২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

وَقَاتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ الَّذِیۡنَ یُقَاتِلُوۡنَکُمۡ وَلَا تَعۡتَدُوۡا ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ ﴿۱۹۱﴾

১৯১
এবং আল্লাহ্‌র পথে তোমরা ঐ সকল লোকের সহিত যুদ্ধ২১৯ কর যাহারা তোমাদের সহিত যুদ্ধ করে, কিন্তু তোমরা সীমালঙ্ঘন করিও না। নিশ্চয় আল্লাহ্‌ সীমালঙ্ঘনকারীদিগকে ভালবাসেন না।
২১৯। এই আয়াতটি প্রাথমিক কালের আয়াতগুলির মধ্যে একটি, যেগুলিতে মুসলমানদিগকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হইয়াছিল। এই অনুমতি সম্বলিত প্রথম আয়াত হইল ২২ঃ৪০৷ আলোচ্য আয়াতে ধর্ম-যুদ্ধের নিয়মাবলী ও শর্তসমূহের সারাংশ বিবৃত হইয়াছে, যথাঃ (ক) এরূপ যুদ্ধ কেবল মাত্র আল্লাহ্‌র পথে সৃষ্ট বাধাবিঘ্ন দূরীকরণের উদ্দেশ্যে হইতে হইবে অর্থাৎ ধর্ম-বিশ্বাস ও ধর্ম কর্মের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য হইতে হইবে; (খ) যাহারা মুসলমানদের বিরুদ্ধে প্রথমে অস্ত্রধারণ করে,কেবল তাহাদের বিরুদ্ধেই অস্ত্রধারণ করা যাইতে পারে; (গ) শত্রুরা যুদ্ধ থামাইয়া দিলে, মুসলমানকে সঙ্গে সঙ্গে অস্ত্র সংবরণ করিতে হইবে।

وَاقۡتُلُوۡہُمۡ حَیۡثُ ثَقِفۡتُمُوۡہُمۡ وَاَخۡرِجُوۡہُمۡ مِّنۡ حَیۡثُ اَخۡرَجُوۡکُمۡ وَالۡفِتۡنَۃُ اَشَدُّ مِنَ الۡقَتۡلِ ۚ وَلَا تُقٰتِلُوۡہُمۡ عِنۡدَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ حَتّٰی یُقٰتِلُوۡکُمۡ فِیۡہِ ۚ فَاِنۡ قٰتَلُوۡکُمۡ فَاقۡتُلُوۡہُمۡ ؕ کَذٰلِکَ جَزَآءُ الۡکٰفِرِیۡنَ ﴿۱۹۲﴾

১৯২
এবং যেখানেই তোমরা তাহাদিগকে (অন্যায়ভাবে যুদ্ধকারীদিগকে)২২০ পাইবে হত্যা করিবে এবং তোমরাও তাহাদিগকে সেই স্থান হইতে বাহির করিয়া দিবে যেখান হইতে তাহারা তোমাদিগকে বাহির২২১ করিয়াছে, কেননা ফিৎনা হত্যা অপেক্ষা গুরুতর। এবং তোমরা মসজিদুল হারামের (মধ্যে এবং উহার) নিকটে তাহাদের সহিত যুদ্ধ করিবে না যে পর্যন্ত না তাহারা উহাতে তোমাদের সহিত যুদ্ধ করে। যদি তাহারা তোমাদের সহিত যুদ্ধ করে তাহা হইলে তোমরা তাহাদের সহিত যুদ্ধ করিবে। ইহাই কাফেরদের সমুচিত প্রতিফল।
২২০। যখন যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে এবং চলিতেছে, এই আয়াতটি সেই সময়ের সঙ্গে সম্পৃক্ত। এই আয়াত মুসলমানকে ঐসব অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করিতে বলিতেছে, যাহারা তাহাদের বিরুদ্ধে আগে অস্ত্র ধারণ করিয়াছে।
২২১। ‘তোমরাও তাহাদিগকে সেই স্থান হইতে বাহির করিয়া দিবে যেখান হইতে তাহারা তোমাদিগকে বাহির করিয়াছে’ এই বাক্য ‘মক্কা’ সম্বন্ধে বলা হইয়াছে। মক্কা ইসলামের সর্বাধিক পবিত্র স্থান ও মুসলমানদের কেন্দ্রভূমি। অতএব, যুদ্ধে লিপ্ত কোন অমুসলমানকে এখানে থাকিবার অনুমতি দেওয়া উচিত নহে।

فَاِنِ انۡتَہَوۡا فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۹۳﴾

১৯৩
অতঃপর, তাহারা যদি বিরত হয়, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

وَقٰتِلُوۡہُمۡ حَتّٰی لَا تَکُوۡنَ فِتۡنَۃٌ وَّیَکُوۡنَ الدِّیۡنُ لِلّٰہِ ؕ فَاِنِ انۡتَہَوۡا فَلَا عُدۡوَانَ اِلَّا عَلَی الظّٰلِمِیۡنَ ﴿۱۹۴﴾

১৯৪
এবং তোমরা তাহাদের সহিত ততক্ষণ পর্যন্ত যুদ্ধ কর যতক্ষণ পর্যন্ত না ফিৎনা দূরীভূত হয় এবং দীন আল্লাহ্‌রই২২২ জন্য (কায়েম) হয়। অতঃপর, যদি তাহারা নিবৃত্ত হয় তাহা হইলে (জানিও যে) কাহারও বিরুদ্ধে কোন শত্রুতা২২৩ নাই, কেবল যালেমদের ব্যতিরেকে।
২২২। এই আয়াতটিও প্রমাণ করে যে, মুসলমানকে আত্মরক্ষার জন্য যুদ্ধ করিবার অনুমতি কেবল তখনই দেওয়া হইয়াছে, যখন বিরোধী শক্তি তাহাদের উপর যুদ্ধ চাপাইয়া দিয়াছে। অনুমতি দিবার সাথে সাথে ইহাও বলা হইয়াছে, যুদ্ধ আরম্ভ করিলে ঐ সময় পর্যন্ত চালাইয়া যাও যে পর্যন্ত ধর্মের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হয়। ধর্মের স্বাধীনতা প্রতিষ্ঠার সাথে সাথে যুদ্ধ থামাইয়া দাও। হযরত রসূলে করীম (সাঃ) অবিশ্বাসীদের সাথে অনেকগুলি শান্তি-সন্ধি সম্পাদন করিয়াছিলেন যদি আল্লাহ্‌র নির্দেশ ইহাই হইত যে, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অবিশ্বাসীদের সাথে যুদ্ধ চালাইয়া যাও, তাহা হইলে মহানবী (সাঃ) ঐ সব সন্ধি কখনও সম্পাদন করিতেন না। (জেহাদ সম্বন্ধে ১৯৫৬-১৯৬০ টিকা দেখুন)।
২২৩। ‘উদওয়ান’ অর্থ(১) শত্রুতা (২) অন্যায় আচরণ (৩) অন্যায় আচরণের শাস্তি এবং (৪) কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বুঝাইয়া দিবার জন্য তাহার কাছে যাওয়া (মুফরাদাত, লেইন)। ১৯১ নং আয়াত হইতে ১৯৪ নং আয়াত পর্যন্ত চারটি আয়াত, যুদ্ধের নিম্নলিখিত নিয়ম-কানুন নির্ধারিত করিয়া দিয়াছেঃ- (ক) যুদ্ধ কেবল মাত্র আল্লাহ্‌ তালার খাতিরেই করা যাইতে পারে; আত্ম-স্বার্থ, ক্ষমতা ও সম্পদ বৃদ্ধি, জাতীয় স্বার্থের সম্প্রসারণ ইত্যাদি কারণে নহে, (খ) আক্রমণকারীকে প্রতিহত করার জন্যই কেবল মুসলমানেরা যুদ্ধ করিতে পারে, নিজেরা প্রথম আক্রমণকারী হইতে পারে না, (গ) যদিও শত্রুরা প্রথম আক্রমণ করিয়াছে, তথাপি মুসলমানেরা যুদ্ধকে সীমাবদ্ধ রাখিতে আদিষ্ট হইয়াছে এবং উদ্দেশ্য সিদ্ধ হওয়া মাত্র (অর্থাৎ শত্রুরা পরাজিত কিংবা সন্ধিবদ্ধ কিংবা প্রতিহত হওয়া মাত্র) যুদ্ধ বন্ধ করিতে আদিষ্ট হইয়াছে, (ঘ) তাহারা কেবল শত্রু পক্ষের যোদ্ধাদের সঙ্গেই যুদ্ধ করিবে, কিন্তু বেসামরিক ব্যক্তিদেরকে আক্রমণ কিংবা অপমান করিতে পারিবে না, (ঙ) যুদ্ধ চলাকালীন সময়েও ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোন বাধা সৃষ্টি করা যাইবে না, (চ) ধর্মীয় তীর্থ স্থান আক্রমণ করা কিংবা ঐগুলির কোনও রূপ ক্ষতিসাধন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এমনকি ঐ সকল স্থানের আশে পাশে যুদ্ধ করাও নিষিদ্ধ, (ছ) যদি শত্রুরা তাহাদের ধর্মীয় স্থানে অবস্থান নিয়া আক্রমণ চালায়, কেবল মাত্র তখনই মুসলমানেরা সেখানে যুদ্ধ করিতে পারিবে এবং (জ) যুদ্ধ ততক্ষণই চালাইয়া যাইবার অনুমতি আছে, যতক্ষণ পর্যন্ত ধর্মীয় ব্যাপারে জবরদস্তি ও হস্তক্ষেপ বন্ধ না হইবে। ধর্মের স্বাধীনতা প্রতিষ্ঠামাত্র যুদ্ধ থামাইতে হইবে (দেখুন ৮ঃ৪০, ৯ঃ৪-৬, ২২ঃ৪০-৪১ ইত্যাদি)।

اَلشَّہۡرُ الۡحَرَامُ بِالشَّہۡرِ الۡحَرَامِ وَالۡحُرُمٰتُ قِصَاصٌ ؕ فَمَنِ اعۡتَدٰی عَلَیۡکُمۡ فَاعۡتَدُوۡا عَلَیۡہِ بِمِثۡلِ مَا اعۡتَدٰی عَلَیۡکُمۡ ۪ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ مَعَ الۡمُتَّقِیۡنَ ﴿۱۹۵﴾

১৯৫
পবিত্র মাস২২৪ (এর অবমাননার প্রতিশোধ) পবিত্র মাসেই, এবং সমস্ত পবিত্র বস্তুর (অবমাননার) জন্য প্রতিশোধ লওয়ার বিধান রহিয়াছে, অতএব কেহ যদি তোমাদের প্রতি অন্যায় করে তাহা হইলে সে তোমাদের প্রতি যে পরিমাণ অন্যায় করিবে তোমরাও তাহাকে সেই পরিমাণেই অন্যায়ের শাস্তি দিবে,২২৫ এবং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং জানিয়া রাখ যে, নিশ্চয় আল্লাহ্ মুত্তাকীগণের সঙ্গে আছেন।
২২৪। পবিত্র মাসগুলি হইল, যুল্‌কাদাহ্‌, যুল-হজ্জ, মুহাররম এবং রজব। এই মাসগুলিতে যুদ্ধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশটি কা’বা এবং পবিত্র মাসগুলির সম্মান ও পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে প্রদত্ত হইয়াছে।
২২৫। ৩৩ টীকা দেখুন।

وَاَنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَلَا تُلۡقُوۡا بِاَیۡدِیۡکُمۡ اِلَی التَّہۡلُکَۃِ ۚۖۛ وَاَحۡسِنُوۡا ۚۛ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۹۶﴾

১৯৬
এবং তোমরা আল্লাহ্‌র পথে (জীবন ও ধন) খরচ কর, এবং তোমরা স্বহস্তে২২৬ নিজদিগকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না, এবং তোমরা সৎকর্ম কর, নিশ্চয় আল্লাহ্‌ সৎকর্ম পরায়ণগণকে ভালবাসেন।
২২৬। যেহেতু সফল যুদ্ধ পরিচালনার জন্য টাকা-পয়সার প্রয়োজন, সেই হেতু ঈমানদারগণকে আল্লাহ্‌র পথে অর্থ ব্যয়ও মালী-কুরবানীর (আর্থিক উৎসর্গ) জন্য উৎসাহিত করা হইয়াছে। কেননা, এইরূপ ক্ষেত্রে মুক্ত হস্তে ব্যয় না করিলে, জাতি ধ্বংস হইয়া যাইতে পারে এবং ধর্মও বিপন্ন হইতে পারে।

وَاَتِمُّوا الۡحَجَّ وَالۡعُمۡرَۃَ لِلّٰہِ ؕ فَاِنۡ اُحۡصِرۡتُمۡ فَمَا اسۡتَیۡسَرَ مِنَ الۡہَدۡیِ ۚ وَلَا تَحۡلِقُوۡا رُءُوۡسَکُمۡ حَتّٰی یَبۡلُغَ الۡہَدۡیُ مَحِلَّہٗ ؕ فَمَنۡ کَانَ مِنۡکُمۡ مَّرِیۡضًا اَوۡ بِہٖۤ اَذًی مِّنۡ رَّاۡسِہٖ فَفِدۡیَۃٌ مِّنۡ صِیَامٍ اَوۡ صَدَقَۃٍ اَوۡ نُسُکٍ ۚ فَاِذَاۤ اَمِنۡتُمۡ ٝ فَمَنۡ تَمَتَّعَ بِالۡعُمۡرَۃِ اِلَی الۡحَجِّ فَمَا اسۡتَیۡسَرَ مِنَ الۡہَدۡیِ ۚ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ فِی الۡحَجِّ وَسَبۡعَۃٍ اِذَا رَجَعۡتُمۡ ؕ تِلۡکَ عَشَرَۃٌ کَامِلَۃٌ ؕ ذٰلِکَ لِمَنۡ لَّمۡ یَکُنۡ اَہۡلُہٗ حَاضِرِی الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۱۹۷﴾٪

১৯৭
এবং তোমরা আল্লাহ্‌র জন্য হজ্জ২২৭ এবং উমরাহ২২৮ সুসম্পন্ন কর, অতঃপর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও২২৯ তাহা হইলে যে কোন কুরবানীর পশু, যাহা সহজে পাওয়া যায় (যবহ্ করিও), এবং যতক্ষণ পর্যন্ত কুরবানী স্বস্থানে না পৌঁছে তোমরা নিজেদের মাথা মুড়াইও না। কিন্তু তোমাদের মধ্যে কেহ যদি পীড়িত হয় অথবা তাহার মাথায় কোন কষ্ট থাকে (এবং এই কারণে সে পূর্বেই মাথা মুড়ায়) তাহা হইলে রোযা অথবা সাদ্‌কাহ অথবা কুরবানীর দ্বারা উহার ফিদিয়া বিধেয় হইবে। কিন্তু যখন তোমরা নিরাপদ হও তখন যে ব্যক্তি হজ্জের সহিত উমরাহ্‌কে মিলাইয়া২৩০ উপকার লাভ করিতে চাহে তাহার জন্য সহজলভ্য কুরবানী বিধেয় হইবে। কিন্তু কেহ যদি (কুরবানীর তৌফিক) না পায় তাহা হইলে (তাহার উপর) রোযা বিধেয় হইবে, হজ্জের সময় তিন দিন২৩১ এবং যখন তোমরা (নিজ গৃহে) ফিরিয়া আসিবে তখন সাতদিন, এই পূর্ণ দশ (দিন রোযা রাখিতে) হইবে, এই আদেশ তাহার জন্য, যাহার পরিবারবর্গ মসজিদুল হারামের নিকট বসবাসকারী নহে;২৩২ এবং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং জানিয়া রাখ যে, আল্লাহ্ শাস্তি দানে কঠোর।
সূরা আল্ বাকারা - রুকু ২৪
২২৭। এই আয়াত দ্বারা আরম্ভ করা হইল হজ্জ পালনের (মক্কায় তীর্থগমনের) বিষয়। জিহাদ ও হজ্জ, মনে হয় পরস্পর সম্পর্কযুক্ত এবং এই দুইটি কাজেই আল্লাহ্‌র পথে ঈমানদারগণকে বিশেষ কুরবানী পেশ করিতে হয়। জেহাদের বিষয়টা আরম্ভ হইয়াছিল ২ঃ১৭৮ আয়াতে। হজ্জ (মক্কায় তীর্থগমন) মানুষের আধ্যাত্মিক কার্যাবলীর চরম ধাপ, অন্যান্য ধাপে রহিয়াছে নামায, রোযা, জেহাদ, যাহার সম্বন্ধে পূর্বেই আলোচনা করা হইয়াছে।
২২৮। ‘উমরাহ’ বা ছোট হজ্জ এইভাবে পালন করার নিয়ম। প্রথমে ‘ইহ্‌রামের’ অবস্থা অবলম্বন করিতে হয়; সাতবার কা’বার প্রদক্ষিণ করিতে হয়। ‘সাফা’ ও ‘মারওয়া’ উপত্যকাদ্বয়ের মধ্যে দৌড়াইতে হয় এবং ইচ্ছা করিলে, পশু কুরবানীও করা হয়। উম্‌রাহ্‌ বৎসরের যে কোনও সময় করা যায়। কিন্তু ‘হজ্জ’ বা পূর্ণ তীর্থ পালন কেবল মাত্র যুল-হজ্জ মাসেই সম্পাদন করা নির্দিষ্ট।
২২৯। “যদি তোমরা বাধা প্রাপ্ত হও” কথাটির মোটামুটি অর্থ হইবে, যদি কোন বিশেষ কারণে, হজ্জগমনেচ্ছু ব্যক্তি হজ্জে বা উমরাহ্‌তে যাইতে না পারে, যেমন অসুখের কারণে, যুদ্ধ-বিগ্রহের কারণে বা অন্য আপদ বিপদের কারণে।
২৩০। ‘উমরাহ্‌’এবং ‘হজ্জকে’ দুইভাবে একত্র করা যাইতে পারে। (ক) যে হজ্জযাত্রী প্রথমে উম্‌রা শেষ করিয়া ফেলিতে চান, তিনি ইহ্‌রামের অবস্থায় থাকিয়া উম্‌রাহ্‌ সংশ্লিষ্ট সকল ব্রতপালন সম্পন্ন করিয়া ফেলিবেন। অতঃপর, যুল্‌-হজ্জ মাসের ৮ তারিখে পুনরায় ‘ইহ্‌রাম’ অবলম্বন করতঃ হজ্জ সংশ্লিষ্ট সকল ব্রত সম্পন্ন করিবেন। এইরূপভাবে উম্‌রাহ্‌ ও হজ্জ একত্র করাকে পরিভাষাগতভাবে ‘তামাত্তু’ বলা হয়, যাহার শাব্দিক অর্থ ‘কোন কিছুর সুযোগ নেওয়া’। (খ) হজ্জযাত্রী ‘উম্‌রাহ্‌ ও হজ্জ’ একই সঙ্গে সম্পন্ন করিতে পারেন। এইরূপ ক্ষেত্রে ‘উম্‌রাহ্‌ ও হজ্জ’ একই সময়ে সম্পাদনের নিয়ৎ বা ইচ্ছা ব্যক্ত করিয়া ‘ইহ্‌রাম’ বাঁধিতে হইবে এবং ঐ ইহ্‌রামের অবস্থায় তাহাকে শেষ পর্যন্ত থাকিতে হইবে। এইরূপভাবে “হজ্জ ও উমরাহ” একত্রীকরণকে পরিভাষাগত ভাবে “কীরান” বলা হয়। কীরানের শাব্দিক অর্থ হইল, “দুই বস্তুকে একত্রে রাখা”। কীরানই হউক, আর তামাত্তুই হউক উভয় ক্ষেত্রেই কুরবানী বা পশু যবাহ করা অবশ্য করণীয়। আলোচ্য আয়াতে ‘তামাত্তু’ শব্দটি পরিভাষাগতভাবে ব্যবহৃত হয় নাই, বরং ‘কীরান’ কেও ইহার অন্তর্ভুক্ত করিয়াছে।
২৩১। এই বাক্যাংশে যে তিনদিন হজ্ব পালনকালীন রোযা রাখার কথা বলা হইয়াছে, তাহা পূর্বোল্লিখিত রোযা হইতে ভিন্ন। প্রথমোক্ত রোযা ঐ সব তীর্থ যাত্রীর জন্য যাহারা মাথার চুল কামাইতে অক্ষম, আর এই রোযা (তিনদিন) ঐ সব হজ্জযাত্রীর জন্য যাহারা ‘তামাত্তুর’ কুরবানী দিতে অক্ষম। ১১, ১২ ও ১৩ই যিলহজ্জই এই তিন রোযার জন্য উৎকৃষ্টতর দিন। বাকী সাতদিনের রোযা বাড়ী ফিরিয়া সম্পাদন করিলেও চলে।
২৩২। এই বাক্যটির দ্বারা ইহাই বুঝায় যে, হজ্জ ও উম্‌রা একই সময়ে সম্পাদন করার অনুমতি কেবল তাহাদের জন্যই দেওয়া হইয়াছে যাহারা মক্কার অধিবাসী নহেন, বরং দূরবর্তী স্থান হইতে আসেন। অবশ্য কাহারও মতে, পবিত্র মসজিদের নিকটবর্তী কথাটি দ্বারা মক্কা ও মক্কার পবিত্র অঞ্চলকে বুঝায়।

اَلۡحَجُّ اَشۡہُرٌ مَّعۡلُوۡمٰتٌ ۚ فَمَنۡ فَرَضَ فِیۡہِنَّ الۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوۡقَ ۙ وَلَا جِدَالَ فِی الۡحَجِّ ؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ یَّعۡلَمۡہُ اللّٰہُ ؕؔ وَتَزَوَّدُوۡا فَاِنَّ خَیۡرَ الزَّادِ التَّقۡوٰی ۫ وَاتَّقُوۡنِ یٰۤاُولِی الۡاَلۡبَابِ ﴿۱۹۸﴾

১৯৮
হজ্জের মাস সমূহ সুবিদিত; অতএব, যে কেহ ইহার মধ্যে হজ্জের সংকল্প করে, তাহা হইলে হজ্জের মধ্যে না স্ত্রী-গমন,২৩৩ না অপকর্ম এবং না কলহ-বিবাদ করা যাইবে। এবং তোমরা যে কোন পূণ্যকর্ম কর আল্লাহ্ উহা জানেন। এবং তোমরা পাথেয় লইও, স্মরণ রাখিও, আল্লাহ্‌র তাক্‌ওয়া হইতেছে সর্বোত্তম পাথেয়। অতএব, হে বুদ্ধিমান লোকসকল! তোমরা একমাত্র আমার তাক্‌ওয়া অবলম্বন কর।
২৩৩। ‘রাফাস’ শব্দটি ঘৃণ্য, গালাগালিপূর্ণ, ইতর কথাবার্তা ও যৌন ইতরামীকে বুঝাইয়া থাকে। ‘ফুসুক’ শব্দ দ্বারা আল্লাহ্‌র আইনের এবং জাগতিক ও আধ্যাত্মিক কর্তৃপক্ষের অবাধ্যতাকে বুঝায়। আর ‘জিদাল’ শব্দ দ্বারা সঙ্গী সাথী সহযাত্রী ও প্রতিবেশীর সহিত ঝগড়া বিবাদকে বুঝাইয়া থাকে।

لَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَبۡتَغُوۡا فَضۡلًا مِّنۡ رَّبِّکُمۡ ؕ فَاِذَاۤ اَفَضۡتُمۡ مِّنۡ عَرَفٰتٍ فَاذۡکُرُوا اللّٰہَ عِنۡدَ الۡمَشۡعَرِ الۡحَرَامِ ۪ وَاذۡکُرُوۡہُ کَمَا ہَدٰٮکُمۡ ۚ وَاِنۡ کُنۡتُمۡ مِّنۡ قَبۡلِہٖ لَمِنَ الضَّآلِّیۡنَ ﴿۱۹۹﴾

১৯৯
তোমাদের জন্য কোন পাপ নহে যে, (হজ্জের দিনগুলিতে) তোমরা নিজেদের প্রভুর অনুগ্রহের২৩৪ অনুসন্ধান কর। কিন্তু যখন তোমরা আরাফাত২৩৫ হইতে প্রত্যাবর্তন করিবে তখন মাশআরুল হারামের২৩৬ নিকট আল্লাহ্‌কে স্মরণ করিবে এবং যেভাবে তিনি তোমাদিগকে নির্দেশ দিয়াছেন সেইভাবে তোমরা তাঁহাকে স্মরণ করিবে, যদিও ইতিপূর্বে তোমরা নিশ্চয় পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে।
২৩৪। মক্কার হজ্জগমনে যাহাতে খুব বেশী বেশী লোক অংশ গ্রহণ করিতে পারে, সেই জন্য কুরআনে অনুমতি দেওয়া হইয়াছে যে তীর্থযাত্রী এতদসঙ্গে ব্যবসা-বাণিজ্যও করিতে পারে। যাহারা নগদ টাকা পয়সা বেশী নিতে পারে না, তাহারা বিক্রয়যোগ্য কিছু জিনিস পত্র সাথে লইয়া যাইতে পারিবে, যাহা বিক্রয় করিয়া পথের খরচাদি ভালভাবে মিটাইতে পারিবে।
২৩৫। ‘আরাফাত’ একটি বিরাট সমতল বা উপত্যকাভূমি। ইহা মক্কার নিকটেই। হজ্জযাত্রীগণ যুলহজ্জ মাসের নবম দিনের শেষাংশটা সেখানে কাটান। মক্কা হইতে মাত্র ৯ (নয়) মাইল দূরবর্তী এই স্থানে নবম দিনের শেষাংশে এখানে অবস্থান করা হজ্জের একটি ব্রত বিশেষ, যাহাকে ইসলামী পরিভাষায় ‘ওকুফ’ বলা হয়। “আরাফাত” একটি যুগ্ম শব্দ, যাহার অর্থ পরিচয় বা জ্ঞান লাভের উপায়, পবিত্র স্থান।
২৩৬। ‘মাশ্‌আরুল হারাম’ মুয্‌দালিফার একটি ছোট পাহাড় যাহা মক্কা ও আরাফাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে রসূলে করীম (সাঃ) সন্ধ্যার ও রাত্রির নামাযের পর, সারারাত্রি ও সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত দোয়ায় নিমগ্ন থাকতেন। এই স্থানটি হজ্জের সময়ে, ধ্যান-উপাসনা ও দোয়া-দরূদের জন্য বিশেষভাবে চিহ্নিত ও ব্যবহৃত। মক্কা হইতে ইহার দূরত্ব ছয় মাইল।

ثُمَّ اَفِیۡضُوۡا مِنۡ حَیۡثُ اَفَاضَ النَّاسُ وَاسۡتَغۡفِرُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲۰۰﴾

২০০
অতঃপর,২৩৭ যেখান হইতে অন্যান্য লোক প্রত্যাবর্তন২৩৮ করে তোমরাও সেখান হইতে প্রত্যাবর্তন করিবে এবং আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করিবে, নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
২৩৭। যদি এখানে ‘সুম্মা’ অর্থ ধরা হয় ‘এবং’,আর প্রত্যাবর্তন অর্থ ধরা হয় ‘আরাফাত’ হইতে প্রত্যাবর্তন, তাহা হইলে ‘আন্‌ নাস’-এর অর্থ দাঁড়াইবে ‘অন্য লোক’। কিন্তু যদি ‘সুম্মা’ অর্থ ধরা হয় ‘অতঃপর’ এবং ‘প্রত্যাবর্তনের’ অর্থ ধরা হয় ‘মাশআরুল হারাম হইতে প্রত্যাবর্তন’, তখন ‘আন্ নাস’-এর অর্থ দাঁড়াইবে “সকল লোক” এবং এই উভয় অর্থই আরবী ভাষা অনুযায়ী শুদ্ধ।
২৩৮। ইসলামের অভ্যুদয়ের পূর্বে কুরাইশ ও বনু কিনানা গোত্রের লোকেরা, অন্যান্য হজ্জযাত্রীদের সাথে আরাফাতের ময়দানে যাইত না। তাহারা মাশ্‌আরুল হারামে থামিয়া যাইত এবং আরাফাত হইতে প্রত্যাগত লোকদের সহিত যোগদান করিবার জন্য অপেক্ষা করিত। এই আয়াতে এবং পূর্ববর্তী আয়াতে তাহাদিগকে নির্দেশ দেওয়া হইল, তাহারাও যেন মাশ্‌আরুল হারামে না থামিয়া অন্যান্য সকলের সাথে আরাফাত পর্যন্ত যায় এবং অন্যান্য লোকে যাহা যাহা পালন করে, তাহারাও যেন সেই সব পালন করে। আরাফাত হইতে ফিরার পথে মাশ্‌আরুল হারামে পৌঁছিয়া, তীর্থযাত্রীরা ‘মীনায়’ গমন করিবে। সেখানে কুরবানীর পশু যবাহ্‌ করার পর, ‘ইহরাম’ অবস্থার অবসান হইবে।