৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَنۡ تُغۡنِیَ عَنۡہُمۡ اَمۡوَالُہُمۡ وَلَاۤ اَوۡلَادُہُمۡ مِّنَ اللّٰہِ شَیۡئًا ؕ وَاُولٰٓئِکَ ہُمۡ وَقُوۡدُ النَّارِ ﴿ۙ۱۱﴾

১১
নিশ্চয় যাহারা অবিশ্বাস৩৭৫ করিয়াছে- তাহাদের ধন-সম্পদ এবং তাহাদের সন্তান-সন্ততি আল্লাহ্‌র মোকাবেলায় কখনও তাহাদের কোন কাজে আসিবে না; এবং ইহারাই অগ্নির ইন্ধন।
৩৭৫। যেহেতু এই আয়াতগুলিতে খৃষ্টানদের কথা বিশেষভাবে বর্ণিত হইয়াছে, সেইহেতু এখানে উল্লেখকৃত ‘অবিশ্বাসী’ শব্দটি খৃষ্টানদিগকে বুঝাইতে পারে।

کَدَاۡبِ اٰلِ فِرۡعَوۡنَ ۙ وَالَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ۚ فَاَخَذَہُمُ اللّٰہُ بِذُنُوۡبِہِمۡ ؕ وَاللّٰہُ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۱۲﴾

১২
(তাহাদের আচরন)৩৭৬ ফেরাউনের সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তী লোকদের আচরণের অনুরূপ; তাহারা আমাদের নির্দেশনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল; ইহাতে আল্লাহ্ তাহাদের পাপ সমূহের দরুন তাহাদিগকে পাকড়াও করিয়াছিলেন; এবং আল্লাহ্ শাস্তি দানে অতীব কঠোর।
৩৭৬। ‘দাব’ অর্থ অভ্যাস, রীতিনীতি, বিষয়, অবস্থা, ঘটনা (আকরাব)।

قُلۡ لِّلَّذِیۡنَ کَفَرُوۡا سَتُغۡلَبُوۡنَ وَتُحۡشَرُوۡنَ اِلٰی جَہَنَّمَ ؕ وَبِئۡسَ الۡمِہَادُ ﴿۱۳﴾

১৩
যাহারা অবিশ্বাস করিয়াছে তাহাদিগকে তুমি বলো, ‘অচিরেই তোমরা পরাভূত হইবে এবং তোমাদিগকে জাহান্নামের দিকে একত্রিত করিয়া লইয়া যাওয়া হইবে, এবং উহা বড়ই মন্দ বাসস্থান।’

قَدۡ کَانَ لَکُمۡ اٰیَۃٌ فِیۡ فِئَتَیۡنِ الۡتَقَتَا ؕ فِئَۃٌ تُقَاتِلُ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَاُخۡرٰی کَافِرَۃٌ یَّرَوۡنَہُمۡ مِّثۡلَیۡہِمۡ رَاۡیَ الۡعَیۡنِ ؕ وَاللّٰہُ یُؤَیِّدُ بِنَصۡرِہٖ مَنۡ یَّشَآءُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّاُولِی الۡاَبۡصَارِ ﴿۱۴﴾

১৪
ঐ দুই দলের মধ্যে, যাহারা পরস্পর যুদ্ধের সম্মুখীন হইয়াছিল, নিশ্চয় তোমাদের জন্য এক নিদর্শন৩৭৭ ছিল; একদল আল্লাহ্‌র পথে যুদ্ধ করিতেছিল এবং অপর দল কাফের ছিল; যাহাদিগকে তাহারা (নিজেদের) চোখের দৃষ্টিতে নিজেদের৩৭৮ তুলনায় দ্বিগুন দেখিতেছিল। এবং আল্লাহ্ যাহাকে চাহেন নিজ সাহায্য দ্বারা শক্তিদান করেন। নিশ্চয় ইহার মধ্যে দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণের জন্য শিক্ষণীয় বিষয় রহিয়াছে।
৩৭৭। এই আয়াতটিতে বদরের ঘটনার (যুদ্ধের) কথা বলা হইয়াছে। এই যুদ্ধে, ৩১৩ জন অসজ্জিত, অর্ধ-সজ্জিত মুসলিম যোদ্ধা, মক্কার অবিশ্বাসীদের ১,০০০ ঝানু, অস্ত্র- সজ্জিত, সুবিন্যস্ত সেনাবাহিনীর উপরে প্রকাশ্য বিজয় লাভ করিয়াছিলেন। এই বিজয়ের মাধ্যমে দুইটি ভবিষ্যদ্বাণী পূর্ণ হইয়াছিল; এর একটি কুরআনের ৫৪ঃ৪৫-৪৯ আয়াতে পূর্বেই অবতীর্ণ হইয়াছিল এবং অপরটি রহিয়াছে বাইবেলে (যিশাইয় - ২১ঃ ১৩-১৭)। ঠিক বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মক্কার মহিমান্বিত নবী (সাঃ )-এর মক্কা হইতে হিজরতের প্রায় এক বৎসর পরে পরেই, কেদারের (মক্কাবাসীদের পূর্বপুরুষ) ক্ষমতা ও সম্মান বদরের প্রান্তরে ভূলুণ্ঠিত হইল। অবিশ্বাসীদের পরাজয় ছিল অবিশ্বাস্যভাবে সার্বিক ও পূর্ণ আর মুসলমানদের বিজয়ও ছিল তেমনি অলৌকিক ও বিস্ময়কর। ইতিহাসের বড় বড় যুদ্ধ সমূহের মধ্যে, বদরের যুদ্ধকেও সঙ্গতকারণেই অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃত পক্ষে, এই যুদ্ধের ফলাফলই আরবদেশের ভাগ্য নির্ণয় করিয়াছিল এবং ইসলামকে আরবভূমে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিয়াছিল।
৩৭৮। এই বাক্যাংশটি বলিয়া দিতেছে যে, মক্কার সৈন্য-সংখ্যা প্রকৃতপক্ষে যাহা ছিল, মুসলমানদের চোখে তাহা হইতে কম দেখাইতেছিল। যদিও আসলে তাহাদের সংখ্যা ছিল মুসলমানদের তিনগুণ, তথাপি মুসলমানগণ তাহাদিগকে নিজেদের দ্বিগুণ দেখিতেছিলেন। এইরূপ দেখা; আল্লাহ্‌তা’লার পরিকল্পনার অধীনেই ঘটিয়াছিল, যাহাতে অল্পসংখ্যক, স্বল্পাস্ত্রধারী, দুর্বল মুসলমানেরা শত্রুর পূর্ণশক্তি ও সংখ্যা দেখিয়া ভীত হইয়া না পড়ে (৮ঃ ৪৫)। প্রকৃত ঘটনা এই ছিল যে, মক্কা- বাহিনীর এক-তৃতীয়াংশ একটি টিলার আড়ালে অবস্থান নিয়াছিল। আর বাকী দুই তৃতীয়াংশকে দেখা যাইতেছিল, যাহাদের সংখ্যা মুসলমান যোদ্ধাদের প্রায় দ্বিগুণ ছিল।

زُیِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّہَوٰتِ مِنَ النِّسَآءِ وَالۡبَنِیۡنَ وَالۡقَنَاطِیۡرِ الۡمُقَنۡطَرَۃِ مِنَ الذَّہَبِ وَالۡفِضَّۃِ وَالۡخَیۡلِ الۡمُسَوَّمَۃِ وَالۡاَنۡعَامِ وَالۡحَرۡثِ ؕ ذٰلِکَ مَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَاللّٰہُ عِنۡدَہٗ حُسۡنُ الۡمَاٰبِ ﴿۱۵﴾

১৫
মানুষের নিকট কামনার বস্তুগুলি যথা, রমনীগনের, সন্তান-সন্ততির, স্তূপে স্তূপে পুঞ্জিকৃত স্বর্ণ ও রৌপ্যের, চিহ্নিত অশ্বরাজির, গৃহপালিত পশুসমূহের এবং শস্যক্ষেতের প্রতি আসক্তিকে মনোরম করিয়া দেখানো হইয়াছে। এই গুলি সব পার্থিব জীবনের৩৭৯ ভোগ-সামগ্রী; কিন্তু আল্লাহ্ তিনি, যাহার নিকট উত্তম আবাসস্থল আছে।
৩৭৯। এই জগতের ভাল বস্তু চাওয়াতে বা উপভোগ করাতে ইসলামের আপত্তি নাই। কিন্তু তাহাতেই একেবারে মত্ত হইয়া যাওয়া এবং ঐগুলিকে জীবনের অভীষ্ট লক্ষ্যে পরিণত করাকে ইসলাম নিশ্চয় অত্যন্ত ঘৃণা করে।

قُلۡ اَؤُنَبِّئُکُمۡ بِخَیۡرٍ مِّنۡ ذٰلِکُمۡ ؕ لِلَّذِیۡنَ اتَّقَوۡا عِنۡدَ رَبِّہِمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا وَاَزۡوَاجٌ مُّطَہَّرَۃٌ وَّرِضۡوَانٌ مِّنَ اللّٰہِ ؕ وَاللّٰہُ بَصِیۡرٌۢ بِالۡعِبَادِ ﴿ۚ۱۶﴾

১৬
তুমি বলো, ‘আমি কি তোমাদিগকে উহা অপেক্ষা উত্তম বস্তুর সংবাদ দিব?’ যাহারা তাক্ওয়া অবলম্বন করে তাহাদের জন্য তাহাদের প্রভুর নিকট রহিয়াছে জান্নাতসমূহ, যাহাদের তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত, তাহারা তথায় বাস করিবে এবং (তোমাদের জন্য সেখানে) পবিত্র জোড়া সমূহ এবং আল্লাহ্‌র পক্ষ হইতে সন্তুষ্টি (নির্ধারিত) আছে। এবং আল্লাহ্ (তাহার) বান্দাগণ সম্বন্ধে সর্বদ্রস্টা।

اَلَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ﴿ۚ۱۷﴾

১৭
যাহারা বলে, ‘হে আমাদের প্রভু! নিশ্চয় আমরা ঈমান আনিয়াছি; অতএব, তুমি আমাদিগকে আমাদের পাপ সমূহ৩৮০ ক্ষমা কর, এবং আগুনের আযাব হইতে আমাদিগকে রক্ষা কর,
৩৮০। ‘যুনূব’ শব্দটি ‘যান্‌ব’ এর বহুবচন। ‘যান্‌ব’ অর্থ দোষ-ত্রুটি, বিচ্যুতি, দুষ্কর্ম, দৃষনীয় কাজ, যাহা স্বেচ্ছায় করিলে অপরাধ হয়। ‘ইস্‌ম’ এর সাথে ইহার পার্থক্য এই যে, ‘যান্‌ব’ অনিচ্ছাকৃত ও ইচ্ছাকৃত হইতে পারে। কিন্তু ’ইস্‌ম’ কেবল ইচ্ছাকৃত দুষ্কৃতির জন্য ব্যবহৃত হয়। ‘যান্‌ব’ ঐসব ত্রুটি ও ভুলকে বুঝায়, যাহার ফলে ক্ষতি সাধিত হয় এবং সেই কারণে ব্যক্তিকে জবাবদিহি করিতে হয়। প্ৰকৃত পক্ষে, মানব-প্রকৃতির মধ্যে যে স্বাভাবিক ভুল-ত্রুটি বিদ্যমান থাকে, সেই দুর্বলতা গুলিকেই ‘যান্‌ব’ বলা হয় (লেইন; মুফ্‌রাদাত)।

اَلصّٰبِرِیۡنَ وَالصّٰدِقِیۡنَ وَالۡقٰنِتِیۡنَ وَالۡمُنۡفِقِیۡنَ وَالۡمُسۡتَغۡفِرِیۡنَ بِالۡاَسۡحَارِ ﴿۱۸﴾

১৮
যাহারা ধৈর্যশীল, এবং সত্যবাদী, এবং অনুগত, এবং (আল্লাহ্‌র পথে স্বীয় ধন-সম্পদ) ব্যয়কারী এবং রাত্রির৩৮১ শেষ ভাগে ক্ষমা প্রার্থনাকারী।’
৩৮১। এই আয়াতে সত্যিকার মো’মেনের চারিটি বিশেষ চিহ্ন উল্লেখিত হইয়াছে, যাহা তাহার আধ্যাত্মিক উন্নতির চারটি স্তরকে প্রকাশ করে। (১) যখন কোন ব্যক্তি ‘সত্য-বিশ্বাস’ প্রথম গ্রহণ করে, তখন সাধারণতঃ তাহার উপর অত্যাচার করা হয়। অতএব, এই প্রথম অবস্থায় তাহাকে “ধৈর্য ও অধ্যবসায়ের” স্তর পার হইতে হয়। (২) অত্যাচার যখন নির্ব্বাপিত হয় এবং সে স্বাধীন ভাবে কর্ম করার সুযোগ প্রাপ্ত হয়, তখন সে ধর্মীয় শিক্ষাগুলিকে বাস্তবে রূপায়িত করিতে থাকে, যাহা সে পূর্বে পূর্ণভাবে সম্পাদন করিতে পারে নাই। এই অবস্থাকে বলা হয় “সত্যভাবে জীবন-যাপন” অর্থাৎ বিশ্বাস অনুযায়ী জীবন-ধারণ। (৩) যখন ঈমান সম্পর্কীত বিধি-নিষেধ সততার সহিত পালনের মাধ্যমে মো’মেন স্বীয় হৃদয়ে শক্তি সঞ্চয় করে, তখনও তাহার নম্রতা ও বিনয়, তাহার মধ্যে সমভাবে বিদ্যমান থাকে। শক্তি-সামর্থ্য থাকা সত্ত্বেও তাহার আত্মা সর্বদা বিনয়াবনতই থাকে। (৪) অতঃপর, সেবার প্রেরণা মো’মেনদের মাঝে প্রবলাকারে বৃদ্ধি পায়। তাহারা আল্লাহ্- প্রদত্ত সবকিছু মানব-কল্যাণে ব্যয় করেন। কিন্তু, এই আয়াতের শেষাংশটি বলিতেছে যে, উপরোক্ত চারিটি কাজে ব্যাপৃত থাকাকালীন, তাহারা সর্বদা নিশীথে আল্লাহ্‌র দরবারে ক্ষমা প্রার্থনা করিতে থাকেন, যাহাতে তাহাদের কর্তব্য-কর্মে ও মানব-সেবাব্রতে ত্রুটি-বিচ্যুতি থাকিলে তাহাদিগকে ক্ষমা করিয়া দেওয়া হয়।

شَہِدَ اللّٰہُ اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۙ وَالۡمَلٰٓئِکَۃُ وَاُولُوا الۡعِلۡمِ قَآئِمًۢا بِالۡقِسۡطِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ؕ﴿۱۹﴾

১৯
আল্লাহ্ সাক্ষ্য দিতেছেন যে, তিনি ব্যতীত কোন মা’বূদ নাই- এবং ফিরিশ্‌তাগনও এবং জ্ঞানীগনও ন্যায়ের ওপর কায়েম৩৮১-ক হইয়া (যায় সাক্ষ্য দেয়); তিনি ব্যতীত কোন মা’বূদ নাই, যিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়৩৮২।
৩৮১-ক। ‘কায়েমাম্ বিল কিস্‌তে’ অর্থ ন্যায়-বিচার অনুযায়ীও হয়।
৩৮২। প্রকৃতির মধ্যে একটি কেন্দ্রীয় ও তর্কাতীত বিষয়, যাহা প্রতিটি সত্য ধর্মেরও মৌলিক নীতি, তাহা হইল আল্লাহ্‌র একত্ব। সমস্ত সৃষ্টি ও উহার মাঝে বিরাজমান পরিপূর্ণ শৃঙ্খলা সঙ্গতি এই মৌলিক সত্যকেই আমাদের সামনে তুলিয়া ধরে। ফিরিশ্‌তাগণ, যাহারা আল্লাহ্‌র বাণী বহন করিয়া নবীগণের কাছে পৌঁছাইয়া দেন (যাহারা বহু অত্যাচার-অনাচার সহ্য করিয়াও নিঃস্বার্থভাবে বিশ্বের মাঝে সেই আল্লাহ্‌র বাণী ছড়াইয়া দেন, এবং সব সৎলোক, যাহারা নবীর কাছ হইতে আল্লাহ্‌র বাণী পাইয়া নিজের জীবনে তাহা বাস্তবায়ন করিয়া চতুর্দ্দিকে জ্ঞানের প্রদীপ জ্বালাইয়া দেন, তাহারা সকলেই আল্লাহ্-প্রদত্ত সাক্ষ্যের সহিত নিজেদের সাক্ষ্য মিলাইয়া, এক বাক্যে বলিয়া উঠেন “আল্লাহ্ এক ও অদ্বিতীয়”। তেমনিভাবে সকলেই একযোগে আল্লাহ্‌র অংশীদারীত্ব ও সমকক্ষতাকে মিথ্যা সাব্যস্ত করিয়া সাক্ষ্য প্রদান করেন এবং ঘোষণা করেন যে, বহুত্ববাদ, ত্রিত্ববাদ ও দ্বিত্ববাদ সর্বৈব মিথ্যা।

اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰہِ الۡاِسۡلَامُ ۟ وَمَا اخۡتَلَفَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡعِلۡمُ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِاٰیٰتِ اللّٰہِ فَاِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۲۰﴾

২০
নিশ্চয় আল্লাহ্‌র নিকট ইসলামই৩৮৩ পরিপূর্ণ দীন। এবং যাহাদিগকে কিতাব দেয়া হইয়াছিল, তাহাদের নিকট জ্ঞান আসিবার পরই পরস্পর বিদ্বেষবশতঃ তাহারা মতভেদ করিল।এবং যে কেহ আল্লাহ্‌র নির্দেশনাবলীকে অস্বীকার করে তাহা হইলে (সে জানিয়া রাখুক) নিশ্চয় আল্লাহ্ হিসাব গ্রহণে তৎপর।
৩৮৩। সকল ধর্মই আল্লাহ্‌র একত্ব এবং তাঁহার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের বিশ্বাসকে লালন করে। তথাপি, একমাত্র ইসলামেই আত্মসমর্পণের ধারণা পরিপূর্ণতা লাভ করিয়াছে। কারণ পরিপূর্ণ আত্ম-সমর্পণের পূর্বশর্ত হইল আল্লাহ্‌তা’লার গুণাবলীর পরিপূর্ণ প্রকাশ; একমাত্র ইসলামেই আল্লাহ্ গুণাবলীর পরিপূর্ণ প্রকাশ ঘটিয়াছে, এত পরিপূর্ণভাবে পূর্বে তাহা ঘটে নাই। অতএব, সকল ধর্মের মধ্যে একমাত্র ইসলামই সঠিক অর্থে দাবী করিতে পারে যে, ইহাই আল্লাহ্ নিজস্ব ধর্ম। আসলে সকল সত্যধর্মই প্রকৃত পক্ষে, আংশিকভাবে ‘ইসলাম’ ছিলএবং অনুসারীগণও আক্ষরিক অর্থে মুসলমান ছিলেন। কিন্তু যে পর্যন্ত ধর্ম সকল দিক হইতে পরিপূর্ণতা লাভ করে নাই, সে পর্যন্ত ইহা ইসলাম নাম প্রাপ্ত হয় নাই। যখন ধর্মের সকল আনুসঙ্গিক ও সংশ্লিষ্ট বিষয়াবলী সমন্বিত করিয়া কুরআনের মাধ্যমে শেষ ঐশী-বিধানের পরিপূর্ণতা দেওয়া হইল, তখনই আল্লাহ্‌তা’লা ইহাকে ‘আল্‌ ইসলাম’ নামে অভিহিত করিলেন। এই আয়াত ২ঃ৬৩ আয়াতকেও ব্যাখ্যা করিতেছে।