১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

اِنَّا نَحۡنُ نَرِثُ الۡاَرۡضَ وَمَنۡ عَلَیۡہَا وَاِلَیۡنَا یُرۡجَعُوۡنَ ﴿٪۴۱﴾

৪১
নিশ্চয় আমরা সমগ্র পৃথিবীর উত্তরাধিকারী১৭৭২ হইব এবং তাহাদেরও যাহারা ইহার উপর আছে এবং তাহাদের (সকলকে) আমাদের দিকেই ফিরাইয়া আনা হইবে।
সূরা মারইয়াম - রুকু ২
১৭৭২। এই আয়াতের মধ্যে দুইটি ভবিষ্যদ্বাণী রহিয়াছেঃ (ক) খৃষ্টান জাতি প্রথমে পৃথিবীর প্রায় সর্বত্র রাজত্ব করিবে এবং তাহাদের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা কর্তৃত্ব করিতে থাকিবে; এবং (খ) তাহাদের বিশ্বাসের ফলশ্রুতিতে তাহারা শাসন-ক্ষমতা হইতে বঞ্চিত হইবে যাহা শেষ পর্যন্ত ইসলাম ধর্মের অনুসারীদিগকে প্রদান করা হইবে।

وَاذۡکُرۡ فِی الۡکِتٰبِ اِبۡرٰہِیۡمَ ۬ؕ اِنَّہٗ کَانَ صِدِّیۡقًا نَّبِیًّا ﴿۴۲﴾

৪২
এবং এই কিতাবে (যেরূপে বর্ণিত হইয়াছে) তুমি ইব্‌রাহীমের (বৃত্তান্ত) উল্লেখ কর,১৭৭৩ নিশ্চয় সে পরম সত্যবাদী ও নবী ছিল।
১৭৭৩। এই কিতাব আল্ কুরআন। নবী করীম (সাঃ)-কে এখানে নির্দেশ দেওয়া হইয়াছেঃ ইব্‌রাহীম (আঃ)-এর ব্যাপারে যেরূপ কুরআনে উল্লেখিত হইয়াছে উহা বর্ণনা করিবার জন্য, বাইবেলের বর্ণনা অনুযায়ী নহে। কুরআন ইব্‌রাহীম (আঃ)-কে সত্যবাদীরূপে বর্ণনা করিয়াছে, বাইবেল তাঁহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনিয়াছে (আদি পুস্তক-২০ঃ১৩)। ইব্‌রাহীম (আঃ)-এর সিদ্দীক অর্থাৎ পরম সত্যবাদিতার উপর কুরআন খুবই গুরুত্ব আরোপ করিয়াছে, সম্ভবতঃ এই কারণে যে, ভবিষ্যতে কোন সময়ে কুরআনের কতক সমালোচনাকারী কর্তৃকও তাঁহার প্রতি মিথ্যা আরোপ করার আশংকা ছিল।

اِذۡ قَالَ لِاَبِیۡہِ یٰۤاَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا یَسۡمَعُ وَلَا یُبۡصِرُ وَلَا یُغۡنِیۡ عَنۡکَ شَیۡئًا ﴿۴۳﴾

৪৩
যখন সে তাহার পিতাকে বলিয়াছিল, ‘হে আমার পিতা! তুমি কেন ঐ সকল বস্তুর ইবাদত কর যাহারা শুনেও না এবং দেখেও না এবং তোমার কোন উপকারেও আসে না?

یٰۤاَبَتِ اِنِّیۡ قَدۡ جَآءَنِیۡ مِنَ الۡعِلۡمِ مَا لَمۡ یَاۡتِکَ فَاتَّبِعۡنِیۡۤ اَہۡدِکَ صِرَاطًا سَوِیًّا ﴿۴۴﴾

৪৪
হে আমার পিতা! নিশ্চয় আমার নিকট এমন জ্ঞান আসিয়াছে যাহা তোমার নিকট আসে নাই, সুতরাং তুমি আমার অনুসরণ কর, আমি তোমাকে সহজ পথ দেখাইব;

یٰۤاَبَتِ لَا تَعۡبُدِ الشَّیۡطٰنَ ؕ اِنَّ الشَّیۡطٰنَ کَانَ لِلرَّحۡمٰنِ عَصِیًّا ﴿۴۵﴾

৪৫
হে আমার পিতা! তুমি শয়তানের ইবাদত করিও না,১৭৭৪ নিশ্চয় শয়তান রহমান আল্লাহ্‌র অবাধ্য;১৭৭৫
১৭৭৪। ‘আবাদা’ ক্রিয়া পদ ‘ইবাদাহ’ হইতে উৎপন্ন। ‘ইবাদাহ’ (অনির্দিষ্ট বিশেষ্য পদ) কেবল আল্লাহ্ বা প্রতিমার সামনে সেজদা করা বুঝায় না, অধিকন্তু স্থির মস্তিষ্কে পুঙ্খাণুপুঙ্খরূপে গভীরভাবে বিচার-বিবেচনা না করিয়া কোন ধারণা বা বিশ্বাস স্থাপন করা অথবা চিন্তা-ভাবনা ছাড়াই কোন ব্যক্তিকে অন্ধের মত অনুসরণ করাও বুঝায়। শব্দের শেষোক্ত অর্থ এই আয়াত হইতেই সুস্পষ্ট; কারণ কেহ কোন দিন শয়তানের সম্মুখে সেজদাবনত হইয়া উহার ইবাদত করিতে দেখে নাই।
১৭৭৫। তফসীরাধীন আয়াতে—প্রকৃতপক্ষে, সম্পূর্ণ সূরাটিতেই ‘শিরক’ কে (মূর্তি-পূজা) অত্যন্ত কঠোর ভাষায় পুনঃ পুনঃ সুস্পষ্টভাবে দোষারোপ ও নিন্দা করা হইয়াছে এবং আল্লাহ্‌তা’লার সীফত ‘আর রাহমান’ অর্থাৎ অযাচিত-অসীম দাতা হওয়ার উল্লেখ বার বার করা হইয়াছে। কারণ শির্‌ক (প্রতিমা-পূজা) যে কোন রূপে এবং যে কোন প্রকারেই হউক উহা আল্লাহ্‌তা’লার ‘রাহমানিয়াত’ অর্থাৎ ঐশী অনুগ্রহরাজির অস্বীকৃতি হইতেই উদ্ভূত বা উহারই প্রত্যক্ষ ফলশ্রুতি।

یٰۤاَبَتِ اِنِّیۡۤ اَخَافُ اَنۡ یَّمَسَّکَ عَذَابٌ مِّنَ الرَّحۡمٰنِ فَتَکُوۡنَ لِلشَّیۡطٰنِ وَلِیًّا ﴿۴۶﴾

৪৬
হে আমার পিতা! নিশ্চয় আমি ভয় করি যেন রহমান আল্লাহ্‌র (অবাধ্যতার জন্য) কোন আযাব তোমাকে স্পর্শ না করে, যাহার ফলে তুমি শয়তানের বন্ধু হইয়া যাও।’

قَالَ اَرَاغِبٌ اَنۡتَ عَنۡ اٰلِہَتِیۡ یٰۤـاِبۡرٰہِیۡمُ ۚ لَئِنۡ لَّمۡ تَنۡتَہِ لَاَرۡجُمَنَّکَ وَاہۡجُرۡنِیۡ مَلِیًّا ﴿۴۷﴾

৪৭
সে বলিল, ‘হে ইব্‌রাহীম! তুমি কি আমার মা’বূদগণ হইতে বিমুখ হইতেছ? যদি তুমি বিরত না হও, তাহা হইলে আমি নিশ্চয় তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করিব,১৭৭৬ (তবে মঙ্গল ইহাতেই) তুমি কিছু কালের জন্য আমার নিকট হইতে দূরে সরিয়া যাও, (যেন আমি ক্রোধবশতঃ কিছু করিয়া না বসি)।’
১৭৭৬। ‘রাজামাহু’ শব্দের অর্থ, সে তাহাকে প্রস্তরাঘাত করিতে করিতে হত্যা করিল; সে তাহার বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক রটনা বা অভিযোগ করিল; সে তাহাকে গালি দিল বা অভিশাপ দিল; সে তাহাকে তাড়াইয়া দিল; সে তাহার সহিত সকল সম্বন্ধ ছিন্ন করিল (লেইন)।

قَالَ سَلٰمٌ عَلَیۡکَ ۚ سَاَسۡتَغۡفِرُ لَکَ رَبِّیۡ ؕ اِنَّہٗ کَانَ بِیۡ حَفِیًّا ﴿۴۸﴾

৪৮
সে (ইব্‌রাহীম) বলিল, ‘তোমার উপর শান্তি বর্ষিত হউক; নিশ্চয় আমি আমার প্রভুর নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব। নিশ্চয় তিনি আমার প্রতি অতীব দয়ালু;

وَاَعۡتَزِلُکُمۡ وَمَا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَاَدۡعُوۡا رَبِّیۡ ۫ۖ عَسٰۤی اَلَّاۤ اَکُوۡنَ بِدُعَآءِ رَبِّیۡ شَقِیًّا ﴿۴۹﴾

৪৯
এবং (হে পিতা!) আমি তোমাদের এবং উহাদের নিকট হইতে, যাহাদিগকে তোমরা আল্লাহ্‌ ব্যতীত ডাক, দূরে সরিয়া যাইব;১৭৭৭ এবং আমি আমার প্রভুর নিকট দোয়া করিব, এবং নিশ্চয়, আমি আমার প্রভুর নিকট দোয়া করিয়া বিফল মনোরথ হই না।’
১৭৭৭। এই আয়াতে মনে হয় হযরত ইব্‌রাহীম (আঃ) তাঁহার কেনান দেশে হিজরত সম্পর্কে ইশারা করিয়াছেন। তিনি ইরাক ত্যাগ করিয়া কেনান গমন করেন এবং সেই স্থান হইতে মিশরে চলিয়া যান। তিনি তাঁহার পিতা এবং তাঁহার জাতিকে ইরাকে পশ্চাতে ছাড়িয়া গিয়াছিলেন।

فَلَمَّا اعۡتَزَلَہُمۡ وَمَا یَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ۙ وَہَبۡنَا لَہٗۤ اِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ ؕ وَکُلًّا جَعَلۡنَا نَبِیًّا ﴿۵۰﴾

৫০
সুতরাং যখন সে তাহাদের নিকট হইতে এবং তাহারা আল্লাহ্ ছাড়া যাহাদের ইবাদত করিত তাহাদের নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া গেল; তখন আমরা তাহাকে ইসহাক্‌ ও ইয়া’কূব১৭৭৮ দান করিয়াছিলাম, এবং তাহাদের প্রত্যেককে আমরা নবী মনোনীত করিয়াছিলাম।
১৭৭৮। হযরত ইসমাঈল (আঃ)-এর কোন উল্লেখ এই আয়াতে করা হয় নাই যদিও তিনি হযরত ইব্‌রাহীম (আঃ)-এর জ্যেষ্ঠপুত্র ছিলেন, হযরত ইসহাক ও ইয়াকুব (আঃ)-এর এখানে কেবল অধীনস্থ নবীরূপে উল্লেখ রহিয়াছে, অথচ ৫৫ আয়াতে হযরত ইসমাঈলকে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে প্রকাশ করা হইয়াছে। ইহাতে বুঝা যায় হযরত ইসহাক ও ইয়াকুব হইতে হযরত ইসমাঈল আধ্যাত্মিক মর্যাদায় উচ্চতর মার্গে অধিষ্ঠিত হইয়াছিলেন।