১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

قَالَ اِنِّیۡ عَبۡدُ اللّٰہِ ۟ؕ اٰتٰنِیَ الۡکِتٰبَ وَجَعَلَنِیۡ نَبِیًّا ﴿ۙ۳۱﴾

৩১
সে (ঈসা) বলিল, নিশ্চয় আমি আল্লাহ্‌র বান্দা, তিনি আমাকে কিতাব দিয়াছেন এবং আমাকে নবী মনোনীত করিয়াছেন।

وَّجَعَلَنِیۡ مُبٰرَکًا اَیۡنَ مَا کُنۡتُ ۪ وَاَوۡصٰنِیۡ بِالصَّلٰوۃِ وَالزَّکٰوۃِ مَا دُمۡتُ حَیًّا ﴿۪ۖ۳۲﴾

৩২
এবং আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতমণ্ডিত করিয়াছেন, এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে নামায ও যাকাত আদায় করার বিশেষ নির্দেশ দিয়াছেন;

وَّبَرًّۢا بِوَالِدَتِیۡ ۫ وَلَمۡ یَجۡعَلۡنِیۡ جَبَّارًا شَقِیًّا ﴿۳۳﴾

৩৩
এবং তিনি আমাকে আমার মাতার প্রতি সদাচারী করিয়াছেন, এবং তিনি আমাকে উদ্ধত ও হতভাগ্য করেন নাই।১৭৬৬
১৭৬৬। ইহুদী বয়োবৃদ্ধদের নিকট ঈসা (আঃ) যে কথাগুলি বলিয়াছিলেন এবং যাহা ৩১-৩৪ আয়াতসমূহে লিপিবদ্ধ রহিয়াছে, সেইগুলি নিশ্চয়ই কোন শিশুর মুখের কথা হইতে পারে না। দৃঢ়তা সহকারে এই সকল ঘোষণা এক বাচ্চার মুখ হইতে নিঃসৃত কতকগুলি মিথ্যা উক্তির মত শোনায়। বয়স ও কথার মধ্যে এইরূপ অসামঞ্জস্য ও অসঙ্গতি থাকায় কেহ এইগুলিকে সত্য বলিয়া স্বীকার করিতে পারে না। সেই সময় ঈসা (আঃ) না নবী ছিলেন, না তখন তিনি ইবাদত করিতেন বা যাকাত দিতেন, না তাঁহাকে তখন কিতাব দেওয়া হইয়াছিল। উপরন্তু এই অলৌকিক ব্যাপারের উল্লেখ ৩ঃ৪৭ আয়াতে রহিয়াছে এইভাবে যে, ঈসা (আঃ) দোলনায় লোকদিগের সহিত কথা বলিয়াছিলেন এবং পৌঢ় বয়সেও। কিন্তু প্রৌঢ় বয়সে মানুষের কথা বলা কোন অলৌকিক ব্যাপার নহে। ‘প্রৌঢ় বয়সে’ শব্দের সঙ্গে ‘দোলনা’ শব্দ যোগ করিয়া, কুরআন করীম পরোক্ষভাবে প্রকাশ করিতেছে যে, সাধারণ্যে প্রচলিত অর্থে ঈসা (আঃ)-এর মধ্য বয়সে এবং দোলনায় কথা বলা কোন অলৌকিক ঘটনা ছিল না; কিন্তু ইহা অলৌকিক ব্যাপার ছিল এই অর্থে যে, তিনি শৈশবে এবং প্রৌঢ়ত্বে ব্যতিক্রমী বা অসাধারণ আধ্যাত্মিক জ্ঞানগর্ভ ও বুদ্ধিমত্তার কথা বলিয়াছিলেন। সদৃশ দুই শব্দ সমষ্টির সংযোজনে এক ভবিষ্যদ্বাণী নিহিত ছিল যে, ঈসা ইবনে মরিয়ম (আঃ) যৌবনে মৃত্যুবরণ করিবেন না, বরং পরিপূর্ণ বৃদ্ধ বয়স প্রাপ্ত হইবেন। এই ভবিষ্যদ্বাণীই প্রকৃত অলৌকিকত্ব প্রকাশ করিয়াছিল। কিন্তু ‘মাহদা’ শব্দের অন্য অর্থ ‘প্রস্তুতিকাল’ যাহা এই শব্দের আর এক অর্থও বটে; যদি এই অর্থ লওয়া হয় তাহা হইলে ৩ঃ৪৭ আয়াতের মর্ম হইবে যে, ঈসা (আঃ) তাঁহার বয়স এবং অভিজ্ঞতার তুলনায় অনেক বেশী উন্নত বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক জ্ঞানপূর্ণ কথা বলিবেন।

وَالسَّلٰمُ عَلَیَّ یَوۡمَ وُلِدۡتُّ وَیَوۡمَ اَمُوۡتُ وَیَوۡمَ اُبۡعَثُ حَیًّا ﴿۳۴﴾

৩৪
এবং আমার উপর শান্তি— যেদিন আমি জন্ম গ্রহণ করিয়াছিলাম এবং যেদিন আমি মৃত্যু বরণ করিব এবং যেদিন আমাকে জীবিত করিয়া পুনরুত্থিত করা হইবে।’

ذٰلِکَ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ ۚ قَوۡلَ الۡحَقِّ الَّذِیۡ فِیۡہِ یَمۡتَرُوۡنَ ﴿۳۵﴾

৩৫
এই হইল মরিয়মের পুত্র ঈসা,১৭৬৭ ইহা সত্য বিবরণ, যাহার সম্বন্ধে তাহারা তর্ক-বিতর্ক করে।১৭৬৮
১৭৬৭। ঈসা (আঃ)-এর বৈশিষ্ট্যসূচক নাম ‘ইবনে মরিয়ম’। ইহার দ্বারা একদিকে পিতাবিহীন জন্মের ইঙ্গিত প্রতিভাত, অপরপক্ষে ইহা তাঁহাকে এমন এক নাম প্রদান করিয়াছে যাহা অন্য কাহারো নামের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করিতে অক্ষম। বাইবেল ঈসা (আঃ)-এর ‘ইবনে আদম’ অর্থাৎ ‘মনুষ্য পুত্র’ বিশেষণও ব্যবহার করিয়াছে, কিন্তু এই শেষোক্ত বিশেষণ বা গুণবাচক উক্তি অন্য লোকের জন্যও ব্যবহার করা হইয়াছে। ‘ইবনে মরিয়ম’ বা মরিয়মের পুত্র সরাসরি ঈসা (আঃ)-এর পার্থক্যসূচক এবং বর্ণনামূলক এক নাম।
১৭৬৮। ধর্মের ইতিহাসে মরিয়মের পুত্র ঈসা (আঃ)-এর মত সম্ভবতঃ অন্য দ্বিতীয় কোন ব্যক্তি নাই যাহার সম্পর্কে এত অধিক এবং সুদূরপ্রসারী মতভেদ বিদ্যমান। ইহুদী, খৃষ্টান এবং মুসলমান জাতি সকলেই ঈসা (আঃ)-এর জন্ম, তাঁহার মৃত্যুর প্রকার বা অবস্থা এবং তাঁহার জীবনের প্রধান ঘটনাসমূহ সম্পর্কে বিরাট মতপার্থক্য পোষণ করিয়া থাকেন।

مَا کَانَ لِلّٰہِ اَنۡ یَّتَّخِذَ مِنۡ وَّلَدٍ ۙ سُبۡحٰنَہٗ ؕ اِذَا قَضٰۤی اَمۡرًا فَاِنَّمَا یَقُوۡلُ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿ؕ۳۶﴾

৩৬
ইহা আল্লাহ্‌র মর্যাদার পরিপন্থী যে, তিনি নিজের জন্য কোন পুত্র গ্রহণ করেন,১৭৬৯ তিনি পবিত্র। যখন তিনি কোন বিষয়ে সিদ্ধান্ত করেন তখন তিনি উহাকে বলেন, ‘হও’,১৭৭০ অতঃপর উহা হইয়া যায়।
১৭৬৯। খৃষ্টানগণের বিশ্বাস ঈসা (আঃ) আল্লাহ্‌র পুত্র ছিলেন। তাহাদের এই বিশ্বাসের ভিত্তি হইল বাইবেল যাহাতে তাঁহাকে ‘খোদার পুত্র’ বলা হইয়াছে। কিন্তু বাইবেলে অন্যান্য লোককেও ‘খোদার পুত্র’ রূপে সম্বোধন করা হইয়াছে। সুতরাং এই বিষয়ে ঈসা (আঃ) কোন বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী নহেন। যদি অন্যান্য আদম সন্তানকে ‘খোদার পুত্র’ বলার পরও খোদার পুত্র না হইয়া থাকেন তাহা হইলে ঈসা (আঃ) কোন্‌ যুক্তি বলে খোদার পুত্র হইবেন? অন্যান্যদের সম্বন্ধে বাইবেলের লুক-২০ঃ৩৬, যিরমিয়-৩১ঃ৯, মথি-৬ঃ৯, যোহন-৮ঃ৪১ এবং ইফিষীয়- ৪ঃ৬ দ্রষ্টব্য। এমতাবস্থায় যাহাদিগকে একইভাবে সম্বোধন করা হইয়াছে তাহাদের মোকাবেলায় তিনি আর খোদার পুত্র থাকেন না।
১৭৭০। আরবী ভাষায় ‘কুন্’ কোন বস্তুকে উপলক্ষ্য করিয়া বলা ছাড়াও গভীর ইচ্ছা প্রকাশনার্থেও ব্যবহৃত হইয়া থাকে। এক অভিযানে রসূল করীম (সাঃ)-এর খুবই অনুগত এবং অত্যন্ত সাহসী সাহাবী হযরত খায়সামাহ্ (রাঃ) অনুপস্থিত ছিলেন। আঁ-হযরত (সাঃ) তাঁহার অনুপস্থিতি গভীরভাবে উপলদ্ধি করিতেছিলেন। যুদ্ধের মধ্যে ব্যাপৃত থাকা অবস্থায় তিনি অনেক দূরে দেখিতে পাইলেন যে, একজন অশ্বারোহী ব্যক্তি তাঁহার দিকে অত্যন্ত দ্রুত গতিতে আসিতেছে। আঁ-হযরত (সাঃ) চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, ‘কুন্‌ আবা খায়সামাহ্’ অর্থাৎ ‘খোদাকরুন তুমি আবু খায়সামাহ্ হও’। অতএব ‘কুন্‌’ শব্দের মর্ম হইবে যে, আল্লাহ্‌তা’লা যখন চাহেন কোন জিনিস হউক, উহা হইয়া যায়; অথবা আল্লাহ্ যখন এইরূপ ইচ্ছা প্রকাশ করেন, ইহা সেইরূপ ধারণ করে। শব্দটি এই মতের সমর্থন করে না যে, আত্মা এবং বস্তু আদিযুগীয় বা আল্লাহ্‌তা’লার সহিত সমভাবে চিরস্থায়ী।

وَاِنَّ اللّٰہَ رَبِّیۡ وَرَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۳۷﴾

৩৭
(ঈসা বলিল) ‘নিশ্চয় আল্লাহ্ আমারও প্রভু এবং তোমাদেরও প্রভু, সুতরাং কেবল তাঁহারই ইবাদত কর, ইহাই সরল-সুদৃঢ় পথ।’

فَاخۡتَلَفَ الۡاَحۡزَابُ مِنۡۢ بَیۡنِہِمۡ ۚ فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ مَّشۡہَدِ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۳۸﴾

৩৮
কিন্তু বিভিন্ন দল তাহাদের পরস্পরের মধ্যে মতানৈক্য করিল; সুতরাং দুর্ভোগ তাহাদের যাহারা এক গুরুতর দিবসে হাযির হওয়ার বিষয়কে অস্বীকার করে।

اَسۡمِعۡ بِہِمۡ وَاَبۡصِرۡ ۙ یَوۡمَ یَاۡتُوۡنَنَا لٰکِنِ الظّٰلِمُوۡنَ الۡیَوۡمَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۳۹﴾

৩৯
সেদিন তাহারা আমাদের সম্মুখে হাযির হইবে, লক্ষ্য কর, সেদিন তাহাদের শ্রবণ-শক্তি এবং দৃষ্টি-শক্তি কত প্রখর হইবে!১৭৭১ কিন্তু যালেমগণ আজ প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে পড়িয়া আছে।
১৭৭১। এই আয়াতের মর্ম এই বুঝায় যে, শেষবিচারের দিনে অবিশ্বাসীদিগের দৃষ্টি-শক্তি এবং শ্রবণ-শক্তি অত্যধিক তীক্ষ ও প্রখর হইবে। কারণ সেইদিন তাহাদের চোখের এবং কানের আবরণ তুলিয়া নেওয়া হইবে এবং তাহারা বুঝিতে পারিবে যে, তাহারা ভুলের মধ্যে ছিল, কিন্তু এই উপলব্ধি অতি বিলম্বে হওয়ার কারণে তাহাদের কোন উপকারে আসিবে না।

وَاَنۡذِرۡہُمۡ یَوۡمَ الۡحَسۡرَۃِ اِذۡ قُضِیَ الۡاَمۡرُ ۘ وَہُمۡ فِیۡ غَفۡلَۃٍ وَّہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۴۰﴾

৪০
এবং তুমি তাহাদিগকে বিষাদের দিন সম্বন্ধে সতর্ক কর, যখন সকল বিষয়ের ফয়সালা করিয়া দেওয়া হইবে, কিন্তু (এখন) এই সকল লোক ঔদাসীন্যে পড়িয়া আছে, তাই তাহারা ঈমান আনে না।