১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১০ আয়াত এবং ১১ রুকু আছে।

وَمَا کَانَ لِنَفۡسٍ اَنۡ تُؤۡمِنَ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَیَجۡعَلُ الرِّجۡسَ عَلَی الَّذِیۡنَ لَا یَعۡقِلُوۡنَ ﴿۱۰۱﴾

১০১
এবং আল্লাহ্‌র অনুমতি ব্যতিরেকে কোন ব্যক্তি ঈমান আনিতে পারে না।১২৯০ এবং তিনি তাঁহার ক্রোধ তাহাদের উপর বর্ষণ করেন যাহারা বুদ্ধি খাটায় না।
১২৯০। কোন ধর্মমতের উপর প্রকৃত ঈমান লাভ করা শুধু মাত্র মৌখিক স্বীকারোক্তি দ্বারা সম্ভব নহে। আল্লাহ্‌তা’লার ইচ্ছা বা অনুগ্রহেই কেবল ইহা সম্ভবপর, অর্থাৎ আল্লাহ্‌র প্রতিষ্ঠিত নির্দিষ্ট বিধান এবং নিয়মকানুন পালন করার মাধ্যমেই তাহা সম্ভব।

قُلِ انۡظُرُوۡا مَاذَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَمَا تُغۡنِی الۡاٰیٰتُ وَالنُّذُرُ عَنۡ قَوۡمٍ لَّا یُؤۡمِنُوۡنَ ﴿۱۰۲﴾

১০২
তুমি বল, ‘লক্ষ্য করিয়া দেখ! আকাশসমূহ এবং পৃথিবীতে কি হইতেছে।’১২৯১ কিন্তু যে জাতি ঈমান আনিবে না, নিদর্শনাবলী এবং সতর্কবাণীসমূহ তাহাদের কোন উপকারে আসে না।
১২৯১। “লক্ষ্য করিয়া দেখ! আকাশমণ্ডল এবং পৃথিবীতে কি হইতেছে”- এই উক্তির মর্মার্থঃ যে সকল উপাদান বা উপকরণ রসূল (সাঃ)-এর মিশনকে কৃতকার্যতায় ও উন্নতিতে পৌঁছাইয়া দেওয়ার জন্য অবধারিত সেইগুলি পূর্বাহ্নেই আকাশমণ্ডল ও পৃথিবীতে প্রকাশমান হইয়াছে। অতএব, ধর্ম নিজ সুন্দর শিক্ষাবলে উন্নতি সাধন করিতে সক্ষম, ইহার জন্য কোন বাধ্যবাধকতা বা শক্তি প্রয়োগের প্রয়োজন নাই।

فَہَلۡ یَنۡتَظِرُوۡنَ اِلَّا مِثۡلَ اَیَّامِ الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِہِمۡ ؕ قُلۡ فَانۡتَظِرُوۡۤا اِنِّیۡ مَعَکُمۡ مِّنَ الۡمُنۡتَظِرِیۡنَ ﴿۱۰۳﴾

১০৩
তবে কি তাহারা কেবল ঐ সকল লোকের দিনগুলির অপেক্ষা করিতেছে যাহারা তাহাদের পূর্বে অতীত হইয়াছে? তুমি বল, ‘তাহা হইলে তোমরা অপেক্ষা কর, নিশ্চয় আমিও তোমাদের সঙ্গে অপেক্ষমান থাকিলাম।’

ثُمَّ نُنَجِّیۡ رُسُلَنَا وَالَّذِیۡنَ اٰمَنُوۡا کَذٰلِکَ ۚ حَقًّا عَلَیۡنَا نُنۡجِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۴﴾٪

১০৪
তখন আমরা আমাদের রসূলগণ এবং যাহারা তাহাদের উপর ঈমান আনে তাহাদিগকে উদ্ধার করি। এই ভাবে আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করিয়াছি যে, আমরা মো’মেনদিগকে অবশ্যই উদ্ধার করি।
সূরা ইউনুস - রুকু ১০

قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ اِنۡ کُنۡتُمۡ فِیۡ شَکٍّ مِّنۡ دِیۡنِیۡ فَلَاۤ اَعۡبُدُ الَّذِیۡنَ تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلٰکِنۡ اَعۡبُدُ اللّٰہَ الَّذِیۡ یَتَوَفّٰٮکُمۡ ۚۖ وَاُمِرۡتُ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۵﴾ۙ

১০৫
তুমি বল, ‘হে মানব মণ্ডলী! যদি আমার ধর্ম সম্বন্ধে তোমরা কোন সন্দেহে থাক, তাহা হইলে (জানিয়া রাখ) আল্লাহ্ ব্যতিরেকে তোমরা যাহাদের ইবাদত কর আমি তাহাদের ইবাদত করি না, বরং আমি সেই আল্লাহ্‌র ইবাদত করি যিনি তোমাদিগকে মৃত্যু দান করেন এবং আমাকে আদেশ দেওয়া হইয়াছে যেন আমি মো’মেনগণের অন্তর্ভুক্ত হই;

وَاَنۡ اَقِمۡ وَجۡہَکَ لِلدِّیۡنِ حَنِیۡفًا ۚ وَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۰۶﴾

১০৬
এবং (আল্লাহ্‌র এই আদেশ তোমাদের নিকট পৌঁছাইবার জন্য আদিষ্ট হইয়াছি) যে, তুমি তোমার মুখমণ্ডলকে (সর্বদা) একনিষ্ঠভাবে ধর্মের দিকে সংস্থাপন কর এবং তুমি কখনও মোশরেকদের অন্তর্ভুক্ত হইও না;

وَلَا تَدۡعُ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَنۡفَعُکَ وَلَا یَضُرُّکَ ۚ فَاِنۡ فَعَلۡتَ فَاِنَّکَ اِذًا مِّنَ الظّٰلِمِیۡنَ ﴿۱۰۷﴾

১০৭
এবং আল্লাহ্‌ ব্যতিরেকে অন্য কাহাকেও ডাকিও না, যাহা তোমার উপকারও করিতে পারে না এবং ক্ষতিও করিতে পারে না, কারণ যদি তুমি তাহা কর তাহা হইলে নিশ্চয় তুমি যালেমদিগের অন্তর্ভুক্ত হইবে।’

وَاِنۡ یَّمۡسَسۡکَ اللّٰہُ بِضُرٍّ فَلَا کَاشِفَ لَہٗۤ اِلَّا ہُوَ ۚ وَاِنۡ یُّرِدۡکَ بِخَیۡرٍ فَلَا رَآدَّ لِفَضۡلِہٖ ؕ یُصِیۡبُ بِہٖ مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۱۰۸﴾

১০৮
এবং যদি আল্লাহ্ তোমাকে কষ্ট দেন তাহা হইলে তিনি ব্যতীত কেহ উহার মোচনকারী নাই এবং যদি তিনি তোমার মঙ্গল করিতে ইচ্ছা করেন তাহা হইলে তাঁহার ফযলকে১২৯২ রদ করিবার কেহ নাই। তাঁহার বান্দাদিগের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহা দান করেন। এবং তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
১২৯২। এক প্রকার মঙ্গল রহিয়াছে যাহা প্রকৃতির নিয়মের অধীন এবং মানুষ উহা নিজ প্রচেষ্টা দ্বারা লাভ করিতে পারে। কিন্তু অন্য আর এক প্রকার মঙ্গল রহিয়াছে যাহা মানুষ আল্লাহ্‌তা’লার খাস অনুগ্রহে লাভ করিয়া থাকে।

قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمُ الۡحَقُّ مِنۡ رَّبِّکُمۡ ۚ فَمَنِ اہۡتَدٰی فَاِنَّمَا یَہۡتَدِیۡ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیۡہَا ۚ وَمَاۤ اَنَا عَلَیۡکُمۡ بِوَکِیۡلٍ ﴿۱۰۹﴾ؕ

১০৯
তুমি বল, ‘হে মানব মণ্ডলী! তোমাদের প্রভুর তরফ হইতে তোমাদের নিকট সত্য আসিয়াছে। সুতরাং যে কেহ হেদায়াত গ্রহণ করিবে সে তো তাহার নিজের আত্মার জন্যই হেদায়াত গ্রহণ করিবে, এবং যে কেহ পথভ্রষ্ট হইবে, সে তো পথভ্রষ্ট হইবে নিজের (ধ্বংসের) জন্যই, এবং আমি তোমাদের উপর কর্মবিধায়ক নহি।’

وَاتَّبِعۡ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ وَاصۡبِرۡ حَتّٰی یَحۡکُمَ اللّٰہُ ۚۖ وَہُوَ خَیۡرُ الۡحٰکِمِیۡنَ ﴿۱۱۰﴾٪

১১০
তোমার প্রতি যাহা ওহী করা হয় তুমি উহার অনুসরণ কর এবং ধৈর্য ধারণ কর যে পর্যন্ত না আল্লাহ্ বিচার করেন। এবং তিনিই সর্বোত্তম বিচারক।
সূরা ইউনুস - রুকু ১১