৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوا الرِّبٰۤوا اَضۡعَافًا مُّضٰعَفَۃً ۪ وَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۱۳۱﴾ۚ

১৩১
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা সুদ খাইও না যাহা (ধন-সম্পদ ও অনিষ্টকে) বহুগুণে৪৭৭ বৃদ্ধি করে এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর যেন তোমরা সফলকাম হইতে পার।
৪৭৭। ‘আয্‌ আফান্‌ মুযা আফাতান’ (বহু বৃদ্ধি-সম্বলিত) কথাগুলি সুদের গুণবাচক বিশেষণ রূপে এখানে ব্যবহৃত হয় নাই এবং ‘রিবা’ শব্দের অর্থের সঙ্কোচন ঘটাইবার জন্যও ব্যবহৃত হয় নাই। এই শব্দগুলি বিশেষ ধরণের ‘রিবা’ অর্থে নহে, বরং সাধারণতঃ “রিবার”  (সুদের) যে প্রকৃতি রহিয়াছে, উহারই বর্ণনা স্বরূপ ব্যবহৃত হইয়াছে। সুদের প্রকৃতিই এই যে, ইহা ক্রমাগত বাড়িয়া চলে। খৃষ্টান জাতি যদিও সুদকে বৈধ করিয়া লইয়াছে, তথাপি জানিয়া রাখা দরকার যে, মূসা (আঃ) সুদ নিষিদ্ধ ঘোষণা করিয়াছিলেন (যাত্রাপুস্তক-২২ঃ২৫, লেবীয় - ২৫ঃ৩৬-৩৭; দ্বিতীয় - ২৩ঃ১৯-২০)। এই আয়াতের অর্থ ইহা নহে যে অল্প সুদ বৈধ, কেবল চড়া সুদ বা চক্রবৃদ্ধি সুদ অবৈধ। সর্বপ্রকার সুদই অবৈধ, তা অল্পই হউক আর অধিকই হউক। ‘আয্‌’আফান্‌ মুযা’আফাতান’ (বহু বৃদ্ধি-সম্বলিত) সুদই মহানবী (সাঃ)-এর সময় প্রচলিত ছিল, আর সুদের এই হীন-প্রকৃতিকে লক্ষ্য করিয়াই এই শব্দ দুইটি ব্যবহার করা হইয়াছে, অন্যথায় সুদ মাত্রই হারাম (২ঃ২৭৬-২৮১)। যুদ্ধের বিষয় আলোচনা করিতে গিয়া, সুদ-নিষিদ্ধ-করণের আদেশ জারি করা বড়ই তাৎপর্যপূর্ণ। ২ঃ২৮০ আয়াতেও যুদ্ধের বিষয় বর্ণনা কালে সুদের নিষেধাজ্ঞার প্রসঙ্গ আসিয়াছে। ইহাতে বুঝা যায় সুদ ও যুদ্ধের মধ্যে একটি গভীর যোগ-সূত্র রহিয়াছে। বর্তমান কালের যুদ্ধ সমূহের দ্বারা এই যোগ-সূত্র ভালভাবেই প্রমাণিত হইয়াছে। সত্য বলিতে কি, যুদ্ধ বাঁধাইতে এবং ইহাকে দীর্ঘায়িত করিতে সুদ বিশেষভাবে ইন্ধন যোগায়।

وَاتَّقُوا النَّارَ الَّتِیۡۤ اُعِدَّتۡ لِلۡکٰفِرِیۡنَ ﴿۱۳۲﴾ۚ

১৩২
এবং তোমরা সেই অগ্নিকে৪৭৮ ভয় কর যাহা কাফেরদের জন্য প্রস্তুত করা হইয়াছে।
৪৭৮। ২ঃ২৭৬ আয়াতেও সুদ-নিষেধের আদেশ দানের পরে পরেই, ‘অগ্নি’ সম্বন্ধে সতর্ক করা হইয়াছে। স্বভাবতঃই এখানে অগ্নি বলিতে প্রাথমিকভাবে যুদ্ধাগ্নিকে বুঝাইয়াছে। ‘অবিশ্বাসীগণ’ বলিতে সাধারণভাবে যদিও কাফেরগণকে বুঝাইয়া থাকে, তবুও এখানে সুদের নিষেধাজ্ঞাকে যাহারা অমান্য করে, তাহাদিগকেও বুঝাইতে পারে।

وَاَطِیۡعُوا اللّٰہَ وَالرَّسُوۡلَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۱۳۳﴾ۚ

১৩৩
এবং তোমরা আল্লাহ্‌ ও এই রসূলের আনুগত্য কর যেন তোমাদের উপর রহম কর যায়।

وَسَارِعُوۡۤا اِلٰی مَغۡفِرَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ وَجَنَّۃٍ عَرۡضُہَا السَّمٰوٰتُ وَالۡاَرۡضُ ۙ اُعِدَّتۡ لِلۡمُتَّقِیۡنَ ﴿۱۳۴﴾ۙ

১৩৪
এবং তোমরা তোমাদের প্রভুর নিকট হইতে ক্ষমা এবং সেই জান্নাত লাভের জন্য দ্রুত ধাবিত হও, যাহার মূল্য৪৭৯ আকাশসমূহ এবং পৃথিবী, যাহা প্রস্তুত করা হইয়াছে মুত্তাকীগণের৪৭৯-ক জন্য—
৪৭৯। ‘আরয্‌’ অর্থ (১) মূল্য, যাহা অর্থ ব্যতীত অন্য কিছু দ্বারা পরিশোধ করা হয়, (২) প্রস্থ, (৩) বিশালতা (আকরাব)।
৪৭৯-ক। যাহারা বর্তমান যুগের পারিপার্শ্বিকতা দেখিয়া এই সিদ্ধান্তে বদ্ধমূল হইয়া গিয়াছেন যে, এখনকার যমানায় সুদ ব্যতীত ব্যবস-বাণিজ্য চলিতে পারে না, তাহাদের এইরূপ মনোভঙ্গির জওয়াব হইল এই আয়াত। ইহা বলিতে চায় যে, একমাত্র ইসলামের শিক্ষাকে বাস্তবে অনুসরণ করিয়া মুসলমানেরা সর্বতোভাবে লাভবান হইতে পারে। এই আয়াত মুসলমানকে উদাত্ত আহ্বান জানাইতেছে, ইসলামের আদেশ নিষেধগুলি নিজ নিজ জীবনে অনুসরণ করার জন্য। ইহা এই কথাও বলিয়া দিতেছে যে, বেহেশ্‌ত ইহজগৎ ও পরজগৎ, আকাশ মালা ও পৃথিবী ব্যাপীয়া বিস্তৃত রহিয়াছে। অর্থাৎ সত্যিকার বিশ্বাসীগণ ইহকালেও বেহেশতে থাকিবে, পরকালে তো বটেই। বেহেশত দোযখের প্রকৃত স্বরূপ কি, তাহা বুঝিবার জন্য রসূলে আকরাম (সাঃ)-এর একটি হাদীস সবিশেষ সাহায্য করে। হুযুর আকরাম (সাঃ)-কে প্রশ্ন করা হইল, আকাশ মণ্ডল ও পৃথিবী জুড়িয়া যদি বেহেশ্‌ত বিস্তৃত থাকে, তাহা হইলে, দোযখ কোথায় থাকিবে? মহানবী (সাঃ) উত্তরে বলিলেন, দিন আসিলে, রাত্রি কোথায় যায়? (কাসীর)। তিনি আরও বলিয়াছেন; বেহেশ্‌তের সামান্যতম পুরস্কারও এত বিরাট হইবে যে, আকাশমালা ও পৃথিবীর মধ্যবর্তী সকল স্থানকে ইহা ছাইয়া ফেলিবে। ইহাতে বুঝা যায় বেহেশ্‌ত একটা আধ্যাত্মিক অবস্থার নাম, কোন বস্তু-জাগতিক স্থান নহে।

الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ فِی السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالۡکٰظِمِیۡنَ الۡغَیۡظَ وَالۡعَافِیۡنَ عَنِ النَّاسِ ؕ وَاللّٰہُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۳۵﴾ۚ

১৩৫
যাহারা খরচ করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়ও এবং যাহারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি মার্জনাশীল,৪৮০ বস্তুতঃ আল্লাহ্ ভালবাসেন সৎকর্মশীলগণকে,৪৮১
৪৮০। ‘আফ্‌ওন’ এক ধরণের ক্ষমা। এক ব্যক্তি অন্যের দ্বারা তিরস্কৃত,আহত কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া সত্বেও, যখন সে অপরাধীর অপরাধকে মন হইতে মুছিয়া ফেলে কিংবা স্বেচ্ছায় ভুলিয়া যায়, তখন বলা যাইতে পারে নিগৃহীত ব্যক্তি ‘আফ্‌ওন’ অবলম্বন করিয়াছে। যখন শব্দটি আল্লাহ্ তালার প্রতি আরোপ করা হয়, তখন ইহার তাৎপর্য দাঁড়ায় পাপীর পাপকে এমনভাবে অপসারণ করা যে, পাপের চিহ্নটুকু পর্যন্ত আর অবশিষ্ট থাকে না।
৪৮১। এই আয়াতে ‘আফ্‌ওন্‌’ এর তিনটি অবস্থার উল্লেখ আছে। প্রথম অবস্থা হইল, যে বিশ্বাসী ব্যক্তির প্রতি অপরাধ করা হইল, তিনি নিজের রাগকে সংযত করিলেন। দ্বিতীয় অবস্থা হইল, তিনি অপরাধীকে নিজ হইতেই ক্ষমা করিয়া দিলেন। তৃতীয় অবস্থা এই যে, তিনি তাহাকে কেবল ক্ষমা করিয়াই ক্ষান্ত হইলেন না, বরং অপরাধীর প্রতি দয়া প্রদর্শন করিলেন এবং তাহার কিছু উপকারও সাধন করিলেন। এই তিনটি স্তরের ‘আফ্‌ওন্‌’ এর দৃষ্টান্ত আমরা মহানবী (সাঃ)-এর দৌহিত্র এবং আলী (রাঃ) এর পুত্র হযরত ইমাম হাসান (রাঃ)-এর জীবনের একটি ঘটনা হইতে দেখিতে পাই। তাঁহার এক গোলাম অপরাধ করিলে তিনি খুবই রাগান্বিত হইলেন এবং তাহাকে মারিতে উদ্যত হইলেন। গোলাম পাঠ করিল ‘যাহারা ক্রোধ সংবরণকারী’ এই আয়াতাংশ শুনিবা মাত্র, হাসান (রাঃ) থামিয়া গেলেন। গোলাম তখন পাঠ করিল, “যাহারা মানুষের প্রতি মার্জনাশীল।” সাথে সাথে হাসান (রাঃ) তাহাকে ক্ষমা করিয়া দিলেন। অতঃপর, গোলামটি আয়াতের শেষাংশটি পাঠ করিলেন, “আল্লাহ্ ভালবাসেন সৎকর্মশীলগণকে”,। আল্লাহ্‌র এই বাক্য শ্রবণ মাত্র তিনি গোলামটিকে মুক্ত করিয়া দিলেন (বয়ান, ১ম, ৩৬৬)।

وَالَّذِیۡنَ اِذَا فَعَلُوۡا فَاحِشَۃً اَوۡ ظَلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ ذَکَرُوا اللّٰہَ فَاسۡتَغۡفَرُوۡا لِذُنُوۡبِہِمۡ ۪ وَمَنۡ یَّغۡفِرُ الذُّنُوۡبَ اِلَّا اللّٰہُ ۪۟ وَلَمۡ یُصِرُّوۡا عَلٰی مَا فَعَلُوۡا وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
এবং যাহারা যখন কোন অশ্লীল কার্য করে অথবা নিজেদের উপর যুলুম করে, তাহারা স্মরণ করে আল্লাহ্‌কে এবং ক্ষমা প্রার্থনা করে নিজেদের অপরাধসমূহের জন্য– এবং কে অপরাধ ক্ষমা করিতে পারে আল্লাহ্ ব্যতিরেকে— এবং তাহারা যাহা করে,৪৮২ জানিয়া শুনিয়া উহাতে (কায়েম থাকিতে) জিদ ধরে না।
৪৮২। যখন কোন সৎ ব্যক্তি নীতি-বিগর্হিত কোনও মন্দ কাজ করিয়া ফেলে, তাহারা তখন ঐ কাজকে যথার্থ বলিয়া সাব্যস্ত করিতে চাহে না, বরং নিজের দোষ স্বীকার করিয়া আত্ম-সংশোধনের চেষ্টা করে।

اُولٰٓئِکَ جَزَآؤُہُمۡ مَّغۡفِرَۃٌ مِّنۡ رَّبِّہِمۡ وَجَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَنِعۡمَ اَجۡرُ الۡعٰمِلِیۡنَ ﴿۱۳۷﴾ؕ

১৩৭
ইহারাই এমন, যাহাদের পুরস্কার তাহাদের প্রভুর পক্ষ হইতে ক্ষমা এবং এমন জান্নাত সমূহ,৪৮৩ যাহার তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত, সেখানে তাহারা বাস করিতে থাকিবে, এবং কত উত্তম পুরস্কার—সৎকর্মশীলদের জন্য!
৪৮৩। যখন কোন ব্যক্তি পাপ করিবার পর, আল্লাহ্‌র দিকে সত্যসত্যই প্রত্যাবর্তন করে এবং অপকর্মের জন্য অনুশোচনা করে, তখন আল্লাহ্ তা’লা যে কেবল তাহাকে ক্ষমাই করেন তাহা নহে, বরং তাহাকে আধ্যাত্মিক উন্নতি দান করেন ও বেহেশতের প্রতিশ্রুতিও দান করেন।

قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِکُمۡ سُنَنٌ ۙ فَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُکَذِّبِیۡنَ ﴿۱۳۸﴾

১৩৮
নিশ্চয় তোমাদের পূর্বে বহু বিধান৪৮৪ অতীত হইয়া গিয়াছে, সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ কর এবং লক্ষ্য কর যাহারা (নবীগণকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদের পরিণাম কেমন (মন্দ) হইয়াছিল।
৪৮৪। ‘সুনান’ শব্দটি, ‘সুন্নাহ’ এর বহুবচন। ইহার অর্থ হইল (১) আচরণ-বিধি, (২) কোনও জাতির দ্বারা প্রচলিত ও অনুসৃত নিয়ম-নীতি ও আচার-আচরণ, (৩) চরিত্র, ব্যবহার, প্রকৃতি ও মেযাজ, (৪) ধর্মীয় আইন-কানুন বা শরীয়াত (তাজ)।

ہٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَہُدًی وَّمَوۡعِظَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ ﴿۱۳۹﴾

১৩৯
ইহা৪৮৫ (এই কুরআন) মানব জাতির জন্য এক সুস্পষ্ট বর্ণনা, এবং মুত্তাকীগণের জন্য হেদায়াত এবং উপদেশ।
৪৮৫। ‘হা-যা’ সর্বনামটি কুরআনকে বুঝাইয়াছে, অথবা পূর্ববর্তী আয়াতকেও বুঝাইতে পারে, অথবা অনুতাপের বিষয়-বস্তু যাহা পূর্ববর্তী আয়াতগুলিতে আলোচিত হইয়াছে, তাহাকেও বুঝাইতে পারে।

وَلَا تَہِنُوۡا وَلَا تَحۡزَنُوۡا وَاَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۴۰﴾

১৪০
তোমরা শিথিল হইও না, এবং দুঃখিতও হইও না; যদি৪৮৬ তোমরা মো’মেন৪৮৭ হও, তাহা হইলে তোমরাই প্রবল থাকিবে।
৪৮৬। ‘ইন’ অর্থ যদি, নহে, নিশ্চয়, কারণে, যখন ইত্যাদি (লেইন)।
৪৮৭। একজন ব্যক্তি কিংবা একটি জাতি কোন নীতি পালন করিলে শক্তিশালী হইতে পারে ও শক্তিশালী থাকিতে পারে, এই আয়াতে তাহা বর্ণিত হইয়াছে। কর্তব্যে অবহেলা করিও না অর্থাৎ পূর্ণোদ্যমে কাজ কর, ইহা হল প্রথম নীতি। মর্মাহত ও হতোদ্যম হইও না, ইহা হইল দ্বিতীয় নীতি। প্রথম নীতিটি ভবিষ্যতের বিপদাবলীর দিকে লক্ষ্য রাখিয়া, কাজ করিয়া যাইবার প্রেরণা যোগায় এবং দ্বিতীয় নীতিটি অতীতের ভুল-ভ্রান্তি ও দুর্ভোগের দিকে তাকাইয়া হা-হুতাশ করিতে নিষেধ করে। জাতির পতন অধিকাংশ ক্ষেত্রে এই কারণেই আসে যে, তাহারা দায়িত্ব-সচেতন থাকিয়া কর্তব্য কর্ম সাম্পাদনে অবহেলা করে এবং অতীতের দুর্ভাবনাকে লালন করিয়া নৈরাশ্য ও কর্ম-বিমূখতার শিকারে পরিণত হয়। এই উভয়-বিধ বিপদ সম্বন্ধে সাবধান থাকিবার জন্য আয়াতটিতে আহ্বান জানানো হইয়াছে।