১৮

الكهف

সূরা আল্‌ কাহ্‌ফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১১ আয়াত এবং ১২ রুকু আছে।

وَاَمَّا الۡغُلٰمُ فَکَانَ اَبَوٰہُ مُؤۡمِنَیۡنِ فَخَشِیۡنَاۤ اَنۡ یُّرۡہِقَہُمَا طُغۡیَانًا وَّکُفۡرًا ﴿ۚ۸۱﴾

৮১
এবং বালকটির১৭১৬ ঘটনা এই যে, তাহার পিতামাতা উভয়ে ঈমানদার ছিল; এবং আমরা আশংকা করিলাম যে, সে (বয়ঃপ্রাপ্ত হইয়া) বিদ্রোহাচরণ ও কুফরী করিয়া তাহাদিগকে কষ্ট দিবে।
১৭১৬। ‘গুলামুন’ অর্থ কিশোর বা যুবক, স্বপ্নে বা কাশ্‌ফে দেখিলে অর্থ হয় অজ্ঞতা, শক্তি ও পশু-বৃত্তি। আয়াতে ‘তাহার পিতামাতা’ হইতেছে দেহ এবং আত্মা। কারণ উৎস (বা পিতা-মাতা) হইতেই সন্তান গুণাবলী প্রাপ্ত হয়। ইসলামের শিক্ষানুযায়ী, মানুষ প্রকৃতিগতভাবেই সদ্‌গুণের প্রতি অনুরক্ত। বিশ্বাসীগণ আকস্মিক শক্তি বা উত্তেজনার টানে পাপাচারের প্রতি আকৃষ্ট হইতে পারে যাহা কিশোরের প্রতিরূপ। ইসলাম এই সকল আকস্মিক উত্তেজনা সমূলে উৎপাটন করে এবং দেহ ও আত্মার মিলিত মানুষকে হিতকর পথে তাহার অন্তর্নিহিত শক্তি বিকশিত করার জন্য ছাড়িয়া দেয় এবং এইভাবে মানবজীবনের উচ্চ উদ্দেশ্য সিদ্ধ হয়।

فَاَرَدۡنَاۤ اَنۡ یُّبۡدِلَہُمَا رَبُّہُمَا خَیۡرًا مِّنۡہُ زَکٰوۃً وَّاَقۡرَبَ رُحۡمًا ﴿۸۲﴾

৮২
অতএব, আমরা ইচ্ছা করিলাম যেন তাহাদের প্রতিপালক তাহাদিগকে তাহার স্থলে তাহার অপেক্ষা পবিত্রতায় উত্তম এবং দয়া মমতায় ঘনিষ্টতর পুত্র দান করেন।

وَاَمَّا الۡجِدَارُ فَکَانَ لِغُلٰمَیۡنِ یَتِیۡمَیۡنِ فِی الۡمَدِیۡنَۃِ وَکَانَ تَحۡتَہٗ کَنۡزٌ لَّہُمَا وَکَانَ اَبُوۡہُمَا صَالِحًا ۚ فَاَرَادَ رَبُّکَ اَنۡ یَّبۡلُغَاۤ اَشُدَّہُمَا وَیَسۡتَخۡرِجَا کَنۡزَہُمَا ٭ۖ رَحۡمَۃً مِّنۡ رَّبِّکَ ۚ وَمَا فَعَلۡتُہٗ عَنۡ اَمۡرِیۡ ؕ ذٰلِکَ تَاۡوِیۡلُ مَا لَمۡ تَسۡطِعۡ عَّلَیۡہِ صَبۡرًا ﴿ؕ٪۸۳﴾

৮৩
আর বাকি রহিল সেই প্রাচীরের কথা, উহা আসলে সেই শহরের দুই এতীম বালকের১৭১৭ সম্পত্তি ছিল এবং উহার নীচে তাহাদের জন্য (প্রোথিত) ধন-ভাণ্ডার ছিল এবং তাহাদের পিতা ছিল একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি; সুতরাং তোমার প্রতিপালক ইচ্ছা করিলেন যেন তাহারা পূর্ণ যৌবনে উপনীত হয় এবং তাহারা তাহাদের ধন-ভাণ্ডার নিজেরা বাহির করিয়া লয়, ইহা তোমার প্রতিপালকের পক্ষ হইতে বিশেষ রহমত স্বরূপ, বস্তুতঃ আমি ইহা আমার নিজ ইচ্ছায় করি নাই।১৭১৭-ক ইহাই হইল সেই সকল বিষয়ের ব্যাখ্যা যাহার সম্বন্ধে তুমি ধৈর্য ধারণ করিতে পার নাই।১৭১৮
সূরা আল্‌ কাহ্‌ফ - রুকু ১০
১৭১৭। এতীমদ্বয় হইতেছে মূসা ও ঈসা (আঃ)। তাঁহাদের ধার্মিক পিতা হইতেছেন ইব্‌রাহীম (আঃ)। তাঁহাদের শিক্ষারূপী ধন-সম্পদ তাঁহারা তাঁহাদের ভবিষ্যৎ লোকের জন্য রাখিয়া গিয়াছিলেন, কিন্তু তাঁহাদের ভবিষ্যৎ বংশধরগণ অধার্মিক আচরণের কারণে উহা হারাইয়া ফেলিয়াছিল। এই সম্পদের ভাণ্ডার কুরআন মজীদে সংরক্ষিত হইয়াছে এই উদ্দেশ্যে যেন তাহারা কুরআনের শিক্ষার সত্যতা উপলদ্ধি এবং গ্রহণ করিতে পারে।
১৭১৭-ক। আল্লাহ্‌তা’লার নির্দেশে এইরূপ করা হইয়াছিল।
১৭১৮। হযরত মূসা (আঃ)-এর কাশ্‌ফ এই ঘটনার প্রতি নির্দেশ করে। যেহেতু ইসলামী শিক্ষা এমন নীতি বা বিধান সম্বলিত ছিল যাহার সহিত মূসায়ী শরীয়াতের কতক নীতিগত মৌলিক পার্থক্য থাকার কারণে ইহুদী এবং মুসলমানের মধ্যে প্রকৃত সহযোগিতা অসম্ভব ছিল। ৬১-৮৩ আয়াতের বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য ‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী’ পৃঃ ১৫১৭ - ১৫৩০ দেখুন।

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنۡ ذِی الۡقَرۡنَیۡنِ ؕ قُلۡ سَاَتۡلُوۡا عَلَیۡکُمۡ مِّنۡہُ ذِکۡرًا ﴿ؕ۸۴﴾

৮৪
এবং তাহারা তোমাকে যুলকারনায়ন১৭১৯ সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বল, ‘নিশ্চয় আমি তোমাদের নিকট তাহার সম্পর্কে কিছু বৃত্তান্ত বর্ণনা করিব।’
১৭১৯। ‘যুলকারনায়ন’-এর পরিচয় জানার পূর্বে, ইহা বলা প্রয়োজন যে, তাহার ঘটনা কেন কুরআনে বর্ণিত হইয়াছে এবং কেন ইহা এত গুরুত্বপূর্ণভাবে এই সূরাতে স্থান পাইয়াছে। ইতিপূর্বে এই সূরাতে পাশ্চাত্যের খৃষ্টান জাতিসমূহের কৃতিত্বপূর্ণ পার্থিব উন্নতির বিষয়ে দুইটি যুগের সম্পর্কে নির্দিষ্টভাবে উল্লেখ করা হইয়াছে। ইহার প্রারম্ভিক আয়াতগুলিতে গুহার অধিবাসীগণ সম্বন্ধে কিছুটা বিস্তারিত বিবরণ দেওয়া হইয়াছে। গুহাবাসীদিগের উপর যুলুম-অত্যাচারের বর্ণনা এবং পরবর্তীকালে তাহাদের উত্তর সূরীগণের অর্থাৎ পশ্চিমা খৃষ্টান জাতিসমূহের জাগতিক উন্নতি ও অগ্রগতির বর্ণনা দেওয়ার পূর্বে, হযরত মূসা (আঃ)-এর ‘ইস্‌রা’ বা আধ্যাত্মিক ভ্রমণ বৃত্তান্তে কিছু বিস্তারিত বর্ণনা রহিয়াছে যে, নবী করীম (সাঃ)-এর আবির্ভূত হওয়ার সাথে সাথে খৃষ্টান জাতির পার্থিব উন্নতির ও অগ্রগতির প্রথম যুগ শেষ হইয়া যাইবে। যদিও তাহাদের পক্ষে আরো উন্নতি করার সম্ভাবনা থাকিবে এবং আঁ-হযরত (সাঃ)-এর আর্বিভাবের অনেক পরে তাহারা সম্মান ও মর্যাদার সর্বোচ্চ স্থানে পৌঁছিবে। খৃষ্টান জাতির এই দ্বিতীয় জাঁকজমকপূর্ণ অধ্যায়কে ঐশী গ্রন্থে ইয়া’জুজ-মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ)-এর বিস্ময়কর শক্তি বৃদ্ধির প্রতীক রূপে চিহ্নিত করা হইয়াছে, যাহা বর্তমান সূরার কেন্দ্রীয় বিষয় বস্তুসমূহের মধ্যে একটি। কারণ রাজনৈতিক ভাবে ইয়া’জুজ-মা’জুজ এবং যুলকারনায়ন একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, যাহা পরবর্তী অনুচ্ছেদগুলিতে যুলকারনায়নের বিষয়ে দেওয়া বিবরণ হইতে প্রতিভাত হইবে। মনে হয় যুলকারনায়ন মাদীয় এবং পারস্য সাম্রাজ্যের (মেডোপারশিয়ান এমপায়ার) প্রতিষ্ঠাতা রাজা ছিলেন, যাহা দানিয়েল নবীর বিখ্যাত স্বপ্নে পরিদৃষ্ট ভেড়ার ‘দুই শিং’-এর প্রতীক। “আমি দেখিলাম ঐ মেষ পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে ঢুঁস মারিল, তাহার সম্মুখে কোন জন্তু দাঁড়াইতে পারিল না, এবং তাহার হস্ত হইতে উদ্ধার করিতে পারে এমন কেহ ছিল না, আর সে স্বেচ্ছামত কর্ম করিত; আর আত্মগরিমা করিত।” “তুমি দুই শৃঙ্গ বিশিষ্ট যে মেষ দেখিলে, সে মাদীয় ও পারশীক রাজা” (দানিয়েল-৮ঃ৪,২০,২১)। দানিয়েল নবীর স্বপ্নের উক্ত অংশের সাথে পুরাদস্তুর সঙ্গতি রাখিয়া কুরআন করীম যুলকারনায়নের ত্রিমুখী অভিযানের কথা উল্লেখ করিয়াছে (আয়াত—৮৭,৯১,৯৪)। এই ঘটনার দ্বারা যুলকারনায়ন যে মাদিয়া এবং পারস্য রাজ্যের বর্ণনামূলক নাম ছিল উহার জোর সমর্থন পাওয়া যায়। এবং কুরআনের বর্ণনা, সকল মেদো-পারস্য রাজাদের মধ্যে সাইরাসের প্রতি অত্যন্ত প্রাসঙ্গিক, সামঞ্জস্যপূর্ণ। যুলকারনায়নের চারটি বৈশিষ্ট্যপূর্ণ চিহ্ন কুরআনে উল্লেখিত হইয়াছেঃ (ক) তিনি বংশানুক্রমিক এক ক্ষমতাশালী শাসক ছিলেন (আয়াত-৮৫,৮৯); (খ) তিনি একজন ধার্মিক বান্দা ছিলেন এবং ঐশী-বাণী দ্বারা অনুগৃহীত হইয়াছিলেন (আয়াত-৯২,৯৯); (গ) তিনি পশ্চিম দিকে অভিযান চালাইয়াছিলেন এবং বিরাট বিজয়ের পর পশ্চিম দিগন্তে সূর্য অস্ত গমনস্থলে যাওয়ার সময় পর্যন্ত এমন এক স্থানে পৌঁছিলেন যাহা দেখিতে ঝাপসা সরোবর বা নদী-নালার গভীর অংশ এবং তখন তিনি পূর্বদিকে যাত্রা করিলেন এবং এক বিরাট রাজ্য জয় করিয়া বশীভূত করিলেন (আয়াত-৮৭,৮৮); (ঘ) তিনি মধ্যাঞ্চলে উপস্থিত হইলেন যেখানে অসভ্য বর্বর জাতি বাস করিত এবং সেখানে ইয়া’জুজ-মা’জুজ ব্যাপকভাবে অনধিকার প্রবেশ করিয়াছিল, তিনি সেই প্রবেশ পথগুলি দেওয়াল দ্বারা বন্ধ করিয়া দিলেন (আয়াত-৯৪-৯৮)। প্রাচীন যুগের বিখ্যাত শাসনকর্তা এবং প্রসিদ্ধ সামরিক সেনাপতিদিগের মধ্যে সাইরাস, উপরোল্লিখিত চারটি গুণাবলীর বিপুল পরিমাণে অধিকারী ছিলেন। সুতরাং কুরআন শরীফে উল্লেখিত যুলকারনায়ন হিসাবে বিবেচিত হওয়ার উপযুক্ত হইতেছেন ইতিহাসের ‘সাইরাস দি গ্রেট’। (যিশাইয়-৪৫, ইষ্রা- ১ও২, ২-বংশাবলী-৩৬ঃ ২২-২৩, হিষ্টরিয়ানস্ হিষ্টরি অফ দি ওয়ার্লড, ‘সাইরাস’ অধ্যায়)।

اِنَّا مَکَّنَّا لَہٗ فِی الۡاَرۡضِ وَاٰتَیۡنٰہُ مِنۡ کُلِّ شَیۡءٍ سَبَبًا ﴿ۙ۸۵﴾

৮৫
নিশ্চয় আমরা তাহাকে পৃথিবীতে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত করিয়াছিলাম এবং আমরা তাহাকে প্রত্যেক বিষয় (অর্জন করার) সম্পর্কে উপকরণ দান করিয়াছিলাম।১৭২০
১৭২০। দেখুন ইষ্রা-১ঃ১-২, যিশাইয়-৪৫ঃ ১-৩ এবং হিষ্টরিয়ানস্ হিষ্টরি অব দি ওয়ার্লড।

فَاَتۡبَعَ سَبَبًا ﴿۸۶﴾

৮৬
সুতরাং সে এক বিশেষ পথে চলিল।

حَتّٰۤی اِذَا بَلَغَ مَغۡرِبَ الشَّمۡسِ وَجَدَہَا تَغۡرُبُ فِیۡ عَیۡنٍ حَمِئَۃٍ وَّوَجَدَ عِنۡدَہَا قَوۡمًا ۬ؕ قُلۡنَا یٰذَا الۡقَرۡنَیۡنِ اِمَّاۤ اَنۡ تُعَذِّبَ وَاِمَّاۤ اَنۡ تَتَّخِذَ فِیۡہِمۡ حُسۡنًا ﴿۸۷﴾

৮৭
চলিতে চলিতে সে যখন সূর্যের অস্তগমন স্থলে১৭২১ পৌঁছিল, তথায় সে দেখিল, উহা এক ঘোলাটে জলাশয়ে অস্তমিত হইতেছে এবং সে উহার সন্নিকটে এক জাতির সাক্ষাৎ পাইল। তখন আমরা বলিলাম, ‘হে যুলকারনায়ন! তুমি চাহিলে তাহাদিগকে শাস্তি দাও অথবা তাহাদের প্রতি সদয় ব্যবহার কর।’
১৭২১। ‘সূর্য অস্তগমন স্থলে’ শব্দগুচ্ছ সাইরাসের সাম্রাজ্যের পশ্চিম-সীমান্ত অথবা এশিয়া মাইনরের উত্তর-পশ্চিম সীমানাকে বুঝায় এবং কৃষ্ণ সাগরের প্রতি নির্দেশ করে, কারণ উহা তাহার সাম্রাজ্যের উত্তর-পশ্চিম সীমান্ত গঠন করিয়াছিল। এই আয়াত সাইরাস তাঁহার পশ্চিমাঞ্চলের শত্রুদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করিয়াছিলেন উহার দিকে নির্দেশ করিতেছে (এনসাইক, ব্রিট এবং হিষ্টরিয়ানস্ হিষ্টরি অব দি ওয়ার্লড, ‘সাইরাস’ অধ্যায়)।

قَالَ اَمَّا مَنۡ ظَلَمَ فَسَوۡفَ نُعَذِّبُہٗ ثُمَّ یُرَدُّ اِلٰی رَبِّہٖ فَیُعَذِّبُہٗ عَذَابًا نُّکۡرًا ﴿۸۸﴾

৮৮
সে বলিল, ‘যে ব্যক্তি যুলুম করিবে, আমরা নিশ্চয় তাহাকে শাস্তি দিব; অতঃপর, তাহাকে তাহার প্রতিপালকের নিকট ফিরাইয়া লইয়া যাওয়া হইবে১৭২২ এবং তিনি তাহাকে ভীতি-প্রদ শাস্তি দিবেন;
১৭২২। সাইরাস পারলৌকিক জীবনে বিশ্বাস করিতেন। তিনি যরাথুস্ত্র নবীর অনুসারী ছিলেন এবং ইসলাম-পূর্ব সকল ধর্মের মধ্যে যরাথুস্ত্রের ধর্ম-বিশ্বাসই মৃত্যুর পরের জীবনের উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করিয়াছে। কোন সন্দেহের অবকাশ নাই যে, সাইরাস এবং তাঁহার পার্সী অনুসারীগণ যরাথুস্ত্র নবীর মতবাদে আস্থাবান ছিলেন এবং বিদেশী ধর্ম-বিশ্বাস বা পূজা পদ্ধতিকে খুব ঘৃণাপূর্ণ দৃষ্টিতে দেখিতেন (যিউ এনসাইক, ৪র্থ খণ্ড, ৪০৪ পৃষ্ঠা)।

وَاَمَّا مَنۡ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَہٗ جَزَآءَ ۣالۡحُسۡنٰی ۚ وَسَنَقُوۡلُ لَہٗ مِنۡ اَمۡرِنَا یُسۡرًا ﴿ؕ۸۹﴾

৮৯
এবং যে ব্যক্তি ঈমান আনিবে এবং সৎকর্ম করিবে তাহার জন্য উত্তম পুরস্কার (নির্ধারিত) আছে; এবং আমরাও অবশ্যই তাহাদের সঙ্গে আমাদের আদেশের ক্ষেত্রে সহজ কথা বলিব।’১৭২৩
১৭২৩। দেখুন যিশাইয়-৪৫ঃ১-৩ এবং ২-বংশাবলী ৩৬ঃ২২-২৩।

ثُمَّ اَتۡبَعَ سَبَبًا ﴿۹۰﴾

৯০
অতঃপর, সে (অন্য) এক পথে চলিল।