مريم
Maryam
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
হযরত মুহাম্মদ (সা.)-এর সাহাবীদের সর্ববাদীসম্মত অভিমত হলো, আলোচ্য সূরাটি মক্কী জীবনের গোড়ার দিকে, খুব সম্ভবত নবুওয়তের চতুর্থ বছরের শেষ দিকে এবং আবিসিনিয়ার হিজরতের পূর্বে, যা হিজরি ৫ম বছরের রজব মাসে সংঘটিত হয়েছিল- তার মধ্যবর্তী সময়ে অবতীর্ণ হয়েছিল। পূর্ববর্তী সূরা বনী ইসরাঈল ও আল-কাহফের সাথে এ দিক দিয়ে বর্তমান সূরাটির সম্পর্ক রয়েছে যে, উল্লিখিত দুটি সূরাতেই ইহুদী এবং খ্রিষ্টানদের উত্থান ও সাফল্যের কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছিল, যার ধারাবাহিকতা আলোচ্য সূরাতেও বিদ্যমান। সূরা বনী ইসরাঈলে বিশেষভাবে বর্ণিত হয়েছিল, ইহুদীরা জাতীয় পর্যায়ে দুবার বিপর্যয়ের সম্মুখীন হবে এবং দুবার তারা আবার সাফল্য ও ক্ষমতার অধিকারী হবে। অনুরূপভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল, মুসলমানরাও দুবার জাতীয় পর্যায়ে ক্ষমতা ও সাফল্যের অধিকারী হবে এবং দুবার ইহুদীদের মতো তারাও অবনতি ও পতনের সম্মুখীন হবে। সূরা কাহফে এ বিষয়টিই আরো বিস্তৃত পরিসরে আলোচিত হয়েছিল যে, মূসায়ী শরীয়তের মসীহ অর্থাৎ ঈসা (আ.)-এর অনুসারী কর্তৃক এক সময় মুসলমানরা জাতীয় বিপর্যয়ের সম্মুখীন হবে, যখন তারা ইসলামী শরীয়তের মসীহর নেতৃত্বে পুনরায় তাদের হারানো গৌরব ফিরে পাবে। বর্তমান সূরাতে পূর্ব প্রসঙ্গের সূত্র ধরে খ্রিষ্টীয় বিশ্বাসের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ দিক থেকে আলোচ্য সূরাটি একই শ্রেণির বক্তব্য সমৃদ্ধ তৃতীয় সংযোজন যার প্রথম দুটি সূরা বনী ইসরাঈল ও সূরা আল-কাহফ। মূলত এ তিনটি সূরা একই বিষয়বস্তু আলোচনা করেছে এবং উপস্থাপনার দিক থেকে একই ধরনের প্রকাশভঙ্গি অনুসরণ করেছে।
সূরাটির শুরুতে যে সংক্ষিপ্ত বর্ণমালা বা ‘হুরূফে মুকাত্তায়াত’ রয়েছে, তার মাধ্যমে ইসলামী শিক্ষা ও খ্রিষ্টীয় বিধিব্যবস্থার মধ্যে একটি তুলনামূলক চিত্র প্রদান করা হয়েছে এবং এই সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, খ্রিষ্টীয় বিধান ছিল মূলত ঐশী, কিন্তু পরবর্তীতে এর মধ্যে ভ্রান্ত বিশ্বাস ও মতবাদ প্রক্ষিপ্ত হয়েছে। যেহেতু এসব প্রক্ষিপ্ত মতবাদ ঐশী গুণাবলির সাথে বৈসাদৃশ্যপূর্ণ, তাই সেগুলো খণ্ডন করার লক্ষ্যে হযরত ঈসা (আ.)-এর সংক্ষিপ্ত জন্মবৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। অবশ্য হযরত ঈসা (আ.)-এর জন্মবৃত্তান্ত বর্ণনা করার পূর্বে হযরত যাকারিয়া (আ.)-এর প্রসঙ্গেও কিছুটা বর্ণনা দেওয়া হয়েছে, কেননা বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিন আসার পূর্বে এলীয় ভাববাদীর প্রেরিত হবার কথা (মালাকি ৪:৫)। আর ইহুদীরা যখন এলীয় সম্পর্কে হযরত ঈসা (আ.)-এর নিকট জানতে চেয়েছিল, মনুষ্যপুত্রের আগমন হবার পূর্বেই যার আগমন আবশ্যক, তখন তিনি বলেছিলেন, ‘তোমরা যদি গ্রহণ করিতে সম্মত হও তবে জানিবে, যে এলীয়ের আগমন হইয়াছে তিনি এই ব্যক্তি অর্থাৎ যোহনই এলীয়।’ ‘এলীয়ের শক্তি ও প্রকৃতিপ্রাপ্ত হয়ে যোহন এসেছেন’ (মথি ১১:১৪-১৫, ১৭:১২ ও মার্ক ৯:১৩)। তিনি ইহুদীদেরকে আরো বলেছিলেন, এলীয় স্বর্গ থেকে আসবেন না, বরং অন্যান্য সকল মানুষের মতো তিনিও এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করবেন অন্য একজন মানুষের আকৃতিতে এবং তিনিই যোহন (মথি ১১:১১ ও লুক ৭:২৮)।
অতঃপর হযরত ঈসা (আ.)-এর প্রসঙ্গ বর্ণনায় এ সূরাটি তাঁর জন্ম যে এক অসাধারণ প্রক্রিয়ায় পিতার মাধ্যম ছাড়াই সম্পন্ন হয়েছে তার উল্লেখ করেছে। এ অতি অসাধারণ ঘটনা অবলম্বন করার পেছনে যে ইঙ্গিত রয়েছে তা হলো, নবুওয়তের ধারা বনী ইসহাক থেকে বনী ইসমাঈলে স্থানান্তরিত হতে যাচ্ছে, কেননা বনী ইসহাক তথা ঈসরাঈল জাতির মধ্যে এমন কোনো পুরুষ বর্তমান নাই যার ঔরসে আল্লাহর কোনো নবী জন্ম লাভ করতে পারেন। অতঃপর সূরাটিতে হযরত ঈসা (আ.)-এর ঈশ্বরত্বের কথিত দাবিকে এ যুক্তি দ্বারা খণ্ডন করা হয়েছে যে, হযরত আদম (আ.) থেকে শুরু করে হযরত ঈসা (আ.)-এর পূর্ব পর্যন্ত সকল নবীই যখন মানুষ ছিলেন তখন হযরত ঈসা (আ.), যিনি নিজেও একজন নবী, তিনি কীভাবে মানুষ ছাড়া অন্য কিছু হতে পারেন এবং কেনইবা তাঁর প্রতি ঈশ্বরত্ব বা খোদার পুত্রের ঐশী গুণাবলি আরোপ করা যেতে পারে? যেহেতু খ্রিষ্টান জাতি কর্তৃক আখেরী জামানায় পুনরুত্থান ও মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে ব্যাপকভাবে অস্বীকৃতি প্রকাশ পাবে এবং যেহেতু এ সূরাটিতে খ্রিষ্টীয় মতবাদ সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে, সেহেতু এ সূরার পরবর্তী আলোচ্য বিষয় হলো মৃত্যুর পরবর্তী জীবন। এ বিষয়ে সূরাটিতে খুবই গুরুত্বপূর্ণ যুক্তির অবতারণা করা হয়েছে যার মোকাবিলায় অবিশ্বাসীদের বিভিন্ন মামুলি ও অসার যুক্তিসমূহ উন্মোচিত ও খণ্ডিত হয়ে গিয়েছে। সূরাটিতে বলা হয়েছে যে, অবিশ্বাসীরা তাদের জাগতিক সম্পদ, বস্তুসম্ভার ও অধিক সংখ্যা দেখিয়ে এক ধরনের অমূলক আনন্দের মধ্যে থাকে আর এসব জিনিসকে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে তাদের অবিশ্বাসজনিত মিথ্যা ধারণার অনুকূলে বলে যুক্তি প্রদর্শন করে এবং তাদের আত্মপক্ষ সমর্থনে বলতে থাকে, ইহজীবন ছাড়া আসলে আর কোনো জীবন নাই। তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, বিশ্বাসীদের আপাত সংখ্যাল্পতা ও সম্পদহীনতা এবং তাদের নিজেদের ইহজাগতিক প্রাচুর্য, ক্ষমতা ও সম্পদ দেখিয়ে তারা যেন এ কপট ধারণার বশবর্তী হয়ে না পড়ে যে চিরকাল অবস্থা এমনই থাকবে। বরং আসল কথা হলো, সত্য ধীরে ধীরে ও ধাপে ধাপে অগ্রসর হয় এবং এটা অবধারিত, পরিণামে সত্যই বিজয়ী হয়। পরিশেষে একটি ইঙ্গিতপূর্ণ প্রশ্নের জবাব দানের মাধ্যমে এ সূরার পরিসমাপ্তি টানা হয়েছে আর প্রশ্নটি হলো- আরবী ভাষাকে কেন কুরআন করীমের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে? উত্তরে বলা হয়েছে, যেহেতু আরববাসীদের উদ্দেশ্যেই কুরআনের প্রথম সম্বোধন, সেহেতু এটাই স্বাভাবিক ও যুক্তিসংগত যে, কোনো বাণী সে ভাষাতেই কোনো সম্প্রদায়ের নিকট প্রচারিত হওয়া উচিত যার মাধ্যমে তারা নিজেরা ভাববিনিময় করে। এতে তাদের পক্ষে উক্ত বাণীর বিষয়বস্তু অনুধাবন ও পারস্পরিক মতবিনিময় করা সহজ হয়ে পড়ে এবং এজন্যই কুরআন মজীদ আরবী ভাষায় অবতীর্ণ হয়েছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
کٓہٰیٰعٓصٓ ۟﴿ۚ۲﴾
ذِکۡرُ رَحۡمَتِ رَبِّکَ عَبۡدَہٗ زَکَرِیَّا ۖ﴿ۚ۳﴾
اِذۡ نَادٰی رَبَّہٗ نِدَآءً خَفِیًّا ﴿۴﴾
قَالَ رَبِّ اِنِّیۡ وَہَنَ الۡعَظۡمُ مِنِّیۡ وَاشۡتَعَلَ الرَّاۡسُ شَیۡبًا وَّلَمۡ اَکُنۡۢ بِدُعَآئِکَ رَبِّ شَقِیًّا ﴿۵﴾
وَاِنِّیۡ خِفۡتُ الۡمَوَالِیَ مِنۡ وَّرَآءِیۡ وَکَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا فَہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۙ﴿۶﴾
یَّرِثُنِیۡ وَیَرِثُ مِنۡ اٰلِ یَعۡقُوۡبَ ٭ۖ وَاجۡعَلۡہُ رَبِّ رَضِیًّا ﴿۷﴾
یٰزَکَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُکَ بِغُلٰمِ ۣاسۡمُہٗ یَحۡیٰی ۙ لَمۡ نَجۡعَلۡ لَّہٗ مِنۡ قَبۡلُ سَمِیًّا ﴿۸﴾
قَالَ رَبِّ اَنّٰی یَکُوۡنُ لِیۡ غُلٰمٌ وَّکَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا وَّقَدۡ بَلَغۡتُ مِنَ الۡکِبَرِ عِتِیًّا ﴿۹﴾
قَالَ کَذٰلِکَ ۚ قَالَ رَبُّکَ ہُوَ عَلَیَّ ہَیِّنٌ وَّقَدۡ خَلَقۡتُکَ مِنۡ قَبۡلُ وَلَمۡ تَکُ شَیۡئًا ﴿۱۰﴾