১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

قَالَتۡ اَنّٰی یَکُوۡنُ لِیۡ غُلٰمٌ وَّلَمۡ یَمۡسَسۡنِیۡ بَشَرٌ وَّلَمۡ اَکُ بَغِیًّا ﴿۲۱﴾

২১
সে বলিল, ‘আমার পুত্র সন্তান কিরূপে হইবে, যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই এবং আমি ব্যভিচারিণীও নহি?’১৭৫২
১৭৫২। বর্তমান ও পূর্ববর্তী আয়াতসমূহে বর্ণিত ঘটনা কাশ্‌ফের মধ্যে ঘটিয়াছিল। কাশ্‌ফের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি অবস্থা অনুযায়ী বিভিন্ন প্রকার অনুভূতির অভিজ্ঞতা লাভ করিয়া থাকে। স্বপ্নের মধ্যে তাহার অনুভূতি এবং কথা কখনো স্বপ্নেরই প্রভাব এবং উহার ফলাফল বহন করে, আবার কখনো এইরূপ করে না এবং সে স্বপ্নের ঘটনাকে বাস্তব মনে করে এবং অনুভব করে যেমন সে জাগ্রত অবস্থায় করে। দৃষ্টান্তস্বরূপ স্বপ্নে কোন লোক যদি তাহার পুত্রের মৃত্যুতে খুশী হয়, তাহার এই অনুভূতি স্বপ্নেরই আরোপিত প্রভাব-বলয় বুঝিতে হইবে, কারণ কোন সুস্থ প্রকৃতির মানুষ জাগ্রত অবস্থায় তাহার পুত্রের মৃত্যুতে আনন্দিত হইতে পারে না। অনুরূপভাবে কাশ্‌ফে ফিরিশ্‌তাকে দেখিয়া মরিয়ম যে কথাগুলি বলিয়াছিলেন উহা স্বপ্নের প্রভাবাধীন হইয়া বলিয়াছিলেন; কেননা তাঁহাকে যখন শুভ সংবাদ দেওয়া হইয়াছিল তখন তিনি আনন্দদায়ক বিস্ময়াবিষ্ট হইয়া ভাবিলেন, খোদা কি এক পুত্র দান করিয়া এরূপ অলৌকিক ব্যাপার ঘটাইবেন? কিন্তু যদি এই কথাগুলি তাঁহার স্বাভাবিক এবং বাস্তব অবস্থার উক্তি হইত তাহা হইলে পুত্র জন্মের এই সুসংবাদ শুনিয়া তিনি সম্পূর্ণরূপে হত-বুদ্ধি এবং আতঙ্কগ্রস্ত হইয়া পড়িতেন এই চিন্তায় যে, তাঁহার মত এক কুমারীর এক পুত্র জন্ম হইবে ! মোট কথা প্রথমোক্ত অবস্থায় অর্থাৎ কাশ্‌ফের অবস্থায় আল্লাহ্‌তা’লা হযরত মরিয়মকে পুত্র সন্তান দান পূর্বক যে মহান অনুগ্রহে ভূষিত করিতে যাইতেছিলেন উহাতে তাঁহার আনন্দ ও হর্ষবোধক বিস্ময় প্রকাশ পায়, যাহা কাশ্‌ফে ঘটিয়াছিল; কিন্তু শেষোক্ত অবস্থায় তাঁহার উক্তি মনের আতঙ্কজনক পরিস্থিতিতে নিজেকে নিঃসঙ্গবোধ করার ভাব প্রকাশ করে, যাহা আসলে ঘটে নাই। কিন্তু পক্ষান্তরে কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কথাগুলি দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত মরিয়ম বুঝিয়াছিলেন যে, উক্ত সংবাদটির মর্ম ছিল যে, বিবাহ বন্ধন ছাড়াই তিনি এক সন্তান লাভ করিবেন, বৈবাহিক সূত্রে কোন পুরুষ মানুষকে না জানার অস্বীকৃতির মধ্যে কোন যৌক্তিকতা ছিল না। ‘আমি ব্যাভিচারিণীও নহি’ এই কথাগুলি বৈধ দাম্পত্যের বহির্ভূত কোন মানুষকে জানার সম্পর্কে অস্বীকার বুঝাইতেছে। ফিরিশ্‌তার কথায় তাঁহার প্রতিউত্তরে দেখা যায় যে, মরিয়ামের মনে ভাবান্তর দেখা দিয়াছিল যে, পূর্বাহ্নেই চির কৌমার্যের শপথ তাহার সন্তান হওয়ার পথে প্রতিবন্ধক হইয়া রহিয়াছিল। কুরআনের কোন কোন তফসীরকারকের ধারণা অনুযায়ী পূর্ববর্তী আয়াতের ভবিষ্যদ্বাণীতে এক পুত্রের জন্ম কোন এক ভবিষ্যৎ সময়ে তাঁহার দাম্পত্য সম্পর্কের ফল স্বরূপ হইবে বলিয়া তিনি ভাবিয়াছিলেন। যদি তাহাই হয় তাহা হইলে মরিয়মের পক্ষে সেই সময়ে বিস্ময় প্রকাশ করার কোন কারণ ছিল না।

قَالَ کَذٰلِکِ ۚ قَالَ رَبُّکِ ہُوَ عَلَیَّ ہَیِّنٌ ۚ وَلِنَجۡعَلَہٗۤ اٰیَۃً لِّلنَّاسِ وَرَحۡمَۃً مِّنَّا ۚ وَکَانَ اَمۡرًا مَّقۡضِیًّا ﴿۲۲﴾

২২
সে (ফিরিশ্‌তা) বলিল, ‘এই রূপেই হইবে।’ তোমার প্রভু বলিয়াছেন, ‘ইহা আমার জন্য সহজ; এবং (ইহা এই জন্য করিব) যে আমরা তাহাকে আমাদের তরফ হইতে মানুষের জন্য এক নিদর্শন১৭৫৩ এবং রহমতের কারণ করি; এবং ইহাই তক্‌দীরে নির্ধারিত হইয়া আছে।’১৭৫৪
১৭৫৩। ‘এবং (ইহা এই জন্য করিব) যেন আমরা তাহাকে আমাদের তরফ হইতে মানুষের জন্য এক নিদর্শন এবং রহমতের কারণ করি’—এই আয়াতে ঈসা (আঃ)-এর পিতাবিহীন জন্ম হওয়ার ভবিষ্যদ্বাণী নিহিত রহিয়াছে যাহা ইসরাঈলীদিগের জন্য অবশ্যই এক বিরাট নিদর্শন ছিল। ইহা অঙ্গুলী নির্দেশ করিয়াছিল যে, ইসরাঈলী ঘর হইতে ইসমাঈলী বংশে নবুওয়াত স্থানান্তরিত হওয়া আসন্ন এবং ইহুদীদিগের জন্য এই সর্তক সংকেত স্থাপন করিয়াছিল যে, তাহারা আত্মিকভাবে এতই কলুষিত এবং নৈতিকতায় এতই অধঃপতিত হইয়া গিয়াছিল যে, তাহাদের কোন পুরুষ আল্লাহ্‌তা’লার নবীর পিতা হওয়ার জন্য যোগ্য ছিল না। ইহা এই অর্থেই যে, কুরআনে হযরত ঈসা (আঃ)-কে ‘নির্ধারিত সময়ের জন্য একটা নিদর্শন’ বলা হইয়াছে (৪৩ঃ৬২) অর্থাৎ সেই সময়ের নিদর্শন যখন নবুওয়াত ইসরাঈলী বংশ হইতে ইসমাঈলী বংশে বদলী হইয়া যাওয়ার সময় ছিল।
১৭৫৪। ‘এবং ইহাই তকদীরে নির্ধারিত হইয়া আছে’ উক্তির মর্ম এই যে, পিতা ছাড়াই হযরত মরিয়মের এক পুত্র জন্ম গ্রহণ করিবে এবং এই ঐশী ফয়সালা অপরিবর্তনীয়৷। আল্লাহ্‌তা’লার অপরিবর্তনীয় সিদ্ধান্ত প্রকাশার্থে কুরআন করীমে ‘ক্বাযা ও ক্বদর’ এই দুইটি শব্দের ব্যবহার হইয়াছে । প্রথমোক্ত শব্দে ভাগ্য নির্ধারণ এবং শেষোক্ত শব্দ দ্বারা নিয়তির পরিকল্পনা করা অর্থ বোঝায় । যখন কোন কর্ম পরিকল্পনা বা পদ্ধতি কার্যকর করার জন্য গ্রহণ করা হয় তখন ইহাকে ‘ক্বাযা’ বলা হয় এবং যখন উহার সম্বন্ধে আল্লাহ্‌তা’লার ফয়সালা চূড়ান্ত হইয়া যায় যে, উহা কার্যে পরিণত করা হউক তখন ইহাকে ‘ক্বদর’ বলা হয় । ঈসা (আঃ)-এর জন্ম পিতা ছাড়া হওয়া আল্লাহ্‌র ফয়সালা ছিল। যেমন পুরাতন নিয়মে বলা হইয়াছেঃ ‘দেখ এক কন্যা (বা এক কুমারী) গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল (আমাদের সহিত ঈশ্বর) রাখিবে’ (যিশাইয়-৭ঃ১৪)।

فَحَمَلَتۡہُ فَانۡتَبَذَتۡ بِہٖ مَکَانًا قَصِیًّا ﴿۲۳﴾

২৩
অতএব সে তাহাকে গর্ভে ধারণ করিল১৭৫৫ এবং তাহাকে লইয়া এক দূরবর্তী স্থানে নিরালায় চলিয়া গেল।১৭৫৬
১৭৫৫। স্বামী সংসর্গ ব্যতিরেকে হযরত মরিয়ম কিরূপে গর্ভধারণ করিয়াছিলেন তাহা আল্লাহ্‌তা’লার সেই সকল গোপন রহস্যের অন্যতম যাহা এখন পর্যন্ত মানব-বুদ্ধির দ্বারা নির্ধারণ করার বাহিরে। এখনও পর্যন্ত সাধারণ প্রাকৃতিক বিধান সম্বন্ধে আমরা যতদূর জানিতে পারিয়াছি ইহা উহার অনেক উর্ধ্বে । কিন্তু মানুষের সর্বোচ্চ জ্ঞানও অত্যন্ত সীমিত। মানুষ সকল প্রকার ঐশী গুপ্ত তথ্য উপলব্ধি করিতে সক্ষম হয় নাই। প্রকৃতির মধ্যে এমন রহস্য বিদ্যমান যাহা মানুষ এখনও উদ্‌ঘাটন করিতে সক্ষম হয় নাই; সম্ভবতঃ সে কখনও উহাতে সক্ষম হইবে না। সেই সবের মধ্যে পিতা ছাড়া ঈসা (আঃ)-এর জন্ম একটি ধরিয়া নেওয়া যায়। আল্লাহ্‌তা’লার পদ্ধতি দুর্জ্ঞেয় ও দুর্বোধ্য এবং তাঁহার শক্তি অসীম। কেবল ‘কুন’ (হও) শব্দ উচ্চারণে যেই খোদা এই বিশ্ব সৃষ্টি করিতে পারিয়াছিলেন, নিশ্চয়ই তিনি জড় পদার্থে এরূপ পরিবর্তন আনয়ন করিতে পারেন যাহা বাহ্যদৃষ্টিতে ব্যাখ্যা-বিশ্লেষণ দ্বারা সমাধান করা অসম্ভব। অধিকন্তু, চিকিৎসা-বিজ্ঞান, জীব-বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হইতে প্রকৃতির বিশেষ অবস্থাধীনে যৌন-সংসর্গ ব্যতীত সন্তান জন্ম বা পুরুষের স্পর্শ ব্যতিরেকে নারীর সন্তান উৎপাদনের সম্ভাব্যতা নাকচ করা যায় না। চিকিৎসাবিদগণ নারীর শ্রোণীতে বা নিম্নাঙ্গের ভিতর সময় সময়ে প্রাপ্ত ‘আরেনো ব্লাসটোমা’ নামীয় এক বিশেষ প্রকার টিউমারের কারণে এই সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। এই সব টিউমার পুরুষ শুক্রাণু বা পুং-জননকোষ উৎপাদন করিতে সক্ষম। যদি এই ‘আরেনো ব্লাসটোমা’ দ্বারা কোন নারী দেহে স্বক্রিয় বা জীবিত পুং-জনন-কোষ সৃষ্টি হয় তাহা হইলে সেই নারী কুমারী হইলেও তাহার গর্ভধারণ করার সম্ভাব্যতা অস্বীকার করা যায় না; অর্থাৎ তাহার নিজ দেহ এইরূপভাবে ক্রিয়াশীল হইবে যেন কোন পুরুষের দেহ হইতে শুক্রাণু সাধারণ প্রক্রিয়া দ্বারা অথবা কোন চিকিৎসা বিজ্ঞানীর সাহায্যে তাহার দেহে স্থানান্তরিত হইয়া থাকে। সাম্প্রতিককালে ইউরোপের এক দল স্ত্রী-রোগ বিশারদ সন্তান প্রসবের দৃষ্টান্ত প্রমাণ করিতে এমন সব ঘটনা প্রকাশ করিয়াছেন যেখানে প্রসূতি মাতার কোন সম্পর্ক বা সংযোগ কোন পুরুষের সঙ্গেই ছিল না (Lancet)। ঈসা (আঃ)-এর জন্ম পিতার সংযোগ ব্যতিরেকে হওয়ার ব্যাপারটা বোধ হয় সম্পূর্ণভাবে একমাত্র ও অদ্বিতীয় ঘটনা নহে । পিতা ছাড়া শিশুর জন্মের বহু ঘটনার প্রমাণ রহিয়াছে (এনসাইক ব্রিট এর ‘ভারজিন বার্থ’ অধ্যায় এবং এ্যানোমোলিস এণ্ড কিউরিওসিটিস অব মেডিসিন, ডব্লিউ বি সাউনভারস কোং, লণ্ডন কর্তৃক প্রকাশিত)। যদি আমরা এই সমস্ত সম্ভাবনাকে বাদ দেই এবং অগ্রাহ্য করি তাহা হইলে হযরত ঈসা (আঃ)-এর জন্ম, নাউযুবিল্লাহ্ অবৈধ বিবেচিত হইবে। খৃষ্টান এবং ইহুদী উভয়ে এক মত যে, ঈসা (আঃ)-এর জন্ম সাধারণ অবস্থার ব্যতিক্রম— খৃষ্টানদিগের মতে ইহা অলৌকিক বা অতিপ্রাকৃত এবং ইহুদীগণের মতে ইহা অবৈধ ছিল (যিউ এনসাইক)।এমন কি পারিবারিক কুষ্ঠি-নামাতেও ঈসা (আঃ)-এর জন্ম এইরূপেই লিপিবদ্ধ রহিয়াছে (তালমুদ)। কেবল মাত্র এই বাস্তব ঘটনাটাই গ্রহণযোগ্য প্রমাণ প্রতিষ্ঠিত করে যে, ঈসা (আঃ)-এর জন্ম অসাধারণ ছিল। বাইবেলের নূতন নিয়মানুযায়ী মরিয়মের স্বামী যোসেফ ঈসা (আঃ)-এর জন্মের পর পর্যন্ত তাঁহার সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করে নাই (মথি-১ঃ২৫)। অতএব, ‘সে তাহাকে গর্ভে ধারণ করিল’ বাক্যাংশ কোন পুরুষের সংসর্গ ছাড়া হযরত মরিয়মের অসাধারণভাবে গর্ভবতী হওয়ার প্রতি ইংগিত করিতেছে।
১৭৫৬। ‘এক দূরবর্তী স্থান’ বুঝাইতে নাযারেথ হইতে প্রায় সত্তর মাইল দক্ষিণে বৈথলেহেমের প্রতি ইশারা করিতেছে। ঈসা (আঃ)-এর জন্মের কিছুকাল পূর্বে যোসেফ মরিয়মকে বৈথলেহেম শহরে নিয়া গিয়াছিলেন যেখানে হযরত ঈসা (আঃ) ভূমিষ্ঠ হইয়াছিলেন।

فَاَجَآءَہَا الۡمَخَاضُ اِلٰی جِذۡعِ النَّخۡلَۃِ ۚ قَالَتۡ یٰلَیۡتَنِیۡ مِتُّ قَبۡلَ ہٰذَا وَکُنۡتُ نَسۡیًا مَّنۡسِیًّا ﴿۲۴﴾

২৪
অতঃপর, যখন তাহার প্রসব বেদনা তাহাকে এক খর্জুর-বৃক্ষের১৭৫৭ কাণ্ডের দিকে যাইতে বাধ্য করিল তখন সে বলিল, ‘হায়, ইহার পূর্বেই যদি আমি মরিয়া যাইতাম এবং আমি সম্পূর্ণ বিস্মৃত হইয়া যাইতাম!’
১৭৫৭। বাইবেলের নূতন নিয়মে দেখা যায়, বৈথলেহেমে যে সরাইখানায় ঈসা (আঃ) ভূমিষ্ঠ হইয়াছিলেন সেখানে কোন প্রকোষ্ঠ ছিল না। যোসেফ এবং মরিয়ম বাধ্য হইয়াই খোলা মাঠে অবস্থান করিয়াছিলেন এবং মরিয়ম বিশ্রামের উদ্দেশ্যে খেজুর গাছের কাণ্ডের নিকটে ছায়ার নীচে গেলেন, সম্ভবতঃ প্রসব বেদনায় কিছু অবলম্বন গ্রহণের জন্যও।
সম্পূর্ণ সূরা দেখুন