১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

قَالَتۡ اَنّٰی یَکُوۡنُ لِیۡ غُلٰمٌ وَّلَمۡ یَمۡسَسۡنِیۡ بَشَرٌ وَّلَمۡ اَکُ بَغِیًّا ﴿۲۱﴾

২১
সে বলিল, ‘আমার পুত্র সন্তান কিরূপে হইবে, যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই এবং আমি ব্যভিচারিণীও নহি?’১৭৫২
১৭৫২। বর্তমান ও পূর্ববর্তী আয়াতসমূহে বর্ণিত ঘটনা কাশ্‌ফের মধ্যে ঘটিয়াছিল। কাশ্‌ফের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি অবস্থা অনুযায়ী বিভিন্ন প্রকার অনুভূতির অভিজ্ঞতা লাভ করিয়া থাকে। স্বপ্নের মধ্যে তাহার অনুভূতি এবং কথা কখনো স্বপ্নেরই প্রভাব এবং উহার ফলাফল বহন করে, আবার কখনো এইরূপ করে না এবং সে স্বপ্নের ঘটনাকে বাস্তব মনে করে এবং অনুভব করে যেমন সে জাগ্রত অবস্থায় করে। দৃষ্টান্তস্বরূপ স্বপ্নে কোন লোক যদি তাহার পুত্রের মৃত্যুতে খুশী হয়, তাহার এই অনুভূতি স্বপ্নেরই আরোপিত প্রভাব-বলয় বুঝিতে হইবে, কারণ কোন সুস্থ প্রকৃতির মানুষ জাগ্রত অবস্থায় তাহার পুত্রের মৃত্যুতে আনন্দিত হইতে পারে না। অনুরূপভাবে কাশ্‌ফে ফিরিশ্‌তাকে দেখিয়া মরিয়ম যে কথাগুলি বলিয়াছিলেন উহা স্বপ্নের প্রভাবাধীন হইয়া বলিয়াছিলেন; কেননা তাঁহাকে যখন শুভ সংবাদ দেওয়া হইয়াছিল তখন তিনি আনন্দদায়ক বিস্ময়াবিষ্ট হইয়া ভাবিলেন, খোদা কি এক পুত্র দান করিয়া এরূপ অলৌকিক ব্যাপার ঘটাইবেন? কিন্তু যদি এই কথাগুলি তাঁহার স্বাভাবিক এবং বাস্তব অবস্থার উক্তি হইত তাহা হইলে পুত্র জন্মের এই সুসংবাদ শুনিয়া তিনি সম্পূর্ণরূপে হত-বুদ্ধি এবং আতঙ্কগ্রস্ত হইয়া পড়িতেন এই চিন্তায় যে, তাঁহার মত এক কুমারীর এক পুত্র জন্ম হইবে ! মোট কথা প্রথমোক্ত অবস্থায় অর্থাৎ কাশ্‌ফের অবস্থায় আল্লাহ্‌তা’লা হযরত মরিয়মকে পুত্র সন্তান দান পূর্বক যে মহান অনুগ্রহে ভূষিত করিতে যাইতেছিলেন উহাতে তাঁহার আনন্দ ও হর্ষবোধক বিস্ময় প্রকাশ পায়, যাহা কাশ্‌ফে ঘটিয়াছিল; কিন্তু শেষোক্ত অবস্থায় তাঁহার উক্তি মনের আতঙ্কজনক পরিস্থিতিতে নিজেকে নিঃসঙ্গবোধ করার ভাব প্রকাশ করে, যাহা আসলে ঘটে নাই। কিন্তু পক্ষান্তরে কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কথাগুলি দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত মরিয়ম বুঝিয়াছিলেন যে, উক্ত সংবাদটির মর্ম ছিল যে, বিবাহ বন্ধন ছাড়াই তিনি এক সন্তান লাভ করিবেন, বৈবাহিক সূত্রে কোন পুরুষ মানুষকে না জানার অস্বীকৃতির মধ্যে কোন যৌক্তিকতা ছিল না। ‘আমি ব্যাভিচারিণীও নহি’ এই কথাগুলি বৈধ দাম্পত্যের বহির্ভূত কোন মানুষকে জানার সম্পর্কে অস্বীকার বুঝাইতেছে। ফিরিশ্‌তার কথায় তাঁহার প্রতিউত্তরে দেখা যায় যে, মরিয়ামের মনে ভাবান্তর দেখা দিয়াছিল যে, পূর্বাহ্নেই চির কৌমার্যের শপথ তাহার সন্তান হওয়ার পথে প্রতিবন্ধক হইয়া রহিয়াছিল। কুরআনের কোন কোন তফসীরকারকের ধারণা অনুযায়ী পূর্ববর্তী আয়াতের ভবিষ্যদ্বাণীতে এক পুত্রের জন্ম কোন এক ভবিষ্যৎ সময়ে তাঁহার দাম্পত্য সম্পর্কের ফল স্বরূপ হইবে বলিয়া তিনি ভাবিয়াছিলেন। যদি তাহাই হয় তাহা হইলে মরিয়মের পক্ষে সেই সময়ে বিস্ময় প্রকাশ করার কোন কারণ ছিল না।

قَالَ کَذٰلِکِ ۚ قَالَ رَبُّکِ ہُوَ عَلَیَّ ہَیِّنٌ ۚ وَلِنَجۡعَلَہٗۤ اٰیَۃً لِّلنَّاسِ وَرَحۡمَۃً مِّنَّا ۚ وَکَانَ اَمۡرًا مَّقۡضِیًّا ﴿۲۲﴾

২২
সে (ফিরিশ্‌তা) বলিল, ‘এই রূপেই হইবে।’ তোমার প্রভু বলিয়াছেন, ‘ইহা আমার জন্য সহজ; এবং (ইহা এই জন্য করিব) যে আমরা তাহাকে আমাদের তরফ হইতে মানুষের জন্য এক নিদর্শন১৭৫৩ এবং রহমতের কারণ করি; এবং ইহাই তক্‌দীরে নির্ধারিত হইয়া আছে।’১৭৫৪
১৭৫৩। ‘এবং (ইহা এই জন্য করিব) যেন আমরা তাহাকে আমাদের তরফ হইতে মানুষের জন্য এক নিদর্শন এবং রহমতের কারণ করি’—এই আয়াতে ঈসা (আঃ)-এর পিতাবিহীন জন্ম হওয়ার ভবিষ্যদ্বাণী নিহিত রহিয়াছে যাহা ইসরাঈলীদিগের জন্য অবশ্যই এক বিরাট নিদর্শন ছিল। ইহা অঙ্গুলী নির্দেশ করিয়াছিল যে, ইসরাঈলী ঘর হইতে ইসমাঈলী বংশে নবুওয়াত স্থানান্তরিত হওয়া আসন্ন এবং ইহুদীদিগের জন্য এই সর্তক সংকেত স্থাপন করিয়াছিল যে, তাহারা আত্মিকভাবে এতই কলুষিত এবং নৈতিকতায় এতই অধঃপতিত হইয়া গিয়াছিল যে, তাহাদের কোন পুরুষ আল্লাহ্‌তা’লার নবীর পিতা হওয়ার জন্য যোগ্য ছিল না। ইহা এই অর্থেই যে, কুরআনে হযরত ঈসা (আঃ)-কে ‘নির্ধারিত সময়ের জন্য একটা নিদর্শন’ বলা হইয়াছে (৪৩ঃ৬২) অর্থাৎ সেই সময়ের নিদর্শন যখন নবুওয়াত ইসরাঈলী বংশ হইতে ইসমাঈলী বংশে বদলী হইয়া যাওয়ার সময় ছিল।
১৭৫৪। ‘এবং ইহাই তকদীরে নির্ধারিত হইয়া আছে’ উক্তির মর্ম এই যে, পিতা ছাড়াই হযরত মরিয়মের এক পুত্র জন্ম গ্রহণ করিবে এবং এই ঐশী ফয়সালা অপরিবর্তনীয়৷। আল্লাহ্‌তা’লার অপরিবর্তনীয় সিদ্ধান্ত প্রকাশার্থে কুরআন করীমে ‘ক্বাযা ও ক্বদর’ এই দুইটি শব্দের ব্যবহার হইয়াছে । প্রথমোক্ত শব্দে ভাগ্য নির্ধারণ এবং শেষোক্ত শব্দ দ্বারা নিয়তির পরিকল্পনা করা অর্থ বোঝায় । যখন কোন কর্ম পরিকল্পনা বা পদ্ধতি কার্যকর করার জন্য গ্রহণ করা হয় তখন ইহাকে ‘ক্বাযা’ বলা হয় এবং যখন উহার সম্বন্ধে আল্লাহ্‌তা’লার ফয়সালা চূড়ান্ত হইয়া যায় যে, উহা কার্যে পরিণত করা হউক তখন ইহাকে ‘ক্বদর’ বলা হয় । ঈসা (আঃ)-এর জন্ম পিতা ছাড়া হওয়া আল্লাহ্‌র ফয়সালা ছিল। যেমন পুরাতন নিয়মে বলা হইয়াছেঃ ‘দেখ এক কন্যা (বা এক কুমারী) গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল (আমাদের সহিত ঈশ্বর) রাখিবে’ (যিশাইয়-৭ঃ১৪)।

فَحَمَلَتۡہُ فَانۡتَبَذَتۡ بِہٖ مَکَانًا قَصِیًّا ﴿۲۳﴾

২৩
অতএব সে তাহাকে গর্ভে ধারণ করিল১৭৫৫ এবং তাহাকে লইয়া এক দূরবর্তী স্থানে নিরালায় চলিয়া গেল।১৭৫৬
১৭৫৫। স্বামী সংসর্গ ব্যতিরেকে হযরত মরিয়ম কিরূপে গর্ভধারণ করিয়াছিলেন তাহা আল্লাহ্‌তা’লার সেই সকল গোপন রহস্যের অন্যতম যাহা এখন পর্যন্ত মানব-বুদ্ধির দ্বারা নির্ধারণ করার বাহিরে। এখনও পর্যন্ত সাধারণ প্রাকৃতিক বিধান সম্বন্ধে আমরা যতদূর জানিতে পারিয়াছি ইহা উহার অনেক উর্ধ্বে । কিন্তু মানুষের সর্বোচ্চ জ্ঞানও অত্যন্ত সীমিত। মানুষ সকল প্রকার ঐশী গুপ্ত তথ্য উপলব্ধি করিতে সক্ষম হয় নাই। প্রকৃতির মধ্যে এমন রহস্য বিদ্যমান যাহা মানুষ এখনও উদ্‌ঘাটন করিতে সক্ষম হয় নাই; সম্ভবতঃ সে কখনও উহাতে সক্ষম হইবে না। সেই সবের মধ্যে পিতা ছাড়া ঈসা (আঃ)-এর জন্ম একটি ধরিয়া নেওয়া যায়। আল্লাহ্‌তা’লার পদ্ধতি দুর্জ্ঞেয় ও দুর্বোধ্য এবং তাঁহার শক্তি অসীম। কেবল ‘কুন’ (হও) শব্দ উচ্চারণে যেই খোদা এই বিশ্ব সৃষ্টি করিতে পারিয়াছিলেন, নিশ্চয়ই তিনি জড় পদার্থে এরূপ পরিবর্তন আনয়ন করিতে পারেন যাহা বাহ্যদৃষ্টিতে ব্যাখ্যা-বিশ্লেষণ দ্বারা সমাধান করা অসম্ভব। অধিকন্তু, চিকিৎসা-বিজ্ঞান, জীব-বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হইতে প্রকৃতির বিশেষ অবস্থাধীনে যৌন-সংসর্গ ব্যতীত সন্তান জন্ম বা পুরুষের স্পর্শ ব্যতিরেকে নারীর সন্তান উৎপাদনের সম্ভাব্যতা নাকচ করা যায় না। চিকিৎসাবিদগণ নারীর শ্রোণীতে বা নিম্নাঙ্গের ভিতর সময় সময়ে প্রাপ্ত ‘আরেনো ব্লাসটোমা’ নামীয় এক বিশেষ প্রকার টিউমারের কারণে এই সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। এই সব টিউমার পুরুষ শুক্রাণু বা পুং-জননকোষ উৎপাদন করিতে সক্ষম। যদি এই ‘আরেনো ব্লাসটোমা’ দ্বারা কোন নারী দেহে স্বক্রিয় বা জীবিত পুং-জনন-কোষ সৃষ্টি হয় তাহা হইলে সেই নারী কুমারী হইলেও তাহার গর্ভধারণ করার সম্ভাব্যতা অস্বীকার করা যায় না; অর্থাৎ তাহার নিজ দেহ এইরূপভাবে ক্রিয়াশীল হইবে যেন কোন পুরুষের দেহ হইতে শুক্রাণু সাধারণ প্রক্রিয়া দ্বারা অথবা কোন চিকিৎসা বিজ্ঞানীর সাহায্যে তাহার দেহে স্থানান্তরিত হইয়া থাকে। সাম্প্রতিককালে ইউরোপের এক দল স্ত্রী-রোগ বিশারদ সন্তান প্রসবের দৃষ্টান্ত প্রমাণ করিতে এমন সব ঘটনা প্রকাশ করিয়াছেন যেখানে প্রসূতি মাতার কোন সম্পর্ক বা সংযোগ কোন পুরুষের সঙ্গেই ছিল না (Lancet)। ঈসা (আঃ)-এর জন্ম পিতার সংযোগ ব্যতিরেকে হওয়ার ব্যাপারটা বোধ হয় সম্পূর্ণভাবে একমাত্র ও অদ্বিতীয় ঘটনা নহে । পিতা ছাড়া শিশুর জন্মের বহু ঘটনার প্রমাণ রহিয়াছে (এনসাইক ব্রিট এর ‘ভারজিন বার্থ’ অধ্যায় এবং এ্যানোমোলিস এণ্ড কিউরিওসিটিস অব মেডিসিন, ডব্লিউ বি সাউনভারস কোং, লণ্ডন কর্তৃক প্রকাশিত)। যদি আমরা এই সমস্ত সম্ভাবনাকে বাদ দেই এবং অগ্রাহ্য করি তাহা হইলে হযরত ঈসা (আঃ)-এর জন্ম, নাউযুবিল্লাহ্ অবৈধ বিবেচিত হইবে। খৃষ্টান এবং ইহুদী উভয়ে এক মত যে, ঈসা (আঃ)-এর জন্ম সাধারণ অবস্থার ব্যতিক্রম— খৃষ্টানদিগের মতে ইহা অলৌকিক বা অতিপ্রাকৃত এবং ইহুদীগণের মতে ইহা অবৈধ ছিল (যিউ এনসাইক)।এমন কি পারিবারিক কুষ্ঠি-নামাতেও ঈসা (আঃ)-এর জন্ম এইরূপেই লিপিবদ্ধ রহিয়াছে (তালমুদ)। কেবল মাত্র এই বাস্তব ঘটনাটাই গ্রহণযোগ্য প্রমাণ প্রতিষ্ঠিত করে যে, ঈসা (আঃ)-এর জন্ম অসাধারণ ছিল। বাইবেলের নূতন নিয়মানুযায়ী মরিয়মের স্বামী যোসেফ ঈসা (আঃ)-এর জন্মের পর পর্যন্ত তাঁহার সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করে নাই (মথি-১ঃ২৫)। অতএব, ‘সে তাহাকে গর্ভে ধারণ করিল’ বাক্যাংশ কোন পুরুষের সংসর্গ ছাড়া হযরত মরিয়মের অসাধারণভাবে গর্ভবতী হওয়ার প্রতি ইংগিত করিতেছে।
১৭৫৬। ‘এক দূরবর্তী স্থান’ বুঝাইতে নাযারেথ হইতে প্রায় সত্তর মাইল দক্ষিণে বৈথলেহেমের প্রতি ইশারা করিতেছে। ঈসা (আঃ)-এর জন্মের কিছুকাল পূর্বে যোসেফ মরিয়মকে বৈথলেহেম শহরে নিয়া গিয়াছিলেন যেখানে হযরত ঈসা (আঃ) ভূমিষ্ঠ হইয়াছিলেন।

فَاَجَآءَہَا الۡمَخَاضُ اِلٰی جِذۡعِ النَّخۡلَۃِ ۚ قَالَتۡ یٰلَیۡتَنِیۡ مِتُّ قَبۡلَ ہٰذَا وَکُنۡتُ نَسۡیًا مَّنۡسِیًّا ﴿۲۴﴾

২৪
অতঃপর, যখন তাহার প্রসব বেদনা তাহাকে এক খর্জুর-বৃক্ষের১৭৫৭ কাণ্ডের দিকে যাইতে বাধ্য করিল তখন সে বলিল, ‘হায়, ইহার পূর্বেই যদি আমি মরিয়া যাইতাম এবং আমি সম্পূর্ণ বিস্মৃত হইয়া যাইতাম!’
১৭৫৭। বাইবেলের নূতন নিয়মে দেখা যায়, বৈথলেহেমে যে সরাইখানায় ঈসা (আঃ) ভূমিষ্ঠ হইয়াছিলেন সেখানে কোন প্রকোষ্ঠ ছিল না। যোসেফ এবং মরিয়ম বাধ্য হইয়াই খোলা মাঠে অবস্থান করিয়াছিলেন এবং মরিয়ম বিশ্রামের উদ্দেশ্যে খেজুর গাছের কাণ্ডের নিকটে ছায়ার নীচে গেলেন, সম্ভবতঃ প্রসব বেদনায় কিছু অবলম্বন গ্রহণের জন্যও।

فَنَادٰٮہَا مِنۡ تَحۡتِہَاۤ اَلَّا تَحۡزَنِیۡ قَدۡ جَعَلَ رَبُّکِ تَحۡتَکِ سَرِیًّا ﴿۲۵﴾

২৫
তখন সে (ফিরিশ্‌তা) তাহাকে তাহার নীচের দিক১৭৫৮ হইতে ডাক দিয়া বলিল, ‘তুমি দুঃখিত হইও না, নিশ্চয় তোমার প্রভু তোমার নিম্নদেশ দিয়া এক ঝর্ণা প্রবাহিত করিয়াছেন।
১৭৫৮। ‘তাহ্‌ত’ শব্দের অর্থ পাহাড়ের ঢালু স্থান এবং উতরাইও বুঝায় (লেইন)। এই আয়াতের মর্ম এরূপ হয় যে, পাহাড়ের ঢালু দিক হইতে মরিয়মের নিকট আওয়াজ আসিয়াছিল। প্রকৃতপক্ষে বৈথলেহেম শহর সমূদ্রতল হইতে ২৩৫০ ফুট উচ্চে পর্বতের উপর অবস্থিত এবং খুবই উর্বর উপত্যকা দ্বারা পরিবেষ্টিত। এই পাহাড়ে ঝর্ণাসমূহ রহিয়াছে, উহাদের মধ্যে একটি ‘সুলায়মানের ঝর্ণা’ নামে পরিচিত। অন্য একটি ঝর্ণা শহরের দক্ষিণ পূর্বদিকে ৮০০ গজ দূরে অবস্থিত। এই সকল ঝর্ণা হইতেই বৈথলেহেম শহরে পানি সরবরাহ হইয়া থাকে।

وَہُزِّیۡۤ اِلَیۡکِ بِجِذۡعِ النَّخۡلَۃِ تُسٰقِطۡ عَلَیۡکِ رُطَبًا جَنِیًّا ﴿۫۲۶﴾

২৬
এবং খর্জুর-বৃক্ষের কাণ্ড ধরিয়া তুমি নিজের দিকে নাড়া দাও, তোমার উপর উহা সদ্য পাকা খর্জুর নিক্ষেপ করিবে;১৭৫৯
১৭৫৯। এই আয়াত অনুযায়ী হযরত ঈসা (আঃ)-এর জন্ম এমন এক সময়ে হইয়াছিল যখন জুদাইয়াতে বৃক্ষে তাজা পাকা খেজুর ছিল। ইহা দ্বারা স্পষ্টতঃই প্রমাণ হয় যে, ইহা আগষ্ট-সেপ্টেম্বরের মাস ছিল যাহা সেখানকার খেজুরের মৌসুম। কিন্তু খৃষ্টানদিগের প্রচলিত ধারণা মতে ঈসা (আঃ)-এর জন্ম ২৫শে ডিসেম্বর। এই দিনটি খৃষ্টান জগতের সর্বত্র মহাসমারোহে প্রতি বৎসর ‘বড়দিন’ হিসাবে পালিত হইয়া থাকে। খৃষ্টানদের এই বিশ্বাসকে কেবল কুরআন একাই ভুল প্রতিপন্ন করে নাই, বরং ইতিহাস এমনকি বাইবেলের নূতন নিয়মও এই দিনটি সম্বন্ধে এক মত নহে। ঈসা (আঃ)-এর জন্মের সময় সম্বন্ধে লুক লিখিয়াছেন, ‘ঐ অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থান করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল’ (লুক-২ঃ৭-৮)। লুকের এই বক্তব্যের সমালোচনায় বিশপ বার্ণস তাঁহার রচিত প্রসিদ্ধ গ্রন্থ ‘দি রাইজ অব ক্রিষ্টিয়ানটি’-এর ৭৯ পৃষ্ঠায় লিখিয়াছেন, “তদুপরি যীশুর প্রকৃত এবং সঠিক জন্ম তারিখ যে ২৫শে ডিসেম্বর ছিল এই বিশ্বাসের কোন নির্ভরযোগ্য প্রমাণিত দলীল নাই। বৈথলেহেমের নিকট খোলা মাঠে মেষপালক রাখালদের রাত্রিকালে পাহারারত অবস্থা সম্বন্ধে লুকের বর্ণিত জন্ম-কাহিনী যদি আমরা বিশ্বাস করি, তাহা হইলে যীশুর জন্ম শীতের মওসুমে হয় না, যখন জুদাইয়ার পাহাড়ী এলাকায় রাত্রের তাপমাত্রা এত নীচে নামিয়া যায় যে, তুষারপাতই স্বাভাবিক। অনেক যুক্তি-তর্কের পরে আমাদের বড়দিন অর্থাৎ ক্রিসমাস বা খৃষ্টের জন্মদিন প্রায় ৩০০ খৃষ্টাব্দে হইতে গৃহীত হইয়াছে বলিয়া মনে হয়।” বিশপ বার্ণসের এই অভিমত এনসাইক্লোপেডিয়া বৃটানিকা এবং চেম্বার্স এনসাইক্লোপেডিয়া ‘ক্রিসমাস’ অধ্যায় কর্তৃক সমর্থিতঃ “খৃস্টের জন্মের সঠিক দিন তারিখ কখনই সন্তোষজনকভাবে স্থিরীকৃত হয় নাই; কিন্তু গীর্জার পুরোহিতগণ ৩৪০ খৃঃ অঃ যখন এই ঘটনার স্মৃতি-তর্পণ উদ্‌যাপনের দিন স্থির করিল, তখন তাহারা অতি বিজ্ঞজনোচিতভাবে মকরক্রান্তিতে সূর্যের অবস্থান দিবসকে নির্ধারণ করিয়াছিল, যে দিনটি তাহাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দোৎসবের দিন হিসাবে জনসাধারণের মনে পূর্বাহ্নেই গভীরভাবে রেখাপাত করিয়াছিল। মানব প্রণীত পঞ্জিকায় পরিবর্তনের কারণে নিরক্ষ রেখা হইতে সূর্যের দূরতম স্থানে অবস্থানকাল এবং ক্রিসমাস দিবসের মধ্যে অল্প কয়েক দিনের পার্থক্য হয়” (এনসাইক ব্রিট, ১৫শ সংস্করণ, ৫ম খণ্ড-৬৪২ এবং ৬৪২-ক পৃষ্ঠা)।...... “দ্বিতীয়স্থানে মকরক্রান্তি সূর্যের জন্ম-দিবস হিসাবে পরিগণিত হইয়াছিল এবং রোমে ২৫শে ডিসেম্বরে সূর্য-দেবের জন্মতিথি উপলক্ষে পৌত্তলিক উৎসব পালিত হইত। খৃষ্টান যাজক সম্প্রদায় এই জনপ্রিয় প্রচলিত আনন্দ-উৎসবকে বন্ধ করিতে ব্যর্থ হইয়া ইহাকে আধ্যাত্মিকতার নামে ন্যায়পরায়ণ সূর্যে-দেবের উৎসব হিসাবে পালন করিতে শুরু করিল” (চাচ্চ, এনসাইক)। এনসাইক্লোপেডিয়ার এই বর্ণনাসমূহ পিক (Peake) প্রণীত ‘কমেন্টারী অব দি বাইবেল’ দ্বারা আরও সমর্থিত হইয়াছে। তাহার এই গ্রন্থের ৭২৭ পৃষ্ঠায় পিক বলেনঃ “(যীশুর জন্মের) মৌসুম ডিসেম্বর নহে; আমাদের বড় দিন (Christmas day) তুলনামূলকভাবে পাশ্চাত্যে পরবর্তীতে প্রচলিত সংস্করণ।” সাম্প্রতিককালে খৃষ্টান ধর্ম-মতের উৎপত্তি সম্বন্ধে ঐতিহাসিক গবেষণা সন্দেহাতীত রূপে প্রমাণ করিয়াছে যে, ঈসা (আঃ) ডিসেম্বর মাসে জন্ম গ্রহণ করেন নাই। ডঃ জন ডি, ডেভিস (Dr. John D. Davis) তাঁহার রচিত ডিক্‌শনারী অব দি বাইবেল (Dictionary of the Bible) পুস্তকে ‘বৎসর’ (Year) শব্দের ব্যাখ্যায় লিখিয়াছেন যে, ইহুদীদের ইলুল (Elul) মাসে খেজুর পাকে এবং ‘পীকের কমেন্টারী অন দি বাইবেল’-এর ১৭৭ পৃষ্ঠায় আমরা দেখিতে পাই যে, ইলুল মাস আগষ্ট-সেপ্টেম্বর মাসের অনুরূপ বা সমসাময়িক । ডঃ পীক আরও বলেন, ‘জে স্টুয়ার্ট স্ব-প্রণীত তাঁহার ‘হোয়েন ডিড আওয়ার লর্ড অ্যাকচুয়্যালী লিভ” (When did our lord actually live?) পুস্তকে, এংগোরা মন্দিরে রক্ষিত শীলালিপি এবং প্রাচীন চীনের সাহিত্য হইতে উদ্ধৃতি দিয়া খৃষ্টের জীবন কাহিনী সুদূর চীনে ২৫-২৮ খৃঃ অঃ সময়ে প্রাপ্ত বর্ণনার দ্বারা যুক্তির মাধ্যমে যীশুর জন্ম খৃষ্ট-পূর্ব ৮ সনে (সেপ্টেম্বর বা অক্টোবর) বলিয়া নির্ধারণ করিয়াছেন এবং ২৪ খৃষ্টাব্দের বুধবারে ক্রুশবিদ্ধ হওয়ার কথা সাব্যস্ত করিয়াছেন।’ দুইটি এনসাইক্লোপেডিয়ার উপরোক্ত বর্ণনা ‘কমেন্টারী অব দি বাইবেল’-এর উদ্ধৃতি দ্বারা সমর্থিত হইয়া এই ঘটনা সুস্পষ্ট হইয়া উঠে যে, ঈসা (আঃ) ইহুদীদের ইলুল মাসে জন্ম গ্রহণ করিয়াছিলেন। ইলুল ইংরাজী মাস আগষ্ট-সেপ্টেম্বরের অনুরূপ বা ঐক্যযুক্ত, যে সময় জুদাইয়াতে খেজুর পাকার মওসুম এবং ২৫শে ডিসেম্বরে নহে যেভাবে খৃষ্টান গীর্জাগুলি আমাদিগকে বিশ্বাস করাইতে চাহে। পবিত্র কুরআনও এই মতই ব্যক্ত করে। প্রকৃত ঘটনাটি হইল, ঈসা (আঃ)-এর জন্ম তারিখ নির্ধারণের সমস্ত গোলমাল সৃষ্টির কারণ মনে হয় হযরত মরিয়মের গর্ভধারণের তারিখ সম্পর্কে বিভ্রান্তি। নভেম্বর অথবা ডিসেম্বর মাসে মরিয়ম গর্ভধারণ করিয়াছিলেন বলিয়া প্রতিভাত হয়, চার্চ্চের ইতিহাসবিদগণের বিশ্বাস মতে মার্চ বা এপ্রিল মাসে নহে। চার-পাঁচ মাস গর্ভধারণের পর গর্ভাবস্থাকে দৃষ্টিগোচর হইতে আড়ালে রাখা যখন আর সম্ভব ছিল না তখন মরিয়মকে নিয়া পরবর্তী বৎসর মার্চ অথবাএপ্রিল মাসে যোসেফের বাড়ীতে চলিয়া যাওয়ার জন্য যোসেফকে বুঝাইয়া রাজি করান হইল। এইভাবেই খৃষ্টান ঐতিহাসিকগণ মার্চ বা এপ্রিল মাসকে— যখন মরিয়মকে যোসেফের বাড়ীতে নেওয়া হইয়াছিল— তাঁহার গর্ভধারণের মাস বলিয়া ভুল করিয়াছিল যাহা চার-পাঁচ মাস পূর্বেই ঘটিয়াছিল। তফসীরাধীন আয়াত হইতে ইহা দেখা যায় যে, মরিয়ম পর্বত গোত্রের উপরিভাগে কোন ছাউনি বা আবরণের মধ্যে আশ্রয় নিয়াছিল এবং পাহাড়ের ঢালুতে খেজুর বৃক্ষ দণ্ডায়মান ছিল এবং এই জন্যই মরিয়ম সহজেই সেই বৃক্ষের নিকট পৌঁছিয়া উহাতে নাড়া দিতে পারিয়াছিলেন। বৈথলেহেম অঞ্চল যে খেজুর বৃক্ষ দ্বারা পরিপূর্ণ ছিল উহা বাইবেল হইতে সুস্পষ্ট (বিচারক-১ঃ১৬) এবং ডঃ জন ডি, ডেভিস, ডি, ডি প্রণীত ‘এ ডিক্‌শনারী অব দি বাইবেল’ হইতেও স্পষ্ট। এতদ্ব্যতীত পূর্ববর্তী আয়াতে যেমন উল্লেখ করা হইয়াছে যে, মরিয়ম নিকটবর্তী ঝর্ণাটিতে গিয়া পানি পান করিতে এবং নিজেকে ধৌত করিতে নির্দেশিত হওয়ার ঘটনাই অঙ্গুলী নির্দেশ করিতেছে যে, হযরত ঈসা (আঃ) আগষ্ট-সেপ্টেম্বরে ভূমিষ্ট হইয়াছিলেন, কারণ জুদাইয়ার বরফ গলানো আবহাওয়াতে মরিয়মের পক্ষে খোলা বাতাসে গোসল করা বা নিজেকে ধৌত করা সম্ভব ছিল না। (দি লারজার এডিশন অব দি কমেন্টারী, ১৫৭৩-১৫৭৬ পৃঃ দ্রষ্টব্য)।

فَکُلِیۡ وَاشۡرَبِیۡ وَقَرِّیۡ عَیۡنًا ۚ فَاِمَّا تَرَیِنَّ مِنَ الۡبَشَرِ اَحَدًا ۙ فَقُوۡلِیۡۤ اِنِّیۡ نَذَرۡتُ لِلرَّحۡمٰنِ صَوۡمًا فَلَنۡ اُکَلِّمَ الۡیَوۡمَ اِنۡسِیًّا ﴿ۚ۲۷﴾

২৭
সুতরাং তুমি খাও এবং পান কর এবং চক্ষুকে স্নিগ্ধ কর। এবং যদি তুমি কোন মানুষকে দেখ, তখন (তাহাকে) বল, ‘আমি রহমানের উদ্দেশ্যে রোযা মানত করিয়াছি; সুতরাং আজ আমি কোন মানুষের সহিত কোনক্রমেই কথা বলিব না।’১৭৬০
১৭৬০। অযথা কথা বলা হইতে বিরত থাকার আদেশের অর্থ ছিল এক দিকে তাঁহার দৈহিক শক্তি অক্ষুন্ন রাখা, অপরপক্ষে বেশী সময় আল্লাহ্‌তা’লার স্মরণে নিজেকে একান্তভাবে নিয়োজিত রাখার সুযোগ দেওয়া।

فَاَتَتۡ بِہٖ قَوۡمَہَا تَحۡمِلُہٗ ؕ قَالُوۡا یٰمَرۡیَمُ لَقَدۡ جِئۡتِ شَیۡئًا فَرِیًّا ﴿۲۸﴾

২৮
অতঃপর সে তাহাকে আরোহণ করাইয়া নিজ১৭৬১ জাতির নিকট আসিল; তাহারা বলিল, ‘হে মরিয়ম! তুমি নিশ্চয় অত্যন্ত জঘন্য কাজ করিয়াছ!১৭৬২
১৭৬১। এই অর্থের জন্য দেখুন ৯ঃ৯২। বাইবেলের নূতন নিয়মে দেখা যায় যে, বৈথলেহেমে ঈসা (আঃ)-এর জন্মের পর ঐশী নির্দেশে যোসেফ তাঁহাকে এবং মরিয়মকে নিয়া মিশরে গেলেন এবং সেখানে তাঁহারা কয়েক বৎসর কাটাইলেন এবং বাদশা হিরোদের মৃত্যুর পর তাঁহারা নেযারথে ফিরিয়া গেলেন এবং সেখানেই বসবাস করিতেছিলেন (মথি-২ঃ১৩-২৩)। এই ব্যাপারে বাইবেলে উল্লেখিত এক ভবিষ্যদ্বাণীও ছিল যে, ঈসা (আঃ) এক গাধায় চড়িয়া তাঁহার মায়ের সঙ্গে স্বজাতির নিকট আসিবেন (মথি-২১ঃ৪-৭)। ঈসা (আঃ) এবং মরিয়ম বাস্তবেই গাধার উপর যেরুজালেমে প্রবেশ করিয়াছিলেন। ‘তাহমিলুহু’ উক্তি সম্ভবতঃ বাইবেলের সেই ভবিষ্যদ্বাণীর প্রতিই ইংগিত করে। তফসীরাধীন আয়াত সেই সময়কেই নির্দেশ করে যখন ঈসা (আঃ) প্রত্যাদিষ্ট হইয়াছিলেন এবং নবুওয়াত প্রাপ্ত হইয়াছিলেন, যেমন ৩১-৩৪ আয়াত হইতে ইহা সুস্পষ্ট।
১৭৬২। ‘ফারিয়্যা’ শব্দের অর্থ মিথ্যা জালকারীও হইয়া থাকে (লেইন)। এই শব্দ ব্যবহার দ্বারা ইহুদী প্রধানরা কটাক্ষ ও বক্রোক্তি করিয়াছিল যেন মরিয়ম অসতী নারী ছিলেন এবং ঈসা (আঃ) মিথ্যা জালিয়াতকারী ও ভণ্ড-নবী ছিলেন।

یٰۤاُخۡتَ ہٰرُوۡنَ مَا کَانَ اَبُوۡکِ امۡرَاَ سَوۡءٍ وَّمَا کَانَتۡ اُمُّکِ بَغِیًّا ﴿ۖۚ۲۹﴾

২৯
হে হারূনের ভগ্নী!১৭৬৩ না তোমার পিতা অসচ্চরিত্র ছিল, এবং না তোমার মাতা ব্যভিচারিণী ছিল!’
১৭৬৩। কুরআন করীমে মরিয়মকে হযরত হারূন (আঃ)-এর ভগ্নীরূপে আখ্যায়িত করায় রসূল করীম (সাঃ)-এর নিকট প্রশ্ন করা হইয়াছিল এবং হুযুর পাক (সাঃ) প্রশ্নকারীকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, ইসরাঈলীগণ তাহাদের সন্তানদের নাম নবী এবং সাধু বুযুর্গগণের নামের অনুকরণে রাখিত, ইহা তিনি জানেন কিনা (বায়ান, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ১৬, ও জারীর, ১৬শ খণ্ড, পৃঃ ৫২)। এখানে মরিয়মকে হারূন (আঃ)-এর ভগ্নী বলা হইয়াছে, মূসা (আঃ)-এর ভগ্নী বলা হয় নাই, যদিও উভয়েই ভাই ছিলেন। কার্যতঃ হযরত মূসা (আঃ) ছিলেন ইহুদী ধর্মের প্রবর্তক এবং হারূন (আঃ) ছিলেন ইহুদী যাজক শ্রেণীর প্রধান (এনসাইক বিব এণ্ড এনসাইক ব্রিট, ‘আরোন’ অধ্যায়) এবং হযরত মরিয়মও পুরোহিত সম্প্রদায়ভুক্ত ছিলেন। মহানবী (সাঃ)-এর পবিত্র জীবনের এক ঘটনা তাবারী বর্ণনা করিয়াছেন যাহা পাঠকবৃন্দকে আব, ‘আম’, উখ্‌ত এইরূপ আরবী শব্দের মর্ম উপলব্ধি করার অন্তর্দৃষ্টি দান করিয়াছে। নবী করীম (সাঃ)-এর স্ত্রী ইহুদী-বংশজাত হযরত সাফিয়া (রাঃ) একদিন আঁ-হযরত (সাঃ)-এর নিকট অভিযোগ করিলেন যে, তাঁহার অন্যান্য স্ত্রীগণের কেহ কেহ তাঁহাকে ইহুদী নারী বলিয়া কটাক্ষ করে। ইহাতে নবী করীম (সাঃ) তাঁহাকে বিদ্রুপের প্রতিউত্তর দিতে বলিয়াছিলেন এই কথা দ্বারা যে, হারূন (আঃ) তাঁহার পিতা, মূসা (আঃ) তাঁহার চাচা এবং হযরত মুহাম্মদ (সাঃ) তাঁহার স্বামী। এখন ঘটনা তো এই যে, নবী করীম (সাঃ) নিশ্চয়ই জানিতেন যে, হারূন (আঃ) হযরত সাফিয়া (রাঃ)-এর পিতা ছিলেন না, না হযরত মূসা (আঃ) তাঁহার চাচা ছিলেন। কুরআন শরীফে ৩৩ঃ৭০ আয়াতে এইরূপ অভিযোগের উল্লেখ রহিয়াছে। ইহুদীগণের বয়োজ্যেষ্ঠ লোকেরা ঈসা (আঃ)-এর মাতাকে ‘হারূন (আঃ)-এর ভগ্নী’ বলিয়া হয়ত ইহাই বুঝাইতে চাহিয়াছিল যে, হারূনের ভগ্নী মেরী যেমন হযরত মূসা (আঃ)-এর বিরুদ্ধে এক নারীকে অবৈধভাবে বিবাহ করার অভিযোগ আনিয়া জঘন্য অপরাধ করিয়াছিল (এই অভিযোগ সম্পর্কে ৩৩ঃ৭০ আয়াতে উল্লেখিত), সেইরূপে তিনিও তাঁহার একই নামধারীর মত, অবৈধ সন্তান জন্ম দিয়া জঘন্য পাপ করিয়াছেন। আরো বিস্তারিত জানার জন্য ৪০১ টীকা দ্রষ্টব্য।

فَاَشَارَتۡ اِلَیۡہِ ؕ قَالُوۡا کَیۡفَ نُکَلِّمُ مَنۡ کَانَ فِی الۡمَہۡدِ صَبِیًّا ﴿۳۰﴾

৩০
তখন সে তাহার দিকে ইশারা করিল।১৭৬৪ তাহারা বলিল, ‘আমরা তাহার সহিত কিরূপে কথা বলিব যে এক দোলনার শিশু?’১৭৬৫
১৭৬৪। ‘তখন সে তাহার দিকে ইশারা করিল’ এই উক্তির মর্ম হইল যে, হযরত মরিয়ম জানিতেন যে, যদি ইহুদীদের বয়োজ্যেষ্ঠরা তাঁহার নিকট প্রশ্ন রাখে তবে ঈসা (আঃ) কি উত্তর দিবেন। এই কথাগুলির অর্থ ইহাও হইতে পারে যে, মরিয়ম জানিতেন যে, তিনি যদি নিজেকে নির্দোষ ঘোষণা করেন তবে কেহ তাঁহাকে বিশ্বাস করিবে না। তাঁহার নির্দোষিতার একমাত্র প্রমাণ তাঁহার পুত্র। মরিয়ম বুঝাইতে চাহিয়া ছিলেন যে, এমন পবিত্র ও সাধু সন্তান, যাহাকে আল্লাহ্‌তা’লা এইরূপ মহৎ গুণাবলীর দ্বারা ভূষিত করিয়াছিলেন, অসৎ বা অবৈধ সংযোগের ফল হইতে পারে না এবং তাঁহার ধর্মপরায়ণতা ও সদ্‌গুণসমূহ স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই মরিয়মের নির্দোষ হওয়ার যথেষ্ট সত্যতা প্রতিপাদন করে। সেই জন্যই তিনি ঈসা (আঃ)-কে দেখাইয়া দিয়াছিলেন।
১৭৬৫। এই আয়াত বুঝিতে কোন অসুবিধা হয় না। ইহুদী প্রধানদিগের বিদ্রুপ শুনিয়া মরিয়ম তাহাদের মনোযোগ ঈসা (আঃ)-এর দিকে নিবদ্ধ করিতে চাহিয়াছেন। তাহারা ঈসা (আঃ)-এর সঙ্গে কথা বলিতে ঘৃণা বোধ করিল ও তাচ্ছিলপূর্ণভাবে বলিয়া উঠিল ‘সে যে এক দোলনার শিশু’ অর্থাৎ যে বালক তাহাদের চোখের সম্মুখে জন্ম ও প্রতিপালিত হইয়াছে তাহার সঙ্গে কি কথা বলিবে? বয়সে অনেক ছোট কাহারও নিকট হইতে জ্ঞান অর্জনের জন্য আমন্ত্রিত হওয়ার মধ্যে বয়োবৃদ্ধ ব্যক্তিরা অভ্যস্ত নহে। কথাগুলি দ্বারা ঈসা (আঃ)-এর প্রতি ঘৃণাব্যঞ্জক এবং অবজ্ঞাপূর্ণ ভাব প্রকাশের অবস্থাকে উপস্থাপন করা হইয়াছে। আরো দেখুন ৩ঃ৪৭ আয়াত।