১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

وَقُلۡ رَّبِّ اَدۡخِلۡنِیۡ مُدۡخَلَ صِدۡقٍ وَّاَخۡرِجۡنِیۡ مُخۡرَجَ صِدۡقٍ وَّاجۡعَلۡ لِّیۡ مِنۡ لَّدُنۡکَ سُلۡطٰنًا نَّصِیۡرًا ﴿۸۱﴾

৮১
এবং তুমি বল, ‘হে আমার প্রভু! তুমি আমাকে উত্তম ভাবে প্রবিষ্ট কর এবং আমাকে উত্তমরূপে১৬৪৪ বহির্গত কর এবং তোমার সন্নিধান হইতে আমার জন্য পরম সাহায্যকারী ক্ষমতা দান কর।’
১৬৪৪। আল্লাহ্‌তা’লা নবী করীম (সাঃ)-এর মিনতিপূর্ণ দোয়া কবুল করেন এবং এই সূরার ২ আয়াতে উল্লেখিত ‘ইস্‌রা’ সম্পর্কে বর্ণিত, তিনি পবিত্র ও মহিমাময়, যিনি রাত্রিযোগে স্বীয় বান্দাকে মসজিদুল হারাম হইতে দূরবর্তী মসজিদ পর্যন্ত লইয়া গেলেন (১৭ঃ২),বাক্যে নিহিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী আল্লাহ্‌তা’লা তাঁহাকে এই সুসংবাদ দেন যে, তাঁহাকে মদীনায় নিয়া যাওয়া হইবে। এই ভবিষ্যদ্বাণীর পূর্ণতার জন্য রসূল করীম (সাঃ) আদেশ প্রাপ্ত হন যে, তিনি যেন এরূপ আশা নিয়া দোয়া করেন যে, তাঁহার মদীনায় প্রবেশ যেন দ্বিগুণ আশিসপুর্ণ হয় এবং বর্তমান বাসস্থান মক্কা হইতে তাঁহার হিজরতও যেন নিরাপদ হয়।

وَقُلۡ جَآءَ الۡحَقُّ وَزَہَقَ الۡبَاطِلُ ؕ اِنَّ الۡبَاطِلَ کَانَ زَہُوۡقًا ﴿۸۲﴾

৮২
এবং তুমি বল, ‘সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে; নিশ্চয় মিথ্যা বিলীন১৬৪৫ হওয়ারই যোগ্য।’
১৬৪৫। কুরআন মজীদের রচনা-শৈলী এমনি বিস্ময়কর যে, কোন কোন সন্দেহহীন বিষয়ে ভাব প্রকাশার্থে এমন বিশেষ শব্দ বাছিয়া লওয়া হইয়াছে যাহা ঘটনাবলীর সুদীর্ঘ ধারাবাহিকতাকে চিহ্নিত করিয়া দেখাইয়া দেয়। এই নির্দিষ্ট দৃষ্টান্তে—‘মিথ্যা বিলুপ্ত হইয়াছে’ ভাবটি অন্য শব্দ দ্বারাও প্রকাশ পাইতে পারিত, যথাঃ ‘হালাকা’ (ধ্বংস), ‘বাতেলা’ (অনাবশ্যক বা অকর্মণ্য হইয়া পড়িল)। কিন্তু এই দুইটি শব্দের কোনটিই ক্রমশঃ দুর্বল হইতে হইতে বিলোপ হইয়া যাওয়া ভাব প্রকাশ করিত না, যেই ভাব ‘যাহাকা’ শব্দ দ্বারা প্রকাশ পাইতেছে। তফসীরাধীন আয়াত এই ইঙ্গিত বহন করে যে, নবী করীম (সাঃ) মদীনায় প্রবেশ করার পর তাঁহার শক্তি ক্রমেই বৃদ্ধি পাইতে থাকিবে এবং তাঁহার শত্রুদের ক্ষমতার পতন হইতে হইতে চূর্ণ বিচূর্ণ হইয়া বিলুপ্ত হইয়া যাইবে। তদোপরি কুরআনের রচনা ভঙ্গী এমন চমৎকার যে, ছন্দ-বদ্ধ কবিতা না হইয়াও ইহার আয়াতসমূহ কাব্যিক ছন্দে সুর ও ব্যঞ্জনা বহন করে, যাহা না হইলে চরম আনন্দানুভূতি পূর্ণভাবে প্রকাশ করা অসম্ভব। মক্কা বিজয়ের পর মহানবী (সাঃ) যখন কা’বা শরীফ হইতে মূর্তিগুলিকে সরাইতে ছিলেন, যেগুলি দ্বারা বায়তুল্লাহ্‌কে অপবিত্র করা হইয়াছিল, তখন তিনি মূর্তিগুলিকে ভাঙ্গার সাথে সাথে এই আয়াতে করীমা পুনঃ পুনঃ পাঠ করিতেছিলেন।

وَنُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ وَلَا یَزِیۡدُ الظّٰلِمِیۡنَ اِلَّا خَسَارًا ﴿۸۳﴾

৮৩
এবং এই কুরআনের যাহা কিছু আমরা ধীরে ধীরে নাযেল করি উহা মো’মেনগণের জন্য আরোগ্য এবং রহমত বিশেষ; কিন্তু ইহা যালেমদিগকে কেবল ক্ষতিতেই বৃদ্ধি করে।

وَاِذَاۤ اَنۡعَمۡنَا عَلَی الۡاِنۡسَانِ اَعۡرَضَ وَنَاٰ بِجَانِبِہٖ ۚ وَاِذَا مَسَّہُ الشَّرُّ کَانَ یَــُٔوۡسًا ﴿۸۴﴾

৮৪
এবং যখন আমরা মানুষকে পুরস্কার দিই তখন সে মুখ ফিরাইয়া লয় এবং উহা হইতে সে পাশ কাটাইয়া যায়, এবং যখন কষ্ট তাহাকে স্পর্শ করে তখন সে হতাশ হইয়া যায়।

قُلۡ کُلٌّ یَّعۡمَلُ عَلٰی شَاکِلَتِہٖ ؕ فَرَبُّکُمۡ اَعۡلَمُ بِمَنۡ ہُوَ اَہۡدٰی سَبِیۡلًا ﴿٪۸۵﴾

৮৫
তুমি বল, ‘প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতি১৬৪৬ অনুযায়ী কাজ করে। অতএব তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশী অবগত আছেন যে, কে সর্বাধিক সঠিক পথে পরিচালিত আছে।’
সূরা বনী ইসরাঈল - রুকু ৯
১৬৪৬। ‘আলা শাকিলাতিহি’ শব্দদ্বয়ের অর্থ তাহার মতলব, চিন্তাধারা; অভিপ্রায় এবং উদ্দেশ্য।

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الرُّوۡحِ ؕ قُلِ الرُّوۡحُ مِنۡ اَمۡرِ رَبِّیۡ وَمَاۤ اُوۡتِیۡتُمۡ مِّنَ الۡعِلۡمِ اِلَّا قَلِیۡلًا ﴿۸۶﴾

৮৬
এবং তাহারা তোমাকে রূহ১৬৪৭ সম্বন্ধে জিজ্ঞাসা করে, তুমি বল, ‘রূহ আমার প্রতিপালকের আদেশে (সৃষ্টি) হইয়াছে; এবং (উহার সম্বন্ধে) তোমাদিগকে অতি অল্পই জ্ঞান দেওয়া হইয়াছে।’
১৬৪৭। ইহুদী জাতি নিজেদের আত্মিক অধঃপতনের যুগে আধুনিক অধ্যাত্ববাদী, থিওসফিষ্ট ও হিন্দু যোগীদের ন্যায় যাদু বিদ্যার চর্চা শুরু করিয়াছিল। আঁ-হযরত (সাঃ)-এর যমানায় মদীনাবাসী ইহুদীগণের মধ্যেও কেহ কেহ এই শখের যাদুবিদ্যার আশ্রয় নিয়াছিল বলিয়া মনে হয়। এই কারণেই নবী করীম (সাঃ)-কে মিথ্যা প্রমাণিত করিবার জন্য তাহারা মোশরেকদিগকে পরামর্শ দিয়াছিল যে, তাহারা যেন নবী করীম (সাঃ)-কে মানবাত্তা সম্পর্কে প্রশ্ন করে। পবিত্র কুরআন তফসীরাধীন আয়াত দ্বারা তাহাদিগকে এই বলিয়া উত্তর দিতেছে যে, আল্লাহ্‌র হুকুমে আত্মার উৎপত্তি হয় এবং ইহা তাঁহারই হুকুমে ক্রমশঃ বলীয়ান হয়। ইহা ছাড়া অন্য যাহা কিছু যাদুবিদ্যা বা তথাকথিত আধ্যাত্মিক চর্চার বলে অর্জিত বলিয়া দাবী করা হয় তাহা সমস্তই দমবাজি বা ভান মাত্র। হযরত আবদুল্লাহ্ বিন মাসউদ (রাঃ)-এর মতে মানবাত্মার প্রকৃতি সম্পর্কে প্রশ্নটি মক্কাতে প্রথমে আঁ-হযরত (সাঃ)-কে করিয়াছিল মক্কার কোরায়শগণ এবং ইহার পরে মদীনাতে ইহুদীরা এই প্রশ্ন উত্থাপন করিয়াছিল। আল্লাহ্‌তা’লার সরাসরি হুকুমে আত্মার সৃষ্টি বলিয়া এখানে বর্ণিত হইয়াছে। কুরআন মজীদ অনুযায়ী সকল সৃষ্টি দুইটি শ্রেণীভুক্তঃ (১) আদি সৃষ্টি যাহা পূর্ব হইতে সৃষ্ট কোন বস্তু বা জড় পদার্থের অবলম্বন ব্যতিরেকে সৃজন করা হইয়াছে; (২) পরবর্তী সৃষ্টি যাহা পূর্বে সৃজিত উপায়, উপকরণ এবং বস্তুর সাহায্য অবলম্বনে সৃষ্টি করা হইয়াছে। প্রথমোক্ত সৃষ্টি ‘আম্‌র’ অর্থাৎ হুকুমের পর্যায়ভুক্ত (২ঃ১১৮ দ্রষ্টব্য) এবং পরবর্তী সৃষ্টিকে বলা হয় খাল্‌ক (সৃজন করিতে থাকা)। মানবাত্মা প্রথমোক্তা সৃষ্টির শ্রেণীভুক্ত। রূহ শব্দের অর্থ ইলহাম বা ঐশী-বাণীও হয় (লেইন)। পূর্বে বর্ণিত প্রসঙ্গ এই অর্থকে সমর্থন করে।

وَلَئِنۡ شِئۡنَا لَنَذۡہَبَنَّ بِالَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ ثُمَّ لَا تَجِدُ لَکَ بِہٖ عَلَیۡنَا وَکِیۡلًا ﴿ۙ۸۷﴾

৮৭
এবং যদি আমরা চাহি তাহা হইলে নিশ্চয় আমরা যাহা তোমার প্রতি ওহী করিয়াছি উহা অবশ্যই উঠাইয়া লইতে১৬৪৮ পারি, তখন তুমি আমাদের বিরুদ্ধে তোমার জন্য এই বিষয়ে কোন অভিভাবক পাইবে না—
১৬৪৮। মনে হয় এই আয়াত এক ভবিষ্যদ্বাণীর প্রতি ইংগিত করিতেছে যে, এক সময় আসিবে যখন কুরআনের জ্ঞান পৃথিবী হইতে উঠিয়া যাইবে। অনুরূপ একটি অভিন্ন ভবিষ্যৎবাণী রসূল করীম (সাঃ) হইতে (মারদাওয়াই, বায়হাকী এবং ইবনে মাজা হাদিস গ্রন্থে হইয়াছে যে, এমন এক সময় আসিব যখন কুরআনের মর্মবাণী এবং মা’রেফাত এবং প্রকৃত অর্থ পৃথিবী হইতে অদৃশ্য হইয়া যাইবে এবং সেই যুগের তথাকথিত সুফীগণ ও অতীন্দ্রিয়বাদীগণ তাহাদের আদিরূপী ইহুদীদের মত অতি-প্রাকৃত শক্তির দাবীদারগণ সকলে মিলিয়া তাহাদের পরস্পরের সহযোগিতায় পরিকল্পিত পূর্ণ প্রচেষ্টা দ্বারাও উহা অর্থাৎ কুরআনের তত্ত্বজ্ঞান পুরুদ্ধার করিতে সক্ষম হইবে না। এই মহান কার্য অবধারিত রহিয়াছে কেবল প্রতিশ্রুত ইমাম মাহ্‌দী (আঃ)-এর জন্য; যিনি কুরআন সপ্তর্ষি মণ্ডলে উঠিয়া গেলেও সেখান থেকে আনিয়া পৃথিবীতে পুনরায় প্রতিষ্ঠিত করিবেন (বুখারী)। পরবর্তী আয়াত ‘ইল্লা রাহ্‌মাতাঁম মির রাব্বেকা’ ইহার প্রতি নির্দেশ করিতেছে।

اِلَّا رَحۡمَۃً مِّنۡ رَّبِّکَ ؕ اِنَّ فَضۡلَہٗ کَانَ عَلَیۡکَ کَبِیۡرًا ﴿۸۸﴾

৮৮
ইহা ব্যতিরেকে যে, তোমার প্রতিপালকের (বিশেষ) রহমত (যুক্ত) হয়। নিশ্চয় তোমার উপর তাঁহার মহা অনুগ্রহ রহিয়াছে।

قُلۡ لَّئِنِ اجۡتَمَعَتِ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلٰۤی اَنۡ یَّاۡتُوۡا بِمِثۡلِ ہٰذَا الۡقُرۡاٰنِ لَا یَاۡتُوۡنَ بِمِثۡلِہٖ وَلَوۡ کَانَ بَعۡضُہُمۡ لِبَعۡضٍ ظَہِیۡرًا ﴿۸۹﴾

৮৯
তুমি বল, ‘যদি সকল মানুষ এবং জিন্ন্‌ এই কুরআনের অনুরূপ কিছু আনিবার জন্য সমবেত হয় তবুও তাহারা ইহার অনুরূপ১৬৪৯ কিছু আনতে সক্ষম হইবে না, যদিও তাহারা একে অপরের সাহায্যকারী হয়।’
১৬৪৯। যাহারা তন্ত্র-মন্ত্র বা যাদুবিদ্যাতে বিশ্বাস করে, প্রথমে তাহাদিগকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানানো হয় যে, তাহাদের সাহায্যের জন্য সমস্ত গুপ্ত আত্মা (প্রেত), যাহাদের নিকট হইতে তাহারা আধ্যাত্মিক জ্ঞান পাওয়ার দাবী করে, তাহাদিগকে ডাকিয়া আনা উচিৎ। এই চ্যালেঞ্জ কুরআন পাকের ঐশী উৎস হওয়ার অস্বীকারকারী সকল যুগের সকল মানুষের জন্য সমভাবে প্রযোজ্য।

وَلَقَدۡ صَرَّفۡنَا لِلنَّاسِ فِیۡ ہٰذَا الۡقُرۡاٰنِ مِنۡ کُلِّ مَثَلٍ ۫ فَاَبٰۤی اَکۡثَرُ النَّاسِ اِلَّا کُفُوۡرًا ﴿۹۰﴾

৯০
এবং আমরা মানবমণ্ডলীর জন্য নিশ্চয় এই কুরআনে প্রত্যেক উপমা বিভিন্নভাবে১৬৫০ বিশদরূপে বর্ণনা করিয়াছি, তবুও অধিকাংশ লোক কেবল অবিশ্বাস করা ব্যতিরেকে (সব কিছু) অস্বীকার করিল।
১৬৫০। মানুষের কর্মক্ষমতা সীমাবদ্ধ, সেই কারণে সে শুধু সীমিতভাবেই তাহার সমস্যাগুলির মোকাবিলা করিতে পারে। কিন্তু কুরআন মজীদ সেই সকল বিষয়েরই সামগ্রিক সমাধান দিয়াছে, যাহা মানবের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির সাথে সম্পৃক্ত।