১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৪ আয়াত এবং ১০ রুকু আছে।

فَلَمَّا رَاٰۤ اَیۡدِیَہُمۡ لَا تَصِلُ اِلَیۡہِ نَکِرَہُمۡ وَاَوۡجَسَ مِنۡہُمۡ خِیۡفَۃً ؕ قَالُوۡا لَا تَخَفۡ اِنَّاۤ اُرۡسِلۡنَاۤ اِلٰی قَوۡمِ لُوۡطٍ ﴿ؕ۷۱﴾

৭১
কিন্তু সে যখন দেখিল যে উহার দিকে তাহাদের হাত বাড়িতেছে না, তখন তাহাদের আচরণ তাহার নিকট অদ্ভুত ঠেকিল এবং তাহাদের দরুন সে অনেক ভীত হইয়া পড়িল। তাহারা বলিল, ‘ভীত হইও না, আমরা লূতের জাতির নিকট প্রেরিত হইয়াছি।’১৩৩২
১৩৩২। হযরত ইব্রাহীম (আঃ) ‘প্রেরিতগণকে’ প্রথমে সাধারণ পথিক বলিয়াই মনে করিয়াছিলেন। কিন্তু যখন সামনে পরিবেশন করা ভাজা গো-বৎসের মাংস খাইতে তাঁহারা বিরত রহিলেন, তখন তিনি বুঝিতে পারিলেন যে, তাঁহারা বিশেষ কোন কার্যে প্রেরিত হইয়াছেন, যাহা তিনি বুঝিতে সক্ষম হন নাই। ‘তাঁহাদের ব্যাপারে ভীত হইলেন’ কথার অর্থ এই নহে যে, হযরত ইব্রাহীম (আঃ) অচেনা-অজানা লোক দেখিয়া ভয় পাইতেছিলেন, বরং তাঁহারা খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করায় তিনি এই ভয়ে খুব অস্বস্তি বোধ করিতেছিলেন যে, হয়ত আতিথেয়তার শিষ্টাচারে কোন ক্রুটি রহিয়াছে। অতিথিগণ সম্ভবতঃ ইব্রাহীম (আঃ)-এর মুখমণ্ডলের অস্থিরতা লক্ষ করিয়া তাঁহার মনের বিচলিত অবস্থাকে উপলব্ধি করিয়াছিলেন। তৎক্ষণাৎ তাঁহাকে উৎকণ্ঠা মুক্ত করিবার জন্য বলিলেনঃ তাঁহারা মোটেই অসন্তুষ্ট হন নাই, এবং যেই কারণে তাঁহারা খাদ্যে অংশ গ্রহণ করেন নাই ইহা হইল, যেই উদ্দেশ্যে তাঁহারা নিয়োজিত তাহা এক অত্যন্ত ভীতিপূর্ণ বিষয় যাহা তাঁহাদের আহারে অরুচি আনিয়া দিয়াছে। অতিথিগণের এই জবাবেও দেখা যায় যে, তাঁহারা ফিরিশ্‌তা ছিলেন না, নতুবা তাঁহারা ইহাই বলিতেন যে, তাঁহারা মানব নয় বলিয়া যমীনের খাদ্য গ্রহণ করিতে পারেন না। হযরত লূত (আঃ) ‘ফিলিস্তিন’, ‘মোআব’ এবং ‘আম্‌মন’-এর অধিবাসীদের পূর্বপুরুষ ছিলেন। তিনি হারানের পুত্র, তেরাহ্‌র পৌত্র ছিলেন এবং হযরত ইব্‌রাহীম (আঃ)-এর ভ্রাতুষ্পুত্র ছিলেন। তিনি হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সঙ্গে কেনানে মিলিত হইয়াছিলেন।

وَامۡرَاَتُہٗ قَآئِمَۃٌ فَضَحِکَتۡ فَبَشَّرۡنٰہَا بِاِسۡحٰقَ ۙ وَمِنۡ وَّرَآءِ اِسۡحٰقَ یَعۡقُوۡبَ ﴿۷۲﴾

৭২
এবং তাহার স্ত্রী (কাছেই) দাঁড়াইয়াছিল ইহাতে সেও ভীত হইয়া পড়িল, তখন আমরা (তাহার সান্ত্বনার জন্য) তাহাকে ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের সুসংবাদ দিলাম।

قَالَتۡ یٰوَیۡلَتٰۤیءَ اَلِدُ وَاَنَا عَجُوۡزٌ وَّہٰذَا بَعۡلِیۡ شَیۡخًا ؕ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ عَجِیۡبٌ ﴿۷۳﴾

৭৩
সে বলিল, হায়, আমার কপাল! আমি নাকি সন্তান প্রসব করিব? অথচ আমি বৃদ্ধা এবং এই আমার স্বামীও বৃদ্ধ; ইহা নিশ্চয় অতীব তাজ্জবের কথা!’

قَالُوۡۤا اَتَعۡجَبِیۡنَ مِنۡ اَمۡرِ اللّٰہِ رَحۡمَتُ اللّٰہِ وَبَرَکٰتُہٗ عَلَیۡکُمۡ اَہۡلَ الۡبَیۡتِ ؕ اِنَّہٗ حَمِیۡدٌ مَّجِیۡدٌ ﴿۷۴﴾

৭৪
তাহারা বলিল, ‘তুমি কি আল্লাহ্‌র কথায় আশ্চর্যান্বিত হইতেছ? হে এই গৃহের অধিবাসীগণ!১৩৩৩ আল্লাহ্‌র রহমত ও বরকতসমূহ তোমাদের উপর (সদা বর্ষিত হইতেছে), নিশ্চয় তিনি মহা প্রশংসিত, মর্যাদাবান।
১৩৩৩। এই আয়াতে ‘গৃহের অধিবাসী’ বলিতে এখানে নিশ্চিতভাবে হযরত ইব্‌রাহীম (আঃ)-এর স্ত্রীকেই বুঝাইতেছে, কেননা তখন পর্যন্তও তাঁহার কোন সন্তান হয় নাই। প্রকৃতপক্ষে নবীদের সম্পর্কে কুরআনে ব্যবহৃত ‘আহ্‌লাল্‌ বায়ত’ শব্দদ্বয় সাধারণতঃ নবীর স্ত্রী বা স্ত্রীগণকে বুঝাইয়াছে (২৮ঃ১৩; ৩৩ঃ৩৪)।

فَلَمَّا ذَہَبَ عَنۡ اِبۡرٰہِیۡمَ الرَّوۡعُ وَجَآءَتۡہُ الۡبُشۡرٰی یُجَادِلُنَا فِیۡ قَوۡمِ لُوۡطٍ ﴿ؕ۷۵﴾

৭৫
অতঃপর, যখন ইব্‌রাহীমের ভয় দূর হইল এবং তাহার নিকট সুসংবাদ আসিল, তখন সে আমাদের১৩৩৪ সহিত লূতের জাতির সম্বন্ধে বিতর্ক করিতে লাগিল।
১৩৩৪। আদি পুস্তক-১৮ঃ২১-৩৩ দ্রষ্টব্য।

اِنَّ اِبۡرٰہِیۡمَ لَحَلِیۡمٌ اَوَّاہٌ مُّنِیۡبٌ ﴿۷۶﴾

৭৬
নিশ্চয় ইব্‌রাহীম পরম সহিষ্ণু, কোমল হৃদয় এবং (আমাদের সমীপে) সতত প্রত্যাবর্তনকারী ছিল।

یٰۤـاِبۡرٰہِیۡمُ اَعۡرِضۡ عَنۡ ہٰذَا ۚ اِنَّہٗ قَدۡ جَآءَ اَمۡرُ رَبِّکَ ۚ وَاِنَّہُمۡ اٰتِیۡہِمۡ عَذَابٌ غَیۡرُ مَرۡدُوۡدٍ ﴿۷۷﴾

৭৭
‘হে ইব্‌রাহীম! ইহা হইতে বিরত হও, কারণ তোমার প্রভুর চূড়ান্ত আদেশ আসিয়াছে, বস্তুতঃ তাহারা এমন লোক যে, তাহাদের উপর শাস্তি আসিবেই যাহা আদৌ প্রতিহত করা যাইবে না।’

وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَا لُوۡطًا سِیۡٓءَ بِہِمۡ وَضَاقَ بِہِمۡ ذَرۡعًا وَّقَالَ ہٰذَا یَوۡمٌ عَصِیۡبٌ ﴿۷۸﴾

৭৮
এবং যখন আমাদের প্রেরিত দূতগণ লূতের নিকট আসিল তখন সে তাহাদের জন্য চিন্তিত হইল এবং তাহাদের (রক্ষার) ব্যাপারে নিজেকে অসহায় বোধ করিল;১৩৩৫ এবং সে বলিল, ‘আজিকার এই দিনটি বড়ই কঠিন মনে হইতেছে।’
১৩৩৫। “যা-কা বিল আমরে যারআন” অর্থ সে অক্ষম, ক্ষমতাহীন বা কোন কিছু করিতে অপারগ। “যারউন” অর্থ শক্তি সামর্থ্য অথবা ইহা দ্বারা বস্তু বা বিষয় তাহার নিকট কঠিন বা কষ্টকর হইল (লেইন) তফসীরাধীন শব্দাবলীর অর্থ হইল—এই বিষয়ে তিনি [লূত (আঃ)] নিজেকে অসামর্থ্য কষ্টদায়ক অবস্থায় পতিত মনে করিলেন; অপরিচিতদিগকে আশ্রয় দেওয়ার জন্য নিজেকে অসহায় বোধ করিলেন।

وَجَآءَہٗ قَوۡمُہٗ یُہۡرَعُوۡنَ اِلَیۡہِ ؕ وَمِنۡ قَبۡلُ کَانُوۡا یَعۡمَلُوۡنَ السَّیِّاٰتِ ؕ قَالَ یٰقَوۡمِ ہٰۤؤُلَآءِ بَنَاتِیۡ ہُنَّ اَطۡہَرُ لَکُمۡ فَاتَّقُوا اللّٰہَ وَلَا تُخۡزُوۡنِ فِیۡ ضَیۡفِیۡ ؕ اَلَـیۡسَ مِنۡکُمۡ رَجُلٌ رَّشِیۡدٌ ﴿۷۹﴾

৭৯
এবং তাহার জাতির লোক তাহার দিকে (রোষাগ্নি হইয়া) ছুটিয়া১৩৩৬ আসিল, এবং ইহার পূর্বেও তাহারা অনেক মন্দ কাজ করিয়া আসিতেছিল। সে বলিল, ‘হে আমার জাতি! এই আমার কন্যাগণ, তাহারা তোমাদের জন্য পবিত্র।১৩৩৭ অতএব, তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং তোমরা আমার মেহমানকে (আমার সম্মুখে) অপদস্থ করিও না। তোমাদের মধ্যে কি কোন সুবুদ্ধিসম্পন্ন লোক নাই?’
১৩৩৬। সদোম ও ঘমোরাহ্ দুই শহরের অধিবাসীরা অপরিচিত পথচারী দেখিলে দৌড়িয়া আসিয়া লুঠতরাজ করিত (যিউ এনসাইকো,সদোম অধ্যায়)। স্বভাবতঃই তাহারা প্রতিশোধ গ্রহণ করা হইবে বলিয়া সর্বদা শঙ্কিত থাকিত, বিশেষতঃ শহরের লোকেরা, যাহারা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রকৃতপক্ষে সর্বক্ষণ যুদ্ধংদেহী অবস্থায় থাকিত (আদি-১৪) তাহারা নিজেদের শহরে কোন অচেনা লোকের আগমন পসন্দ করিত না। আল্লাহ্‌তা’লার সকল নবীগণের মতই হযরত লূত (আঃ) ও স্বাভাবিক কারণেই অতিথির আরামের প্রতি খেয়াল করিতেন এবং তাহাদের জন্য আতিথেয়তা প্রদর্শন করিতেন (১৫ঃ৭১)। তাঁহার জাতির লোকেরা লূত (আঃ)-কে বারংবার অতিথি সেবার বিরুদ্ধে সতর্ক করিয়া দিয়াছিলেন। সুতরাং যখনই তিনি ‘প্রেরিতগণকে’ তাহার বাড়ীতে স্বাগত জানাইলেন তখনই তাঁহার শহরবাসী ক্রুদ্ধ লোকেরা উত্তেজিত হইয়া ছুটিয়া আসিল এবং ভাবিল যে তাহারা তাহাদের আপত্তি অগ্রাহ্য করিয়া অপরিচিত লোককে আশ্রয় দেওয়ার অভিযোগে লূত (আঃ)-কে শাস্তি দেওয়ার ইহাই সুবর্ণ সুযোগ (১৫ঃ৬৮-৭১)।
১৩৩৭। এই আয়াত হইতে প্রতীয়মান হয় যে, হযরত লূত (আঃ) তাঁহার জাতির লোকদের অতীতের মন্দ আচরণের কথা মনে করিয়া এই ভাবিয়া ভীত হইয়াছিলেন যে, এইসব লোকেরা না জানি কোন্ অনিষ্ট করিয়া বসে এবং মেহমানদের উপস্থিতিতে তাঁহার অমর্যাদা করে। কোন বিশেষ অনিষ্টের কথা এইখানে নির্দেশ করেন নাই। হযরত লূত (আঃ)-এর জাতি দুষ্ট প্রকৃতির লোক ছিল, স্বাভাবিক কারণেই তিনি শঙ্কিত হইয়াছিলেন যে, তাহারা কোন প্রকার ক্ষতি সাধন করিতে পারে। এমতাবস্থায় তিনি তাহাদিগকে বলিলেনঃ তোমরা যদি সন্দেহ করিয়া থাক যে, আমি অপরিচিত লোকগণের সহায়তায় তোমাদের বিরুদ্ধে ক্ষতিকারক ষড়যন্ত্রে লিপ্ত, তবে তোমরা আমার কন্যাগণকে শাস্তি দিয়া আমার প্রতিশোধ গ্রহণ করিতে পারিবে, এই ব্যবস্থা অবলম্বন তোমাদের জন্য উত্তম হইবে, এবং এইভাবে তোমরা আমার মেহমানদের অপমান করার মত লজ্জাজনক কর্ম পরিত্যাগ করিতে পারিবে৷ অথবা ইহাও হইতে পারে যে, হযরত লূত (আঃ) শহরের শ্রদ্ধাষ্পদ বৃদ্ধ ব্যক্তি হওয়ার কারণে তিনি তাহাদের স্ত্রীগণকে নিজের কন্যারূপে আখ্যায়িত করিয়া বলিলেনঃ তাহারা তোমাদের জন্য পবিত্র।

قَالُوۡا لَقَدۡ عَلِمۡتَ مَا لَنَا فِیۡ بَنٰتِکَ مِنۡ حَقٍّ ۚ وَاِنَّکَ لَتَعۡلَمُ مَا نُرِیۡدُ ﴿۸۰﴾

৮০
তাহারা বলিল, ‘তুমি নিশ্চয় জান যে, তোমার কন্যাদের বিষয়ে আমাদের কোন দাবী নাই এবং আমরা যাহা কিছু চাহিতেছি, তাহা তুমি নিশ্চয়ই অবগত আছ।’১৩৩৮
১৩৩৮। হযরত লূত (আঃ) যখন শহরের মধ্যে বিবাহিতা কন্যাদিগকে (আদি-১৯ঃ১৫) জামিনস্বরূপ পেশ করিলেন, তাহারা এই প্রস্তাব নাকচ করিয়া দিয়া বলিল যে, নারীদের জামিন গ্রহণ করা তাহাদের রীতি বিরুদ্ধ (এনসাইকোঃ ব্রিট)। ‘তোমার কন্যাদের বিষয়ে আমাদের কোন দাবী নাই’ এই বাক্য দ্বারা বুঝা যায় যে, অধিকাংশ তফসীরকারকগণ কর্তৃক আরোপিত উদ্দেশ্যে তাহারা আসে নাই; কারণ লূত (আঃ)-এর জাতির লোক, যাহারা নৈতিকভাবে এরূপ লম্পট ও নীতি ভ্রষ্ট হইয়াছিল, তাহারা তাহাদের কাম লোলুপ বাসনা চরিতার্থ করার ব্যাপারে হক্‌ না-হক্‌ বা ন্যায়-অন্যায়ের যুক্তি উত্থাপন করিতেই পারে না। ‘আমরা যাহা চাই, তুমি নিশ্চয় অবগত আছ’ এই বাক্য দ্বারা ইহাই ইঙ্গিত করিতেছেঃ তুমি জান যে, অপরিচিতদিগকে আমাদের হাতে ছাড়িয়া দাও, ইহাই চাহিতেছি।