২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

فَوَسۡوَسَ اِلَیۡہِ الشَّیۡطٰنُ قَالَ یٰۤـاٰدَمُ ہَلۡ اَدُلُّکَ عَلٰی شَجَرَۃِ الۡخُلۡدِ وَمُلۡکٍ لَّا یَبۡلٰی ﴿۱۲۱﴾

১২১
কিন্তু শয়তান তাহার মনে কুমন্ত্রণা দিল, সে বলিল, ‘হে আদম! আমি কি তোমাকে এক চিরন্তন বৃক্ষের১৮৫৯ এবং অক্ষয় রাজ্যের সন্ধান দিব?’
১৮৫৯। ‘অমরত্ব লাভ করার বৃক্ষ’ নামে কোন বৃক্ষের অস্তিত্ব পৃথিবীতে নাই। কুরআন করীমের বর্তমান আয়াতে এবং ইহার অন্যত্র উল্লেখিত ‘এই বৃক্ষ’ ছিল বিশেষ একটি পরিবার বা গোত্র যাহা হইতে হযরত আদম (আঃ)-কে পৃথকভাবে দূরে থাকিতে ঐশী নির্দেশ দেওয়া হইয়াছিল, কারণ উহার লোকেরা তাঁহার শত্রু ছিল।

فَاَکَلَا مِنۡہَا فَبَدَتۡ لَہُمَا سَوۡاٰتُہُمَا وَطَفِقَا یَخۡصِفٰنِ عَلَیۡہِمَا مِنۡ وَّرَقِ الۡجَنَّۃِ ۫ وَعَصٰۤی اٰدَمُ رَبَّہٗ فَغَوٰی ﴿۱۲۲﴾۪ۖ

১২২
অতঃপর তাহারা উভয়ে উহা হইতে খাইল, ফলে তাহাদের নগ্নতা তাহাদের নিকট প্রকাশ হইয়া গেল১৮৬০ এবং তাহারা উভয়ে বাগানের বৃক্ষ-পত্র দ্বারা নিজদিগকে আবৃত করিতে লাগিল।১৮৬১ এবং আদম তাহার প্রভুর হুকুম পালন করিল না, যাহার ফলে সে বিপথে চলিয়া গেল।
১৮৬০। হযরত আদম (আঃ) কর্তৃক শয়তানের প্রস্তাব গৃহীত হওয়ার পরিণতিস্বরূপ তাঁহার অনুসারীগণের মধ্যে ধর্মগত মতভেদ বা দলাদলি আরম্ভ হইয়াছিল যাহা তাঁহার জন্য নিদারুণ যন্ত্রণা এবং মর্মপীড়ার কারণ হইয়াছিল। হযরত আদম (আঃ) এবং হাওয়া পরে বুঝিতে পারিয়াছিলেন যে, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া তাঁহারা শোচনীয় ভুল করিয়াছিলেন এবং নিজদিগকে অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় জড়াইয়া ফেলিয়াছিলেন। এই আয়াতের অর্থ ইহা নহে যে, তাহাদের দুর্বলতা লোকের নিকট প্রকাশিত হইয়াছিল, বরং আদম (আঃ) এবং হাওয়া কেবল নিজেরাই এই বিষয়ে সচেতন হইয়াছিলেন।
১৮৬১। ‘ওয়ারাক’ শব্দের অর্থ সম্প্রদায়ের তরুণ বা কিশোরবৃন্দ (লেইন)। এই অর্থে আয়াতের অন্তর্নিহিত অর্থ ইহাই মনে হয় যে, আদম (আঃ)-এর গোত্রের লোকদিগের মধ্যে বিভেদ বা পার্থক্য সৃষ্টি করিতে শয়তান কৃতকার্য হইয়াছিল এবং কতক দুর্বল চরিত্রের সদস্য আওতার বাহিরে চলিয়া গিয়াছিল এবং হযরত আদম (আঃ) তরুণদিগকে একত্রিত করিয়াছিলেন এবং সম্প্রদায়ের সাধু ও সৎলোকদের ঐক্যবদ্ধ সহায়তায় তাঁহার গোত্রের লোকজনকে সংঘবদ্ধ করিয়াছিলেন। বাইবেলের মতে হযরত আদম (আঃ) ডুমুর পাতা ব্যবহার করিয়াছিলেন (আদি পুস্তক -৩ঃ৬-৭), কাশ্‌ফের ভাষায় যাহার অর্থ সৎলোক এবং ধার্মিক তরুণ।

ثُمَّ اجۡتَبٰہُ رَبُّہٗ فَتَابَ عَلَیۡہِ وَہَدٰی ﴿۱۲۳﴾

১২৩
অতঃপর তাহার প্রভু তাহাকে মনোনীত করিলেন১৮৬২ এবং তাহার প্রতি সদয় দৃষ্টিপাত করিলেন ও (তাহাকে) হেদায়াত দান করিলেন।
১৮৬২। এই আয়াত প্রতিপন্ন করে যে,আদম (আঃ)-কর্তৃক হুকুম পালন না করা অনিচ্ছাকৃত এবং আকস্মিক ছিল, কারণ কোন ইচ্ছাকৃত অবাধ্যতাপূর্ণ কর্ম আল্লাহ্‌তা’লার বিশেষ পুরস্কারে ভূষিত ও সম্মানিত মানুষের দ্বারা কখনও সম্পাদিত হইতে পারে না।

قَالَ اہۡبِطَا مِنۡہَا جَمِیۡعًۢا بَعۡضُکُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ ۚ فَاِمَّا یَاۡتِیَنَّکُمۡ مِّنِّیۡ ہُدًی ۬ۙ فَمَنِ اتَّبَعَ ہُدَایَ فَلَا یَضِلُّ وَلَا یَشۡقٰی ﴿۱۲۴﴾

১২৪
তিনি বলিলেন, ‘তোমরা উভয়১৮৬৩ (দলই) এখান হইতে অন্যত্র চলিয়া যাও, তোমরা একে অপরের শত্রু হইবে। অতঃপর যদি আমার পক্ষ হইতে তোমাদের নিকট হেদায়াত আসে তখন যে আমার হেদায়াতের অনুসরণ করিবে, সে কখনও পথভ্রষ্ট হইবে না এবং কখনও ধ্বংসে পতিত হইবে না;
১৮৬৩। ‘তোমরা উভয়ই’,শব্দের অর্থ দুইটি দলকে বুঝায়, অর্থাৎ হযরত আদম (আঃ)-এর অনুসারীগণ এবং শয়তানের অনুসারী লোকেরা। ‘কুমা’ (তোমরা—দুইয়ের অধিক) এবং ‘জামিয়ান’ (তোমরা সকলে) এই শব্দদ্বয়ও প্রতিপন্ন করে যে, তফসীরাধীন আয়াত দুইজন লোককে বুঝায় না বরং লোকদের দুই শ্রেণী বা দুই দলকে বুঝায়। ৭ঃ২৫ আয়াত ইহা স্পষ্ট করিয়াছে, সেখানে ‘ইহবেতা’ অর্থ ‘তোমরা উভয়ে বাহির হইয়া যাও’ এর পরিবর্তে ‘ইহবেতু’ বহু বচন ব্যবহৃত হইয়াছে যাহার অর্থ ‘তোমরা সকলে বাহির হইয়া যাও’। খুব সম্ভব হযরত আদম (আঃ) তাঁহার জন্মভূমি ইরাক হইতে প্রতিবেশী কোন দেশে হিজরত করিয়াছিলেন। এই হিজরত সম্ভবতঃ স্বল্পস্থায়ী ছিল এবং নাতিদীর্ঘকাল পরে তিনি মাতৃভূমিতে অবশ্যই প্রত্যাবর্তন করিয়া থাকিবেন। ‘মাতাউন ইলা হীন’ (৭ঃ২৫), অর্থ- ‘এক নির্দিষ্টকাল পর্যন্ত জীবিকা নির্বাহের উপকরণ’ এই উক্তির মধ্যেই অস্থায়ী হিজরতের প্রতি ইংগিত রহিয়াছে।

وَمَنۡ اَعۡرَضَ عَنۡ ذِکۡرِیۡ فَاِنَّ لَہٗ مَعِیۡشَۃً ضَنۡکًا وَّنَحۡشُرُہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ اَعۡمٰی ﴿۱۲۵﴾

১২৫
এবং যে কেহ আমার স্মরণ হইতে বিমুখ হইবে, নিশ্চয় তাহার জীবন যাপন অতি কষ্টের হইবে এবং কেয়ামত দিবসে আমরা তাহাকে অন্ধরূপে উঠাইব।’১৮৬৪
১৮৬৪। যে ব্যক্তি ইহজীবনে আল্লাহ্‌কে বিস্মৃতির অতলে ছাড়িয়া দেয় এবং আধ্যাত্মিক উন্নতি ব্যাহতকারী জীবনযাপন করিতে থাকে এবং এইভাবে নিজেকে ঐশী আলো হইতে বঞ্চিত রাখে, সে ব্যক্তি পরকালের জীবনে অন্ধ হইয়া জন্মগ্রহণ করিবে। ইহা এই কারণে হইবে যে, তাহার ইহজীবনের আত্মা অন্ধ হইয়া গিয়াছিল যাহা পারলৌকিক জীবনে আধ্যাত্মিকভাবে উন্নততর আত্মার জন্য দেহের কাজ করিবে, কারণ সে ইহজগতে পাপাচারীর জীবনযাপন করিয়াছিল।

قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِیۡۤ اَعۡمٰی وَقَدۡ کُنۡتُ بَصِیۡرًا ﴿۱۲۶﴾

১২৬
তখন সে বলিবে, ‘হে আমার প্রভু! তুমি আমাকে কেন অন্ধরূপে উঠাইলে? অথচ আমি চক্ষুষ্মান ছিলাম।’

قَالَ کَذٰلِکَ اَتَتۡکَ اٰیٰتُنَا فَنَسِیۡتَہَا ۚ وَکَذٰلِکَ الۡیَوۡمَ تُنۡسٰی ﴿۱۲۷﴾

১২৭
তিনি বলিবেন, ‘তোমার নিকট আমাদের আয়াতসমূহ আসিয়াছিল, কিন্তু তুমি উহা উপেক্ষা করিয়াছিলে,১৮৬৫ সুতরাং অদ্য তুমিও অনুরূপ উপেক্ষিত হইবে।’
১৮৬৫। কেন তাহাকে অন্ধরূপে উত্থিত করা হইল, অথচ সে পূর্ব-জীবনে দৃষ্টি-সম্পন্ন ছিল—অবিশ্বাসীর এই আপত্তির উত্তরে আল্লাহ্ বলিবেন যে, পার্থিব জীবনে পাপের জীবনযাপন করিবার ফলে আধ্যাত্মিকভাবে সে অন্ধ হইয়া গিয়াছিল এবং যেহেতু পরজীবনে অন্য একটি সূক্ষ্মতর আধ্যাত্মিক আত্মার দেহরূপে তাহার পার্থিব-আত্মা নির্ধারিত, অতএব সে পরকালে অন্যরূপে জন্মগ্রহণ করিবে। এই আয়াতের মর্ম এইরূপও হইতে পারে যে, অস্বীকারকারী হওয়ার কারণে অবিশ্বাসীর মধ্যে ঐশী গুণাবলী বিকশিত হয় না এবং এই সবের সঙ্গে সে অপরিচিত থাকিয়া যায়। সুতরাং কেয়ামতের দিনে যখন সেই সকল ঐশী গুণাবলী জাঁকজমক ও গৌরবের সঙ্গে প্রকাশিত হইবে, তখন সে অজ্ঞতাহেতু এই সকল মহিমা চিনিতে পারিবে না। এহেন অবস্থায় সে অন্ধের মত দাঁড়াইয়া থাকিবে।

وَکَذٰلِکَ نَجۡزِیۡ مَنۡ اَسۡرَفَ وَلَمۡ یُؤۡمِنۡۢ بِاٰیٰتِ رَبِّہٖ ؕ وَلَعَذَابُ الۡاٰخِرَۃِ اَشَدُّ وَاَبۡقٰی ﴿۱۲۸﴾

১২৮
এবং যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং তাহার প্রভুর আয়াতসমূহে ঈমান আনে না, আমরা তাহার সহিত এইরূপই ব্যবহার করিয়া থাকি (ইহা কেবল ইহকালের জীবনের ব্যবহার) এবং পরকালের আযাব ইহা অপেক্ষা কঠোরতর ও দীর্ঘস্থায়ী হইবে।

اَفَلَمۡ یَہۡدِ لَہُمۡ کَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنَ الۡقُرُوۡنِ یَمۡشُوۡنَ فِیۡ مَسٰکِنِہِمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّہٰی ﴿۱۲۹﴾٪

১২৯
ইহা কি তাহাদের জন্য হেদায়াতের কারণ হয় নাই যে তাহাদের পূর্বে বহু মানবগোষ্ঠীকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি, যাহাদের বাসস্থানের মধ্য দিয়া তাহারা (এখন) চলা ফেরা করিতেছে? নিশ্চয় ইহার মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য অনেক নিদর্শন আছে।
সূরা তাহা - রুকু ৭

وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ لَکَانَ لِزَامًا وَّاَجَلٌ مُّسَمًّی ﴿۱۳۰﴾ؕ

১৩০
এবং তোমার প্রভুর নিকট হইতে যদি একটি বাক্য পূর্ব১৮৬৬ হইতে জারি না হইয়া থাকিত এবং এক মেয়াদও নির্ধারিত না হইত, তাহা হইলে আযাব (ঐ মানবগোষ্ঠীগুলির জন্য) চিরস্থায়ী হইয়া যাইত।
১৮৬৬। এই প্রসঙ্গ ৭ঃ১৫৭ আয়াতে ‘আমার রহমত প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে’ ঐশী ঘোষণার প্রতি নির্দেশ করিতেছে। আল্লাহ্‌তা’লা তাঁহার নির্ভুল এবং ত্রুটিমুক্ত জ্ঞানবলে বিধান জারি করিয়াছেন যে, তাঁহার অনুকম্পা বা ক্ষমাশীলতার গুণ তাঁহার অন্যান্য সকল গুণাবলীকে অতিক্রম করিয়া যাইতে থাকিবে।