১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৪ আয়াত এবং ১০ রুকু আছে।

وَاِلٰی عَادٍ اَخَاہُمۡ ہُوۡدًا ؕ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ اِنۡ اَنۡتُمۡ اِلَّا مُفۡتَرُوۡنَ ﴿۵۱﴾

৫১
এবং আদের১৩২৩ নিকট তাহাদের ভাই হুদকে (আমরা পাঠাইয়াছিলাম)। সে বলিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহ্‌র ইবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন মা’বূদ নাই। (তাঁহার সহিত শরীক করায়) তোমরা শুধু মিথ্যা রচনা করিতেছ;
১৩২৩। ইউরোপীয় সমালোচকদের কেহ কেহ ‘আদ’ নামের কোন জাতি কখনও ছিল বলিয়াই অস্বীকার করিয়াছেন। তাহারা বলেন যে, এই পর্যন্ত আরবের প্রত্নতাত্বিক আবিষ্কারের মধ্যে এমন কোন উৎকীর্ণলিপি পাওয়া যায় নাই যাহাতে সেই দেশে ‘আদ’ নামীয় কোন মানবজাতির উল্লেখ আছে এবং ইহার উপর ভিত্তি করিয়াই এই সকল আপত্তি উত্থাপিত হইয়াছে। হযরত মুহাম্মদ (সাঃ)-এর সময়ে আরবে প্রচলিত অতি জনপ্রিয় উপাখ্যানকেই কুরআনে পুনরারত্তি করা হইয়াছে। ভুল বুঝা-বুঝির উপরে ভিত্তি করিয়া এই আপত্তির উদ্ভব হইয়াছে। প্রকৃত পক্ষে মানবজাতি দুই রকম নাম দ্বারা পরিচিত হয়। একটি জাতীয় নাম আর একটি গোত্রীয় বা বংশীয় নাম। ‘আদ’ কোন একটি একক নাম নহে, কিন্তু কতগুলি গোত্রের সমষ্টিগত নাম যাহার বিভিন্ন শাখা বিভিন্ন যুগে ক্ষমতায় অধিষ্ঠিত হইয়াছিল। এই শাখাগুলি তাহাদের শাখা সংক্রান্ত শীলালিপি রাখিয়া গিয়াছে। প্রকৃতপক্ষে তাহাদের সকল গোত্রই ‘আদ’ জাতির অন্তর্ভুক্ত ছিল। বাস্তব ঘটনা যাহা প্রাচীন ভূগোলের পুস্তকাদি হইতে পাওয়া যায় তাহা হইল ‘আদ’ নামীয় এক জাতি অবশ্যই বাস করিত। গ্রীকদের সংকলিত ভৌগলিক গ্রন্থাবলীতে পাওয়া যায় যে, খৃষ্টপূর্ব সময়ে ইয়ামেন রাজ্য ‘আদরামিতাই’ গোত্র দ্বারা শাসিত হইত। ইহারা ‘আদ’ ব্যতীত অন্য কেহ ছিল না; তাহাদিকেই কুরআন করীমে ’আদ এরাম’ নামে উল্লেখ করা হইয়াছে। গ্রীকভাষায় ভাষান্তরিত হওয়ার কারণে ‘আদ এরাম’ ‘আদরাম’ অপভ্রংশের রূপ নিয়াছে (আল্‌ আরাব কাবলাল ইসলাম) কুরআন করীমে উল্লেখিত ‘আদ’ জাতিকে এরাম বলা হইত। এই এরাম ‘আদ’ জাতিরই এক শাখা বা গোত্র, যাহা এক প্রতাপশালী রাষ্ট্রের অধিকারী ছিল। তাহাদের রাজত্ব খৃষ্ট-পূর্ব পাঁচশত অব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। তাহাদের ভাষা ছিল এরামাইক যাহা হিব্রূ ভাষার সমজাতীয়। এরামাইক রাজ্য সেমেটিক রাষ্ট্রের পতনের পরে প্রতিষ্ঠিত হয়, এবং উহা সমস্ত মেসোপটেমিয়া, প্যালেষ্টাইন, সিরিয়া এবং ক্যালদিয়া (Chaldia) পর্যন্ত বিস্তৃত ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারাও এই রাষ্ট্রের চিহ্ন আবিষ্কৃত হইয়াছে (’দি লারজার এডিশন অব দি কমেন্টারী’ দ্রষ্টব্য)। নূহ্ (আঃ)-এর জাতির অব্যবহিত পরে ‘আদ’-এর হয় উত্থান (৭ঃ৭০)। তাহারা উচ্চ স্থানসমূহে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিয়াছিল (২৬ঃ১২৯)। আরবদেশে এই সকল বিশাল ইমারতের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। এই জাতির ইতিহাস এখন প্রচ্ছন্নতায় ঢাকা পড়িয়া রহিয়াছে, শুধু তাহাদের স্থাপত্যের অট্টালিকাগুলির ভগ্নাবশেষই নজরে পড়ে (৪৬ঃ২৬)। তাহারা যে অঞ্চলে বসবাস করিত উহাকে ‘আহ্‌কাফ’ বলা হয় (৪৬ঃ২২)। আহ্‌কাফের শাব্দিক অর্থ সর্পিল আকারে আঁকাবাকা বালির পাহাড়সমূহ। উহা আরবের দুইটি অংশের নামঃ দক্ষিণাঞ্চলকে দক্ষিণ ‘আহ্‌কাফ’ এবং উত্তরাঞ্চলকে উত্তর ‘আহ্‌কাফ’ বলা হয়। এই ভূভাগদ্বয় খুবই উর্বর, কিন্তু মরুভূমির নিকটে অবস্থিত হওয়ায় মরু-ঝঞ্ঝাবাত্যায় প্রবাহিত স্তুপীকৃত বালুকারাশি দ্বারা এই অঞ্চলে বালির পাহাড় বা টিলা গড়িয়া উঠে। এই সকল বালির পাহাড় সম্ভবতঃ ঝঞ্ঝাবাত্যাপূর্ণ ধূলিঝড়ের কারণে সৃষ্টি হইয়াছিল যাহা ‘আদ’ জাতির উপর আযাব রূপে পতিত হইয়াছিল। তাহারা প্রচণ্ড বায়ু-প্রবাহের তীব্র ঝড়ের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল এবং তাহাদের বাত্যাবিধ্বস্ত প্রধান প্রধান শহরগুলিকে স্তুপীকৃত ধূলা ও বালুকারাশির টিলার নিচে ভূগর্ভস্থ করিয়া দিয়াছিল (৬৯ঃ৭-৮)।

یٰقَوۡمِ لَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ اَجۡرًا ؕ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلَی الَّذِیۡ فَطَرَنِیۡ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۵۲﴾

৫২
হে আমার জাতি! আমি তোমাদের নিকট ইহার কোন পারিশ্রমিক চাহি না। আমার পারিশ্রমিক তাঁহারই নিকট যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন। তবুওকি তোমরা বিবেক-বুদ্ধি খাটাইবে না?

وَیٰقَوۡمِ اسۡتَغۡفِرُوۡا رَبَّکُمۡ ثُمَّ تُوۡبُوۡۤا اِلَیۡہِ یُرۡسِلِ السَّمَآءَ عَلَیۡکُمۡ مِّدۡرَارًا وَّیَزِدۡکُمۡ قُوَّۃً اِلٰی قُوَّتِکُمۡ وَلَا تَتَوَلَّوۡا مُجۡرِمِیۡنَ ﴿۵۳﴾

৫৩
এবং হে আমার জাতি! তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা কর; অতঃপর তাঁহারই দিকে পূর্ণরূপে প্রত্যাবর্তন কর, তিনি তোমাদের উপর মুষলধারে১৩২৪ বর্ষণকারী মেঘমালা পাঠাইবেন, এবং তিনি তোমাদিগকে শক্তির পর শক্তিতে বৃদ্ধি করিয়া দিবেন। এবং তোমরা অপরাধী হইয়া (আল্লাহ্‌র নিকট হইতে) মুখ ফিরাইও না।’
১৩২৪। এই আয়াত হইতে বুঝা যায় যে, ‘আদ’ জাতির প্রধান উপজীবিকা ছিল কৃষি; এবং তাহাদের জমিজমা চাষাবাদের জন্য তাহারা বৃষ্টির পানির উপর নির্ভর করিত, কারণ কুপ বা খালের মাধ্যমে পানি সেচের কোন ব্যবস্থা ছিল না।

قَالُوۡا یٰہُوۡدُ مَا جِئۡتَنَا بِبَیِّنَۃٍ وَّمَا نَحۡنُ بِتَارِکِیۡۤ اٰلِہَتِنَا عَنۡ قَوۡلِکَ وَمَا نَحۡنُ لَکَ بِمُؤۡمِنِیۡنَ ﴿۵۴﴾

৫৪
তাহারা বলিল, ‘হে হূদ! তুমি আমাদের নিকট কোন সুস্পষ্ট প্রমাণ আনয়ন কর নাই এবং আমরা তোমার মুখের কথায় আমাদের উপাস্যদিগকে ছাড়িতে পারি না এবং আমরা তোমার উপর কখনও ঈমান আনয়নকারী হইব না;

اِنۡ نَّقُوۡلُ اِلَّا اعۡتَرٰٮکَ بَعۡضُ اٰلِہَتِنَا بِسُوۡٓءٍ ؕ قَالَ اِنِّیۡۤ اُشۡہِدُ اللّٰہَ وَاشۡہَدُوۡۤا اَنِّیۡ بَرِیۡٓءٌ مِّمَّا تُشۡرِکُوۡنَ ﴿ۙ۵۵﴾

৫৫
আমরা ইহা ছাড়া আর কিছু বলি না যে, আমাদের উপাস্যগণের মধ্যে কেহ মন্দ অভিপ্রায়ে তোমার পিছু লইয়াছে।’ সে বলিল, ‘নিশ্চয় আমি আল্লাহ্‌কে সাক্ষী করিতেছি, এবং তোমরাও সাক্ষী থাক যে, তোমরা যাহাকে শরীক করিতেছ উহা হইতে আমি মুক্ত;

مِنۡ دُوۡنِہٖ فَکِیۡدُوۡنِیۡ جَمِیۡعًا ثُمَّ لَا تُنۡظِرُوۡنِ ﴿۵۶﴾

৫৬
তাঁহাকে ছাড়িয়া তোমরা সকলে মিলিয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর, এবং আমাকে অবকাশ দিও না;

اِنِّیۡ تَوَکَّلۡتُ عَلَی اللّٰہِ رَبِّیۡ وَرَبِّکُمۡ ؕ مَا مِنۡ دَآبَّۃٍ اِلَّا ہُوَ اٰخِذٌۢ بِنَاصِیَتِہَا ؕ اِنَّ رَبِّیۡ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۵۷﴾

৫৭
নিশ্চয় আমি আল্লাহ্‌র উপর ভরসা করি যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। এমন কোন বিচরণকারী প্রাণী নাই যাহার ললাট১৩২৫ তাঁহার করায়ত্তে নহে। নিশ্চয় আমার প্রভু (মো’মেনদের সাহায্যের জন্য) সরল-সুদৃঢ় পথে (দণ্ডায়মান) আছেন;
১৩২৫। ইহা আরবদের প্রাচীন প্রথার প্রতি ইঙ্গিত করিতেছে; যখন কোন যুদ্ধে পরাজিত ব্যক্তি বা দলকে বিজয়ীর সামনে বন্দী অবস্থায় আনা হইত, তখন সেই বন্দীর মাথার অগ্রভাগের কেশগুচ্ছ ধরিয়া বিজয় গৌরব প্রকাশ করা হইত, অথবা জয়োল্লাসের চিহ্ন স্বরূপ বন্দীদের মাথার চুল মুণ্ডাইয়া ছাড়িয়া দেওয়া হইত ।

فَاِنۡ تَوَلَّوۡا فَقَدۡ اَبۡلَغۡتُکُمۡ مَّاۤ اُرۡسِلۡتُ بِہٖۤ اِلَیۡکُمۡ ؕ وَیَسۡتَخۡلِفُ رَبِّیۡ قَوۡمًا غَیۡرَکُمۡ ۚ وَلَا تَضُرُّوۡنَہٗ شَیۡئًا ؕ اِنَّ رَبِّیۡ عَلٰی کُلِّ شَیۡءٍ حَفِیۡظٌ ﴿۵۸﴾

৫৮
সুতরাং যদি তোমরা মুখ ফিরাইয়া লও, তাহা হইলে (জানিয়া রাখ যে) যাহাসহ আমাকে তোমাদের নিকট পাঠানো হইয়াছে উহা আমি তোমাদের নিকট নিশ্চয় পৌঁছাইয়া দিয়াছি; এবং (এখন যদি তোমরা মুখ ফিরাইয়া লও তবে) আমার প্রভু তোমাদিগকে বাদ দিয়া অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন। এবং তোমরা তাঁহার কিছু মাত্র ক্ষতি সাধন করিতে পারিবে না। নিশ্চয় আমার প্রভু সকল বিষয়ের রক্ষণাবেক্ষণকারী।’

وَلَمَّا جَآءَ اَمۡرُنَا نَجَّیۡنَا ہُوۡدًا وَّالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ بِرَحۡمَۃٍ مِّنَّا ۚ وَنَجَّیۡنٰہُمۡ مِّنۡ عَذَابٍ غَلِیۡظٍ ﴿۵۹﴾

৫৯
এবং যখন আমাদের আদেশ আসিল তখন আমরা হূদ এবং যাহারা তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল তাহাদিগকে আমাদের রহমত দ্বারা রক্ষা করিয়াছিলাম এবং এক কঠিন শাস্তি হইতে আমরা তাহাদিগকে রক্ষা করিয়াছিলাম।

وَتِلۡکَ عَادٌ ۟ۙ جَحَدُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ وَعَصَوۡا رُسُلَہٗ وَاتَّبَعُوۡۤا اَمۡرَ کُلِّ جَبَّارٍ عَنِیۡدٍ ﴿۶۰﴾

৬০
এবং এই ছিল ‘আদ’ জাতি যাহারা তাহাদের প্রভুর নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছিল এবং তাঁহার রসূলগণের অবাধ্যতা করিয়াছিল এবং প্রত্যেক উদ্ধত (সত্যের) শত্রুর আদেশের অনুসরণ করিয়াছিল।