৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

اِنۡ تَمۡسَسۡکُمۡ حَسَنَۃٌ تَسُؤۡہُمۡ ۫ وَاِنۡ تُصِبۡکُمۡ سَیِّئَۃٌ یَّفۡرَحُوۡا بِہَا ؕ وَاِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا لَا یَضُرُّکُمۡ کَیۡدُہُمۡ شَیۡـًٔا ؕ اِنَّ اللّٰہَ بِمَا یَعۡمَلُوۡنَ مُحِیۡطٌ ﴿۱۲۱﴾٪

১২১
যদি তোমাদের কোন মঙ্গল ঘটে তাহা হইলে ইহা তাহাদিগকে দুঃখ দেয় এবং যদি তোমাদের কোন অমঙ্গল ঘটে তাহা হইলে ইহাতে তাহারা আনন্দিত হয়। কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ কর এবং তাক্‌ওয়া অবলম্বন কর, তাহাদের ষড়যন্ত্র তোমাদের কোন অনিষ্ট করিতে পারিবে না; তাহারা যাহা করে আল্লাহ্ নিশ্চয় উহার পরিবেষ্টনকারী৪৬৬।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ১২
৪৬৬। তাহাদের (গ্রন্থ-ধারীদের) সকল ইসলাম-বিধ্বংসী প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত করিয়া আল্লাহ্‌তা’লা তাহাদিগকেই ধ্বংস করিয়া দিবেন।  অতএব, তাহাদের জন্য মুসলমানের ভয়ের কোন কারণ নাই। ইসলামের শত্রুদের সকল ষড়যন্ত্রই আল্লাহ্‌তা’লা জ্ঞাত আছেন এবং তিনিই তাহা ব্যর্থ করিয়া দিবেন।

وَاِذۡ غَدَوۡتَ مِنۡ اَہۡلِکَ تُبَوِّیٴُ الۡمُؤۡمِنِیۡنَ مَقَاعِدَ لِلۡقِتَالِ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۱۲۲﴾ۙ

১২২
এবং (স্মরণ কর) যখন তুমি তোমার পরিবারের নিকট হইতে ভোর বেলা বাহির হইয়াছিলে, তুমি মো’মেনদিগকে যুদ্ধের জন্য যথাস্থান৪৬৭ মোতায়েন করিতেছিলে। বস্তুতঃ আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
৪৬৭। এখানে ‘উহুদের’ যুদ্ধের কথা বলা হইতেছে। মক্কার কুরাইশগণ, বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি মুছিবার জন্য, ৩০০০ অভিজ্ঞ, দক্ষ ও সুসজ্জিত সৈন্য লইয়া মদীনা আক্রমণের উদ্দেশ্যে রওয়ানা হইল। ইহা হিজরী তৃতীয় বৎসরের কথা। ইচ্ছা না থাকা সত্বেও মহানবী (সাঃ) মাত্র ১০০০ লোক নিয়া, যাহার মধ্যে আবদুল্লা বিন উবাই নামক প্রসিদ্ধ মোনাফেকও ৩০০ লোক সহ শামিল ছিল, মদীনার বাহিরে শত্রুর মোকাবিলার জন্য অগ্রসর হইলেন। ওহুদের ময়দানে উভয় পক্ষের মোকাবিলা হইয়াছিল।

اِذۡ ہَمَّتۡ طَّآئِفَتٰنِ مِنۡکُمۡ اَنۡ تَفۡشَلَا ۙ وَاللّٰہُ وَلِیُّہُمَا ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۲۳﴾

১২৩
(স্মরণ কর) যখন তোমাদের মধ্যে৪৬৮ দুই দল (এই অবস্থা দেখিয়া) ভীরুতা প্রকাশ করিতে মনস্থ করিয়াছিল, অথচ আল্লাহ্ তাহাদের উভয়ের অভিভাবক ছিলেন। এবং আল্লাহ্‌র উপরই মো’মেনগণকে ভরসা করা উচিত।
৪৬৮। এই দুইটি পার্টির একটি ছিল বনু সলিমা গোত্র এবং অপরটি ছিল বনু হারিস গোত্র। তাহারা যথাক্রমে খযরাজ ও আউস বংশীয় (বুখারী, কিতাবুল মাগাজি)। আয়াতটিতে এই ইঙ্গিত রহিয়াছে যে, তাহারা প্রকৃত পক্ষে ভয়ে পলায়ন করে নাই। তবে, আবদুল্লাহ্‌র তিন শত লোক সরিয়া পড়ায়, মুসলমানদের ক্ষুদ্র সেনাদল আরও কমিয়া গেল। ইহাতে যুদ্ধে যোগদানে ইতস্ততঃ করিলেও, তাহারা যোগদান হইতে বিরত হয় নাই।

وَلَقَدۡ نَصَرَکُمُ اللّٰہُ بِبَدۡرٍ وَّاَنۡتُمۡ اَذِلَّۃٌ ۚ فَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۲۴﴾

১২৪
এবং (ইতিপূর্বে) বদরের৪৬৯ যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে তখন আল্লাহ্‌ তোমাদিগকে সাহায্য করিয়াছিলেন। সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পার।
৪৬৯। মক্কা হইতে মদীনা যাইবার পথে একটি স্থানের নাম বদর। বদর নামক এক ব্যক্তির এখানে একটি ঝর্ণা ছিল। সেই কারণেই ইহার নাম বদর রাখা হইয়াছিল। এই স্থানটির সন্নিকটে যুদ্ধ হইয়াছিল বলিয়াই ইহাকে বদরের যুদ্ধ বলা হয়। এই আয়াতে সেই যুদ্ধেরই উল্লেখ করা হইয়াছে।

اِذۡ تَقُوۡلُ لِلۡمُؤۡمِنِیۡنَ اَلَنۡ یَّکۡفِیَکُمۡ اَنۡ یُّمِدَّکُمۡ رَبُّکُمۡ بِثَلٰثَۃِ اٰلٰفٍ مِّنَ الۡمَلٰٓئِکَۃِ مُنۡزَلِیۡنَ ﴿۱۲۵﴾ؕ

১২৫
যখন তুমি মো’মেনদিগকে বলিতেছিলে, ‘ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নহে যে, তোমাদের প্রতিপালক নাযেলকৃত তিন সহস্র৪৭০ ফিরিশ্‌তা দ্বারা তোমাদিগকে সাহায্য করিবেন?’
৪৭০। ভুলবশতঃ মনে করা হয় যে, এই আয়াতে বদরের কথা বলা হইয়াছে। আসলে তাহা নহে। পূর্ববর্তী আয়াতে বদরের যুদ্ধের কথা এই সাধারণ অর্থে, উদাহরণ স্বরূপ উল্লেখ করা হইয়াছে যে, আল্লাহ্‌তা’লা তাঁহার ধৈর্য্যশীল মুসলমান বান্দাদিগকে নিশ্চয় বিপদের সময় সাহায্য করিয়া থাকেন। প্রকৃত পক্ষে, ৮ঃ১০ আয়াত অনুযায়ী, বদরের যুদ্ধের সময় প্রেরিত ফিরিশ্‌তার সংখ্যা ছিল এক হাজার, যেহেতু শত্রুর যোদ্ধাগণের সংখ্যা ছিল এক হাজার। কিন্তু ওহুদের যুদ্ধে শত্রুসংখ্যা ছিল তিন হাজার, অতএব এই ক্ষেত্রে মুসলমানগণের জন্য তিন হাজার ফিরিশ্‌তার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হইল। এই প্রতিশ্রুতি পূরণ করার কথা ৩ঃ১৫৩ আয়াতে বলা হইয়াছে।

بَلٰۤی ۙ اِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا وَیَاۡتُوۡکُمۡ مِّنۡ فَوۡرِہِمۡ ہٰذَا یُمۡدِدۡکُمۡ رَبُّکُمۡ بِخَمۡسَۃِ اٰلٰفٍ مِّنَ الۡمَلٰٓئِکَۃِ مُسَوِّمِیۡنَ ﴿۱۲۶﴾

১২৬
‘হা, বরং,৪৭১ যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং তাক্‌ওয়া অবলম্বন কর এবং তাহারা উত্তেজিত হইয়া এই মুহূর্তেই তোমাদের উপর চড়াও হয়, তাহা হইলে তোমাদের প্রভু পাঁচ সহস্র৪৭২ দুর্ধর্ষ৪৭৩ ফিরিশ্‌তা দ্বারা তোমাদিগকে সাহায্য করিবেন।
৪৭১। ‘বালা’ (হাঁ, ‘বরং’) শব্দটি পূর্বোক্ত আয়াতের সহিত আলোচ্য আয়াতকে সংযুক্ত করিয়াছে। পূর্বোক্ত আয়াতের প্রশ্ন ‘ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নহে?’ - এর উত্তর হাঁ, ‘বরং’ বলা হইয়াছে। অতএব, ইহার অর্থ দাঁড়াইয়াছে, হাঁ, ‘বরং’ ইহাই আমাদের জন্য যথেষ্ট হইবে। তবে, শত্রুরা যদি এই মূহূর্তেই পুনরাক্রমণ করে, তাহা হইলে ৫,০০০ ফিরিশ্‌তা দ্বারা তোমাদিগকে সাহায্য করা হইবে।
৪৭২। এই কথার তাৎপর্য হইল, শত্রুরা যদি তোমাদিগকে দলবদ্ধ হইয়া প্রস্তুতি নিবার সময় না দেয় এবং এখনই পুনরায় আক্রমণ চালায়, তাহা হইলে আল্লাহ্‌তা’লা তোমাদের সাহায্যে পাঁচ হাজার ফিরিশ্‌তা পাঠাইবেন। পূর্ববর্তী আয়াতের ৩,০০০ ফিরিশ্‌তার স্থলে, এখানে ৫,০০০ ফিরিশ্‌তার সাহায্য দানের কথা এই জন্য বলা হইয়াছে, যেহেতু মুসলমানদের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত ক্লান্ত-শ্রান্ত-দুর্বল এবং যোদ্ধাদের স্বল্প-সংখ্যা আরও স্বল্প হইয়া পড়িয়াছে। তাই তাহাদের জন্য আরও অধিক সাহায্য প্রয়োজন। যুদ্ধ বন্ধ করিয়া কুরাইশগণ মক্কার দিকে রওয়ানা হইল, কিন্তু কিছু দূর যাইতে না যাইতেই তাহারা মুসলমানদের উপর পুনরাক্রমণের উদ্দেশ্যে ফিরিবার অভিসন্ধি করিল। রসূলে পাক (সাঃ) ইহা জানিতে পারিয়া, যুদ্ধের পরদিনই আবার হুকুম দিলেন, এখনই রণক্ষেত্রের দিকে শত্রুর মোকাবিলার জন্য ফিরিয়া যাইতে হইবে। সাথে সাথে সদা-প্রস্তুত মুসলমানগণ রওয়ানা হইয়া গেলেন। তাহারা হাম্‌রাল আসাদ নামক স্থান পর্যন্ত অগ্রসর হইলেন, যাহা মদীনা হইতে আট মাইল দূরে। মক্কাবাসীরা মহানবী (সাঃ) ও তাঁহার অনুসারীদের এই দ্রুত-গমন ও তড়িৎ প্রস্তুতিতে স্তম্ভিত ও ভীত-সন্ত্রস্ত হইয়া গেল। তাহারা যুদ্ধের দিকে অগ্রসর না হইয়া তাড়াতাড়ি মক্কার দিকে প্রস্থান করিল। শত্রুদের ভীত-বিহ্বলতা ও প্রস্থান, প্রকৃত পক্ষে ফিরিশ্‌তাদেরই সৃষ্ট অবস্থার পরিণতি ছিল। নতুবা অন্য কোনও কারণ ছিল না, যাহা মুসলমানদের মোকাবিলা হইতে তাহাদিগকে ফিরাইতে বা বিরত করিতে পারিত। কেননা, মাত্র একদিন আগের যুদ্ধে তাহারা মুসলমানদিগকে ভয়ানক ক্ষতি পৌঁছাইয়াছে, তাহাদের বহু লোককে হত্যা করিয়াছে, বহু লোককে আহত করিয়াছে এবং বাকী মুসলমান যোদ্ধারা এখনো তাহাদের ক্লান্তি-শ্রান্তিও দূর করিতে পারে নাই।
৪৭৩। ‘মুসাওয়েমীন’ ‘সাউওয়ামা’ হইতে উৎপন্ন। ‘সাউওয়ামা আলাইহিম’ অর্থ সে তাহাদিগকে হঠাৎ ও তীব্রভাবে আক্রমণ করিয়া ভীষণ ক্ষতি সাধন করিল (আকরাব)।

وَمَا جَعَلَہُ اللّٰہُ اِلَّا بُشۡرٰی لَکُمۡ وَلِتَطۡمَئِنَّ قُلُوۡبُکُمۡ بِہٖ ؕ وَمَا النَّصۡرُ اِلَّا مِنۡ عِنۡدِ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَکِیۡمِ ﴿۱۲۷﴾ۙ

১২৭
এবং আল্লাহ্ ইহাকে তোমাদের জন্য কেবল সুসংবাদ রূপে নির্ধারণ করিয়াছেন এবং যেন তোমাদের হৃদয় ইহা দ্বারা প্রশান্তি৪৭৪ লাভ করে; বস্তুতঃ সাহায্য কেবল মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ্‌র নিকট হইতেই আসিয়া থাকে।
৪৭৪। ফিরিশ্‌তারা মুসলমান বাহিনীকে দুই ভাবে সাহায্য করিয়াছিলেন - একদিকে তাহারা মুসলমানদিগকে উচ্চ মনোবল যোগাইয়া তাহাদের বিক্রম বৃদ্ধি করিয়াছিলেন এবং অপরদিকে কাফেরদের মনে ভীতি-বিহ্বলতা সৃষ্টি করিয়াছিলেন। আল্লাহ্ যদি ইচ্ছা করিতেন, তাহা হইলে মাত্র একজন ফিরিশ্‌তার সাহায্যই মুসলমানদের জন্য উহুদের ময়দানে যথেষ্ট হইতে পারিত, তথাপি তিনি পাঁচ হাজার ফিরিশ্‌তা পাঠাইবার আশ্বাস দিলেন। ইহাতে এই ইঙ্গিত দেওয়া হইয়াছে যে, প্রকৃতির অনেক অদৃশ্য শক্তি মুসলমানদের পক্ষে কাজ করিয়াছিল। এই প্রসঙ্গে ইহা উল্লেখ করা যাইতে পারে যে, কয়েকজন মুসলমান এবং কয়েকজন কাফেরও স্বচক্ষে ফিরিশ্‌তাকে সত্য সত্যই দেখিয়াছিল বলিয়া বদর যুদ্ধের বর্ণনাতে লিপিবদ্ধ আছে (জরীর ৪র্থ, ৪৭ পৃঃ)। ৮ঃ১০ দেখুন।

لِیَقۡطَعَ طَرَفًا مِّنَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَوۡ یَکۡبِتَہُمۡ فَیَنۡقَلِبُوۡا خَآئِبِیۡنَ ﴿۱۲۸﴾

১২৮
(ইহা এই জন্য) যে তিনি ঐ সমস্ত লোকদের মধ্য হইতে একাংশকে কর্তন করিয়া দেন যাহারা অস্বীকার করিয়াছে অথবা তাহাদিগকে লাঞ্ছিত৪৭৫ করেন, ফলে তাহারা বিফল মনোরথ হইয়া ফিরিয়া যায়।
৪৭৫। মহানবী (সাঃ) যখন জানিতে পারিলেন যে, মক্কাবাসীরা তখনই মদীনার উপর আবার আক্রমণের উদ্যোগ গ্রহণ করিতেছে, তিনিও তখন অভিযানে রওয়ানা হইয়া গেলেন। মক্কাবাসীরা আত্মসম্মান বিসর্জন দিয়া, অপমানিত ও ঘৃণিতভাবে পলায়ন করিল।

لَیۡسَ لَکَ مِنَ الۡاَمۡرِ شَیۡءٌ اَوۡ یَتُوۡبَ عَلَیۡہِمۡ اَوۡ یُعَذِّبَہُمۡ فَاِنَّہُمۡ ظٰلِمُوۡنَ ﴿۱۲۹﴾

১২৯
এই ব্যাপারে তোমার কোন কিছু করণীয় নাই, হয় তিনি তাহাদের প্রতি সদয় দৃষ্টিপাত করিবেন অথবা তাহাদিগকে তিনি শাস্তি দিবেন, কেননা তাহারা যালেম৪৭৬।
৪৭৬। ভ্রমবশতঃ অনেকেই মনে করেন এই আয়াতে মক্কাবাসীদের ধ্বংসের জন্য বদ্‌দোয়া করার কারণে, নবীকরীম (সাঃ)-কে আল্লাহ্‌তা’লা, ভর্ৎসনা করিয়াছেন। এই আয়াতে বা আশেপাশে এরূপ বদ্‌দোয়ার কোনও উল্লেখ নাই। এমনকি এরূপ বদদোয়া করার কোন কারণও ঘটে নাই। সত্য কথা এই যে, আল্লাহ্‌তা’লার বিনা অনুমতিতে, কোন নবীই জাতির ধ্বংসের জন্য বদদোয়া করেন না। এই আয়াতটি তাহাদের জন্য ব্যবহৃত হইয়াছে, যাহারা বলিয়াছিল যে, অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের তোয়াক্কা না করিয়া উহুদের যুদ্ধে অংশগ্রহণ করায়, মুসলমানরা সেখানে মার খাইল। আয়াতটিতে বলা হইয়াছে, আল্লাহ্‌তা’লার অপরিসীম প্রজ্ঞানুসারেই মুসলমানেরা উহুদে ক্ষতি স্বীকার করিয়াছে; ইহার সাথে মহানবী (সাঃ)-এর কোনও সম্পর্ক নাই। এই ক্ষতির মাঝেও অনেক ভাল ফল ফলিয়াছে, বহু অবিশ্বাসী ইহার ফলশ্রুতিতে ইসলাম গ্রহণ করিয়াছিল। তাহাদের মধ্যে একজন হইলেন প্রসিদ্ধ জেনারেল খালিদ। তাহারা দেখিতে পাইয়াছিলেন, এত মহা শংকটেও কিভাবে আল্লাহ্‌তা’লা রসূলে করীম (সাঃ)-কে সাহায্য করিয়াছেন এবং যুদ্ধের এক পর্যায়ে রসূলুল্লাহ্ (সাঃ) যখন সম্পূর্ণ একা ও অরক্ষিত অবস্থায় ছিলেন, তখনও অলৌকিক ভাবে তিনি তাঁহাকে রক্ষা করিয়াছিলেন।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ یَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۳۰﴾٪

১৩০
এবং যাহা কিছু আকাশসমূহে আছে এবং যাহা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহ্‌র; তিনি যাহাকে চাহেন ক্ষমা করেন, এবং যাহাকে চাহেন আযাব দেন; বস্তুতঃ আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ১৩