১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

تَکَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرۡنَ مِنۡہُ وَتَنۡشَقُّ الۡاَرۡضُ وَتَخِرُّ الۡجِبَالُ ہَدًّا ﴿ۙ۹۱﴾

৯১
আকাশসমূহ ফাটিয়া যাইবার ও পৃথিবী বিদীর্ণ হইবার এবং পর্বতমালা খণ্ডবিখণ্ড হইয়া পড়িয়া যাইবার উপক্রম হইয়াছে।১৮০২
১৮০২। ‘ঈসা (আঃ) খোদার পুত্র’—এই ধর্মমত এরূপ ভয়ঙ্কর যে, আকাশ, পৃথিবী ও পর্বতসমূহ এই ভয়ংকর কথার জন্য ধ্বসিয়া পড়িতে চায়। এই বিশ্বাস ঐশী সত্তা সমূহের বিরোধী বা প্রতিকূল, কারণ ইহা ঐশী গুণাবলীর এবং ঐগুলি দ্বারা যাহা কিছুই বুঝায় উহাদের পরিপন্থী। (আল্‌ আরয) পৃথিবীতে বসবাসকারী মানবের জন্য এই বিশ্বাস নিদারুণ ঘৃণা বা বিরক্তিপূর্ণ, কারণ ইহা মানব বুদ্ধি বা মানব-প্রকৃতির নিয়মের বিরুদ্ধে ক্রোধ উৎপাদন করে এবং বিচার-বুদ্ধি ইহা হইতে নিদারুণ বিরক্তিতে ক্ষিপ্ত হইয়া উঠে। উচ্চ ও মহৎ আদর্শবান ব্যক্তিগণ, যেমন নবীগণ এবং আল্লাহ্‌তা’লার মনোনীত মহাপুরুষগণও (আল জিবাল) এই মত অস্বীকার এবং প্রত্যাখ্যান করেন, কারণ কোন ব্যক্তির উচ্চ মর্যাদা এবং নাজাত প্রাপ্তির জন্য অপর ব্যক্তি বদলীস্বরূপ ত্যাগ স্বীকার করার ধারণা তাহাদের নিজ আধ্যাত্মিক অভিজ্ঞতার বিরোধী।

اَنۡ دَعَوۡا لِلرَّحۡمٰنِ وَلَدًا ﴿ۚ۹۲﴾

৯২
কারণ তাহারা রহমান আল্লাহ্‌র প্রতি পুত্র আরোপ করিয়াছে।

وَمَا یَنۡۢبَغِیۡ لِلرَّحۡمٰنِ اَنۡ یَّتَّخِذَ وَلَدًا ﴿ؕ۹۳﴾

৯৩
অথচ ইহা রহমান আল্লাহ্‌র পক্ষে সমীচীন নহে যে তিনি কোন পুত্র গ্রহণ করেন।১৮০৩
১৮০৩। এই সূরা খৃষ্টান ধর্ম মতের, বিশেষভাবে ‘ঈসা (আঃ) খোদার পুত্র’ এই মূল মতবাদের বিরুদ্ধে অত্যন্ত জোরের সঙ্গে স্পষ্ট ঘোষণা দিয়াছে, যাহা হইতে অন্যান্য ধর্মমত উদ্ভূত। বর্তমান এবং পূর্ববর্তী চার আয়াত উক্ত মতের নিন্দা ও খণ্ডন করার উপর বিশেষভাবে জোর দিয়াছে। ইহা বিশেষভাবে লক্ষ্যণীয় যে, আল্লাহ্‌তা’লার সিফ্‌ত ‘আর্‌ রাহমান’ (অর্থঃ অযাচিত-অসীম দাতা) এই সূরাতে ১৬ বার উল্লেখিত হইয়াছে। ঈসা (আঃ)-এর খোদার পুত্রত্ব এবং ইহার অনুসিদ্ধান্ত ধর্মমতের মূল ভিত্তিরূপে প্রায়শ্চিত্তের মতবাদ ঐশী গুণ ‘আর্‌ রাহমান’ (অযাচিত-অসীম দাতা)-এর প্রতি অস্বীকৃতির জট পাকাইয়া ফেলে এবং যেহেতু অত্র সূরার মূল বিষয়বস্তু হইল উক্ত ধর্মমতের খণ্ডন সেই জন্য এই সিফ্‌ত বা গুণ অপরিহার্যভাবে বারংবার উল্লেখিত হইয়াছে। প্রায়শ্চিত্তবাদের মধ্যে রহিয়াছে যে, খোদা ক্ষমা করিতে পারেন না, অথচ ‘আর্‌ রাহমান্‌’ গুণের মধ্যে নিহিত রহিয়াছে যে, তিনি ক্ষমা করিতে পারেন এবং প্রকৃতপক্ষে কার্যক্ষেত্রে প্রায়শঃ মানুষকে ক্ষমা করিয়া থাকেন, এই কারণেই এই সূরাতে বার বার আর রহমান-এর পুনরাবৃত্তি হইয়াছে।

اِنۡ کُلُّ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ اِلَّاۤ اٰتِی الرَّحۡمٰنِ عَبۡدًا ﴿ؕ۹۴﴾

৯৪
আকাশসমূহ ও পৃথিবীতে এমন কেহ নাই যে রহমান আল্লাহ্‌র সম্মুখে (তাঁহার) বান্দারূপে হাযির হইবে না।১৮০৪
১৮০৪। আল্লাহ্ অযাচিত-অসীম দাতা, তাঁহার সাহায্যকারী বা উত্তরাধিকারী পুত্রের প্রয়োজন নাই। তিনি আকাশসমূহ ও পৃথিবীর প্রতিপালক এবং তাঁহার সর্বাধিপত্য সমগ্র বিশ্বময় বিস্তৃত এবং সকল মানব তাঁহার দাস এবং ঈসা (আঃ) তাহাদেরই একজন।

لَقَدۡ اَحۡصٰہُمۡ وَعَدَّہُمۡ عَدًّا ﴿ؕ۹۵﴾

৯৫
নিশ্চয় তিনি তাহাদিগকে ঘিরিয়া রাখিয়াছেন এবং তাহাদিগকে যথার্থভাবে গণিয়া রাখিয়াছেন।

وَکُلُّہُمۡ اٰتِیۡہِ یَوۡمَ الۡقِیٰمَۃِ فَرۡدًا ﴿۹۶﴾

৯৬
এবং তাহারা প্রত্যেকে কেয়ামতের দিন একাকী তাঁহার সমীপে হাযির হইবে।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجۡعَلُ لَہُمُ الرَّحۡمٰنُ وُدًّا ﴿۹۷﴾

৯৭
নিশ্চয় যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে রহমান আল্লাহ্‌ অচিরেই তাহাদের জন্য গভীর ভালবাসা সৃষ্টি করিয়া দিবেন।১৮০৫
১৮০৫। এই আয়াতের অর্থ নিম্নলিখিত যে কোনটা হইতে পারেঃ (ক) মো’মেন ব্যক্তির অন্তরে আল্লাহ্‌তা’লা তাঁহার ভালবাসা কীলকের ন্যায় প্রোথিত করিয়া দিবেন; (খ) মো’মেনের জন্য তাঁহার অন্তরে প্রগাঢ় ভালাবাসা কীলকের ন্যায় গাড়িয়া দিবেন; (গ) আল্লাহ্‌তা’লা মো’মেন লোকের অন্তরে মানবজাতির জন্য গভীর ভালবাসা কীলকের ন্যায় গাড়িয়া দিবেন; এবং (ঘ) তিনি মানুষের হৃদয়ে মো’মেন লোকদিগের জন্য গভীর ভালবাসা কীলকের ন্যায় সৃষ্টি করিবেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, মুসলমানগণ যখন রোম সাম্রাজ্যের দুর্গের পর দুর্গ এবং শহরের পর শহর জয় করিতে করিতে অগ্রসর হইতেছিল তখন এক পর্যায়ে রণকৌশলের পরিপ্রেক্ষিতে মুসলমানদিগকে তথাকার কোন এক শহর হইতে পিছনে সরিতে হইল। তাহারা সেই শহরের অধিবাসীগণের নিকট হইতে তাহাদের শহর ও জান-মালের হেফাযতের উদ্দেশ্যে কিছু ট্যাক্স আদায় করিয়াছিল। তাহারা শহর ত্যাগ করিবার পূর্বে সেই ট্যাক্স শহরবাসীদের নিকট ফেরত দিয়াছিল এই বলিয়া যে, আমরা তোমাদের নিকট হইতে তোমাদের অঞ্চল ও জান-মালের রক্ষণাবেক্ষণের জন্য ট্যাক্স আদায় করিয়াছিলাম কিন্তু এখন যেহেতু আমরা কারণ বশতঃ শহর ছাড়িয়া চলিয়া যাইতেছি, এই জন্য তোমাদের ট্যাক্স তোমাদিগকে ফেরৎ দেওয়া হইল। মুসলমানদের বিশ্বস্ততার এই আচরণ তথাকার খৃষ্টান ও ইহুদীদের উপর এত প্রভাব বিস্তার করিল যে, তাহারা কাঁদিতে কাঁদিতে এবং এই দোয়া করিতে করিতে মুসলমানদিগকে বিদায় দিল যে, আল্লাহ্‌তা’লা তোমাদিগকে আবার ফিরাইয়া আনুন। ইহুদীগণ বলিতে লাগিল, আল্লাহ্‌র কসম! আমরা জীবন দিয়া দিব। কিন্তু খৃষ্টান সৈন্যদলকে শহরে প্রবেশ করিতে দিব না (ফতুহুল বুলদান বিলাবরী ১৪৩ পৃঃ)। ভালবাসার এই বাস্তব আদর্শ ঈসা (আঃ)-এর ভালবাসার শিক্ষা হইতে কত উত্তম। ঈসা (আঃ) তো শুধু বলিয়াছিলেন যে, আল্লাহ্ অর্থই ভালবাসা, কিন্তু মুসলমানগণ কার্যতঃ দেখাইয়া দিলেন যে, আল্লাহ্ অর্থই ভালবাসা। ঈসা (আঃ) ভালবাসা শব্দ ব্যবহার করিয়াছেন, কিন্তু কুরআনে ‘ওদ্‌দুন’ শব্দ ব্যবহৃত হইয়াছে যাহা ‘ভালবাসা’ হইতে অধিক গভীর এবং সহস্র গুণে তাৎপর্যপূর্ণ। আরবী ‘মহব্বত’ শব্দের অর্থ অন্তরে দাগ কাটল, কিন্তু ওদ্‌দুন শব্দের অর্থ হইল ভালবাসা এত গভীর হইল যে কীলকের ন্যায় প্রোথিত হইয়া গেল। অতএব কুরআনের শিক্ষা এবং ইঞ্জিলের শিক্ষার মধ্যে আসমান ও যমীনের ব্যবধান রহিয়াছে।

فَاِنَّمَا یَسَّرۡنٰہُ بِلِسَانِکَ لِتُبَشِّرَ بِہِ الۡمُتَّقِیۡنَ وَتُنۡذِرَ بِہٖ قَوۡمًا لُّدًّا ﴿۹۸﴾

৯৮
সুতরাং ইহাকে (কুরআনকে) তোমার ভাষায় আমরা সহজবোধ্য করিয়াছি যেন তুমি ইহার দ্বারা মুত্তাকীগণকে সুসংবাদ দাও এবং ইহার দ্বারা কলহপরায়ণ জাতিকে সতর্ক কর।

وَکَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡنٍ ؕ ہَلۡ تُحِسُّ مِنۡہُمۡ مِّنۡ اَحَدٍ اَوۡ تَسۡمَعُ لَہُمۡ رِکۡزًا ﴿٪۹۹﴾

৯৯
এবং আমরা তাহাদের পূর্বে কতই না মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়া দিয়াছি! তুমি কি তাহাদের মধ্য হইতে কাহাকেও কোন ইন্দ্রিয় দ্বারা অনুভব করিতেছ অথবা তাহাদের মৃদু শব্দও শুনিতে পাইতেছ?১৮০৬
সূরা মারইয়াম - রুকু ৬
১৮০৬। অত্র আয়াত পাশ্চাত্যের খৃষ্টান জাতিগুলির জন্য এক ভয়াবহ দুর্ভাগ্যের কঠোর হুঁশিয়ারি সম্বলিত—যদি তাহারা পাপের পথ পরিহার করিয়া সত্য গ্রহণ না করে। তাহাদের পার্থিব শক্তি ও সম্পদের জন্য এবং তাহাদের জাগতিক উন্নতি ও অগ্রগতির জন্য তাহারা গর্বিত, কিন্তু ভ্রান্ত-বিশ্বাস এবং পাপাচারী জীবন যে ধ্বংসের পথে পরিচালিত করে এই প্রকাশ্য সত্যকে তাহারা উপেক্ষা করিয়াছে।