٖ مَنۡ یَّشَآءُ ۪ فَاٰمِنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖ ۚ وَاِنۡ تُؤۡمِنُوۡا وَتَتَّقُوۡا فَلَکُمۡ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۸۰﴾

১৮০
আল্লাহ্ এমন নহেন যে, তিনি মো’মেনদিগকে সেই অবস্থায়৫৩৫ পরিত্যাগ করেন, যে অবস্থায় তোমরা আছ, যে পর্যন্ত না তিনি অপবিত্রকে পবিত্র হইতে পৃথক করিয়া দেন। এবং আল্লাহ্ এমনও নহেন যে, তিনি তোমাদিগকে গায়েবের বিষয় অবহিত করেন, কিন্তু আল্লাহ্ তাঁহার রসূলগণের মধ্য হইতে যাহাকে চাহেন মনোনীত৫৩৬ করিয়া থাকেন। সুতরাং তোমরা আল্লাহ্ এবং তাঁহার রসূলগণের উপর ঈমান আন। এবং যদি তোমরা ঈমান আন এবং তাক্‌ওয়া অবলম্বন কর, তাহা হইলে তোমাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে।
৫৩৫। এই আয়াত মুসলমানগণকে উদ্দেশ্য করিয়া বলিতেছে যে, তাহারা যেসব পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়া চলিয়াছে, তাহা শীঘ্র শেষ হইবার নহে। আরও অনেক দুঃখ-কষ্ট ও ত্যাগ-তিতিক্ষা তাহাদিগকে অতিক্রম করিতে হইবে, যে পর্যন্ত সত্যিকার বিশ্বাসী এবং মোনাফেক ও দুর্বল-বিশ্বাসীদের মধ্যে তারতম্য ও পার্থক্য পরিস্কার দৃশ্যমান না হয়।
৫৩৬। এই বাক্যটি দ্বারা একথা বুঝায় না যে, আল্লাহ্‌তালা’র কতক নবী তাঁহার মনোনীত,আর অন্য নবীরা মনোনীত নহেন। আসলে, বাক্যটির তাৎপর্য ও অর্থ এই যে, নবীগণের মনোনয়নের ক্ষেত্রে, যে যুগে যিনি নবী মনোনীত হন, তিনিই সেই যুগের শ্রেষ্ঠতম মানব হইয়া থাকেন।