৩২৫৪। ৬ থেকে ১১ নম্বর আয়াত নবী করীম (সা.)-এর প্রতি প্রযোজ্য। এ আয়াতগুলোতে নবী করীম (সা.)-এর বিরুদ্ধে মুনাফিকদের অভিযোগগুলোর উল্লেখ করা হয় এবং ১২ নম্বর আয়াত থেকে সেগুলো খণ্ডন করা হয়। অতএব এ আয়াতগুলোর (৬-১১) তাৎপর্য দাঁড়ায়, এটা কীভাবে সম্ভব, তুমি সে ব্যক্তির প্রতি এত মনোযোগ দেবে, যে ব্যক্তি ঘৃণা, অবহেলা ও উদাসীনতা দেখায়, অপরদিকে যে আল্লাহকে ভয় করে এবং তোমার দিকে দৌড়ে আসে তার প্রতি তুমি অবজ্ঞা দেখাবে- তোমার পক্ষে তা কোনোমতেই সম্ভব নয়। আবার এ আয়াতগুলো কুরাইশ দলপতির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, কেননা সেই ব্যক্তি অন্ধ ব্যক্তির আগমনে অস্বস্তি বোধ করল এবং মুখ ফিরিয়ে নিল। কোনো কোনো তফসীরকার এরূপ অর্থই করেছেন। এ অর্থ গ্রহণ করলে আয়াতগুলোকে ব্যঙ্গোক্তি বলে মেনে নিতে হবে যাতে নবী করীম (সা.)-এর সমালোচকদের মনের চিত্রই ফুটে উঠেছে, নবী করীম (সা.)-এর কোনো দুর্বলতার প্রতি এখানে কোনো ইঙ্গিত নাই।
৩২৫৫। এ আয়াতের অর্থ হলো, অবজ্ঞার অভিযোগ সঠিক নয়। অন্ধ ব্যক্তির প্রতি রসূল করীম (সা.) কেনইবা বিরক্তি বা অবজ্ঞা প্রকাশ করবেন, যেখানে কুরআন ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্যই অবতীর্ণ হয়েছে? এরূপ করা মহানবী (সা.)-এর নিজ সমুন্নত নৈতিক গুণাবলির পরিপন্থি তো বটেই, মানবিক যুক্তিও এতে সায় দেয় না। মহানবী (সা.) যা করেছেন তা সেই নির্দিষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সঠিক ছিল।
৩২৫৬। অবতীর্ণ ধর্মগ্রন্থসমূহের মধ্যে যত চিরস্থায়ী ও অপরিবর্তনীয় শিক্ষা রয়েছে তার সবগুলোর সারাংশই পবিত্র কুরআনে সন্নিবেশিত হয়েছে। এ হিসাবে কুরআন যেন সকল ধর্মগ্রন্থের সংগ্রহ বিশেষ। ‘সম্মানিত ঐশী গ্রন্থাবলিতে’ বাক্যাংশের তাৎপর্য এটাই। আয়াতটি বলে দিচ্ছে, কুরআন কিতাবের আকারে লিখিত রূপধারণ করবে। এটি সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা লাভ করবে, বিকৃতি ও হস্তক্ষেপ থেকে সুরক্ষিত এবং সংরক্ষিত থাকবে আর আছেও।
৩২৫৭। পূর্ববর্তী দুটি আয়াতে (১৪ ও ১৫) কুরআনের তিনটি বৈশিষ্ট্য বা গুণের উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনই ১৬-১৭ নম্বর আয়াত দুটিতে কুরআনের বাণী প্রচারকরা কেবল যে ধার্মিক ও মহীয়ান তা-ই নয়, তারা এর বাণী প্রচার ও বিস্তারের জন্য দূরদূরান্তের ভ্রমণও করবেন বলে বলা হয়েছে। ‘সাফারাতিন’-এর আরেকটি অর্থ, দূরদূরান্তে সফরকারীরা।
৩২৫৮। কাফিররা এতই অকৃতজ্ঞ যে, কুরআনের মতো এত বড়ো উপকারী ও মহীয়ান একটি গ্রন্থ যা তাদেরকে নৈতিক অধঃপতনের অতল গহ্বর থেকে উদ্ধার করে আধ্যাত্মিক উন্নতির উচ্চশৃঙ্গে আরোহণের জন্য অবতীর্ণ হয়েছে, তা-ও তারা অগ্রাহ্য করে।