১৬

النحل

সূরা আন্‌ নাহ্‌ল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

اِنَّ اللّٰہَ یَاۡمُرُ بِالۡعَدۡلِ وَالۡاِحۡسَانِ وَاِیۡتَآیِٔ ذِی الۡقُرۡبٰی وَیَنۡہٰی عَنِ الۡفَحۡشَآءِ وَالۡمُنۡکَرِ وَالۡبَغۡیِ ۚ یَعِظُکُمۡ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۹۱﴾

৯১
আল্লাহ্ নিশ্চয় সুবিচার ও উপকার সাধন করিবার এবং আত্মীয়স্বজনকে (দান করিবার ন্যায় অন্য লোকদিগকেও) দান করিবার আদেশ দিতেছেন এবং (সর্বপ্রকার) অশ্লীলতা ও মন্দ কার্য এবং বিদ্রোহ করিতে বারণ করিতেছেন।১৫৭০ তিনি তোমাদিগকে উপদেশ দিতেছেন যেন তোমরা শিক্ষা গ্রহণ কর।
১৫৭০। এই আয়াতে তিনটি আদেশাজ্ঞা এবং তিনটি নিষেধাজ্ঞা রহিয়াছে। ইহাতে মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির বিভিন্ন পর্যায়ে ইতিবাচক ও নেতিবাচক ভূমিকার পর্যালোচনা করা হইয়াছে। ইহা মানুষকে ন্যায় বিচার, অপরের প্রতি ভাল ব্যবহার এবং সকলের প্রতি আত্মীয়সুলভ সদয় ব্যবহার করার জন্য আদেশ দেয় এবং অশ্লীল আচরণ, প্রকাশ্য পাপাচার এবং সীমালঙ্ঘন হইতে নিষেধ করে। ন্যায় বিচারের মর্ম হইল যে, একজন মানুষ অপরের সহিত সেইরূপ আচরণ করিবে যেই রূপ সে অপরের নিকট হইতে পাইতে চায়। সে অপরের নিকট হইতে যে পরিমাণে উপকার অথবা অপকার লাভ করিবে প্রতিদানে সমতুল্য হিত বা অহিত সাধন করিবে। আদল (ন্যায়-বিচার)-এর উপরের দর্জা (স্তর) হইল এহ্সান (পরোপকার)। একে অন্যের হিত সাধনের বেলায় প্রতিদানের প্রত্যাশা করিবে না, এমনকি দুর্ব্যবহারের মোকাবেলায়ও নহে। তাহার আচরণ কোন প্রকার প্রতিদান বা বিনিময়ের চিন্তা দ্বারা প্রভাবিত হইবে না। নৈতিক উন্নতির সর্বোচ্চ এবং সর্বশেষ স্তর হইল “ঈতাইযিল কুরবা” (জ্ঞাতি সুলভ দান)। এই পর্যায়ে একজন মো’মেনের নিকট হইতে ইহাই প্রত্যাশা করা যায় যে, সে স্বাভাবিক মনের আবেগে অনুপ্রাণিত হইয়া পরোপকার করিবে যেমন অতি নিকট সম্পর্কের আত্মীয়ের প্রতি করা হয়। সে অন্যের নিকট হইতে প্রাপ্ত উপকারের বিনিময়ে পরোপকার করে না এবং প্রতিদানে তুলনামূলকভাবে বেশী উপকারের ধারণাতেও ইহা করে না। বরং তাহার অবস্থা হইতেছে একজন সন্তানের প্রতি তাহার মায়ের অনুপ্রেরণাপূর্ণ ভালবাসা সদৃশ। একজন মো’মেন এই স্তরে পৌঁছিলে তাহার নৈতিক উন্নতি পূর্ণতা প্রাপ্ত হয়। নৈতিকতার এই তিনটি স্তর মানবের নৈতিক উন্নতির চূড়ান্ত ও নিশ্চিত অবস্থা গঠন করে। ইহার নেতিবাচক দিক স্পষ্ট রূপে চিত্রিত হইয়াছে তিনটি শব্দে যথাঃ ‘ফাহ্‌শা’ (অশ্লীলতা)’ ‘মুনকার’ ( মন্দকাজ )’ বাগাওত (সীমালঙ্ঘন)। ফাহ্‌শা দ্বারা সেই কাজ বুঝায় যাহা শুধু পাপাচারী নিজেই জানে এবং মুনকার সেই সকল অশ্লীলতা বা মন্দকে বুঝায় যাহা অন্য লোকেরাও দেখে এবং নিন্দা করে, যদিও উহা দ্বারা তাহারা কোন ক্ষতির শিকার হয় না অথবা তাহাদের অধিকারে কোন হস্তক্ষেপও হয় না। বাগাওয়াত ঐ সকল মন্দ, পাপ এবং অশিষ্টতাকে বুঝায় যাহা অন্যেরা দেখে ও অনুভব করে এবং কেবল ধিক্কারই দেয় না বরং সেইগুলি তাহাদের সুস্পষ্ট ক্ষতি সাধনও করিয়া থাকে। প্রকাশ্য ও ক্ষতিকর সকল প্রকার পাপই এই শব্দটির আওতায় পড়ে।

وَاَوۡفُوۡا بِعَہۡدِ اللّٰہِ اِذَا عٰہَدۡتُّمۡ وَلَا تَنۡقُضُوا الۡاَیۡمَانَ بَعۡدَ تَوۡکِیۡدِہَا وَقَدۡ جَعَلۡتُمُ اللّٰہَ عَلَیۡکُمۡ کَفِیۡلًا ؕ اِنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا تَفۡعَلُوۡنَ ﴿۹۲﴾

৯২
এবং তোমরা আল্লাহ্‌র সঙ্গে কৃত অঙ্গীকারকে পূর্ণ কর— যখন তোমরা কোন অঙ্গীকার কর এবং শপথকে পাকা করিবার পর ভঙ্গ করিও না,১৫৭১ কেননা তোমরা আল্লাহ্‌কে নিজেদের জামিন করিয়া লইয়াছ। তোমরা যাহা কিছু করিতেছ আল্লাহ্ নিশ্চয় উহা জানেন।
১৫৭১। ‘আল্লাহ্‌র সাথে কৃত অঙ্গীকার’ এই কথা দ্বারা আল্লাহ্‌র প্রতি মো’মেনদের দায়িত্বসমূহ বুঝায়; তাহা ছাড়া সমাজের অন্যান্য মানুষের দায়িত্বসমূহ বুঝাইতে ‘আয়মা’ন’ (অর্থঃ শপথ) শব্দ ব্যবহৃত হইয়াছে ।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّتِیۡ نَقَضَتۡ غَزۡلَہَا مِنۡۢ بَعۡدِ قُوَّۃٍ اَنۡکَاثًا ؕ تَتَّخِذُوۡنَ اَیۡمَانَکُمۡ دَخَلًۢا بَیۡنَکُمۡ اَنۡ تَکُوۡنَ اُمَّۃٌ ہِیَ اَرۡبٰی مِنۡ اُمَّۃٍ ؕ اِنَّمَا یَبۡلُوۡکُمُ اللّٰہُ بِہٖ ؕ وَلَیُبَیِّنَنَّ لَکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ مَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ ﴿۹۳﴾

৯৩
এবং তোমরা সেই মহিলার মত হইও না যে নিজের কাটা সূতাকে পাকা করিবার পর কাটিয়া খণ্ডবিখণ্ড করিয়াছিল। তোমরা নিজেদের শপথকে তোমাদের পরস্পরের মধ্যে ধোকার১৫৭২ উপায় স্বরূপ ব্যবহার করিতেছ যেন এক জাতি অন্য জাতি অপেক্ষা অধিকতর শক্তিশালী হইতে পারে।১৫৭৩ আল্লাহ্ ইহার দ্বারা তোমাদিগকে পরীক্ষা করিতেছেন, এবং যে বিষয়ে তোমরা মতভেদ করিতেছ কিয়ামতের দিনে তিনি উহা তোমাদের নিকট বিশদভাবে বর্ণনা করিবেন।
১৫৭২। পূর্ববর্তী এবং বর্তমান আয়াতে বলা হইয়াছে যে, সকল প্রতিশ্রুতি সর্বপ্রকার প্রতিকূল অবস্থার মধ্যেও অবশ্য পালনীয়।
১৫৭৩। এই আরবী শব্দগুচ্ছ তিন প্রকার ব্যাখ্যা সাপেক্ষ, যথাঃ (১) যেহেতু একদল (অমুসলিম) অন্যদল (মুসলমান) হইতে অধিক শক্তি ও সম্পদশালী; অর্থাৎ মুসলমানগণ কর্তৃক অধিকতর শক্তিশালী দলের বিরুদ্ধে পাহারার উদ্দেশ্যে সন্ধি স্থাপনের মাধ্যমে সময় ও সুযোগের প্রতীক্ষা করা যেই পর্যন্ত না তাহারা সন্ধি ভঙ্গ করার মত যথেষ্ট শক্তির অধিকারী হয়; (২) পাছে একদল (অমুসলমানগণ) অন্য দল (মুসলমান) হইতে বেশী সম্পদ ও শক্তির অধিকারী না হইয়া যায় এই ভয়ে (সন্ধি করা); (৩) যেন একদল (মুসলমান) অপরদল (অমুসলিম) হইতে অধিক শক্তি অর্জন করিতে পারে। মোটকথা অমুসলমানদের সাথে মুসলমানগণ এই উদ্দেশ্যে যেন সন্ধি স্থাপন না করে যে, এই সন্ধির সুযোগে তাহারা নিজেদের শক্তি-সামর্থ্য বৃদ্ধি করিবে এবং যখন নিজদিগকে অমুসলমানগণ হইতে বেশী শক্তিশালি পাইবে তখন সন্ধি ভঙ্গ করিবে।

وَلَوۡ شَآءَ اللّٰہُ لَجَعَلَکُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّلٰکِنۡ یُّضِلُّ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَلَتُسۡـَٔلُنَّ عَمَّا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۹۴﴾

৯৪
এবং যদি আল্লাহ্ (বল প্রয়োগের) ইচ্ছা করিতেন তাহা হইলে অবশ্যই তিনি তোমাদের সকলকে একই উম্মতভুক্ত করিতেন, কিন্তু তিনি যাহাকে চাহেন পথভ্রষ্ট হইতে দেন এবং যাহাকে চাহেন হেদায়াত দান করেন, এবং তোমরা যাহা কিছু করিতেছ সেই সম্বন্ধে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হইবে।

وَلَا تَتَّخِذُوۡۤا اَیۡمَانَکُمۡ دَخَلًۢا بَیۡنَکُمۡ فَتَزِلَّ قَدَمٌۢ بَعۡدَ ثُبُوۡتِہَا وَتَذُوۡقُوا السُّوۡٓءَ بِمَا صَدَدۡتُّمۡ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ وَلَکُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۹۵﴾

৯৫
এবং তোমরা তোমাদের শপথকে একে অপরের ধোকার উপায় স্বরূপ করিয়া লইও না; নচেৎ (তোমাদের) কদম প্রতিষ্ঠিত হইবার১৫৭৪ পর স্খলিত হইয়া যাইবে এবং আল্লাহ্‌র পথ হইতে (লোকদিগকে) বিরত রাখার কারণে তোমাদিগকে দুর্ভোগ পোহাইতে হইবে তখন তোমাদের জন্য মহা আযাব অবধারিত হইবে।
১৫৭৪। তোমাদের এইরূপ আচরণ তোমাদিগকে দুর্বল করিবে।

وَلَا تَشۡتَرُوۡا بِعَہۡدِ اللّٰہِ ثَمَنًا قَلِیۡلًا ؕ اِنَّمَا عِنۡدَ اللّٰہِ ہُوَ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۹۶﴾

৯৬
এবং তোমরা আল্লাহ্‌র অঙ্গীকারকে নগণ্য মূল্যে১৫৭৫ বিক্রয় করিও না। যদি তোমাদের জ্ঞান থাকে তাহা হইলে নিশ্চয় যাহা কিছু আল্লাহ্‌র নিকট আছে উহা তোমাদের জন্য উত্তম।
১৫৭৫। যখন কোন জাতি ক্ষমতার অধিকারী হইয়া যায়, তখন তাহারা সাধারণতঃ সকল প্রকার প্রলোভনের শিকার হয়। তাহাদের শত্রুরা তখন তাহাদেরই মধ্য হইতে গুপ্তচর নিয়োগ করে এবং মোটা অংকের ঘুষের প্রলোভন দ্বারা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করিতে চাহে। এহেন অবস্থার বিরুদ্ধে মুসলমানদিগকে সতর্ক করিয়া আল্লাহ্‌তা’লা এরশাদ করিতেছেন, “লা তাশতারু বেআহদিল্লাহে সামানান কালীলান” অর্থাৎ তোমরা আল্লাহ্‌র সহিত কৃত অঙ্গীকারকে নগণ্য মূল্যে বিক্রয় করিও না।

مَا عِنۡدَکُمۡ یَنۡفَدُ وَمَا عِنۡدَ اللّٰہِ بَاقٍ ؕ وَلَنَجۡزِیَنَّ الَّذِیۡنَ صَبَرُوۡۤا اَجۡرَہُمۡ بِاَحۡسَنِ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۹۷﴾

৯৭
তোমাদের নিকট যাহা কিছু আছে উহা শেষ হইয়া যাইবে, কিন্তু আল্লাহ্‌র নিকট যাহা আছে উহা চিরকাল অবশিষ্ট থাকিবে। এবং যাহারা ধৈর্য ধারণ করে আমরা নিশ্চয় তাহাদিগকে তাহাদের সর্বোত্তম কৃত-কর্ম অনুযায়ী পুরস্কার দান করিব।

مَنۡ عَمِلَ صَالِحًا مِّنۡ ذَکَرٍ اَوۡ اُنۡثٰی وَہُوَ مُؤۡمِنٌ فَلَنُحۡیِیَنَّہٗ حَیٰوۃً طَیِّبَۃً ۚ وَلَنَجۡزِیَنَّہُمۡ اَجۡرَہُمۡ بِاَحۡسَنِ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۹۸﴾

৯৮
যে কেহ মো’মেন থাকা অবস্থায় সৎ কর্ম করিবে, সে নর হউক বা নারী,১৫৭৬ আমরা নিশ্চয় তাহাকে এক পবিত্র জীবন দান করিব, এবং অবশ্যই আমরা তাহাদের সর্বোত্তম কৃত-কর্ম অনুযায়ী তাহাদিগকে তাহাদের পুরস্কার দান করিব।
১৫৭৬। এই আয়াতে পুরুষ এবং নারীর সমান অধিকার স্বীকৃত হইয়াছে এবং উভয়ের প্রতি আল্লাহ্‌তা‘লার নেয়ামতের সমান অংশের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে।

فَاِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ فَاسۡتَعِذۡ بِاللّٰہِ مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ ﴿۹۹﴾

৯৯
সুতরাং যখন তুমি কুরআন পাঠ কর তখন বিতাড়িত শয়তান হইতে আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা কর।

اِنَّہٗ لَیۡسَ لَہٗ سُلۡطٰنٌ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
প্রকৃত বিষয় ইহাই যে, যাহারা ঈমান আনে এবং নিজেদের প্রতিপালকের উপর ভরসা করে তাহাদের উপর তাহার কোন আধিপত্য নাই।