১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

ثُمَّ لَنَحۡنُ اَعۡلَمُ بِالَّذِیۡنَ ہُمۡ اَوۡلٰی بِہَا صِلِیًّا ﴿۷۱﴾

৭১
এবং১৭৯২ নিশ্চয় আমরা তাহাদের সম্বন্ধে বিশেষভাবে অবহিত আছি যাহারা ইহাতে দগ্ধ হওয়ার অধিকতর উপযুক্ত।১৭৯৩
১৭৯২। এই আয়াতে ‘সুম্মা’ শব্দ ঘোষণামূলক আদেশ বুঝাইতে অব্যয়রূপে ব্যবহৃত হইয়াছে, হুকুম রূপে ব্যবহৃত হয় নাই, এখানে ইহার অর্থ হইবে ‘এবং’। এখানে এই শব্দের মর্ম হইতেছেঃ ‘এবং আর একটি বিষয় আমরা তোমাদিগকে বলিব যে…………..
১৭৯৩। এই শব্দগুলির মর্মার্থ হইতে পারেঃ (ক) যাহারা বাহিরে না থাকিয়া আগুনের মধ্যেই দগ্ধ হওয়ার জন্য অধিক উপযুক্ত; (খ) যাহারা অন্যান্যদিগের অপেক্ষা অগ্নিদগ্ধ হইবার জন্য বেশী উপযোগী; (গ) যাহারা অন্য কোন উপায় ছাড়া অগ্নি-কুণ্ডে নিক্ষিপ্ত হইয়া বেশী শাস্তি পাওয়ার যোগ্য।

وَاِنۡ مِّنۡکُمۡ اِلَّا وَارِدُہَا ۚ کَانَ عَلٰی رَبِّکَ حَتۡمًا مَّقۡضِیًّا ﴿ۚ۷۲﴾

৭২
এবং তোমাদের মধ্য হইতে প্রত্যেককেই১৭৯৩-ক ইহাতে আগমন করিতে হইবে, ইহা তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত।
১৭৯৩-ক। ‘মিনকুম্’ শব্দের মধ্যে ‘কুম্’ সর্বনাম সাধারণভাবে ব্যবহৃত হয় নাই। বর্ণনার প্রসঙ্গানুযায়ী, ইহা অবিশ্বাসীদের এবং পরকালের অস্তিত্বে সন্দেহ পোষণকারী যাহারা, কেবল তাহাদের প্রতি প্রযোজ্য। এই সকল লোকদিগের বিষয়ই পূর্ববর্তী আয়াতসমূহে বিরত হইয়াছে। ইবনে আব্বাস এবং ইকরিমা (রাঃ)-এর অন্য এক রেওয়ায়াতে ‘মিনকুম্’ (তোমাদের মধ্য হইতে) ‘মিনহুমু’ (তাহাদের মধ্য হইতে) রূপে বর্ণিত হইয়াছে, এবং হযরত ইবনে আব্বাস বলিয়াছেন যে, ‘মিনকুম্’ উক্তি অবিশ্বাসীদের প্রতি করা হইয়াছে (কুরতুবী)। সুতরাং ৬৭-৭১ আয়াতসমূহে উল্লেখিত অবিশ্বাসীদিগের প্রতিই ‘কুম্’ (তোমরা বা তোমাদের) স্পষ্টভাবে নির্দেশ করিয়াছে। অপর পক্ষে কুরআন করীম সুস্পষ্ট এবং জোরের সহিত এই মতের সমর্থন করে যে, ধর্মপরায়ণ বিশ্বাসীগণ কখনো দোযখে যাইবে না, তাহারা সর্বদা আল্লাহ্‌তা’লার ভালবাসা ও অনুগ্রহের আলোকে অবগাহন করিবে (২৭ঃ৯০ ৩৯ঃ৬২, ৪৩ঃ৬৯, ইত্যাদি) এবং জাহান্নাম হইতে বহুদূরে অবস্থান করিবে এবং উহার ক্ষীণতম শব্দও তাহাদের কানে পৌঁছিবে না (২১ঃ১০২-১০৩)।কিন্তু যদি মো’মেন এবং কাফের উভয়কে ‘কুম্’ (তোমাদের)-এর অন্তর্ভুক্ত করিয়া নেওয়া হয়, তাহা হইলে কাফেরদিগের ক্ষেত্রে আয়াতের অর্থ হইবে যে, তাহারা সকলেই জাহান্নামে যাইবে এবং মো’মেনগণের ক্ষেত্রে আয়াতে ইশারাক্ত দোযখের মর্ম হইবে ইহজীবনে যে পরীক্ষা ও মানসিক যন্ত্রণারূপ অগ্নির মধ্য দিয়া তাহাদিগকে অতিক্রম করিতে হয় এবং যাহা অত্যন্ত দৃঢ়তাপূর্ণ ধৈর্যের সঙ্গে সহ্য করিতে হয় এবং যাহার মধ্য হইতে পরিণাম স্বরূপ তাহাদিগকে বাহির করিয়া আনিয়া শান্তি এবং জান্নাতের সুখের মধ্যে ছাড়িয়া দেওয়া হয় যেমন পরবর্তী আয়াতে প্রতিভাত হইয়াছে। আঁ-হযরত (সাঃ) নিজে এই আয়াতের ব্যাখ্যা দিয়াছেন। তাঁহার স্ত্রী হাফসা (রাঃ) হইতে বর্ণিতঃ ‘একদা যখন নবী করীম (সাঃ) বলিতেছিলেন যে, তাঁহার ঐ সকল সাহাবা দোযখে যাইবেন না, যাহারা বদরের যুদ্ধে বা ওহদের যুদ্ধে অংশ গ্রহণ করিয়াছিলেন, তখন আমি এই আয়াতের প্রতি আঁ-হুযুর (সাঃ)-এর মনোযোগ আকর্ষণ করিলে, ইহার ভুল অর্থ করার জন্য তিনি আমাকে মৃদু তিরষ্কার করিলেন এবং বলিলেন, ‘পরবর্তী আয়াত পাঠ কর’ (মুসলিম, যেভাবে জামীউল বায়ান উল্লেখ করিয়াছে)। রসূল করীম (সাঃ)-এর পবিত্র স্ত্রী হাফসা (রাঃ)-কে পরবর্তী আয়াত ৭৩ এর প্রতি নির্দেশ দ্বারা বুঝা যায় যে, আঁ-হযুর (সাঃ)-ও উক্ত আয়াতে ব্যবহৃত ‘সুম্মা’ অংশের অর্থ সংযোজনকারী এবং বুঝিয়াছিলেন এবং পরবর্তী আয়াতকে স্বাধীন ও পৃথক ধারা বলিয়া জানিতেন, নূতবা তিনি হযরত হাফসা (রাঃ)-কে তফসীরাধীন আয়াতের ভুল অর্থ বুঝার কারণে তিরষ্কার করিতেন না।

ثُمَّ نُنَجِّی الَّذِیۡنَ اتَّقَوۡا وَّنَذَرُ الظّٰلِمِیۡنَ فِیۡہَا جِثِیًّا ﴿۷۳﴾

৭৩
অতঃপর, যাহারা তাক্‌ওয়া অবলম্বন করিয়া থাকিবে তাহাদিগকে আমরা মুক্তি দান করিব এবং যালেমদিগকে ইহার মধ্যে নতজানু অবস্থায় ছাড়িয়া দিব।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلَّذِیۡنَ اٰمَنُوۡۤا ۙ اَیُّ الۡفَرِیۡقَیۡنِ خَیۡرٌ مَّقَامًا وَّاَحۡسَنُ نَدِیًّا ﴿۷۴﴾

৭৪
এবং যখন তাহাদিগকে আমাদের সমুজ্জ্বল আয়াতসমূহ১৭৯৪ আবৃত্তি করিয়া শুনানো হয় তখন যাহারা অস্বীকার করিয়াছে তাহারা মো’মেনগণকে বলে, ‘(আমাদিগকে বল), এই দুই দলের মধ্যে কোনটি পদ-মর্যাদার দিক দিয়া উত্তম এবং সভা-সঙ্গী হিসাবে উৎকৃষ্টতর?
১৭৯৪। ‘নিদর্শন’ কেবল কোন বস্তুর অস্তিত্ব, ইহার লক্ষ্য ও উদ্দেশ্যকে বুদ্ধি, অভিজ্ঞতা ও যুক্তি-ভিত্তিক বিচার দ্বারা প্রমাণ ও প্রতিষ্ঠিত করে; কিন্তু ‘সুস্পষ্ট নিদর্শন’ হইল সেই সকল প্রতীক-চিহ্ন বা যুক্তি যাহা কেবল কোন কিছুর অস্তিত্বকেই নির্দেশ এবং প্রমাণ করে না, বরং উহা সম্পূর্ণ সময়োপযোগী এবং যুগ-সমস্যাবলীর প্রমাণে যথার্থ এবং যাহা সৎ ও মহিমান্বিত উদ্দেশ্য সাধনকল্পে আসে সেই সব উত্তমভাবে সমাধা করিয়া থাকে।

وَکَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡنٍ ہُمۡ اَحۡسَنُ اَثَاثًا وَّرِءۡیًا ﴿۷۵﴾

৭৫
এবং আমরা তাহাদের পূর্বে বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা সাজ-সরঞ্জামের দিক দিয়া এবং বাহ্যিক শান-শওকতের দিক দিয়া ইহাদের অপেক্ষা উৎকৃষ্টতর ছিল।

قُلۡ مَنۡ کَانَ فِی الضَّلٰلَۃِ فَلۡیَمۡدُدۡ لَہُ الرَّحۡمٰنُ مَدًّا ۬ۚ حَتّٰۤی اِذَا رَاَوۡا مَا یُوۡعَدُوۡنَ اِمَّا الۡعَذَابَ وَاِمَّا السَّاعَۃَ ؕ فَسَیَعۡلَمُوۡنَ مَنۡ ہُوَ شَرٌّ مَّکَانًا وَّاَضۡعَفُ جُنۡدًا ﴿۷۶﴾

৭৬
তুমি বল, ‘যাহারা ভ্রান্তিতে পড়িয়া আছে রহমান আল্লাহ্ তাহাদিগকে এক সময় পর্যন্ত অবকাশ দিয়া থাকেন যতক্ষণ পর্যন্ত না তাহারা উহা প্রত্যক্ষ করে যাহার সম্বন্ধে তাহাদিগকে ভয় প্রদর্শন করা হয় — হয়তো শাস্তি অথবা শেষ মুহূর্ত;১৭৯৫ সুতরাং অচিরেই তাহারা জানিতে পারিবে যে, কে মর্যাদায় নিকৃষ্টতর এবং কে সৈন্য-বলে দুর্বল।’
১৭৯৫। এখানে ‘আযাব’ শব্দের দ্বারা শেষ ধ্বংসের পূর্বে কাফেরদের উপর সময় সময় মধ্যবর্তী শাস্তির কথা বুঝাইতে পারে এবং ‘আস্ সায়াত’ দ্বারা কাফেরদের সম্পূর্ণ এবং সর্বশেষ ধ্বংসের কথা বুঝাইতে পারে।

وَیَزِیۡدُ اللّٰہُ الَّذِیۡنَ اہۡتَدَوۡا ہُدًی ؕ وَالۡبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیۡرٌ عِنۡدَ رَبِّکَ ثَوَابًا وَّخَیۡرٌ مَّرَدًّا ﴿۷۷﴾

৭৭
এবং আল্লাহ্‌ হেদায়াতপ্রাপ্ত লোকদিগকে হেদায়াতে বাড়াইতে থাকেন; বস্তুতঃ স্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রভুর দৃষ্টিতে সর্বোত্তম, পুরস্কারের দিক দিয়াও এবং পরিণামের দিক দিয়াও।

اَفَرَءَیۡتَ الَّذِیۡ کَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوۡتَیَنَّ مَالًا وَّوَلَدًا ﴿ؕ۷۸﴾

৭৮
তুমি কি ঐ ব্যক্তির প্রতি লক্ষ্য কর নাই যে আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং বলে যে, ‘আমাকে নিশ্চয় অনেক ধন-সম্পদ এবং অনেক সন্তান-সন্ততি দেওয়া হইবে?’১৭৯৬
১৭৯৬। অবিশ্বাসী ব্যক্তি তাহার ধন-সম্পদ ও সন্তানদিগকেই বেশী মূল্য দেয়। এই সবের মধ্যে সে গর্ব বোধ করে এবং পাশ্চাত্যের গর্বিত জাতিগুলিও এইরূপ করে যাহাদের সম্বন্ধে বর্তমান সূরা বিশেষভাবে আলোচনা করিয়াছে।

اَطَّلَعَ الۡغَیۡبَ اَمِ اتَّخَذَ عِنۡدَ الرَّحۡمٰنِ عَہۡدًا ﴿ۙ۷۹﴾

৭৯
সে কি অদৃশ্য সম্বন্ধে সংবাদ পাইয়াছে অথবা রহমান আল্লাহ্‌র নিকট হইতে কোন অঙ্গীকার লইয়াছে?

کَلَّا ؕ سَنَکۡتُبُ مَا یَقُوۡلُ وَنَمُدُّ لَہٗ مِنَ الۡعَذَابِ مَدًّا ﴿ۙ۸۰﴾

৮০
এইরূপ কখনও হইবে না,১৭৯৭ সে যাহা বলে আমরা উহা অবশ্যই লিপিবদ্ধ করিয়া রাখিব এবং তাহার জন্য শাস্তিকে অনেক দীর্ঘ করিয়া দিব।
১৭৯৭। ‘কাল্লা’ (এইরূপ কখনও হইবে না) বাক্যাংশের অর্থ ইহাও হইতে পারে যেমনঃ প্রত্যাখ্যান, তিরস্কার, অসত্য বলার কারণে কোন ব্যক্তিকে মৃদু ভর্ৎসনা করা। ইহার মর্ম এইরূপও হয় যে, পূর্বে যাহা বলা হইয়াছে উহা ভুল এবং পবরর্তীটি সঠিক (লেইন)। ‘ইয়াকূলু’ (অর্থ সে যাহা বলিতেছে) শব্দ অবিশ্বাসীদিগের প্রশ্রয় পাওয়া অহঙ্কারপূর্ণ কথাবার্তার প্রতি ইংগিত করে যাহা তাহাদের ধন-সম্পদ, শক্তি, প্রতাপ এবং সন্তান-সন্ততির কারণে করা হয়।