১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

وَشَرَوۡہُ بِثَمَنٍۭ بَخۡسٍ دَرَاہِمَ مَعۡدُوۡدَۃٍ ۚ وَکَانُوۡا فِیۡہِ مِنَ الزَّاہِدِیۡنَ ﴿٪۲۱﴾

২১
এবং তাহারা তাহাকে অল্প মূল্যে কতক দিরহামের বিনিময়ে বিক্রয় করিল; বস্তুতঃ তাহারা উহার সম্বন্ধে মোটেই আগ্রহী ছিল না।১৩৬৮-ক 
সূরা ইউসুফ - রুকু ২
১৩৬৮-ক। ‘ফীহি’ শব্দের অংশ হি-এর অর্থ ‘তাহাকে’ অথবা ‘ইহা’ দুইই হইতে পারে, যাহা ইউসুফ (আঃ) অথবা মূল্য উভয়কে ইংগিত করে (দি লারজার এডিশন অব দি কমেনটারী দ্রষ্টব্য)।

وَقَالَ الَّذِی اشۡتَرٰٮہُ مِنۡ مِّصۡرَ لِامۡرَاَتِہٖۤ اَکۡرِمِیۡ مَثۡوٰٮہُ عَسٰۤی اَنۡ یَّنۡفَعَنَاۤ اَوۡ نَتَّخِذَہٗ وَلَدًا ؕ وَکَذٰلِکَ مَکَّنَّا لِیُوۡسُفَ فِی الۡاَرۡضِ ۫ وَلِنُعَلِّمَہٗ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ ؕ وَاللّٰہُ غَالِبٌ عَلٰۤی اَمۡرِہٖ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۲۲﴾

২২
এবং মিশরের যে ব্যক্তি১৩৬৯ তাহাকে ক্রয় করিয়াছিল, সে তাহার স্ত্রীকে বলিল, ‘তুমি তাহার সম্মানজনক বসবাসের ব্যবস্থা কর। সে আমাদের কোন উপকারে আসিতে পারে অথবা আমরা তাহাকে পুত্র রূপেও গ্রহণ করিতে পারি।’ এবং এই ভাবেই আমরা ইউসুফকে সেই দেশে মর্যাদায় প্রতিষ্ঠিত করিলাম, এবং (ইহা আমরা এই জন্য করিলাম) যেন আমরা তাহাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিই। এবং আল্লাহ্ তাঁহার কার্য সম্পাদনের উপর পূর্ণ ক্ষমতাবান, কিন্তু অধিকাংশ লোক ইহা জানে না। 
১৩৬৯। মিশরের অধিবাসী, যিনি ইউসুফ (আঃ)-কে ক্রয় করিয়াছিলেন, ইহুদী সাহিত্যে তিনি পটিফার নামে খ্যাত (এনসাইকো, বিব, এবং আদি-৩৯ঃ১)। তিনি রাজকীয় রক্ষীবাহিনীর অধিনায়ক ছিলেন, যাহাকে প্রাচীন আমলে অতি উচ্চ মর্যদার অধিকারী কর্মকর্তা মনে করা হইত।

وَلَمَّا بَلَغَ اَشُدَّہٗۤ اٰتَیۡنٰہُ حُکۡمًا وَّعِلۡمًا ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۲۳﴾

২৩
এবং যখন সে তাহার পূর্ণ যৌবনে উপনীত হইল, আমরা তাহাকে বিচার-বুদ্ধি ও প্রজ্ঞা সম্বন্ধে জ্ঞান দান করিলাম। বস্তুতঃ এইভাবে আমরা সৎকর্মপরায়ণদিগকে প্রতিদান দিয়া থাকি। 

وَرَاوَدَتۡہُ الَّتِیۡ ہُوَ فِیۡ بَیۡتِہَا عَنۡ نَّفۡسِہٖ وَغَلَّقَتِ الۡاَبۡوَابَ وَقَالَتۡ ہَیۡتَ لَکَ ؕ قَالَ مَعَاذَ اللّٰہِ اِنَّہٗ رَبِّیۡۤ اَحۡسَنَ مَثۡوَایَ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ ﴿۲۴﴾

২৪
এবং যে স্ত্রী লোকের বাড়িতে সে থাকিত, সে তাহার ইচ্ছার বিরুদ্ধে তাহাকে (কুকর্মে) প্ররোচিত করিতে লাগিল১৩৭০ এবং সকল দরজা বন্ধ করিয়া দিল এবং বলিল, ‘তুমি আস।’১৩৭১ সে বলিল, ‘আমি আল্লাহ্‌র আশ্রয় চাহিতেছি। নিশ্চয় তিনি আমার প্রতিপালক,১৩৭২ তিনি আমাকে সম্মানজনকভাবে (তোমাদের সহিত) বসবাস করিতে দিয়াছেন, নিশ্চয় যালেমগণ কখনও সফলকাম হয় না।’ 
১৩৭০। ‘রাওয়াদাহু’ অর্থ সে চেষ্টা করিয়াছিল অথবা তাহাকে কোন কিছুর প্রতি বা কিছু হইতে অন্যায় কাজে প্ররোচিত করার জন্য খোসামোদ করিয়া অথবা কপট কৌশলের মাধ্যমে ফিরাইতে চাহিয়াছিল (লেইন)।
১৩৭১। হাইতা অর্থ ‘আসো বা আগে আসো’ অথবা তাড়াতাড়ি কর, এবং বাগধারা ‘হাইতা লাকা’ অর্থ হয় তুমি আসো বা এখন আস’ আরো অর্থ হয়, ‘আসো আমি তোমার জন্য প্রস্তুত অথবা আমি তোমাকে অভ্যর্থনা করিতে প্রস্তুত’ (লেইন, মুফরাদাত)।
১৩৭২। এই আয়াত হইতে ইহাই প্রতীয়মান হয় যে, স্ত্রীলোকটি ইউসুফ (আঃ)-কে প্রলোভিত করার চেষ্টা করিয়া ব্যর্থ মনোরথ হইয়াছিল এবং হযরত ইউসুফ (আঃ) তাহার কুমন্ত্রণাকে প্রতিরোধ করিতে কৃতকার্য হইয়াছিলেন। ইন্নাহু রাব্বী- অর্থ ‘তিনি আমার প্রভু’ কথাগুলি আল্লাহ্‌তা’লাকে ইংগিত করিতেছে; ইউসুফ (আঃ)-এর মিশরীয় প্রভুকে বুঝায় না—যেমন কোন কোন ব্যাখ্যাকারী ভুল ধারণা পোষণ করিয়া থাকেন।

وَلَقَدۡ ہَمَّتۡ بِہٖ ۚ وَہَمَّ بِہَا لَوۡلَاۤ اَنۡ رَّاٰ بُرۡہَانَ رَبِّہٖ ؕ کَذٰلِکَ لِنَصۡرِفَ عَنۡہُ السُّوۡٓءَ وَالۡفَحۡشَآءَ ؕ اِنَّہٗ مِنۡ عِبَادِنَا الۡمُخۡلَصِیۡنَ ﴿۲۵﴾

২৫
এবং স্ত্রীলোকটি (ইউসুফের সম্বন্ধে) সংকল্প দৃঢ় করিল; এবং সেও স্ত্রীলোকটির (নিকট হইতে সরিয়া যাওয়ার) সংকল্প দৃঢ়১৩৭৩ করিল। যদি সে তাহার প্রভুর১৩৭৪ উজ্জ্বল নিদর্শন না দেখিত (তাহা হইলে সে এইরূপ সংকল্প করিতে পারিত না); এই ভাবেই (ঘটনাটি সংঘটিত) হইয়াছিল যাহাতে আমরা তাহার নিকট হইতে মন্দ আচরণ ও অশ্লীলতা দূর করিতে পারি। নিশ্চয় সে আমাদের মনোনীত বান্দাগণের অন্তর্ভুক্ত ছিল।১৩৭৫
১৩৭৩। ইউসুফের মালিকের স্ত্রী কুপ্রবৃত্তি চরিতার্থ করিতে মনস্থ করিয়াছিল। সেইরূপে ইউসুফও তাহার (স্ত্রীলোকটির) অসৎ উদ্দেশ্যকে প্রতিরোধ করিতে মনস্থ করিয়াছিলেন। পূর্ববর্তী আয়াতে স্পষ্টভাবেই ব্যক্ত হইয়াছে যে, তিনি (ইউসুফ) কোনরূপ মন্দ চিন্তা করেন নাই। তাঁহার একমাত্র লক্ষ্য ছিল তাঁহার মালিকের স্ত্রীকে কুমতলব হইতে বিরত রাখা।
১৩৭৪। খোলাখুলি নিদর্শন অর্থ ঐশী-নিদর্শন সমূহ যাহা ইউসুফ পূর্বেই দেখিয়াছিলেন অর্থাৎ আশ্চর্য স্বপ্ন যাহার মধ্যে তাঁহার জন্য ভবিষ্যৎ মর্যাদালাভ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী ছিল (আয়াত-৫)। কূপে নিক্ষিপ্ত হইয়া তিনি যে ইলহাম প্রাপ্ত হইয়াছিলেন উহাতেও পরবর্তী সময় তাঁহার উচ্চপদ লাভ, যশ ও খ্যাতি অর্জন সম্পর্কে নির্দেশ করিতেছে (আয়াত-১৬) এবং কূপ হইতে জীবন্ত উদ্ধার পাওয়ার ঘটনার মধ্যেও পরিষ্কার নিদর্শন রহিয়াছে।
১৩৭৫। ঠিক যেরূপে ইউসুফ (আঃ)-কে খোদাভক্তি ও সাধুতার পথ হইতে বিচ্যুত করার জন্য প্ররোচিত করার চেষ্টা চালানো হইয়াছিল, সেই ভাবেই মক্‌কার পৌত্তলিকরা ব্যর্থ প্রচেষ্টা করিয়াছিল। হযরত মুহাম্মদ (সাঃ) এক ও অদ্বিতীয় খোদার প্রচার পরিত্যাগ করিলে তাঁহাকে তাহাদের বাদশাহ করিবে অথবা তাঁহাকে বিশাল ধনসম্পদের অধিকারী করিয়া দিবে অথবা আরবের সর্বোত্তম সুন্দরী নারীর সঙ্গে তাঁহার বিবাহ দিবে বলিয়া তাহারা প্রলোভন দিয়াছিল। এই প্রস্তাব আঁ-হযরত (সাঃ) ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করিয়াছিলেন একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণের মাধ্যমে, যাহা হইল— যদি তোমরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রকেও আনিয়া দাও তবুও আমি আল্লাহ্‌তা’লার প্রচার ত্যাগ করিব না (হিশাম)।

وَاسۡتَبَقَا الۡبَابَ وَقَدَّتۡ قَمِیۡصَہٗ مِنۡ دُبُرٍ وَّاَلۡفَیَا سَیِّدَہَا لَدَا الۡبَابِ ؕ قَالَتۡ مَا جَزَآءُ مَنۡ اَرَادَ بِاَہۡلِکَ سُوۡٓءًا اِلَّاۤ اَنۡ یُّسۡجَنَ اَوۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۲۶﴾

২৬
এবং তাহারা উভয়েই দরজার দিকে দৌড়াইল এবং (টানাটানির মধ্যে) স্ত্রীলোকটি ইউসুফের জামা পিছন হইতে ছিঁড়িয়া ফেলিল এবং তাহারা স্ত্রীলোকটির স্বামীকে দরজার নিকটে দেখিতে পাইল। তখন স্ত্রীলোকটি (তাহার স্বামীকে) বলিল, ‘যে ব্যক্তি তোমার স্ত্রীর সহিত মন্দ আচরণ করিতে চাহে তাহাকে কয়েদ করা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ব্যতীত তাহার শাস্তি আর কি হইতে পারে।’ 

قَالَ ہِیَ رَاوَدَتۡنِیۡ عَنۡ نَّفۡسِیۡ وَشَہِدَ شَاہِدٌ مِّنۡ اَہۡلِہَا ۚ اِنۡ کَانَ قَمِیۡصُہٗ قُدَّ مِنۡ قُبُلٍ فَصَدَقَتۡ وَہُوَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۲۷﴾

২৭
সে (ইউসুফ) বলিল, ‘সে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে প্ররোচনা দিয়াছিল।’ সেই সময় স্ত্রীলোকটির পরিজন হইতে একজন সাক্ষী (এই বলিয়া) সাক্ষ্য দিল যে, ‘পুরুষটির জামা যদি সম্মুখ দিক হইতে ছিঁড়া থাকে তাহা হইলে স্ত্রীলোকটি সত্য বলিয়াছে এবং পুরুষটি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত; 

وَاِنۡ کَانَ قَمِیۡصُہٗ قُدَّ مِنۡ دُبُرٍ فَکَذَبَتۡ وَہُوَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۲۸﴾

২৮
কিন্তু যদি পুরুষটির জামা পিছন দিক হইতে ছিঁড়া থাকে, তাহা হইলে স্ত্রীলোকটি মিথ্যা বলিয়াছে এবং পুরুষটি সত্যবাদীদের অন্তর্ভুক্ত।’ 

فَلَمَّا رَاٰ قَمِیۡصَہٗ قُدَّ مِنۡ دُبُرٍ قَالَ اِنَّہٗ مِنۡ کَیۡدِکُنَّ ؕ اِنَّ کَیۡدَکُنَّ عَظِیۡمٌ ﴿۲۹﴾

২৯
সুতরাং যখন সে১৩৭৬ (গৃহস্বামী) দেখিল যে, ইউসুফের জামা পিছন দিক হইতে ছিঁড়া, তখন সে বলিল, ‘নিশ্চয় ইহা তোমাদের নারী জাতির এক কৌশল। নিশ্চয় তোমাদের কৌশল বড় ভয়ংকর;১৩৭৭ 
১৩৭৬। এখানে ‘সে’ সর্বনাম বাড়ীর মালিককে ইঙ্গিত করিতেছে, যে সাক্ষ্য দিয়াছিল তাহাকে নহে।
১৩৭৭। স্ত্রীর দুর্নাম যতদূর সম্ভব ঢাকিয়া দেওয়ার উদ্দেশ্যে পটিফার ইহাকে নারীদের শঠতাপূর্ণ চক্রান্তের অভিযোগ করিয়াছিলেন বলিয়া অনুমিত হয়।

یُوۡسُفُ اَعۡرِضۡ عَنۡ ہٰذَا ٜ وَاسۡتَغۡفِرِیۡ لِذَنۡۢبِکِ ۚۖ اِنَّکِ کُنۡتِ مِنَ الۡخٰطِئِیۡنَ ﴿٪۳۰﴾

৩০
হে ইউসুফ! ইহা উপেক্ষা কর, এবং হে স্ত্রীলোক! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় তুমিই অপরাধীদের অন্তর্ভুক্ত।’ 
সূরা ইউসুফ - রুকু ৩