৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

اِنۡ یَّمۡسَسۡکُمۡ قَرۡحٌ فَقَدۡ مَسَّ الۡقَوۡمَ قَرۡحٌ مِّثۡلُہٗ ؕ وَتِلۡکَ الۡاَیَّامُ نُدَاوِلُہَا بَیۡنَ النَّاسِ ۚ وَلِیَعۡلَمَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَیَتَّخِذَ مِنۡکُمۡ شُہَدَآءَ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ ﴿۱۴۱﴾ۙ

১৪১
যদি তোমাদের কোন আঘাত লাগে, তাহা হইলে নিশ্চয় অনুরূপ আঘাত৪৮৮ ঐ জাতিরও লাগিয়াছে। এই (জয়-পরাজয়ের) দিনগুলি৪৮৮-ক এমন যে, আমরা মানব জাতির মধ্যে পর্যায়ক্রমে উহাদের আবর্তন ঘটাই (যেন তাহারা শিক্ষা লাভ করিতে পারে) এবং যেন আল্লাহ্ তাহাদিগকে স্বতন্ত্ররূপে৪৮৯ প্রকাশ করিয়া দেন যাহারা ঈমান আনিয়াছে, এবং তোমাদের মধ্যে কতক ব্যক্তিকে সাক্ষী৪৯০ রূপে গ্রহণ করেন; বস্তুতঃ আল্লাহ্ যালেমদিগকে ভালবাসেন না;
৪৮৮। এই সূরার ১৬৬ আয়াতে বলা হইয়াছে যে, মুসলমানেরা যে ক্ষতি স্বীকার করিয়াছে, তাহার দ্বিগুণ ক্ষতি হইয়াছে অবিশ্বাসীদের। এই কথা, বদরের যুদ্ধের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সেই যুদ্ধে মক্কার যোদ্ধাগণের ৭০ জন প্রাণ হারায় এবং ৭০ জন বন্দী হয়। অপর পক্ষে, উহুদের যুদ্ধে ৭০ জন মুসলমান শাহাদৎ বরণ করেন, কিন্তু একজনও বন্দী হন নাই। অতএব, মুসলমানগণ উহুদের যুদ্ধে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হইয়াছেন, তাহার দ্বিগুণ ক্ষতি বদরের যুদ্ধে অবিশ্বাসীরা বরণ করিয়াছে। আলোচ্য উভয় যুদ্ধের একত্রিত ফলাফলকে উভয় পক্ষের জন্য সমান সমান বলা হইয়াছে; অথবা এই আয়াতে, গুণগত ও ধরণগত দিক দিয়া, উভয় পক্ষের ক্ষতি সম পর্যায়ের বলিয়া ধরা হইয়াছে। শেষোক্ত অর্থ মানিলে, ১৬৬ আয়াতটি ক্ষয়-ক্ষতির সংখ্যাগত এবং আলোচ্য আয়াতটি গুণগত মূল্যায়ন বলা যাইতে পারে।
৪৮৮-ক। সৌভাগ্যের দিনগুলি অথবা দুর্ভাগ্যের দিনগুলি।
৪৮৯। সর্বজ্ঞ হওয়ায় আল্লাহ্‌তা’লার জ্ঞানে সংযোজনের কোন প্রয়োজন নাই। এখানে দুইটি বস্তুর মধ্যে, একের সাথে অপরের পার্থক্য নির্ণয়ের কথা বলা হইয়াছে। ‘ইলম’ (জ্ঞান) দুই প্রকারের। এক প্রকারের জ্ঞান হইল, অস্তিত্বে আসার পূর্বেই কোন বস্তুকে জানা। আর অন্য প্রকারের জান হইল, অস্তিত্বে আসার পর সেই বস্তুকে জানা। এখানে শেষোক্ত প্রকারের জ্ঞানের কথা বলা হইয়াছে।
৪৯০। বিশ্বাসীগণ নিজেদের অসীম ধৈর্য ও বিপদ-কালীন মহতী দৃষ্টান্ত দ্বারা ইসলামের সত্যতার সাক্ষ্য প্রদান করেন।

وَلِیُمَحِّصَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَیَمۡحَقَ الۡکٰفِرِیۡنَ ﴿۱۴۲﴾

১৪২
এবং যেন আল্লাহ্ পরিশুদ্ধ করেন যাহারা ঈমান আনিয়াছে এবং কাফেরদিগকে নিপাত৪৯১ করেন।
৪৯১। উহুদের যুদ্ধে মুসলমানগণ যে দুর্দশা বরণ করেন, তাহা তাহাদের গাফিলতির প্রায়শ্চিত্ত স্বরূপ ছিল। এতদ্ব্যতীত, কিছু সংখ্যক অবিশ্বাসীর মনে, এই যুদ্ধ এই ধারণার সৃষ্টি করিয়াছিল যে, ইসলাম আল্লাহ্‌রই মনোনীত ধর্ম। যে সব মক্কাবাসীরা এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়াছিল, তাহারা সকলেই যুদ্ধের অল্পদিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিলেন। ইসলাম তাহাদের হৃদয়কে এতই আকৃষ্ট করিয়াছিল যে, তাহাদের হৃদয়ের পূর্বতন বিশ্বাস নিমূর্ল হইয়া গেল।

اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَنَّۃَ وَلَمَّا یَعۡلَمِ اللّٰہُ الَّذِیۡنَ جٰہَدُوۡا مِنۡکُمۡ وَیَعۡلَمَ الصّٰبِرِیۡنَ ﴿۱۴۳﴾

১৪৩
তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করিবে, অথচ তোমাদের মধ্যে যাহারা জেহাদ করিয়াছে তাহাদিগকে এখনও আল্লাহ্ স্বতন্ত্ররূপে প্রকাশ করেন নাই এবং ধৈর্যশীলগণকেও৪৯২ স্বতন্ত্ররূপে প্রকাশ করেন নাই।
৪৯২। বিপদাপদ ও কষ্ট-সংকটের পরীক্ষার মাধ্যমেই মানুষের প্রকৃত রূপ ফুটিয়া উঠে। এইগুলি জীবনে না থাকিলে, আধ্যাত্মিক উন্নতি ও হৃদয়ের পবিত্রতা অর্জন সম্ভব হইত না।

وَلَقَدۡ کُنۡتُمۡ تَمَنَّوۡنَ الۡمَوۡتَ مِنۡ قَبۡلِ اَنۡ تَلۡقَوۡہُ ۪ فَقَدۡ رَاَیۡتُمُوۡہُ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ ﴿۱۴۴﴾٪

১৪৪
এবং তোমরা এই মৃত্যুর৪৯৩ কামনা ইহার সম্মুখীন হওয়ার পূর্বেও করিয়া আসিতেছিলে, সুতরাং তোমরা (এখন) উহার সম্মুখীন হইয়াছ এমতাবস্থায় যে, তোমরা (উহার ভাল-মন্দ দিক)প্রত্যক্ষ করিতেছ (অতএব, তোমাদের মধ্যে কতক কেন পৃষ্ঠ প্রদর্শন করিতেছ)।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ১৪
৪৯৩। ‘মৃত্যু’ এখানে যুদ্ধকে বুঝাইতেছে, কেননা যুদ্ধের পরিণতিতে অনেক মৃত্যু ঘটিয়া থাকে। আর মুসলমানের জন্য তো যুদ্ধ ও মৃত্যু প্রায় সমার্থক ছিল। কারণ শত্রুর শক্তি-সামর্থ্যের তুলনায় তখন মুসলমানের সংখ্যা ছিল অল্প, অস্ত্র-সস্ত্র ছিল স্বল্প ও সীমিত, আর যোদ্ধারা ছিল বালক, বৃদ্ধ ও যুবকের এক অসম সমাবেশ। এই সব দুর্বলতা নিয়া শক্তিশালী, সংখ্যাধিক, ঝানু অবিশ্বাসী শত্রুযোদ্ধার মোকাবিলা করা মৃত্যুর সাথে পাঞ্জা ধরার শামিল ছিল। উহুদের যুদ্ধের সময়, মহানবী (সাঃ) মদীনায় থাকিয়া যুদ্ধ করার প্রস্তাব করিয়াছিলেন। কিন্তু সাহাবীরা, বিশেষ করিয়া ঐ সব সাহাবী যাহারা বদরের যুদ্ধে যাইতে পারেন নাই, তাহারা বলিলেন, “আমরা এমন একটি দিনেরই অপেক্ষায় ছিলাম। আমরা বাহিরে যাইয়া যুদ্ধ করিতে চাই; নতুবা তাহারা মনে করিবে আমরা মৃত্যু ভয়ে ভীত” (যুরকানী, ২২)। মুসলমানদের এই ইচ্ছা-প্রকাশকে, এই আয়াতে “তোমরা এই মৃত্যুর কামনা ইহার সম্মুখীন হওয়ার পূর্বেই করিয়াছিলে” বলিয়া ব্যক্ত করা হইয়াছে।

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوۡلٌ ۚ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِہِ الرُّسُلُ ؕ اَفَا۠ئِنۡ مَّاتَ اَوۡ قُتِلَ انۡقَلَبۡتُمۡ عَلٰۤی اَعۡقَابِکُمۡ ؕ وَمَنۡ یَّنۡقَلِبۡ عَلٰی عَقِبَیۡہِ فَلَنۡ یَّضُرَّ اللّٰہَ شَیۡئًا ؕ وَسَیَجۡزِی اللّٰہُ الشّٰکِرِیۡنَ ﴿۱۴۵﴾

১৪৫
এবং মুহাম্মদ কেবল একজন রসূল। তাহার পূর্বেকার সকল রসূল অবশ্যই মারা গিয়াছে। অতএব, সে যদি মৃত্যু বরণ করে অথবা নিহত হয়, তাহা হইলে তোমরা কি তোমাদের গোড়ালির উপর (তৎক্ষণাৎ পশ্চাতে) ফিরিয়া যাইবে? এবং যে ব্যক্তি তাহার গোড়ালিদ্বয়ের উপর ফিরিয়া যাইবে সে আদৌ আল্লাহ্‌র কোন ক্ষতি করিতে পারিবে না।৪৯৪ এবং অচিরেই আল্লাহ্ কৃতজ্ঞ ব্যক্তিগণকে প্রতিদান দিবেন।
৪৯৪। উহুদের যুদ্ধের সময় একটি কথা রটিয়া গিয়াছিল যে, রসূলে পাক (সাঃ) মারা গিয়াছেন। এই আয়াতে সেই কথার উল্লেখ করিয়া বলা হইয়াছে যে, যদিও ঐ রটনাটা মিথ্যা ছিল, তথাপি যদি তাহা সত্য খবরই হইত, তথাপি ইহাতে প্রকৃত বিশ্বাসীদের ঈমানের মধ্যে কোনও তারতম্য ঘটার কারণ ছিল না। কেননা, মুহাম্মদ (সাঃ) তো একজন নবীই, পূর্ববর্তী অন্যান্য নবীগণ মারা গিয়াছেন, তেমনি তিনিও মারা যাইবেন, ইহাই স্বাভাবিক। তবে, ইসলামের আল্লাহ্‌ চিরঞ্জীব, মৃত্যুর উর্ধে। সত্য ঘটনা হিসাবে ইহা বর্ণিত রহিয়াছে যে, যখন মহানবী (সাঃ)-এর ওফাত হইল, তখন হয়রত ওমর (রাঃ) কোষ-নিষ্কাসিত অসি হস্তে মদীনার মসজিদে দাঁড়াইয়া শোকাহতগণকে বলিলেন, “যে বলিবে, আল্লাহ্‌র রসূল মরিয়া গিয়াছেন, আমি তাহার মস্তক ছেদন করিব। তিনি মরেন নাই, বরং তাঁহার প্রভুর কাছে গিয়াছেন, যেরূপ মূসা তাঁহার প্রভুর কাছে গিয়াছিলেন। তিনি পুনরায় আসিয়া ভণ্ডদিগকে শাস্তি দিবেন”। এমন সময় হযরত আবুবকর (রাঃ) আসিয়া উপস্থিত হইলেন এবং দৃঢ়কণ্ঠে ওমর (রাঃ)-কে বসিতে বলিলেন। অতঃপর, মসজিদে উপস্থিত মুসলিম ভ্রাতৃবৃন্দকে উদ্দেশ্য করিয়া, এই আয়াতটি (৩ঃ১৪৫) পাঠ করিলেন এবং সঙ্গে সঙ্গে সাহাবীগণ হৃদয়ঙ্গম করিলেন যে, রসূলে করীম (সাঃ) আর ইহজগতে নাই, তাহারা শোকে অভিভূত হইয়া পড়িলেন (বুখারী, কিতাব ফযায়েলে আস্‌হাব)। ঘটনাচক্রে, এই আয়াত স্পষ্টভাবে বলিয়া দিতেছে যে, নবী করীম (সাঃ)-এর পূর্বেকার সকল নবীই ওফাত-প্রাপ্ত হইয়াছেন, কেহই বাঁচিয়া নাই - কেননা যদি কেহ জীবিত থাকিতেন, তাহা হইলে মহানবী (সাঃ)-এর মৃত্যু সাব্যস্ত করার জন্য আবু বকর (রাঃ) এই আয়াত উদ্ধৃত করিতেন না এবং সমবেত সাহাবীরাও তাহা মানিয়া লইতেন না। প্রকৃত কথা হইল এই যে, ইসলামের বাঁচিয়া থাকা আর না থাকা কোনও ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না, তিনি যত বড় ও যত মহানই হউন না কেন। ইসলামের অবতীর্ণকারী, রক্ষাকারী ও অভিভাবক হইলেন স্বয়ং আল্লাহ্। এই আয়াত দ্বারা কেহ যেন এইরূপ মনে না করেন যে, মহানবী (সাঃ) যুদ্ধে নিহত হইতে পারিতেন বা কোন আততায়ীর হাতে নিহত হইতে পারিতেন। কারণ, মানুষের হস্তে নিহত হওয়া হইতে তাঁহাকে রক্ষা করা হইবে বলিয়া তিনি ঐশী প্রতিশ্রুতি পাইয়াছিলেন (৫ঃ৬৮) যখন উহুদের যুদ্ধে এই মিথ্যা কথা ছড়াইয়া পড়িল যে, নবী করীম (সাঃ) মারা গিয়াছেন, তখন শত্রুরা আনন্দে নাচিয়া উঠিল। কিন্তু মুসলমানদের জন্য ইহা ছিল দুঃখের অন্তরালে এক আশীর্বাদ। এই বেদনা, মহানবী (সাঃ)-এর প্রকৃত মৃত্যুর সময়ের মর্মস্পর্শী, হৃদয়-বিদারক বেদনা সহ্য করিবার জন্য সাহাবাগণকে প্রস্তুত করিয়াছিল। এই অভিজ্ঞতা ও প্রস্তুতি না থাকিলে নবী করীম (সাঃ)-এর ওফাতের সময় সাহাবাগণের শোক-বিহ্বলতা কাটাইয়া উথা সম্ভব হইত না।

وَمَا کَانَ لِنَفۡسٍ اَنۡ تَمُوۡتَ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ کِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَمَنۡ یُّرِدۡ ثَوَابَ الدُّنۡیَا نُؤۡتِہٖ مِنۡہَا ۚ وَمَنۡ یُّرِدۡ ثَوَابَ الۡاٰخِرَۃِ نُؤۡتِہٖ مِنۡہَا ؕ وَسَنَجۡزِی الشّٰکِرِیۡنَ ﴿۱۴۶﴾

১৪৬
এবং আল্লাহ্‌র অনুমতি ব্যতীত কোন আত্মা মরিতে পারে না— (মৃত্যুর জন্য) মেয়াদ নির্দিষ্ট করা আছে। এবং যে কেহ ইহকালের পুরস্কার কামনা করিবে, আমরা তাহাকে উহা হইতে দান করিব, এবং যে কেহ পরকালের পুরস্কার কামনা করিবে, আমরা তাহাকে উহা হইতে দান করিব এবং অচিরেই আমরা কৃতজ্ঞ ব্যক্তিগণকে প্রতিদান দিব।

وَکَاَیِّنۡ مِّنۡ نَّبِیٍّ قٰتَلَ ۙ مَعَہٗ رِبِّیُّوۡنَ کَثِیۡرٌ ۚ فَمَا وَہَنُوۡا لِمَاۤ اَصَابَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَمَا ضَعُفُوۡا وَمَا اسۡتَکَانُوۡا ؕ وَاللّٰہُ یُحِبُّ الصّٰبِرِیۡنَ ﴿۱۴۷﴾

১৪৭
এবং এমন অনেক নবী অতীত হইয়াছে যাহাদের সঙ্গী হইয়া বহু রব্বানী৪৯৫ লোক যুদ্ধ করিয়াছিল। অতঃপর, আল্লাহ্‌র পথে তাহাদের উপর যে বিপৎপাত হইয়াছিল উহার কারণে তাহারা শিথিলতা প্রদর্শন করে নাই বা দুর্বলতা প্রকাশ করে নাই এবং নতশিরও হয় নাই। এবং ধৈর্যশীলগণকে আল্লাহ্ ভালবাসেন।
৪৯৫। ‘রিব্বীইউন’, ‘রিব্বিইউ’ এর বহুবচন। ইহা ‘রাব্বা’ হইতে উৎপন্ন। ‘রাব্বা’র অর্থ ১ঃ২ তে দেখুন। ‘রিব্বিইউ’ অর্থ ‘রিব্বাহ্‌’ এর সহিত সংশ্লিষ্ট ব্যক্তি, ‘রিব্বাহ্’ মানে একটি দল, একটি বিরাট দল, যার সংখ্যা অনেক বেশী। অতএব, ‘রিব্বিইউন’ বলিতে বিরাট সংখ্যক মানুষের সংঘবদ্ধ দলকে বুঝায়। শব্দটি জ্ঞানী, ধার্মিক ও ধৈর্যশীল লোকের দলকেও বুঝায় (লেইন)।

وَمَا کَانَ قَوۡلَہُمۡ اِلَّاۤ اَنۡ قَالُوۡا رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَاِسۡرَافَنَا فِیۡۤ اَمۡرِنَا وَثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۱۴۸﴾

১৪৮
এবং এই কথা ব্যতীত তাহাদের আর কোন কথা ছিল না যে, ‘হে আমাদের প্রভু! আমাদিগকে আমাদের পাপ এবং আমাদের কার্যে আমাদের সীমালংঘন ক্ষমা কর, এবং আমাদের কদমকে দৃঢ় প্রতিষ্ঠিত কর এবং কাফের জাতির বিরুদ্ধে আমাদিগকে সাহায্য কর।’

فَاٰتٰٮہُمُ اللّٰہُ ثَوَابَ الدُّنۡیَا وَحُسۡنَ ثَوَابِ الۡاٰخِرَۃِ ؕ وَاللّٰہُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۴۹﴾٪

১৪৯
সুতরাং আল্লাহ্ তাহাদিগকে ইহকালের পুরস্কার এবং পরকালের উৎকৃষ্টতর৪৯৬ পুরস্কার দান করিলেন, এবং আল্লাহ্ সৎকর্মশীলগণকে ভালবাসেন।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ১৫
৪৯৬। পরলোকের পুরস্কারের মধ্যেও তারতম্য আছে, আছে বিভিন্ন মাত্রা ও ধাপ। এখানে বর্ণিত বিশ্বাসীরা উচ্চ মাত্রার পুরস্কারে ভূষিত হইবেন। ‘হুস্‌না’ শব্দটি সর্বোচ্চ মাত্রা বা ধাপ বুঝায় না, তবে অত্যুচ্চ মাত্রা বুঝায়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تُطِیۡعُوا الَّذِیۡنَ کَفَرُوۡا یَرُدُّوۡکُمۡ عَلٰۤی اَعۡقَابِکُمۡ فَتَنۡقَلِبُوۡا خٰسِرِیۡنَ ﴿۱۵۰﴾

১৫০
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা যদি ঐ সকল লোকের আনুগত্য৪৯৭ কর যাহারা অস্বীকার করিয়াছে তাহা হইলে তাহারা তোমাদিগকে তোমাদের গোড়ালির উপর (তৎক্ষণাৎ পশ্চাতে) ফিরাইয়া লইবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া ফিরিবে।
৪৯৭। অমুসলমানের সহিত মুসলমানদের উঠা-বসা, চলা-ফেরা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক সম্পর্ক রাখাতে কোন বাধা-নিষেধ নাই। তবে ঐসব অবিশ্বাসীদের সম্পর্কে হুশিয়ার থাকিতে বলে, যাহারা ইসলামের বিনাশ সাধনে লিপ্ত।