১৮

الكهف

সূরা আল্‌ কাহ্‌ফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১১ আয়াত এবং ১২ রুকু আছে।

حَتّٰۤی اِذَا بَلَغَ مَطۡلِعَ الشَّمۡسِ وَجَدَہَا تَطۡلُعُ عَلٰی قَوۡمٍ لَّمۡ نَجۡعَلۡ لَّہُمۡ مِّنۡ دُوۡنِہَا سِتۡرًا ﴿ۙ۹۱﴾

৯১
এমন কি সে যখন সূর্যের উদয়স্থলে১৭২৪ পৌঁছিল তখন সে উহাকে এমন এক জাতির উপর উদয় হইতে দেখিল, যাহাদের জন্য আমরা (তাহাদের ও) উহার মধ্যে কোন পর্দা সৃষ্টি করি নাই।
১৭২৪। এই আয়াত সাইরাসের পূর্বদিকে আফগানিস্তান এবং বেলুচিস্তানের দিকে অভিযানের প্রতিই ইশারা করিতেছে— এই এলাকা বৃক্ষহীন অনুর্বর। এখানে সূর্যের তাপ প্রচণ্ডভাবে আঘাত হানে । ইহা এইরূপ জনগোষ্ঠির প্রতিও প্রয়োগ হইতে পারে যাহারা সমতল প্রান্তরের অধিবাসী ছিল, যাহা শত শত মাইল ব্যাপী সিস্তান এবং হেরাতের পূর্বদিকে এবং দুজদবের উত্তরে মোশেদ পর্যন্ত বিস্তৃত ছিল।

کَذٰلِکَ ؕ وَقَدۡ اَحَطۡنَا بِمَا لَدَیۡہِ خُبۡرًا ﴿۹۲﴾

৯২
(এই ঘটনা ঠিক) এইরূপই। এবং নিশ্চয় আমরা তাহার নিকট যাহা ছিল সেই সব বিষয়ের পূর্ণ খবর রাখি।

ثُمَّ اَتۡبَعَ سَبَبًا ﴿۹۳﴾

৯৩
অতঃপর, সে অন্য এক পথে চলিল।১৭২৫
১৭২৫। এই আয়াত সাইরাসের তৃতীয় অভিযানের প্রতি নির্দেশ করিতেছে, যাহা পারস্য দেশের উত্তরে কাস্‌পিয়ান সাগর এবং ককেশীয় পর্বত শ্রেণীর মধ্যবর্তী অঞ্চল বা রাজ্যের দিকে পরিচালিত হইয়াছিল।

حَتّٰۤی اِذَا بَلَغَ بَیۡنَ السَّدَّیۡنِ وَجَدَ مِنۡ دُوۡنِہِمَا قَوۡمًا ۙ لَّا یَکَادُوۡنَ یَفۡقَہُوۡنَ قَوۡلًا ﴿۹۴﴾

৯৪
এমন কি সে যখন দুই প্রতিবন্ধকের মধ্যবর্তী স্থলে১৭২৬ পেঁছিল, তখন তথায় সে এমন এক জাতিকে দেখিতে পাইল যাহারা কদাচিৎ (তাহার) কথা বুঝিতে পারিত।১৭২৭
১৭২৬। ‘দুই পর্বত’ দ্বারা দুই প্রতিবন্ধকতা বুঝায় । দারবেন্ট পাস্ (গিরি), যেখানে দেওয়াল নির্মিত হইয়াছিল, উহার একদিকে কাস্‌পিয়ান সাগর অপরদিকে ককেশাস পর্বতমালা । এই দুইটি প্রতিবন্ধকরূপে বিরাজমান ছিল ।
১৭২৭। এই সমস্ত অঞ্চলের লোকেরা সাইরাসের ভাষা হইতে ভিন্ন ভাষায় কথা বলিত, কিন্তু পারস্যের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় এবং পারস্য ও মিদীয়ার অধিবাসীগণের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাহারা তাহাদের ভাষা বুঝিতে ও বলিতে পারিত, যদিও যথেষ্ট অসুবিধা ও ভুল ভ্রান্তি হইত । যে এলাকায় দেওয়াল নির্মাণ করা হইয়াছিল উহা পারস্যের পার্শ্ববর্তী অঞ্চল এবং পরবর্তীকালে পারস্য ভূখণ্ডের অংশে পরিণত হইয়াছিল । বর্তমানে অবশ্য ইহা রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত । যুলকারনায়েন সম্পর্কে বিস্তারিত জানার জন্য ‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী,’ পৃষ্ঠা ১৫৩১-১৫৪০ দেখুন ।

قَالُوۡا یٰذَا الۡقَرۡنَیۡنِ اِنَّ یَاۡجُوۡجَ وَمَاۡجُوۡجَ مُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ فَہَلۡ نَجۡعَلُ لَکَ خَرۡجًا عَلٰۤی اَنۡ تَجۡعَلَ بَیۡنَنَا وَبَیۡنَہُمۡ سَدًّا ﴿۹۵﴾

৯৫
তাহারা বলিল, ‘হে যুলকারনায়েন! নিশ্চয় ইয়া’জুজ ও মা’জূজ১৭২৮ এই দেশে বড়ই ফাসাদ সৃষ্টি করিয়াছে; সুতরাং আমরা কি তোমাকে এই শর্তে কিছু কর দিব যাহাতে তুমি আমাদের এবং তাহাদের মধ্যে একটি প্রতিবন্ধক১৭২৯ নির্মাণ করিয়া দাও?’
১৭২৮। ইয়া’জুজ এবং মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ) শব্দদ্বয় মূল শব্দ ‘আজ্‌জা’ হইতে উৎপন্ন, ইহার অর্থ তাহার পদক্ষেপ দ্রুত ছিল, সে অগ্নিশিখায় পরিণত হইল (লেইন) এবং ইহা দ্বারা নির্দেশ করে দূর প্রাচ্যের সিদিয়ার লোক অথবা যেমন কেহ কেহ বলেন, উত্তর এশিয়া ও ইউরোপে বসবাসকারী জাতিসমূহ (এনসাইক, ব্রিট এবং যিউ এনসাইক, ‘গগ ও মাগগ’ অধ্যায় এবং হিষ্টরিয়ানস্ হিষ্টরি অব দি ওয়ার্ল্ড, ২য় খণ্ড, ৫৮২ পৃষ্ঠা, এবং যিহিষ্কেল ৩৮ঃ২-৬ ও ৩৯ঃ৬) । এই শব্দগুলি পাশ্চাত্যের খৃষ্টান জাতিসমূহের জন্য প্রয়োগ হইতে পারে, যেহেতু তাহারা জলন্ত অগ্নিকুণ্ড এবং ফুটন্ত জলধারা অধিক পরিমাণে ব্যবহার করিয়াছে এবং এই সমস্ত জড় বস্তুর ব্যাপক ও সঠিক ব্যবহারের মাধ্যমে তাহাদের সর্বপ্রকার পার্থিব উন্নতি এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্ভব হইয়াছে । অথবা এই সকল জাতিগুলির অস্থির আচরণ, যেমন তাহারা সর্বদাই অধৈর্য এবং অস্থিরভাবে নূতন জয়ের সন্ধানে ব্যাপৃত থাকে, উহা এই ইংগিতও বহন করিতে পারে। ইয়া’জুজ-মা’জুজ সম্পর্কে বাইবেলের বর্ণনা মতে নিঃসন্দেহে বলা যায় যে, ইহা পাশ্চাত্যের কোন খৃষ্টান শক্তির প্রতি আরোপিত বা সংশ্লিষ্ট। প্রথমতঃ তাহারা বহু সংখ্যক শক্তিশালী এবং প্রবল প্রতাপশালী ক্ষমতাবানঃ ‘কিন্তু তুমি উঠিবে, ঝঞ্ঝার ন্যায় আসিবে, মেঘের ন্যায় তুমিও তোমার সহিত তোমার সকল সৈন্যদল ও অনেক জাতি সেই দেশ আচ্ছাদন করিবে।’ (যিহিষ্কেল ৩৮ঃ৯,) (গগ এণ্ড ম্যাগগ) ইয়া’জুজ মা’জুজ...... তাহাদের সংখ্যাসমূহের বালুকার তুল্য (প্রকাশিত বাক্য-২০ ঃ৮) । ‘তোমরা বীরগণের মাংস খাইবে ও ভূপতিদের রক্ত পান করিবে’ (যিহিষ্কেল-৩৯ঃ১৮, ১৯) । দ্বিতীয়তঃ পৃথিবীর উত্তরাঞ্চল এবং দীপাঞ্চল হইতে তাহাদের আগমন দেখান হইয়াছেঃ ‘আর তুমি আপন স্থান হইতে উত্তর দিকের প্রান্ত হইতে আসিবে এবং অনেক জাতি তোমার সংগে আসিবে তাহারা সকলে ঘোড়ায় চড়িয়া আসিবে’ (যিহিষ্কেল ৩৮ঃ১৫)। তৃতীয়ত তাহারা পৃথিবীর সর্বত্র ছড়াইয়া পড়িবেঃ ‘তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল, তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল’ (প্রকাশিত বাক্য-২০ঃ৯) । চতুর্থতঃ উত্তরাঞ্চলে তাহাদের আবাসস্থল হইতে দেশান্তরে চলিয়া যাইবে এবং পৃথিবীর চতুর্দিকে স্থায়ী বসবাস স্থাপন করিবে এবং যুদ্ধ বাঁধিলে তাহারা তাহাদের দূরবর্তী উপনিবেশগুলি হইতে আসিয়া একত্রে মিলিত হইবে। ‘শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে। তাহাতে তো পৃথিবীর চারিকোণস্থিত জাতিগণকে ও গগ ও ম্যাগগকে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে’ (প্রকাশিত বাক্য-২০ঃ৮)। যিহিষ্কেল নবীর গ্রন্থে ইয়া’জুজকে ‘হে মনুষ্য সন্তান, তুমি রোশের, মেশকের ও তুবালের অধ্যক্ষ’ বলিয়া অভিহিত করা হইয়াছে । স্পষ্টতঃই প্রতীয়মান হয় যে, রোশ হইতেছে রাশিয়া, মেশক মস্কো এবং তুবাল টবোলস্ক । গগ (ইয়া’জুজ)কে মাগগ বা মা’জুজের দেশীও বলা হইয়াছে (যিহিষ্কেল ৩৮ঃ২)এবং বাইবেলের ব্যাখ্যাকারীগণের মতে ম্যাগগ বা মা’জুজ সেই এলাকা নির্দেশ করে যাহা প্রাচীন মতে ‘সিদিয়া’ (রাশিয়া এবং তাতারসহ) নামে পরিচিত, যে স্থান হইতে অতীতে অনেক বর্বর যাযাবর দল উত্থিত হইয়াছিল। রাশিয়া যেহেতু মা’জুজের দেশের অন্তর্ভুক্ত ছিল; সেই কারণে রোশ, মেশক এবং তুবালকে যথাক্রমে রাশিয়া, মস্কো এবং টবোলস্ক বলিয়া ধরা যায় । ম্যাগগ বা মা’জুজকে এক জাতির নাম বলিয়া যিহিষ্কেল ৩৯ঃ৬-তে এবং প্রকাশিত বাক্য-২০ঃ৮তে বলা হইতেছে । প্রথমোক্ত যিহিষ্কেল-৩৯ঃ৬তে মাজুজকে যাহারা ‘উপকূল নিবাসী’ তাহাদের মধ্যে অন্তর্ভুক্ত বলিয়া উল্লেখ করিয়াছে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই ইয়া’জুজ এবং মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ) রাশিয়াসহ ইউরোপের কতক বৃহৎ শক্তিকে নির্দেশ করে। কুরআন করীমে ১৮ঃ৯৫ আয়াতে ইরানের উত্তর সীমান্তের রাজ্যসমূহে তাহাদের আক্রমণের সম্বন্ধে বলা হইয়াছে, যদ্বারা ইহা প্রতিপন্ন হয় যে, এই সকল উপজাতিরাই সাধারণতঃ সিদিয়ান (Seythians) নামে পরিচিত ছিল । ইহা এক ঐতিহাসিক সত্য ঘটনা যে, অনেক পুরানকালে সিদিয়ানগণ বড় বড় দলে রাশিয়া হইতে ইউরোপের দিকে গিয়াছিল, তাহাদের গমন পথ ছিল ককেশাস পর্বতের উত্তরাঞ্চল (এনসাইক, ব্রিট, ১২ খণ্ড, ২৬৩ পৃষ্ঠা, ১৪শ সংস্করণ)। যখন ইউরোপে একদল অবস্থান স্থির করিয়াছিল, তখন নূতন নূতন দল পূর্বদিক হইতে আসিতে আরম্ভ করিল এবং তাহাদের পূর্বগামীদিগকে পশ্চিম হইতে আরো পশ্চিমে সরাইয়া দিল। এইরূপে ইউরোপের জাতিগুলিকে যুক্তিসঙ্গত কারণেই বাইবেলের ভবিষ্যদ্বাণীতে ইয়া’জুজ এবং মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ) রূপে অভিহিত করা হইয়াছে । ইহা খুবই কৌতুহলোদ্দীপক যে, এই দুই বীর প্রতীকের স্মৃতি আজও পর্যন্ত লন্ডন গিল্‌ড হলে দুই প্রতিমূর্তির আকারে সংরক্ষিত আছে । পুনঃ যিহিষ্কেল এবং প্রকাশিত বাক্যে ইহা প্রতিপন্ন হয় যে, ইয়াজুজ ও মাজুজ-এর প্রকাশিত হওয়ার কথা শেষ যুগে (আখেরী যামানায়) অর্থাৎ মসীহ্ (আঃ)-এর দ্বিতীয় আগমনের অব্যবহিত পূর্বে ‘আর তুমি মেঘের ন্যায় দেশ আচ্ছাদন করিবার জন্য আমার প্রজা ইসরাঈলের বিরুদ্ধে যাত্রা করিবে, উত্তরকালে এইরূপ ঘটিবে; আমি তোমাকে আমার দেশের বিরুদ্ধে আনিব যেন জাতিগণ আমাকে জানিতে পারে’ (যিহিষ্কেল-৩৮ঃ১৬ এবং প্রকাশিত বাক্য-২০ঃ৭-১০ও দেখুন) । এই আয়াতসমূহ প্রতিপন্ন করে যে, এই ভবিষ্যদ্বাণী এমন জাতির প্রতি ইশারা করিতেছে যাহারা সুদূর ভবিষ্যতে আত্মপ্রকাশ করিবে । যে যুগে ইয়া’জুজ ও মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ) প্রকাশিত হইবে সেই যুগ যুদ্ধ, ভূমিকম্প, মহামারী এবং ভয়ানক দৈব-দুর্বিপাক ইত্যাদি দ্বারা চিহ্নিত (দি লারজার এডিশন অব দি কমেন্টারী, ১৭১৮ - ১৭২০ পৃষ্ঠা দ্রষ্টব্য)।
১৭২৯। সিদিয়ানরা (Seythians) বা ইয়া’জুজ-মা’জুজ কৃষ্ণ সাগরের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহ দখল করিয়াছিল এবং এই সকল এলাকা হইতে দারবন্দ গিরিপথের মধ্য দিয়া অভিযান চালাইয়া পারস্য দেশ জয় করিয়াছিল । সাইরাস তাহাদিগকে পরাস্ত করিয়া পারশ্যবাসীকে তাহাদের কবল হইতে মুক্ত করে (হিষ্টরিয়ানস্ হিষ্টরী অব দি ওয়ার্লড)। যে গিরিপথের মধ্য দিয়া সিদিয়ানগণ (Seythians) পারস্য দেশ আক্রমণ করিয়াছিল, হিরোডোটাসের মতে ঠিক সেই স্থানে বিখ্যাত দারবন্দ (Derband) প্রাচীর দণ্ডায়মান ছিল। দারবেণ্ড বা দারবন্দ (Derband) পারস্যের এক শহর দেঘেস্থান (Deghestan) প্রদেশের অন্তর্গত ককেশিয়া (Coucasia) কাস্পিয়ান উপসাগরের পশ্চিম তীরবর্তী স্থান....... এবং দক্ষিণ দিকে রহিয়াছে সমুদ্রাভিমুখে ৫০ মাইল দীর্ঘ ককেশাস প্রাচীরের দিগন্ত, উহা আলেকজাণ্ডারের প্রাচীর নামেও খ্যাত, যাহা লৌহ দ্বার বা কাস্পিয়ান দ্বার-এর সংকীর্ণ পথ রুদ্ধ করিয়া দাঁড়াইয়া আছে । ইহা আসল অবস্থায় উচ্চতায় ২৯ ফুট এবং প্রস্থে ১০ ফুট এবং ইহার লৌহ দ্বার এবং প্রহরার জন্য উচ্চকক্ষ পারস্য সীমান্ত রক্ষায় যথার্থই প্রতিবন্ধক হইয়া দাঁড়াইয়াছিল (এনসাইক, ব্রিট, ’দারবেন্দ’ অধ্যায়) । ঐতিহাসিক স্বীকৃত সত্যের বিপরীতে লোক সাধারণ্যে প্রচলিত ধারণা এই যে, উক্ত প্রাচীর সম্রাট আলেকজান্ডার কর্তৃক নির্মিত হইয়াছিল । কিন্তু আলেকজাণ্ডারের সামরিক অভিযান ক্ষণিকের ঘূর্ণিবাত্যার মত ছিল, যে সময়ের মধ্যে তাঁহার পক্ষে এইরূপ প্রকাণ্ড প্রাচীর নির্মাণের বিরাট পরিকল্পনা করার মত সময় দেওয়া অসম্ভব ছিল । উপরন্তু অল্প বয়সে মৃত্যু হওয়ায় তাহার এত বড় বিরাট দায়িত্ব পালনের অবকাশ ছিল না । জনসাধারণের এই ধারণা সৃষ্টির কারণ কুরআন করীমের ব্যাখ্যাকারী মুসলমানগণ যাহারা যুলকারনায়েনকে আলেকজাণ্ডার বা সেকান্দার বাদশা বলিয়া ভুল করিয়াছিলেন। নিম্ন বর্ণিত ঘটনা ও প্রমাণ দ্বারা প্রতিপন্ন হয় যে, সাইরাস উহা নির্মাণ করিয়াছিলেনঃ (ক) সিদিয়ানদের ক্ষমতা খর্ব করিয়া দেওয়ার জন্য সাইরাসের পুত্রের মৃত্যুর পর, দারিয়ূস সিংহাসনে অধিষ্ঠিত হইয়া গ্রীসের মধ্য দিয়া ইউরোপের দিক হইতে তাহাদের উপর আক্রমণ করে । ইহা এক অকল্পনীয় ব্যাপার যে, তিনি (দারিয়ূস) এত দীর্ঘ ও সংকটময় পথে তাহাদের বিরুদ্ধে আক্রমণ করিয়াছিলেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দিক হইতে, অথচ তাহারা উত্তর দিক হইতে তাহার অতি নিকটবর্তী ছিল। অতএব অনিবার্য সিদ্ধান্ত এই যে, সেই প্রকাণ্ড প্রাচীরের অস্তিত্ব, যাহা তাহার পূর্ববতী সাইরাসই কেবল করিতে সক্ষম ছিলেন, তাহার (দারিয়ূসের) জন্য আক্রমণকে অসম্ভব করিয়া দিয়াছিল । নিজের দেশকে উত্তর হইতে আক্রমণের জন্য অরক্ষিত রাখিয়া বিশাল সৈন্য বাহিনীসহ অপরদিকে অতিক্রম করিয়া যাওয়ার প্রয়োজন হইত না যদি না তাহার সামনে কোন বাধা বা প্রাচীর না থাকিত। (খ) সাইরাসের সময়ের পূর্বে সিদিয়ানরা পারস্যের উপর অবিরত আক্রমণ চালাইয়াছিল, কিন্তু তাঁহার বিজয়ের পরে এই সকল আক্রমণ সম্পূর্ণভাবে বন্ধ হইয়া গিয়াছিল । এই ঘটনা এই সম্ভাব্য সিদ্ধান্তে উপনীত করে যে, সাইরাস অবশ্যই এমন বাধা সৃষ্টি করিয়াছিলেন যাহা এই সমস্ত অভিযান কার্যকরভাবে বন্ধ করিয়াছিল এবং সেই বাধা ছিল দারবেণ্ডের দেওয়াল যাহাকে ভুলক্রমে আলেকজান্ডারের প্রাচীর বলিয়া অভিহিত করা হইয়াছে।

قَالَ مَا مَکَّنِّیۡ فِیۡہِ رَبِّیۡ خَیۡرٌ فَاَعِیۡنُوۡنِیۡ بِقُوَّۃٍ اَجۡعَلۡ بَیۡنَکُمۡ وَبَیۡنَہُمۡ رَدۡمًا ﴿ۙ۹۶﴾

৯৬
সে বলিল, ‘এই সম্বন্ধে আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দান করিয়াছেন উহা (আমার শত্রুর চাইতে) অনেক উত্তম; সুতরাং তোমরা আমাকে (শ্রম) শক্তি১৭৩০ দ্বারা সাহায্য কর, আমি তোমাদের এবং তাহাদের মধ্যে একটি মযবুত প্রাচীর নির্মাণ করিয়া দিব;
১৭৩০। সাইরাস উক্ত স্থানের অধিবাসীবৃন্দকে তাহাকে শ্রমিক সরবরাহ করিতে বলিয়াছিলেন। ‘কুওয়াহ্‌’ অর্থ দৈহিক শক্তি অর্থাৎ কায়িক শক্তিসম্পন্ন শ্রমিক।

اٰتُوۡنِیۡ زُبَرَ الۡحَدِیۡدِ ؕ حَتّٰۤی اِذَا سَاوٰی بَیۡنَ الصَّدَفَیۡنِ قَالَ انۡفُخُوۡا ؕ حَتّٰۤی اِذَا جَعَلَہٗ نَارًا ۙ قَالَ اٰتُوۡنِیۡۤ اُفۡرِغۡ عَلَیۡہِ قِطۡرًا ﴿ؕ۹۷﴾

৯৭
তোমরা আমাকে লৌহখণ্ডসমূহ১৭৩১ আনিয়া দাও।’ এমনকি সে যখন ঐ দুই (পর্বতের) শৃঙ্গের মধ্যবর্তী স্থানকে ভরাট করিয়া সমান করিল১৭৩১-ক (তখন) সে বলিল ‘তোমরা (তোমাদের হাপর দিয়া) ফুঁকিতে থাক।’ (তাহারা ফুকিতে থাকিল) এমন কি যখন সে উহাকে আগুনে পরিণত করিল, তখন সে বলিল, ‘তোমরা আমাকে গলিত তামা আনিয়া দাও যেন আমি ইহার উপর ঢালিয়া দিতে পারি।’
১৭৩১। শ্রমিক ছাড়াও সাইরাস স্থানীয় জনসাধারণের নিকট লৌহ এবং গলিত তাম্র চাহিয়াছিলেন। তাম্রে লোহার মত মরিচা ধরে না এবং যখন ইহা লোহার সহিত মিশ্রিত হয় তখন এই মিশ্রণ অধিকতর কঠিন পদার্থে পরিণত হয়, মরিচা এবং ক্ষয় প্রাপ্তি হইতে মুক্ত থাকে। প্রয়োজনীয় প্রকৌশল ও যন্ত্র সাইরাসের দক্ষ শিল্পিরা সরবরাহ করিয়াছিল।
১৭৩১-ক। এই দুর্গ-প্রাচীর কাস্‌পিয়ান সাগর এবং ককেশাস পর্বত শ্রেণীর মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হইয়াছিল।

فَمَا اسۡطَاعُوۡۤا اَنۡ یَّظۡہَرُوۡہُ وَمَا اسۡتَطَاعُوۡا لَہٗ نَقۡبًا ﴿۹۸﴾

৯৮
সুতরাং তাহারা (ইয়া’জুজ ও মা’জূজ) উহার উপর চড়িতে পারিল না এবং উহাতে কোন ছিদ্রও করিতে পারিল না।১৭৩২
১৭৩২। এই প্রাচীর নির্মাণ যখন শেষ হইল, তখন উত্তর দিক হইতে ইয়া’জুজ-মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ)-এর আক্রমণ বন্ধ হইয়া গেল। উক্ত প্রাচীর এত চওড়া ও উচ্চ ছিল যে, উহা ভাঙ্গা বা অতিক্রম করা সম্ভব ছিল না । ইহা ২৯ ফুট উচ্চ এবং ১০ ফুট প্রশস্ত ছিল (এনসাইক ব্রিট) এবং উহাতে লোহার দরজা ও প্রহরার জন্য উচ্চ কক্ষ ছিল । ইহা অত্যন্ত কার্যকরভাবে পারস্য সীমান্তে প্রতিরক্ষার কাজ করিত।

قَالَ ہٰذَا رَحۡمَۃٌ مِّنۡ رَّبِّیۡ ۚ فَاِذَا جَآءَ وَعۡدُ رَبِّیۡ جَعَلَہٗ دَکَّآءَ ۚ وَکَانَ وَعۡدُ رَبِّیۡ حَقًّا ﴿ؕ۹۹﴾

৯৯
সে বলিল, ‘ইহা আমার প্রতিপালকের তরফ হইতে বিশেষ অনুগ্রহ। অতঃপর, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার সময় আসিবে তখন তিনি উহাকে চূর্ণ-বিচূর্ণ করিয়া দিবেন।১৭৩৩ এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি নিশ্চয় সত্য।’
১৭৩৩। সাইরাস নিশ্চয় ইলহাম যোগে সংবাদ পাইয়াছিলেন যে, সুদূর ভবিষ্যতে ইয়া’জুজ-মা’জুজ দক্ষিণ-পূর্বে বিস্তার লাভ করিবে এবং তখন এই প্রাচীর তাহাদের অগ্রগতিকে প্রতিরোধ করিতে সক্ষম হইবে না। ‘তিনি উহাকে চুর্ণ বিচূর্ণ করিয়া দিবেন’ কথার তাৎপর্য ইহাই হইতে পারে। ২১ঃ৯৭ আয়াতে বলা হইয়াছে যে, ইয়া’জুজ-মা’জুজ সমগ্র পৃথিবীতে তাহাদের থাবা বিস্তার করিবে। রূপক অর্থে ‘প্রাচীর চূর্ণ বিচূর্ণ হওয়া’ ইসলাম ধর্মে বিশেষভাবে ইউরোপের তুর্কী জাতির রাজনৈতিক ক্ষমতার পতন বা অবক্ষয় বুঝাইতে পারে। তুরস্কের ক্ষমতার দুর্বলতার সাথে সাথে ইউরোপের খৃষ্টান জাতিসমূহের প্রাচ্য বিজয় সহজ করিয়া দিয়াছিল।

وَتَرَکۡنَا بَعۡضَہُمۡ یَوۡمَئِذٍ یَّمُوۡجُ فِیۡ بَعۡضٍ وَّنُفِخَ فِی الصُّوۡرِ فَجَمَعۡنٰہُمۡ جَمۡعًا ﴿ۙ۱۰۰﴾

১০০
এবং সেই দিন আমরা তাহাদের কতককে কতকের বিরুদ্ধে প্রচণ্ড আক্রমণ করিতে ছাড়িয়া দিব, এবং শিংগায় ফুৎকার দেওয়া হইবে। তখন আমরা তাহাদের সকলকে একত্রিত করিব।১৭৩৪
১৭৩৪। ইয়া’জুজ-মা’জুজের প্রতাপশালী হওয়ার যুগে পৃথিবীর সকল জাতি একত্রিত হইবে এবং সমস্ত বিশ্ব এক দেশের ন্যায় হইবে এবং বাইবেল অনুযায়ী জাতি জাতির বিরুদ্ধে লড়িবে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে এবং ঈর্ষা, ঘৃণা ও অন্যায় আচরণ বা অন্যায় বিচারের প্রাচুর্য হইবে । ইহা বর্তমান যুগকেই ইশারা করিতেছে । বিগত দুই বিশ্ব-যুদ্ধে পৃথিবীতে জাহান্নাম সৃষ্টি করা হইয়াছিল এবং তৃতীয় বিশ্ব-যুদ্ধের ধ্বংসলীলার কথা ভাবিয়া মানব চিন্তায় আতঙ্কিত হইয়া পড়িয়াছে । যিহিষ্কেলের মতে (৩৮ ও ৩৯) সোভিয়েত ইউনিয়ন হইল ইয়া’জুজ (গগ) এবং পাশ্চাত্য জাতিগুলি হইল মা’জুজ (ম্যাগগ) । এখন পর্যন্ত তাহারা জাতিসমূহের সর্বশেষ রণক্ষেত্রের জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছে ।