২১

الأنبياء

সূরা আল্ আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৩ আয়াত এবং ৭ রুকু আছে।

لَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکُمۡ کِتٰبًا فِیۡہِ ذِکۡرُکُمۡ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿٪۱۱﴾

১১
আমরা তোমাদের নিকট এমন এক কিতাব নাযেল করিয়াছি যাহাতে তোমাদের জন্য উচ্চ মর্যাদার উপকরণ আছে; অতএব তোমরা কি বিবেক-বুদ্ধি খাটাইবে না?১৮৭৪
সূরা আল্ আম্বিয়া - রুকু ১
১৮৭৪। এই আয়াতের মর্ম কেবল ইহাই নহে যে, কুরআনের অস্বীকারকারীরা দুর্দশায় পড়িবে এবং ইহার অনুসারীগণ অগ্রগতি ও উন্নতি লাভ করিবে এবং আধ্যাত্মিক ও পার্থিব গৌরবের নিম্নতম ধাপ হইতে সর্বোচ্চ শিখরে উন্নীত হইবে। পক্ষান্তরে এই বাস্তব ঘটনা এক নির্ভুল প্রমাণ ও প্রতিষ্ঠিত করিবে যে, কুরআন বানোয়াট নহে, কবিতার ছন্দ কিম্বা অলীক স্বপ্নের কাহিনী নহে, পরন্তু আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ্‌তা’লার সত্য কালাম।

وَکَمۡ قَصَمۡنَا مِنۡ قَرۡیَۃٍ کَانَتۡ ظَالِمَۃً وَّاَنۡشَاۡنَا بَعۡدَہَا قَوۡمًا اٰخَرِیۡنَ ﴿۱۲﴾

১২
এমন কত জনপদই না ছিল যাহারা যুলুম করিয়া আসিতেছিল, আমরা তাহাদিগকে সম্পূর্ণরূপে নির্মূল করিয়াছি, এবং তাহাদের পরে অপরাপর কওমকে উত্থিত করিয়াছি।

فَلَمَّاۤ اَحَسُّوۡا بَاۡسَنَاۤ اِذَا ہُمۡ مِّنۡہَا یَرۡکُضُوۡنَ ﴿ؕ۱۳﴾

১৩
অতঃপর যখন তাহারা আমাদের আযাব অনুভব করিল, তখন দেখ! সহসা তাহারা উহা হইতে রক্ষা পাওয়ার জন্য দৌড়িতে লাগিল।

لَا تَرۡکُضُوۡا وَارۡجِعُوۡۤا اِلٰی مَاۤ اُتۡرِفۡتُمۡ فِیۡہِ وَمَسٰکِنِکُمۡ لَعَلَّکُمۡ تُسۡـَٔلُوۡنَ ﴿۱۴﴾

১৪
(আমরা বলিলাম) ‘তোমরা দৌড়িও না, বরং তোমরা যে সুখ-সম্ভোগে মত্ত ছিলে উহার দিকে এবং তোমাদের আবাসগৃহের দিকে ফিরিয়া যাও, যেন তোমাদিগকে (তোমাদের কার্যকলাপ সম্বন্ধে) জিজ্ঞাসা করা যাইতে পারে।’

قَالُوۡا یٰوَیۡلَنَاۤ اِنَّا کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۱۵﴾

১৫
তাহারা বলিল, ‘হায় আমাদের জন্য পরিতাপ! বস্তুতঃ আমরাই যালেম ছিলাম।’

فَمَا زَالَتۡ تِّلۡکَ دَعۡوٰٮہُمۡ حَتّٰی جَعَلۡنٰہُمۡ حَصِیۡدًا خٰمِدِیۡنَ ﴿۱۶﴾

১৬
এইভাবে তাহাদের এই চিৎকার ততক্ষণ পর্যন্ত চলিতে থাকিল যতক্ষণ পর্যন্ত না আমরা তাহাদিগকে এক কর্তিত শস্যক্ষেত্র ও নির্বাপিত অগ্নি-সদৃশ করিয়া দিলাম।১৮৭৫
১৮৭৫। যে সব জাতির উপরে ঐশী-আযাব নামিয়া আসে তাহাদের এক স্পষ্ট চিত্র এই আয়াতে বর্ণনা করা হইয়াছে। তাহারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং তাহাদের সকল উচ্চাকাঙ্খা এবং ব্যাকুল বাসনা নির্বাপিত হয়। বাঁচিবার ইচ্ছা শক্তি পর্যন্ত তাহাদের মধ্যে বিনাশ হইয়া যায়। ভবিষ্যৎ সম্পর্কে তাহারা হতাশাগ্রস্ত হয় এবং তাহাদের সকল উদ্যম হারাইয়া বসে। এইরূপে সেই জাতি মৃত ও বিলুপ্ত হইয়া যায়।

وَمَا خَلَقۡنَا السَّمَآءَ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا لٰعِبِیۡنَ ﴿۱۷﴾

১৭
এবং আমরা আকাশকে এবং পৃথিবীকে এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে ঐ সকলকে ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই।১৮৭৫-ক
১৮৭৫-ক। এই বিশ্ব-জগৎ আমোদ-প্রমোদ এবং ক্রীড়াচ্ছলে সৃজিত হয় নাই। ইহার সৃজন সম্পর্কে সামান্যতম চিন্তা-ভাবনা ও বিচার-বিবেচনা ইহার সৃষ্টির অন্তরালে মহাজ্ঞানের রহস্য উদঘাটন করে। সৃষ্টির কেন্দ্র-বিন্দু এই মানবকেও অবশ্যই এক মহান ও পরম উদ্দেশ্য সিদ্ধির জন্য সুপরিকল্পিত ভাবে সৃষ্টি করা হইয়াছে। এই আয়াতের অন্তর্নিহিত মর্ম এই যে, পৃথিবীতে মানুষ আল্লাহ্‌তা’লার প্রতিনিধিত্বকারী। তাহাকে সৃষ্টি করা হইয়াছে দর্পণ-স্বরূপ,স্রষ্টার সুন্দর প্রতিচ্ছায়া মানবের নিজ সত্তায় প্রতিফলিত ও প্রতিবিম্বিত করিবার উদ্দেশ্যে (২ঃ৩১)।

لَوۡ اَرَدۡنَاۤ اَنۡ نَّتَّخِذَ لَہۡوًا لَّاتَّخَذۡنٰہُ مِنۡ لَّدُنَّاۤ ٭ۖ اِنۡ کُنَّا فٰعِلِیۡنَ ﴿۱۸﴾

১৮
যদি আমাদের আমোদ-প্রমোদ করার ইচ্ছা থাকিত তাহা হইলে নিশ্চয় আমরা আমাদের নিকট হইতেই উহার ব্যবস্থা করিয়া লইতাম, যদি একান্তই আমরা এইরূপ করিতে প্রয়াসী হইতাম।১৮৭৬
১৮৭৬। ইহা আল্লাহ্-রাব্বুল-আলামীনের মহত্ব, মর্যাদা ও বিচক্ষণতার পরিপন্থী যে, তিনি এক মহৎ অভীষ্ট লক্ষ্য ছাড়া এই বিশ্ব সৃষ্টি করিয়াছেন, অনর্থক এবং উদ্দেশ্যহীনভাবে কিছু করিয়াছেন।

بَلۡ نَقۡذِفُ بِالۡحَقِّ عَلَی الۡبَاطِلِ فَیَدۡمَغُہٗ فَاِذَا ہُوَ زَاہِقٌ ؕ وَلَکُمُ الۡوَیۡلُ مِمَّا تَصِفُوۡنَ ﴿۱۹﴾

১৯
বরং আমরা সত্যকে বাতিলের উপর ছুঁড়িয়া মারি, ফলে ইহা উহার মাথা ভাঙ্গিয়া ফেলে,১৮৭৬-ক এবং দেখ! সহসা উহা বিলীন হইয়া যায়। এবং তোমরা (আল্লাহ্ সম্বন্ধে) যাহা কিছু বর্ণনা কর উহার কারণে পরিতাপ তোমাদের জন্য!
১৮৭৬-ক। ‘দামাগাহু’ অর্থ সে তাহার মাথা ভাঙ্গিয়া দিল যাহাতে জখম তাহার মস্তিকে পৌঁছাইল; সে তাহাকে বশ করিল (লেইন)।

وَلَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَمَنۡ عِنۡدَہٗ لَا یَسۡتَکۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِہٖ وَلَا یَسۡتَحۡسِرُوۡنَ ﴿ۚ۲۰﴾

২০
এবং যাহারা আকাশসমূহে ও পৃথিবীতে আছে তাহারা সকলই তাঁহার। এবং যাহারা তাঁহার সন্নিধানে আছে তাহারা তাঁহার ইবাদত করিতে অহংকার বশতঃ বিরত হয় না এবং কোন প্রকার ক্লান্তিও বোধ করে না।