২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۴﴾

১৫৪
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা ধৈর্য১৭৯ এবং নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ্ ধৈর্যশীলগণের১৮০ সহিত আছেন।
১৭৯। ‘সব্‌র’ অর্থ (১) কোন কিছুতে লাগিয়া থাকা (২) সাহসের সহিত, বিনা অভিযোগে ও বিনা বিরক্তিতে দুঃখ-যন্ত্রণা সহ্য করা (৩) শরীয়াত বা আল্লাহ্‌র বিধান ও বিবেকের আহ্বানকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া থাকা (৪) আল্লাহ্‌র বিধান ও বিবেকের ডাক যাহা নিষেধ করে, তাহা হইতে বিরত থাকা (মুফরাদাত)।
১৮০। এই আয়াতটি কৃতকার্যের সুবর্ণ নীতি সম্বলিত। প্রথমতঃ একজন মুসলমানের উচিত তাহার প্রচেষ্টায় সে যেন লাগিয়া থাকে এবং তাহার অধ্যবসায়ে যেন কখনও ভাঁটা না পড়ে, উদ্দেশ্য সাধনের পথে কখনও যেন মনে নৈরাশ্য সৃষ্টি না হয়, যাহা কিছু মন্দ ও ক্ষতিকর তাহাই যেন সে বর্জন করে এবং যাহা ভাল তাহাই যেন সে আঁকড়াইয়া থাকে (‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ ইহাই হইবে তাহার ব্রত)। দ্বিতীয়তঃ সাফল্য অর্জনের জন্য তাহাকে আল্লাহ্‌তা’লার সমীপে প্রার্থনা করিতে হইবে, কেননা সকল মঙ্গলের আকর একমাত্র তিনিই। এই আয়াতে সালাত (নামায) শব্দের পূর্বে সব্‌র (ধৈর্য ও অধ্যবসায়) শব্দটি এই জন্য আসিয়াছে যে, মানুষ সাধারণতঃ আল্লাহ্‌র আইন-কানুন মানিয়া চলিতে অবহেলা বা অজ্ঞতা প্রদর্শন করে এবং তাড়াতাড়ি সুফল পাইবার জন্য ব্যতিব্যস্ত হইয়া পড়ে। অথচ সফলতা লাভের চাবিকাঠি রহিয়াছে আল্লাহ্‌র নিয়ম-কানুন মানার মধ্যে। সেখানে ধৈর্য ধারণ অত্যাবশ্যক। প্রার্থনা কেবল তখনই ফলপ্রসূ হয়, যখন অভীষ্ট বস্তু পাওয়ার যতসব আবশ্যকীয় উপায় আল্লাহ্‌তা’লা সৃষ্টি করিয়াছেন সেইগুলি সঠিকভাবে অবলম্বন করা হয়।

وَلَا تَقُوۡلُوۡا لِمَنۡ یُّقۡتَلُ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتٌ ؕ بَلۡ اَحۡیَآءٌ وَّلٰکِنۡ لَّا تَشۡعُرُوۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
এবং যাহারা আল্লাহ্‌র পথে নিহত হয় তাহাদের সম্বন্ধে বলিও না যে তাহারা মৃত, বরং তাহারা জীবিত১৮১ কিন্তু তোমরা উপলব্ধি করিতে পারিতেছ না।
১৮১। ‘আহ্ইয়া’ শব্দ ‘হাঈ’ শব্দের বহুবচন। ‘হাঈ’ শব্দের অনেক অর্থ আছে, উহার মধ্যে দুইটি হইল (১) সেই ব্যক্তি যাহার জীবন-যাপন ব্যর্থ হয় না (২) যাহার হত্যার প্রতিশোধ লওয়া হইয়াছে। এই আয়াতে এমন একটি প্রগাঢ় মনস্তাত্বিক সত্য তুলিয়া ধরা হইয়াছে যাহা মানব জাতির জীবন ও উন্নতির ক্ষেত্রে বিরাট প্রভাব বিস্তার করিতে পারে। যে জাতি তাহাদের বীর শহীদগণের সম্মতির প্রতি উপযুক্ত মর্যাদা প্রদর্শন করে না এবং তাহাদের মন হইতে মৃত্যুভয়কে অপসারণ করিয়া মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ করে না, তাহাদের উন্নতি হইতে পারে না।

وَلَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَالۡجُوۡعِ وَنَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَالۡاَنۡفُسِ وَالثَّمَرٰتِ ؕ وَبَشِّرِ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۶﴾ۙ

১৫৬
এবং অবশ্যই আমরা তোমাদিগকে ভয়-ভীতি ও ক্ষুধা এবং ধন-সম্পদ, প্রাণসমূহ এবং ফল-ফলাদির১৮২ ক্ষতির মাধ্যমে পরীক্ষা করিব এবং তুমি ধৈর্যশীলগণকে সুসংবাদ দাও।
১৮২। পূর্ববর্তী আয়াতের প্রেক্ষিতে, পরবর্তী আয়াত হিসাবে ইহা খুবই যুক্তিযুক্ত। মুসলমানদের প্রস্তুত থাকা উচিত, ইসলামের মঙ্গলার্থে কেবল নিজেদের জান-মাল কুরবানী করাই নয় বরং সকল দুঃখ-দুর্দশা, জ্বালা-যন্ত্রণা, ও বিপদ-আপদ যাহাই পরীক্ষাস্বরূপ তাহাদের উপর আপতিত হউক না কেন, তাহা হৃষ্ট চিত্তে বরণ করা।

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰہِ وَاِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿۱۵۷﴾ؕ

১৫৭
যাহারা, তাহাদের উপর বিপদ আসিলে বলে, ‘নিশ্চয় আমরা আল্লাহ্‌রই, এবং নিশ্চয় আমরা তাঁহারই দিকে প্রত্যাবর্তনকারী১৮৩।’
১৮৩। আল্লাহ্‌তা’লাই, আমাদের যাহা কিছু আছে উহার প্রকৃত মালিক। এমনকি আমাদের নিজেদের মালিকও তিনিই। সত্যিকার মালিক যদি, তাঁহার অসীম প্রজ্ঞায়, আমাদের নিকট হইতে কোন কিছু নিয়া যান, আমাদের দুঃখ করিবার বা নালিশ করিবার কোনও কারণ-থাকিতে পারে না। কাজেই যে দুঃখ-দুর্দশাই আমাদের উপর আপতিত হউক না কেন, তাহা আমাদিগকে হতোদ্যম ও হতাশাগ্রস্ত করার পরিবর্তে, আমাদিগকে অধিকতর সচেষ্ট করিয়া উন্নতমানের সাফল্য অর্জনের দিকে আগাইয়া দেওয়া উচিত। অতএব, যে বিধি-সূত্র এই আয়াতটিতে দেওয়া হইয়াছে, তাহা কেবলমাত্র মৌখিক মন্ত্রই নহে, বরং অতি মূল্যবান, বাস্তব ও জ্ঞানগর্ভ উপদেশ এবং সময়োচিত সতর্কবাণী!

اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ صَلَوٰتٌ مِّنۡ رَّبِّہِمۡ وَرَحۡمَۃٌ ۟ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُہۡتَدُوۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
ইহারাই ঐ সকল লোক যাহাদের প্রতি তাহাদের প্রভুর পক্ষ হইতে আশীষ এবং রহমতসমূহ বর্ষিত হয়, এবং ইহারাই হেদায়াতপ্রাপ্ত।
সম্পূর্ণ সূরা দেখুন