১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

کٓہٰیٰعٓصٓ ۟﴿ۚ۲﴾

২
কাফ হা ইয়া আঈন সাদ।১৭৩৮
১৭৩৮। উম্মে হানি (রাঃ) হইতে রেওয়ায়াত আছে যে, হযরত রসূল করীম (সাঃ) এরশাদ করিয়াছিলেন যে, সংযুক্ত বর্ণ ‘কাফ হা ইয়া আইন সাদ’ সমূহে ‘কাফ’ দ্বারা কাফি (পর্যাপ্ত, যথেষ্ট), ‘হা’ দ্বারা হাদী (সত্য-নিদর্শক), ‘আইন’ দ্বারা আলীম (সর্বজ্ঞাতা) এবং ‘সাদ’ দ্বারা সাদেক (সত্যনিষ্ঠ) এইরূপে সংযুক্ত সাংকেতিক অক্ষরগুলির পঠন এইরূপ হয়ঃ যথা ‘আন্‌তা কাফী আন্‌তা হাদী ইয়া আলীম ইয়া সাদিক’ অর্থাৎ তুমিই যথেষ্ট— সকলের প্রয়োজন সাধনে সক্ষম, তুমি সত্য পথ-প্রদর্শক, হে সর্বজ্ঞাতা ও সত্যনিষ্ঠ । আল্লাহ্‌তা’লার চারটি সিফ্‌ত, যাহা এই সংযুক্ত বর্ণমালায় পরিস্ফুটিত হইয়াছে, খৃষ্টানদিগের প্রায়শ্চিত্তবাদের অসারতা উন্মোচন ও প্রত্যাখ্যান করিয়াছে এবং ফলে এই মতবাদ মিথ্যা প্রমাণিত হইয়া যায়। যীশুর ঈশ্বরত্ব তথা ত্রিত্ববাদী ধর্মমতের সম্পূর্ণ অস্তিত্বই চূর্ণ বিচূর্ণ হইয়া যায় । উক্ত চারটি গুণাবলীর মধ্যে আলীম এবং সাদেক এই দুইটি প্রধান এবং মৌলিক গুণ এবং কাফী ও হাদী উহাদের অধীন ও প্রথমোক্ত সিফাতদ্বয় হইতে নির্গত এবং উহাদেরই অবশ্যম্ভাবী বিকাশ এবং প্রতিফলন। যদি আল্লাহ্‌তা’লা আলীম (সর্বজ্ঞানী) হন, তাহা হইলে প্রায়শ্চিত্তবাদী মতের কোন স্থান থাকে না । কারণ এই মতবাদ পূর্বাহ্নেই মানিয়া নেয় যে, আল্লাহ্‌তা’লা বিশ্ব সম্পর্কিত বিষয়াদি পরিচালনার জন্য এক বিশেষ কর্মসূচীর পূর্ব-পরিকল্পনা গ্রহণ করিয়াছিলেন, কিন্তু তাঁহার জ্ঞান ত্রুটিপূর্ণ হওয়ায় তাঁহার পরিকল্পনা ব্যর্থ হইয়াছিল এবং সেই কারণে আল্লাহ্‌তা’লা পৃথিবীর রক্ষাকল্পে তাঁহার নিজ পুত্রকে কুরবানী করিতে বাধ্য হইয়াছিলেন । আল্লাহ্‌তা’লার পরিকল্পনার ব্যর্থতা তাহার ‘সর্বজ্ঞানী’ হওয়া গুণের বিসদৃশ বা বিরুদ্ধ এবং যখন আল্লাহ্‌র জ্ঞানকে ক্রুটিপূর্ণ দেখানো হয়, তখন তিনি কাফী অর্থাৎ যথেষ্ট বা পরিপূর্ণ বলিয়া দাবী করিতে পারেন না । কারণ যে সত্তা সর্বজ্ঞ (আলীম) নিশ্চিত ও অনিবার্যভাবেই তিনি পর্যাপ্ত, পরিপূর্ণ এবং যথেষ্ট । একইরূপে সাদিক গুণ এবং ইহার অধীনস্থ হাদী (পরিচালক বা হেদায়াতকারী) প্রায়শ্চিত্তবাদ ধর্ম-মতকে চূর্ণ করিয়া ফেলে । যদি আল্লাহ্‌তা’লা প্রকৃতই হাদী বা পরিচালক না হন এবং পাপীদের জন্য যীশুর প্রায়শ্চিত্তে বিশ্বাস না করিলে নাজাত ও মুক্তি যদি সম্ভব না হয়, তাহা হইলে স্বীকার করিয়া লইতে হইবে যে, আল্লাহ্‌তা’লার সকল নবী-রসূলগণই মিথ্যাবাদী এবং প্রতারক (নাউযুবিল্লাহ্); কারণ তাহারা খৃষ্টীয় বিশ্বাসের বিপরীত শিক্ষা দিতেন এবং প্রচার করিতেন যে, মুক্তি এবং নাজাত কেবল সত্য ঈমান এবং সৎকর্মের মাধ্যমেই সম্ভব এবং আল্লাহ্‌তা’লার প্রত্যাদিষ্ট নবী-রসূলগণের সত্যবাদিতাই প্রতিবিম্বিত হয় বা স্বাক্ষর বহন করে এবং তাঁহার হাদী অর্থাৎ সত্য-পরিচালক হওয়া প্রমাণ করে । এইরূপে উক্ত বর্ণমালাগুলির সংক্ষিপ্ত সংযুক্তি এই ইংগিতই করে যে, খৃষ্টানদিগের ধর্মবিশ্বাস ও মতবাদের সঠিক পর্যালোচনায় ইহাই সাব্যস্ত হয় যে, এই সমস্ত অসমর্থিত মতবাদ যুক্তির ধোপে টিকে না এবং ইহা তাহাদিগকে উত্তমরূপে উপলদ্ধি করাইবার শ্রেষ্ঠ পন্থা হইতেছে আল্লাহ্‌তা’লার সিফ্‌তসমূহের উপরে বিস্তারিত আলোচনা করা, চিন্তা করা এবং লেখা— বিশেষভাবে উপরোক্ত চারটি গুণ সম্বন্ধে । মুকাত্তায়াতের উপর বিস্তারিত আলোচনার জন্য ১৬ টীকা দেখুন।

ذِکۡرُ رَحۡمَتِ رَبِّکَ عَبۡدَہٗ زَکَرِیَّا ۖ﴿ۚ۳﴾

৩
ইহা তোমার প্রভুর সেই রহমতের বর্ণনা যাহা তিনি তাঁহার বান্দা যাকারিয়্যার১৭৩৯ উপর করিয়াছিলেন।
১৭৩৯। ঈসা (আঃ)-এর সম্বন্ধে আলোচনার পূর্বে হযরত যাকারিয়্যা (আঃ) সম্পর্কে আলোচনা স্থান পাইয়াছে, কারণ যাকারিয়্যা (আঃ)-এর পুত্র ইয়াহ্ইয়া (আঃ) (অবগাহক যোহন) হযরত ঈসা (আঃ)-এর বার্তাবাহী অগ্রদূত ছিলেন। তিনি ইহুদী জাতিকে সুসংবাদ দেওয়ার জন্য হযরত ঈসা (আঃ)-এর আবির্ভাবের বার্তা ঘোষণা করিয়াছিলেন যে, তাহাদের উদ্ধারকারীর আগমন আসন্ন প্রায় (মালাকি -৪ঃ৫)। যেমন মালাকী নবীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ঈসা (আঃ)-এর পূর্বে ইলিয়াস নবীর আগমনের কথা রহিয়াছে। কুরআন করীমে হযরত ঈসা (আঃ)-এর বর্ণনা দিতে গিয়া ইলিয়াসরূপে আগমনকারী হযরত ইয়াহ্‌ইয়ার (যোহন) উল্লেখ বিষয় বস্তুর জন্য খুবই সমীচীন ও যথার্থ।

اِذۡ نَادٰی رَبَّہٗ نِدَآءً خَفِیًّا ﴿۴﴾

৪
যখন সে তাহার প্রভুকে মৃদুকণ্ঠে বার বার ডাকিয়াছিল।১৭৪০
১৭৪০। আল্লাহ্‌তা’লার প্রেরিত নবীগণকে বারবার প্রত্যাখ্যান করায় ইহুদী জাতির প্রতি বাইবেলের ভবিষ্যদ্বাণী ও ঐশী-হুশিয়ারী হইতে হযরত যাকারিয়্যা (আঃ) বুঝিতে পারিয়াছিলেন যে, নবুওয়াতের ধারা শীঘ্র হযরত ইসহাকের বংশ হইতে হযরত ইসমাঈলের বংশে স্থানান্তরিত হইয়া যাইবে । এই জন্য তিনি (যাকারিয়্যা) তাঁহার অভিব্যক্তি প্রকাশে এক ধার্মিক পুত্রের জন্ম লাভের উদ্দেশ্যে প্রার্থনা করিলেন ।

قَالَ رَبِّ اِنِّیۡ وَہَنَ الۡعَظۡمُ مِنِّیۡ وَاشۡتَعَلَ الرَّاۡسُ شَیۡبًا وَّلَمۡ اَکُنۡۢ بِدُعَآئِکَ رَبِّ شَقِیًّا ﴿۵﴾

৫
সে বলিয়াছিল, ‘হে আমার প্রভু! নিশ্চয় আমার অবস্থা এইরূপ যে, বার্ধক্যবশতঃ আমার অস্থিসমূহ দুর্বল হইয়া গিয়াছে এবং আমার মাথা উত্তপ্ত হইয়া পড়িয়াছে, কিন্তু হে আমার প্রভু! তোমার নিকট দোয়া করিয়া আমি কখনও ব্যর্থ মনোরথ হই নাই;

وَاِنِّیۡ خِفۡتُ الۡمَوَالِیَ مِنۡ وَّرَآءِیۡ وَکَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا فَہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۙ﴿۶﴾

৬
এবং নিশ্চয় আমি আমার (মৃত্যুর) পরে আমার আত্মীয়-স্বজন সম্পর্কে ভয় করি, এবং আমার স্ত্রী বন্ধ্যা। সুতরাং তুমি তোমার পক্ষ হইতে আমাকে উত্তরাধিকারী দান কর,১৭৪১
১৭৪১। হযরত যাকারিয়্যা (আঃ)-এর দোয়া পূর্ণ ও সফল প্রার্থনার সকল উপাদানে ভরপুর ছিল। কবুল হওয়ার জন্য বা গ্রহণযোগ্য দোয়া বিনয়ের সহিত ঐকান্তিক ভাবে একাগ্রচিত্তে করা উচিৎ । প্রার্থনাকারীর নিজের অসহায় অবস্থা এবং দুর্বলতা স্বীকার করা উচিৎ । দোয়াকারীর অন্তরে অটল বিশ্বাস থাকিতে হইবে যে, আল্লাহ্‌তা’লা দোয়া কবুল করার ক্ষমতার অধিকারী । হযরত যাকারিয়্যা (আঃ)-এর প্রার্থনা এই শর্তগুলি পূরণ করে ।

یَّرِثُنِیۡ وَیَرِثُ مِنۡ اٰلِ یَعۡقُوۡبَ ٭ۖ وَاجۡعَلۡہُ رَبِّ رَضِیًّا ﴿۷﴾

৭
যে আমার উত্তরাধিকারী হইবে এবং ইয়াকুবের বংশধরগণেরও (সকল নেয়ামতের) উত্তরাধিকারী হইবে, এবং হে আমার প্রভু! তাহাকে তুমি (তোমার প্রতি) সদা সন্তষ্টচিত্ত বানাইও।

یٰزَکَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُکَ بِغُلٰمِ ۣاسۡمُہٗ یَحۡیٰی ۙ لَمۡ نَجۡعَلۡ لَّہٗ مِنۡ قَبۡلُ سَمِیًّا ﴿۸﴾

৮
(আল্লাহ্ বলিলেন) ‘হে যাকারিয়্যা! নিশ্চয় আমরা তোমাকে এক পুত্রের সুসংবাদ দিতেছি, যাহার নাম ইয়াহ্‌ইয়া হইবে, ইতিপূর্বে আমরা এই নামে কাহাকেও অভিহিত করি নাই।’১৭৪২
১৭৪২। ‘সামীয়া’ অর্থ বৈশিষ্ট্য বা মহত্ব বা মর্যাদায় প্রাধান্যের জন্য প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী; সদৃশ্য বা সমতুল্য; অন্যের সমনামধারী ব্যক্তি (লেইন)। এই আয়াতের অর্থ এমন নহে যে, হযরত ইয়াহ্‌ইয়ার জন্য সমনামধারী কোন ব্যক্তি তাঁহার পূর্বে ছিল না । বাইবেল হইতেই ইহা প্রতিপন্ন হয় যে, তাহার পূর্বে যোহন নামের বিভিন্ন ব্যক্তি ছিল (২ রাজাবলী-২৫ঃ২৩, ১- বংশাবলী-৩ঃ১৫, ইষ্রা-৮ঃ১২) । ইহার অর্থ এইরূপ করাও যায় যে, তিনি সকল বিষয়ে তুলনাবিহীন এবং অসমকক্ষ ছিলেন । তিনি নিজেই স্বীকার করেন যে, “যিনি আমা অপেক্ষা শক্তিমান তিনি আমার পশ্চাৎ আসিয়াছেন, আমি হেঁট হইয়া তাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নই” (মার্ক-১ঃ৭)। এই আয়াতের মর্ম কেবল ইহাই যে, হযরত ইয়াহ্‌ইয়া বা যোহন শুধু এই বিষয়ে অতুলনীয় ছিলেন যে, তিনিই প্রথম নবী যিনি অন্য নবীর অর্থাৎ ঈসা (আঃ)-এর অগ্রদূতরূপে আগমন করিয়াছিলেন; এবং তিনি তুলনা-বিহীন ছিলেন এই ব্যাপারেও যে, হযরত ইয়াহ্‌ইয়া প্রথম নবী যিনি অন্য এক নবীর (অর্থাৎ ইলিয়াস নবীর) আত্মা ও মেযাজের সাদৃশ্যরূপে আবির্ভূত হইয়াছিলেন ।

قَالَ رَبِّ اَنّٰی یَکُوۡنُ لِیۡ غُلٰمٌ وَّکَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا وَّقَدۡ بَلَغۡتُ مِنَ الۡکِبَرِ عِتِیًّا ﴿۹﴾

৯
সে বলিল, ‘হে আমার প্রভু! কিরূপে আমার পুত্র হইবে, যেহেতু আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বার্ধক্যের চরম সীমায় পৌঁছিয়া গিয়াছি?’১৭৪৩
১৭৪৩। এই আয়াত তাঁহার বিস্ময় প্রকাশ করার প্রতি নিদের্শ করিতেছে যাহা তাহাদের জন্য অবধারিত হইয়াছিল । কোন ব্যক্তি যাকারিয়্যা (আঃ)-এর ন্যায় অবস্থায় উপনীত হইলে তাহার জন্য এইরূপ অস্বাভাবিক শুভ সংবাদের প্রতি বিস্ময় প্রকাশ করা একটি স্বাভাবিক বিষয়।

قَالَ کَذٰلِکَ ۚ قَالَ رَبُّکَ ہُوَ عَلَیَّ ہَیِّنٌ وَّقَدۡ خَلَقۡتُکَ مِنۡ قَبۡلُ وَلَمۡ تَکُ شَیۡئًا ﴿۱۰﴾

১০
সে (ফিরিশ্‌তা) বলিল ‘এই ভাবেই হইবে।’ তোমার প্রভু বলিলেন, ‘ইহা আমার জন্য সহজ; আমি তোমাকে ইতিপূর্বে সৃষ্টি করিয়াছি যখন তুমি কিছুই ছিলে না।’