১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

وَاِذۡ قُلۡنَا لَکَ اِنَّ رَبَّکَ اَحَاطَ بِالنَّاسِ ؕ وَمَا جَعَلۡنَا الرُّءۡیَا الَّتِیۡۤ اَرَیۡنٰکَ اِلَّا فِتۡنَۃً لِّلنَّاسِ وَالشَّجَرَۃَ الۡمَلۡعُوۡنَۃَ فِی الۡقُرۡاٰنِ ؕ وَنُخَوِّفُہُمۡ ۙ فَمَا یَزِیۡدُہُمۡ اِلَّا طُغۡیَانًا کَبِیۡرًا ﴿٪۶۱﴾

৬১
এবং (স্মরণ কর) যখন আমরা তোমাকে বলিয়াছিলাম, ‘নিশ্চয় তোমার প্রতিপালক এই সকল লোককে (ধ্বংস করার জন্য) পরিবেষ্টন করিয়াছেন।’ এবং আমরা তোমাকে যে সত্য স্বপ্ন১৬২৭-ক দেখাইয়াছিলাম উহাকে লোকগণের জন্য কেবল পরীক্ষা স্বরূপ করিয়াছিলাম এবং ঐ বৃক্ষটিকেও যাহাকে কুরআনে অভিশপ্ত১৬২৮ সাব্যস্ত করা হইয়াছে। এবং আমরা তাহাদিগকে (অবিরাম) সতর্ক করিয়া যাইতেছি, কিন্তু ইহা তাহাদিগকে কেবল ঘোর বিদ্রোহিতায় বাড়াইতেছে।
সূরা বনী ইসরাঈল - রুকু ৬
১৬২৭-ক। এখানে এই সূরার ২ আয়াতে উল্লেখিত কাশ্‌ফ সম্পর্কে বলা হইয়াছে। এই কাশ্‌ফে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিজেকে জেরুযালেমের উপাসনালয়ে (মসজিদুল আকসাতে) যাহা ইহুদীগণের কিবলা ছিল, অন্যান্য নবীগণের নামাযের ইমামতি করিতে দেখিয়াছিলেন। এই দিব্য-দর্শন বা কাশ্‌ফ ইংগিত করে যে, ঐ সকল নবীর উম্মত বা অনুসারীরা ভবিষ্যতে কোন এক সময় ইসলামের পতাকাতলে সমবেত হইবে। ইহাই হইতেছে ‘নিশ্চয় তোমার প্রতিপালক এই সকল লোককে (ধ্বংস করার জন্য) পরিবেষ্টন করিয়াছেন’ বাক্যের মমার্থ। ইসলামের সাধারণ বিজয় বা প্রসার ঘটিবে বিশ্বব্যাপী ধ্বংস কাণ্ডের অব্যবহিত পরে যাহার উল্লেখ রহিয়াছে ৫৯ আয়াতে।
১৬২৮। ‘অভিশপ্ত বৃক্ষটি’ সম্ভবতঃ ইহুদীজাতি, যাহাদের সম্বন্ধে কুরআন মজীদ বার বার উল্লেখ করিয়াছে যে, তাহারা আল্লাহ্‌তা’লা কর্তৃক অভিশপ্ত (৫ঃ১৪,৬১,৬৫,৭৯)। আল্লাহ্‌তা’লার অভিশাপ এই দুর্ভাগা জাতির পিছনে লাগিয়া রহিয়াছে—হযরত দাউদ (আঃ)-এর সময় হইতে শুরু করিয়া বর্তমান যমানা পর্যন্ত। এই ব্যাখ্যা এই সূরার ‘বানী ইসরাঈল’ নাম করণের মধ্যেও নিহিত আছে এবং এই সূরাতে বিশেষভাবে ইহুদী জাতির কথাই বলা হইয়াছে। আয়াতের শুরুতে কাশ্‌ফের সম্পর্কে উল্লেখ করিয়া বলা হইয়াছে যে, উহার (কাশ্‌ফের) মধ্যে রসূল করীম (সাঃ) দেখিয়াছেন যে, ইহুদী ধর্ম বিশ্বাসের কেন্দ্র জেরুযালেমে তিনি নামাযে ইসরাঈলী নবীগণের ইমামতি করিতেছেন। এই ঘটনা দ্বারা আরো সমর্থন পাওয়া যায় যে, ‘অভিশপ্ত বৃক্ষ’ ইহুদী জাতিকেই বুঝাইতেছে। ‘শাজারাহ্’ শব্দের অর্থ এখানে জাতি বা গোত্র। তফসীরাধীন আয়াত কাশ্‌ফ এবং ইহুদী জাতি (অভিশপ্ত-বৃক্ষ) উভয় সম্পর্কে বলা হইয়াছে, ইহুদীদের প্রতি এই কাশ্‌ফ বিশেষভাবে ‘মানুষের জন্য পরীক্ষা স্বরূপ’ আরোপিত হইয়াছে। ইহুদীগণ যুগ যুগ ধরিয়া মানবজাতির জন্য বিশেষভাবে মুসলমান জাতির জন্য দুঃখ-দুর্দশার কারণরূপে সাব্যস্ত হইয়াছে।

وَاِذۡ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ قَالَ ءَاَسۡجُدُ لِمَنۡ خَلَقۡتَ طِیۡنًا ﴿ۚ۶۲﴾

৬২
এবং (স্মরণ কর) যখন আমরা ফিরিশ্‌তাগণকে বলিয়াছিলাম, ‘আদমের আনুগত্য১৬২৯ কর’, তখন তাহারা সকলেই আনুগত্য করিল। কিন্তু ইবলীস (করিল না)। সে বলিল, ‘আমি কি তাহার আনুগত্য করিব যাহাকে তুমি কর্দম হইতে সৃষ্টি করিয়াছ?’
১৬২৯। অন্যান্য অর্থ ছাড়া ‘লাম’ এর অর্থ ‘সঙ্গে’, ‘সাথে’ও হয়; অতএব ‘লে-আদামা’ এর অর্থ আদমের সাথে হইতে পারে।

قَالَ اَرَءَیۡتَکَ ہٰذَا الَّذِیۡ کَرَّمۡتَ عَلَیَّ ۫ لَئِنۡ اَخَّرۡتَنِ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ لَاَحۡتَنِکَنَّ ذُرِّیَّتَہٗۤ اِلَّا قَلِیۡلًا ﴿۶۳﴾

৬৩
সে (আরও) বলিল, ‘তুমিই বল, এ কি সেই, যাহাকে তুমি আমার উপর সম্মান দিয়াছ? যদি তুমি আমাকে কিয়ামত১৬৩০ দিবস পর্যন্ত অবকাশ দাও তাহা হইলে নিশ্চয় আমি অল্প সংখ্যক লোক ব্যতীত তাহার বংশধরগণের সকলকে আমার আয়ত্তাধীন করিয়া লইব।’১৬৩১
১৬৩০। ‘পুনরুত্থানের’ মর্ম এখানে আধ্যাত্মিক পুনরুত্থান, যাহার সম্বন্ধে প্রত্যেক মো’মেনের অভিজ্ঞতা বা জ্ঞান লাভ হয় যখন তাহার ঈমান পূর্ণতা প্রাপ্ত হয়। তখন শয়তান তাহাকে আর কাবু করিতে পারে না।
১৬৩১। মানবজাতির এক বিরাট সংখ্যা গরিষ্ঠ দলকে পথভ্রষ্ট করার জন্য শয়তান যে ভীতি প্রদর্শন করিয়াছিল, উহাতে সে কিরূপ কৃতকার্যতা লাভ করিয়াছে? এই প্রশ্নটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাহার উত্তর দেওয়া প্রয়োজন। পৃথিবীতে শুভ ও অশুভ এবং ভাল ও মন্দ অবস্থার উপর আপাতঃ ও দ্রুত দৃষ্টি ফিরাইলে কোন ব্যক্তি এই ভুল সিদ্ধান্তে উপনীত হইতে পারে যে, অশুভ বা অসৎ কিংবা পাপী বা দুবৃত্তরা প্রভাব এবং প্রাধান্য বিস্তার করিয়া চলিয়াছে সৎ, শুভ বা ধার্মিকের উপরে। এক কথায় কল্যাণের উপর অকল্যাণ টেক্কা মারিয়া চলিতেছে। কিন্তু প্রকৃত ঘটনা ইহার বিপরীত। দৃষ্টান্ত স্বরূপ যদি সর্ব প্রধান মিথ্যাবাদীর সকল উক্তি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা যায়, তাহা হইলে দেখা যাইবে যে, তাহার সত্য কথাগুলির সংখ্যা উৎকর্ষতায় তাহার মিথ্যাকে ছাড়াইয়া যাইতেছে। একইভাবে পৃথিবীতে দুষ্ট বা অসৎ লোকের সংখ্যা সৎ এবং ধার্মিক লোকের তুলনায় অনেক কম। প্রকৃত অবস্থা হইল এই যে, দুষ্টামী বা পাপাচার এত ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করে যে, উহা নিজেই এই বাস্তব অবস্থার প্রমাণ যোগায় যে, মানব প্রকৃতি জন্মগতভাবে ভাল এবং উহা অমঙ্গলের সামান্যতম স্পর্শেও বিক্ষুদ্ধ হইয়া উঠে। অতএব, ইহা বলা ভুল হইবে যে, শয়তান তাহার ভীতি প্রদর্শনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাইতে সক্ষম হইয়াছে।

قَالَ اذۡہَبۡ فَمَنۡ تَبِعَکَ مِنۡہُمۡ فَاِنَّ جَہَنَّمَ جَزَآؤُکُمۡ جَزَآءً مَّوۡفُوۡرًا ﴿۶۴﴾

৬৪
তিনি বলিলেন, ‘দূর হও, কারণ তাহাদের মধ্য হইতে যাহারা তোমাকে অনুসরণ করিবে, নিশ্চয় জাহান্নাম হইবে তোমাদের সকলের এক পূর্ণ প্রতিফল;

وَاسۡتَفۡزِزۡ مَنِ اسۡتَطَعۡتَ مِنۡہُمۡ بِصَوۡتِکَ وَاَجۡلِبۡ عَلَیۡہِمۡ بِخَیۡلِکَ وَرَجِلِکَ وَشَارِکۡہُمۡ فِی الۡاَمۡوَالِ وَالۡاَوۡلَادِ وَعِدۡہُمۡ ؕ وَمَا یَعِدُہُمُ الشَّیۡطٰنُ اِلَّا غُرُوۡرًا ﴿۶۵﴾

৬৫
এবং তাহাদের মধ্য হইতে যাহাকে তুমি পার তাহাকে তুমি তোমার আওয়াজ দ্বারা প্রতারিত কর এবং তুমি তোমার অশ্বারোহী ও পদাতিক সৈন্যসহ তাহাদের উপর চড়াও হও এবং তাহাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিগণের মধ্যে শরীক হও, এবং তাহাদিগকে১৬৩২ (মিথ্যা) প্রতিশ্রুতি দাও।’ প্রকৃত পক্ষে শয়তান প্রবঞ্চনা ব্যতীত তাহাদিগকে কোন প্রতিশ্রুতি দেয় না।
১৬৩২। এই আয়াতে মানুষকে প্রলুদ্ধ করিয়া সৎ পথ হইতে বিভ্রান্ত করার জন্য শয়তান প্রকৃতির লোকদের তিন প্রকার কৌশল বর্ণনা করা হইয়াছে। (১) তাহারা দরিদ্র ও দুর্বলকে হিংস্রতার ভয় দেখাইয়া বশে আনিতে চায়। (২) হিংস্রতার মৌখিক-ভীতি প্রদর্শনে যাহারা ভীত হয় না তাহাদের বিরুদ্ধে তাহারা কঠোর পন্থা অবলম্বন করে। দল পাকাইয়া তাহাদের বিরুদ্ধে পরস্পরের সহযোগিতায় পরিকল্পিত আক্রমণ চালাইয়া তাহাদিগকে সর্বপ্রকার নির্যাতন ও নিপীড়নের শিকারে পরিণত করে। (৩) তাহারা ক্ষমতাশীল এবং অধিক প্রভাবশালী ব্যক্তিগণকে প্রলোভনের মাধ্যমে দলে ভিড়াইয়া নেওয়ার পথ বাছিয়া লয় এবং যদি তাহারা শুধু সত্যের সমর্থনে বিরত থাকে তাহা হইলে তাহাদিগকে নেতা বানাইবার ইচ্ছা প্রকাশ করে।

اِنَّ عِبَادِیۡ لَیۡسَ لَکَ عَلَیۡہِمۡ سُلۡطٰنٌ ؕ وَکَفٰی بِرَبِّکَ وَکِیۡلًا ﴿۶۶﴾

৬৬
নিশ্চয় যাহারা আমার বান্দা, তাহাদের উপর তোমার কোন আধিপত্য১৬৩৩ চলিবে না; এবং তোমার প্রভু অভিভাবক হিসাবে যথেষ্ট।
১৬৩৩। মানুষের আধ্যাত্মিক পুনরুত্থান না ঘটা পর্যন্ত সে শয়তানী প্রলোভনের শিকার হইতে পারে, অর্থাৎ যে পর্যন্ত তাহার ঈমান পূর্ণতাপ্রাপ্ত না হয় সে পর্যন্ত শয়তানের দল তাহাকে (মানুষকে) বিভ্রান্ত করিতে চেষ্টা করে।

رَبُّکُمُ الَّذِیۡ یُزۡجِیۡ لَکُمُ الۡفُلۡکَ فِی الۡبَحۡرِ لِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ ؕ اِنَّہٗ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۶۷﴾

৬৭
তোমাদের প্রভু তিনি, যিনি তোমাদের জন্য নৌকা সমূহকে সমুদ্রে পরিচালিত করেন যেন তোমরা তাঁহার অনুগ্রহ অনুসন্ধান কর। নিশ্চয় তিনি তোমাদের উপর পরম দয়াময়।

وَاِذَا مَسَّکُمُ الضُّرُّ فِی الۡبَحۡرِ ضَلَّ مَنۡ تَدۡعُوۡنَ اِلَّاۤ اِیَّاہُ ۚ فَلَمَّا نَجّٰٮکُمۡ اِلَی الۡبَرِّ اَعۡرَضۡتُمۡ ؕ وَکَانَ الۡاِنۡسَانُ کَفُوۡرًا ﴿۶۸﴾

৬৮
এবং যখন সমুদ্রে তোমাদিগকে কষ্ট স্পর্শ করে, তখন তিনি ব্যতীত আর সকলেই যাহাদিগকে তোমরা ডাকিয়া থাক (তোমাদের মন হইতে) উধাও হইয়া যায়। অতঃপর, যখন তিনি তোমাদিগকে বাঁচাইয়া স্থলে আনেন তখন তোমরা (তাঁহার দিক হইতে) বিমুখ হইয়া যাও; বস্তুতঃ মানুষ বড়ই অকৃতজ্ঞ।১৬৩৪
১৬৩৪। মানুষের স্বভাব এমনই যে, যখন সে বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন সে নম্র হয় এবং আল্লাহ্‌তা’লার নিকট প্রার্থনা করে, প্রতিজ্ঞা করে এবং সৎ জীবন যাপন করিবে বলিয়া শপথ করে। কিন্তু এক বার বিপদমুক্ত হইয়া গেলেই সে পূর্ববৎ প্রগল্‌ভ ও দাম্ভিক হইয়া যায়।

اَفَاَمِنۡتُمۡ اَنۡ یَّخۡسِفَ بِکُمۡ جَانِبَ الۡبَرِّ اَوۡ یُرۡسِلَ عَلَیۡکُمۡ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوۡا لَکُمۡ وَکِیۡلًا ﴿ۙ۶۹﴾

৬৯
তোমরা কি ইহা হইতে নিরাপদ হইয়া গিয়াছ যে, তিনি তোমাদিগকে স্থলভাগের কিনারায় (ভূভাগে) প্রোথিত করিয়া দিতে পারেন অথবা তোমাদের উপর প্রচণ্ড শিলাবৃষ্টি বর্ষণ করিতে পারেন যাহার পর তোমরা তোমাদের জন্য কোন অভিভাবক খুঁজিয়া পাইবে না?

اَمۡ اَمِنۡتُمۡ اَنۡ یُّعِیۡدَکُمۡ فِیۡہِ تَارَۃً اُخۡرٰی فَیُرۡسِلَ عَلَیۡکُمۡ قَاصِفًا مِّنَ الرِّیۡحِ فَیُغۡرِقَکُمۡ بِمَا کَفَرۡتُمۡ ۙ ثُمَّ لَا تَجِدُوۡا لَکُمۡ عَلَیۡنَا بِہٖ تَبِیۡعًا ﴿۷۰﴾

৭০
অথবা তোমরা কি ইহা হইতে নিরাপদ হইয়া গিয়াছ যে, তিনি তোমাদিগকে আর এক বার সেখানে ফিরাইয়া লইয়া যাইতে পারেন, অতঃপর এক প্রবল ঝঞ্ঝাবায়ু তোমাদের উপর প্রবাহিত করিতে পারেন এবং তোমাদের অবিশ্বাস করার কারণে তোমাদিগকে (সমুদ্রে) নিমজ্জিত করিতে পারেন? তখন তোমরা নিজেদের জন্য সে বিষয়ে আমাদের বিরুদ্ধে কোন পৃষ্ঠপোষক পাইবে না।