১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

وَقَالَ نِسۡوَۃٌ فِی الۡمَدِیۡنَۃِ امۡرَاَتُ الۡعَزِیۡزِ تُرَاوِدُ فَتٰٮہَا عَنۡ نَّفۡسِہٖ ۚ قَدۡ شَغَفَہَا حُبًّا ؕ اِنَّا لَنَرٰٮہَا فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۳۱﴾

৩১
এবং সেই শহরের মহিলাগণ বলিল, ‘আযীযের১৩৭৮ স্ত্রী তাহার যুবক-দাসকে তাহার ইচ্ছার বিরুদ্ধে প্ররোচনা দিতে চাহে। সে তাহাকে (স্ত্রীলোকটিকে) গভীর প্রেমে বিমোহিত করিয়াছে।১৩৭৯ নিশ্চয় আমরা তাহাকে (স্ত্রীলোকটিকে) প্রকাশ্য ভ্রান্তির মধ্যে দেখিতেছি।’ 
১৩৭৮। ‘আল্ আযীয’ শব্দ পটিফার-এর জন্য ব্যবহৃত হইয়াছে। তিনি রাজার রক্ষীবাহিনীর অধিনায়ক ছিলেন। মনে হয় নবী করীম (সাঃ)-এর যুগে মিশরের প্রধান প্রধান উচ্চ পদস্থ ব্যক্তিবর্গকে ‘আযীয’ উপাধিতে অভিহিত করা হইত।
১৩৭৯। আরবী পরিভাষায় বাক্‌ধারাটি অর্থ হইতেছে হযরত ইউসুফ (আঃ)-এর প্রতি ভালবাসা উক্ত মহিলার অন্তরের অন্তঃস্থলে বসিয়া গিয়াছিল; অথবা তাহার প্রতি ভালবাসা তাহাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল অথবা তাহার হৃদয়ের আবরণকে বিদীর্ণ করিয়া দিয়াছিল (লেইন)।

فَلَمَّا سَمِعَتۡ بِمَکۡرِہِنَّ اَرۡسَلَتۡ اِلَیۡہِنَّ وَاَعۡتَدَتۡ لَہُنَّ مُتَّکَاً وَّاٰتَتۡ کُلَّ وَاحِدَۃٍ مِّنۡہُنَّ سِکِّیۡنًا وَّقَالَتِ اخۡرُجۡ عَلَیۡہِنَّ ۚ فَلَمَّا رَاَیۡنَہٗۤ اَکۡبَرۡنَہٗ وَقَطَّعۡنَ اَیۡدِیَہُنَّ وَقُلۡنَ حَاشَ لِلّٰہِ مَا ہٰذَا بَشَرًا ؕ اِنۡ ہٰذَاۤ اِلَّا مَلَکٌ کَرِیۡمٌ ﴿۳۲﴾

৩২
এবং যখন স্ত্রীলোকটি তাহাদের কানাঘুষা শুনিল, তখন সে তাহাদিগকে (দাওয়াতে) ডাকিয়া পাঠাইল এবং তাহাদের জন্য সুসজ্জিত ভোজ-সভার আয়োজন করিল এবং তাহাদের প্রত্যেককে (খাবার কাটিবার জন্য) একটি করিয়া ছুরি দিল, এবং সে (ইউসুফকে) বলিল, ‘তাহাদের সম্মুখে বাহির হও।’ যখন তাহারা তাহাকে দেখিল তখন তাহাকে অতি মহান ব্যক্তিরূপে পাইল।১৩৭৯-ক এবং (বিস্ময়ে) তাহাদের নিজেদের হাত কাটিয়া ফেলিল১৩৮০ এবং বলিল, ‘আল্লাহ্‌রই মাহাত্ম্য। এই ব্যক্তি মানুষ নহে, এই ব্যক্তিতো এক মহান ফিরিশ্‌তা।’ 
১৩৭৯-ক। তাহারা তাঁহাকে পবিত্র, নিষ্পাপ, নির্দোষ ও গম্ভীর ব্যক্তিত্ব বলিয়া মনে করিল।
১৩৮০। ইহার ব্যাখ্যা এই হইতে পারে যে, যখন সেই রমনীকুল হযরত ইউসুফ (আঃ)-কে দেখিল তখন তাহারা তাঁহার পবিত্র, নিষ্পাপ ও সৌম্যমূর্তিময় চেহারা দেখিয়া বিস্ময়-বিহ্বল হইয়া অন্যমনস্কভাবে হস্তস্থিত ছুরিদ্বারা ফলের পরিবর্তে নিজেদের হাত কাটিয়া বসিল। অথবা এই বাক্য মহিলাদের বিস্ময়াভিভূত হওয়ার অবস্থার চিত্রাংকন বলা যাইতে পারে। আরবী বাগ্‌ধারায় ‘আয্‌যুল আনামেলে’ (অর্থ দাঁতে আঙ্গুল কাটা) বিস্ময় বা হতবাক প্রকাশার্থেও ব্যবহৃত হইয়া থাকে, এবং যেহেতু কোন কোন সময় বস্তুর নাম উহার অংশ বিশেষকেও বুঝাইয়া থাকে, সেইরূপে এখানে হাত শব্দ দ্বারাও হাতের আঙ্গুল বুঝায়। তালমুদ কিতাবে উল্লেখ রহিয়াছেঃ মেহমানদের কমলা লেবু দেওয়া হইয়াছিল এবং তাহারা (মহিলাগণ) যোসেফের (হযরত ইউসুফ-আঃ) প্রতি তাকাইয়া সম্পূর্ণরূপে বিমোহিত হইয়া গেল এবং অন্যমনস্ক হইয়া কেহ কেহ নিজের হাতের আঙ্গুল কাটিয়া বসিল (যিউ এনসাইক ও তালমুদ)।

قَالَتۡ فَذٰلِکُنَّ الَّذِیۡ لُمۡتُنَّنِیۡ فِیۡہِ ؕ وَلَقَدۡ رَاوَدۡتُّہٗ عَنۡ نَّفۡسِہٖ فَاسۡتَعۡصَمَ ؕ وَلَئِنۡ لَّمۡ یَفۡعَلۡ مَاۤ اٰمُرُہٗ لَیُسۡجَنَنَّ وَلَیَکُوۡنًا مِّنَ الصّٰغِرِیۡنَ ﴿۳۳﴾

৩৩
স্ত্রীলোকটি বলিল, ‘দেখ, এই সেই ব্যক্তি যাহার সম্বন্ধে তোমরা আমাকে দোষারোপ করিয়াছ, আমি তাহার দ্বারা তাহার ইচ্ছার বিরুদ্ধে মন্দ কাজ করিতে প্ররোচিত করিয়াছিলাম, কিন্তু সে (পাপ কাজ হইতে) বাঁচিয়া রহিল। এবং যদি সে ঐ কথা পালন না করে যাহা আমি আদেশ দিব, তাহা হইলে সে অবশ্যই কারারুদ্ধ এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হইবে।’ 

قَالَ رَبِّ السِّجۡنُ اَحَبُّ اِلَیَّ مِمَّا یَدۡعُوۡنَنِیۡۤ اِلَیۡہِ ۚ وَاِلَّا تَصۡرِفۡ عَنِّیۡ کَیۡدَہُنَّ اَصۡبُ اِلَیۡہِنَّ وَاَکُنۡ مِّنَ الۡجٰہِلِیۡنَ ﴿۳۴﴾

৩৪
সে (দোয়া করিয়া) বলিল, ‘হে আমার প্রভু! তাহারা আমাকে যে কথার দিকে ডাকিতেছে তাহা অপেক্ষা কারাগার আমার নিকট অধিক প্রিয়, যদি তুমি তাহাদের চক্রান্তকে আমার উপর হইতে দূর করিয়া না দাও তাহা হইলে আমি তাহাদের প্রতি ঝুঁকিয়া পড়িব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হইব।’ 

فَاسۡتَجَابَ لَہٗ رَبُّہٗ فَصَرَفَ عَنۡہُ کَیۡدَہُنَّ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۳۵﴾

৩৫
সুতরাং তাহার প্রভু তাহার দোয়া শুনিলেন, এবং তাহার নিকট হইতে তাহাদের চক্তান্ত দূর করিয়া দিলেন। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। 

ثُمَّ بَدَا لَہُمۡ مِّنۡۢ بَعۡدِ مَا رَاَوُا الۡاٰیٰتِ لَیَسۡجُنُنَّہٗ حَتّٰی حِیۡنٍ ﴿٪۳۶﴾

৩৬
অতঃপর তাহারা (আযীয ও প্রধানগণ তাহার নির্দোষ হওয়ার) চিহ্নাবলী দেখিয়া লইল, ইহার পরও তাহাদের মনে হইল (নিজেদের সুনাম রক্ষার্থে) অবশ্যই কিছু সময়ের জন্য তাহারা তাহাকে কারারুদ্ধ করিবেই।১৩৮১ 
সূরা ইউসুফ - রুকু ৪
১৩৮১। সেনা অধিনায়ক পটিফার-এর স্ত্রীর দুর্নাম রটিয়া যাওয়ায়, তাহার লোকেরা বোধহয় ভাবিয়াছিলঃ এই কলঙ্কময় অপবাদ রটনাকে বন্ধ করিতে হইলে ইউসুফকে কয়েদীর বেশে জেলে পাঠানো হইলে তাঁহাকে অপরাধী মনে করার জনমত সৃষ্টি হইবে এবং এই স্ত্রীলোকটির অপবাদ ইউসুফের উপর বর্তাইবে।

وَدَخَلَ مَعَہُ السِّجۡنَ فَتَیٰنِ ؕ قَالَ اَحَدُہُمَاۤ اِنِّیۡۤ اَرٰٮنِیۡۤ اَعۡصِرُ خَمۡرًا ۚ وَقَالَ الۡاٰخَرُ اِنِّیۡۤ اَرٰٮنِیۡۤ اَحۡمِلُ فَوۡقَ رَاۡسِیۡ خُبۡزًا تَاۡکُلُ الطَّیۡرُ مِنۡہُ ؕ نَبِّئۡنَا بِتَاۡوِیۡلِہٖ ۚ اِنَّا نَرٰٮکَ مِنَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۳۷﴾

৩৭
এবং তাহার সহিত কারাগারে আরও দুই জন যুবক প্রবেশ করিল। তাহাদের মধ্যে একজন বলিল, ‘আমি (স্বপ্নে) নিজেকে দেখিয়াছি যে, আমি (আঙ্গুর হইতে) মদ নিংড়াইতেছি, এবং অপর ব্যক্তি বলিল, ‘আমি (স্বপ্নে) নিজেকে দেখিয়াছি যে, আমি আমার মাথার উপর রুটি বহন করিতেছি যাহা হইতে পাখীরা খাইতেছে।১৩৮২ তুমি আমাদিগকে ইহার ব্যাখ্যা বল; নিশ্চয় আমরা তোমাকে সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত দেখিতেছি।’ 
১৩৮২। মাদকদ্রব্য এবং রুটি প্রস্তুতকারীর স্বপ্ন বৃত্তান্ত জানার জন্য আদি পুস্তক-৪০ দ্রষ্টব্য।

قَالَ لَا یَاۡتِیۡکُمَا طَعَامٌ تُرۡزَقٰنِہٖۤ اِلَّا نَبَّاۡتُکُمَا بِتَاۡوِیۡلِہٖ قَبۡلَ اَنۡ یَّاۡتِیَکُمَا ؕ ذٰلِکُمَا مِمَّا عَلَّمَنِیۡ رَبِّیۡ ؕ اِنِّیۡ تَرَکۡتُ مِلَّۃَ قَوۡمٍ لَّا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ کٰفِرُوۡنَ ﴿۳۸﴾

৩৮
সে বলিল, ‘তোমাদিগকে যে খাদ্য প্রদান করা হয় উহা তোমাদের নিকট আসিবার পূর্বেই আমি তোমাদিগকে ইহার ব্যাখ্যা বলিয়া দিব। ইহা (স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা) এই জন্য যে, আমার প্রভু আমাকে শিক্ষা দিয়াছেন। নিশ্চয় আমি ঐসকল লোকের ধর্মমতকে পরিত্যাগ করিয়াছি যাহারা আল্লাহ্‌র উপর ঈমান রাখে না এবং যাহারা পরকালের উপর অবিশ্বাসী। 

وَاتَّبَعۡتُ مِلَّۃَ اٰبَآءِیۡۤ اِبۡرٰہِیۡمَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ ؕ مَا کَانَ لَنَاۤ اَنۡ نُّشۡرِکَ بِاللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ ذٰلِکَ مِنۡ فَضۡلِ اللّٰہِ عَلَیۡنَا وَعَلَی النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَشۡکُرُوۡنَ ﴿۳۹﴾

৩৯
এবং আমি আমার পিতৃপুরুষ ইব্‌রাহীম, ইসহাক, ইয়াকুবের ধর্মমতের অনুসরণ করিয়াছি। আল্লাহ্‌র সঙ্গে কোন বস্তুকে শরীক করা আমাদের উচিত নহে। ইহা আমাদের এবং সকল মানুষের উপর আল্লাহ্‌র বিশেষ ফযল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না; 

یٰصَاحِبَیِ السِّجۡنِ ءَاَرۡبَابٌ مُّتَفَرِّقُوۡنَ خَیۡرٌ اَمِ اللّٰہُ الۡوَاحِدُ الۡقَہَّارُ ﴿ؕ۴۰﴾

৪০
হে আমার কারাবাসী সংঙ্গীদ্বয়! পরস্পর বিরোধী বহু সংখ্যক প্রভু উত্তম না প্রবল পরাক্রান্ত এক আল্লাহ্ উত্তম?